প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের অন্তর্বর্তীকালীন রাজ্য বাজেট। সামনেই নির্বাচন। তাই আরও একবার বিভিন্ন প্রকার ‘জনমোহিনী ভাতা’-র রমরমা চোখে পড়েছে বাজেটে। কিন্তু এই প্রবণতা যে আসলে যথেষ্ট চিন্তার, সেটা বোঝার প্রয়োজন আছে। এই প্রবন্ধে সংক্ষিপ্তভাবে সেই আলোচনাই করা হয়েছে।
জনগণ মোটের উপর কী পেল?
মোট ৪.০৬ লক্ষ কোটি টাকার এই বাজেট মূলত আসন্ন নির্বাচনকে লক্ষ্য করে সাজানো একটি জনকল্যাণমুখী রূপরেখা, যেখানে জনগণের কাছ পর্যন্ত সরাসরি নগদ হস্তান্তরে জোর দেওয়া হয়েছে। বাজেটের মোট ব্যয়ের প্রায় ৪৬% (১.৮০ লক্ষ কোটি টাকা) রাখা হয়েছে সামাজিক সুরক্ষা, ভাতা ও অনুদানধর্মী খাতে খরচের জন্য। রাজ্যের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার-এর জন্য মাসিক ভাতা আরও ৫০০ টাকা বাড়ানো হয়েছে, যা ফেব্রুয়ারি মাস থেকেই কার্যকর হবে। মোট ১৫,০০০ কোটি টাকা এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে। নারীদের নগদ সহায়তা স্কিম, কন্যাশ্রী, সবুজ সাথী, ঐক্যশ্রী ইত্যাদিতেও বিপুল বরাদ্দ রাখা হয়েছে।

এছাড়া রয়েছে নতুন প্রকল্প – বাংলার যুব-সাথী। এই প্রকল্পের আওতায় ২১ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক পাশ বেকার যুবক-যুবতীদের জন্য মাসিক ১,৫০০ টাকা ভাতার ঘোষণা করা হয়েছে। ১ এপ্রিল থেকেই এটি চালু হয়ে যাবে এবং এই প্রকল্পের জন্য ৫,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আশা (ASHA) কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সিভিক ভলেন্টিয়ার, গ্রীন পুলিশ কর্মী, প্যারা-টিচার, শিক্ষাবন্ধুদের মাসিক সাম্মানিক ১,০০০ টাকা করে বাড়ানো হয়েছে। এছাড়া কর্মরত অবস্থায় মৃত্যু হলে তাঁদের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণাও করা হয়েছে। রাজ্য সরকারের অন্য মহিলা কর্মীদের মতো এবার থেকে আশাকর্মীরাও মাতৃত্বকালীন ছুটির সুবিধা পাবেন। গিগ কর্মীদের সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় আনার কথাও বলা হয়েছে বাজেটে। সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি মেনে ৪% মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির প্রস্তাবও রাখা হয়েছে
ঋণের দিকটাও ভেবে দেখা দরকার!
কিন্তু বাজেটের এই জনকল্যাণমুখী “দান-খয়রাতি” বা ভাতার উল্টো পিঠেই রয়েছে রাজ্যের ভয়াবহ ঋণের চিত্র। এখানেই বাজেটের আসল বৈপরীত্যটা স্পষ্ট হয়ে ওঠে। বর্তমানে পশ্চিমবঙ্গের ঋণের বোঝা ৮ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে। রাজ্যের ঋণের অনুপাত জিএসডিপি-র (GSDP) তুলনায় প্রায় ৩৮.৩%, যা ভারতের মধ্যে পাঞ্জাবের পরেই দ্বিতীয় সর্বোচ্চ। মূলত এই ভাতার টাকা জোগাতে রাজ্য সরকার বাজার থেকে আরও প্রায় ৮০,৪৪৪ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে। এছাড়া, কৃষি–সহায়তা, গ্রামীণ সড়ক, নদী–ভাঙন প্রতিরোধ, এবং নগর আবাসন প্রকল্পে অতিরিক্ত বরাদ্দ দিয়ে গ্রাম–শহর অবকাঠামো উন্নয়নের কিছু প্রচেষ্টা থাকলেও, সেগুলিও আবার অনেকাংশে ঋণনির্ভর।
বাজেটের একটি বিশাল অংশ—প্রায় ৪৪,৬০৬ কোটি টাকা—খরচ হয়ে যাবে শুধুমাত্র আগের নেওয়া ঋণের কিস্তি ও সুদ মেটাতে। পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যের রাজস্ব আয়ের ১৮% চলে যাচ্ছে শুধু ঋণের সুদ দিতে। রাজ্যের নিজস্ব আয়ের একটি বড় অংশ (২০%-এর বেশি) আসছে আবগারি শুল্ক থেকে, আবার তার মধ্যেও একটা উল্লেখযোগ্য অংশ আসছে মদ বিক্রি থেকে। অর্থনীতিতে কোনো গঠনমূলক পরিকল্পনা না থাকায় এই ধরণের “অস্বাস্থ্যকর” আয়ের উৎসের ওপর নির্ভরতা বাড়ছে। নীতি আয়োগের ‘ফিসকাল হেলথ ইনডেক্স’-এ ১৮টি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের ১৬-তম হওয়া আসলে এই রাজ্যের আর্থিক স্বাস্থ্যের দুর্বলতাকেই প্রমাণ করে।

গুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ কমে যাচ্ছে কেন?
ওদিকে সরকার অন্য অনেক গুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ কমিয়ে দিয়েছে, যা উদ্বেগের বিষয়। যেমন – মিড-ডে মিল প্রকল্পের বরাদ্দ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়া হয়েছে, যার প্রকোপ পড়বে স্কুলের বাচ্চাদের শিক্ষা ও পুষ্টিতে। একইভাবে সমগ্র শিক্ষা মিশন-এর বরাদ্দও প্রায় ৫০% হ্রাস পেয়েছে।মোট বাজেটের মাত্র ৫.৫৮% স্বাস্থ্য খাতে বরাদ্দ করা হয়েছে। আগের বছরগুলোর দিকে তাকালে দেখা যাবে যে এই বরাদ্দ ধারাবাহিকভাবে কমেছে। আধুনিক অর্থনীতির জন্য যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বরাদ্দ মাত্র ৮২.৩৪ কোটি টাকা। রাজ্যে কর্মসংস্থান তৈরির জন্য সবচেয়ে প্রয়োজনীয় হলো শিল্প ও বাণিজ্য; অথচ সেই দপ্তরের জন্য বরাদ্দ করা হয়েছে মাত্র ১,৪৮৩.৯৭ কোটি টাকা। এদিকে, সংখ্যালঘু বিষয়ক দপ্তরে বরাদ্দ ৫,৭১৩ কোটি টাকা। এছাড়া, উত্তরবঙ্গ উন্নয়নের জন্য মাত্র ৯২০.১৩ কোটি টাকা বরাদ্দ করায় ওই অঞ্চলের প্রতি “বিমাতৃসুলভ” আচরণের অভিযোগ উঠেছে। এই ক্ষেত্রগুলোতেও বরাদ্দ শতাংশের হিসেবে আগের বছরের তুলনায় কমেছে।
অতএব, একথা পরিষ্কার যে শিক্ষা, স্বাস্থ্যে পরিকাঠামোগত উন্নয়ন এবং কর্মসংস্থানের উপায় তৈরি করার বদলে রাজ্য সরকার যে তার চিরাচরিত শর্ট-কাট রাস্তাতেই চলবে – সেটা পরিষ্কার। বিশেষ করে অতীতের কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে সামনে নির্বাচন এলেই বিভিন্ন ভাতার পরিমাণ বাড়িয়ে দেওয়ার এই খেলাটা চলতে থাকে, আর বরাদ্দ কমিয়ে দেওয়া হয় শিক্ষা-প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ কিছু খাতের। অতএব, জনগণের দীর্ঘমেয়াদী উন্নয়ন নয়, বরং সাময়িকভাবে জনগণের মন জয় করে নির্বাচনী বৈতরণী পার করাই হল সরকারের মূল উদ্দেশ্য। আর এই কথাটা কেন্দ্রের বিজেপি সরকারের ক্ষেত্রেও প্রযোজ্য। তাই রাজ্য-বিজেপি পশ্চিমবঙ্গে ভাতা নিয়ে চেঁচামেচি করলেও, অন্যান্য রাজ্যে বিজেপি সরকারের দিকে তাকালে দেখা যাবে যে তারাও একই পথের পথিক।
মূল্যায়ন
বাস্তবে, দেশ হোক বা রাজ্য, অর্থনীতির হাল খুবই খারাপ। যে অর্থনৈতিক বিকাশের ঢাঁক পেটানো হয়ে থাকে, সেটা আসলে কর্মসংস্থান-বিহীন একটা বিকাশ। ঋণ নিয়ে কি আদৌ জনকল্যাণ করা সম্ভব? এই ঋণের বোঝা ভবিষ্যতে আমজনতাকেই বহন করতে হবে; কর-বৃদ্ধি, নিত্য-প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ইত্যাদির মাধ্যমে। অতএব, শাসক শ্রেণীর কাছে এটা কিছুটা মাছের তেলে মাছ ভাজার মতো ব্যাপার। একদিকে কেন্দ্রীয় সরকার বর্তমান যাবতীয় সমস্যার দায় অন্যের ঘাড়ে চাপাতে গিয়ে নেহরু, এমনকি ঔরঙ্গজেব পর্যন্ত চলে যাচ্ছে, এবং সমাধানের জন্য ২০৪৭ সালকে মাইলস্টোন বানিয়ে কেন্দ্রীয় বাজেটকে রূপকথার গল্পে পরিণত করেছে। আর অন্যদিকে শিক্ষা ও কর্মসংস্থান-সংক্রান্ত একাধিক দুর্নীতিতে বিরক্ত হয়ে ওঠা রাজ্যবাসীর মন ভোলানোর জন্য রাজ্য সরকার নির্বাচন-কেন্দ্রিক ভাতা-র বন্দোবস্ত করে চলেছে, দীর্ঘমেয়াদী কোনও ব্যবস্থা না নিয়ে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণের উপায় জনগণকেই বের করতে হবে। কোনও সংসদীয় দলের কাছেই এই মুহুর্তে এমন কোনো নীতি/ পরিকল্পনা নেই যেটা দিয়ে তারা জমির সম্পর্ক, কর্পোরেট মালিকানা, শ্রম অধিকার, সরকারি ক্ষেত্রের সম্প্রসারণ ঘটানো ইত্যাদি বিষয়গুলোতে কোনও মৌলিক পরিবর্তন আনতে পারবে। অতএব, সবথেকে আগে এদের ত্রাতা ভাবাটা বন্ধ করা প্রয়োজন! নিজেদের অধিকারকে নিজেদেরই লড়াই চালিয়ে ছিনিয়ে নিতে হবে।

2 thoughts on “রাজ্য বাজেট ২০২৬-২৭: ভাতা, ঋণ ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ”