লেখাটি প্রকাশিত হয় আজাদ গণ মোর্চা-র মুখপত্র মাতৃভূমি পত্রিকার জানুয়ারি ২০২৬ সংখ্যায়
কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, স্বাস্থ্য সাথী, খাদ্য সাথী, সবুজ সাথী, লক্ষীর ভান্ডার ইত্যাদি – এই নামগুলো আজ বাংলার ঘরে ঘরে শোনা যায়। শুধু ঘরে নয় রাস্তাঘাট, বাজার, ট্রামে, বাসে মাঝে মধ্যেই কানে আসবে এইসব সামাজিক অনুদান প্রকল্পগুলি নিয়ে বিভিন্ন চর্চা। এই প্রকল্পগুলি আজ ছড়িয়ে গেছে সমাজের অনেকটা জুড়েই। কিন্তু মানুষের জীবনের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অবস্থার মানোন্নয়ন কি আদৌ হচ্ছে এই প্রকল্পগুলির মাধ্যমে? নাকি এই প্রকল্পগুলি আসলে নির্বাচনী রাজনীতিতে রাজনৈতিক নেতা-নেত্রীদের ভোট জেতার একটা উপায় মাত্র? তবে শুধু পশ্চিমবঙ্গ বলে নয়, বিভিন্ন সামাজিক অনুদান প্রকল্প আমরা দেখতে পাবো ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলিতেও, এমনকি আন্তর্জাতিক মহলেও। তাহলে কি এই প্রকল্প গুলি শুধুই ভোট জেতার কৌশল মাত্র নাকি এর বাইরে কোনো কারণ থাকতে পারে?
ভূমিকা
অর্থনীতিবিদেরা অবশ্য অনেক সময় সামাজিক অনুদান প্রকল্পগুলিকে দুটি ভাগে ভাগ করতে পছন্দ করেন – যোগ্য পণ্য (Merit good) এবং অযোগ্য পণ্য (Non merit good), যে প্রকল্প গুলি দীর্ঘমেয়াদে মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন করতে পারে, হলে সামাজিক উন্নয়নে তার ব্যাপক প্রভাব পড়তে পারে, সেগুলি হল যোগ্য পণ্য। যেমন বিনা পয়সায় প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা, মিড ডে মিল চালু করা ইত্যাদি। অন্যদিকে যে সমস্ত প্রকল্পগুলির সমাজ উন্নয়নে দীর্ঘমেয়াদী প্রভাব নেই, এবং প্রধানত ভোট জেতার জন্য বিনামূল্যে বিতরণ করা হয় সেগুলি হল অযোগ্য পণ্য বা ডোল (dole) বা রেভরী (revdis or freebies)। যেমন স্কুল পড়ুয়াদের বিনামূল্যে ল্যাপটপ বা ট্যাব দেওয়া, অথবা মহিলাদের আর্থিক সাহায্য করা ইত্যাদি।
প্রকৃতপক্ষে, দেখতে গেলে এই দুয়ের মধ্যে সূক্ষ্ম পার্থক্য করাটা কিন্তু খুব মুশকিল। যেমন কেউ বলতেই পারেন যে স্কুল পড়ুয়াদের ল্যাপটপ বা ট্যাব দিলে তারা আসলে আধুনিক শিক্ষার পথে আরো দ্রুত এগিয়ে যেতে পারবে এবং এর দীর্ঘমেয়াদী প্রভাব অবশ্যই ইতিবাচক।
ভারতীয় সংবিধান ভারতকে ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার কথা বলেছে এবং জনসাধারণের হিতার্থে কাজ করার কথা বলেছে। কিন্তু সরাসরি সরকারি অনুদানের, বিশেষত নগদ অনুদানের কথা বলে না। কিন্তু সাম্প্রতিক সময়ের বেশিরভাগ সরকারি অনুদান প্রকল্প এখন নগদ অনুদানের জন্য তৈরি হচ্ছে। যদিও নগদ অর্থ বিতরণ অনেক বুর্জোয়া অর্থনীতিবিদ ও রাজনৈতিক নেতা নেত্রীরা ভারত রাষ্ট্রের সমাজতান্ত্রিক চরিত্রের অংশ হিসেবে সামনে রাখার চেষ্টা করছে। কিন্তু উৎপাদন ব্যবস্থা সমাজতান্ত্রিক না হয়ে কিছু সরকারি অনুদান কি একটা ব্যবস্থাকে সমাজতান্ত্রিক করে ফেলে? তবে ২০১৯-২০ সালের কোভিডের পর থেকে বিভিন্ন সামাজিক অনুদানের প্রয়োজনীয়তা আরো বেশি করে বোঝা যেতে লাগলো যখন বহু মানুষ তাদের কাজ হারিয়ে গৃহবন্দী হয়ে পড়ল। এই পরিস্থিতিতে সামাজিক অনুদান প্রকল্পের গুরুত্ব ও তাৎপর্য তাই একটু বুঝে নেওয়া দরকার।
প্রেক্ষাপট
ক) আন্তর্জাতিক স্তর:
ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাব যে বিভিন্ন সময়ে বিভিন্ন সামন্ততান্ত্রিক রাজারা বা বিভিন্ন ধর্মের প্রবক্তারা গরীব মানুষদের জন্য দান করার কথা বলেছেন। সামন্ততান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় রোমে শস্য দানা বিতরণের ব্যবস্থা হয়েছিল। ইসলামে জাকাইত বা দানের কথা বলা হয়েছে। ক্যাথলিক চার্চ থেকেও সামন্ততান্ত্রিক ব্যবস্থায় ইউরোপে দানের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সবকিছুই ছিল জনগণের মধ্যে জমতে থাকা ক্ষোভ প্রশমনের জন্য ও সামাজিক ভারসাম্য রক্ষা করার জন্য। পরবর্তী সময়ে শিল্প বিপ্লব ও পুঁজিবাদী অর্থনীতি প্রসারের সঙ্গে সঙ্গে সমাজ ব্যবস্থার অর্থনৈতিক অসাম্য সকলের সামনে প্রকট হতে থাকে। ফলে ইউরোপের মালিক শ্রেণী শ্রমিকদের ক্ষোভ প্রশমন করতে, শুরু করে বিভিন্ন সামাজিক অনুদান।
বিশেষত, প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে এবং সোভিয়েত সামাজিক অর্থনৈতিক ঘটনার সঙ্গে মুক্ত বাজার (free market) ব্যবস্থার উপর আস্থা অনেক অর্থনীতিবিদেরই সরে যায়। কেইনেস (keynes) এর অর্থনৈতিক মডেল প্রস্তাব করে অর্থনৈতিক ব্যবস্থায় সরকারি হস্তক্ষেপ। ফলে অনেক ইউরোপীয় দেশ পুঁজিবাদী ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য কল্যাণকারী রাষ্ট্র (welfare state) ব্যবস্থার পথে হাঁটতে থাকে। বাড়তে থাকে সরকারি মদতপুষ্ট বিভিন্ন সামাজিক অনুদান প্রকল্প। এই প্রকল্পগুলির মাধ্যমে ঐ সমস্ত দেশে শ্রমিক শ্রেণীর মধ্যে পুঁজিবাদী ব্যবস্থার বিরুদ্ধে জমতে থাকা ক্ষোভ কমানোর চেষ্টা চলতে থাকে।

ইউরোপের বেশিরভাগ উন্নত দেশ (developed country) সামাজিক প্রকল্পগুলিতে গড়ে অনেক বেশি খরচ করতে পারে। এর এক বড় কারণ হল, প্রথমত, শিল্প বিপ্লব ইউরোপে আগে হওয়ার জন্য অর্থনীতিতে উদ্বৃত্ত সৃষ্টি অনেক আগে থেকেই শুরু হয়ে যায়। দ্বিতীয়ত, ইউরোপের বিভিন্ন দেশ অনুন্নত দেশগুলিতে উপনিবেশ বা কলোনী স্থাপন করে অর্থনৈতিক শোষণ চালিয়েছে অনেক বছর ধরে। প্রকৃতপক্ষে তা এখনও চালিয়ে যাচ্ছে বিশ্বায়ন ও আর্থিক মূলধন (finance capital) বিনিয়োগের মধ্য দিয়ে। ফলে তাদের পক্ষে দেশের শ্রমিকশ্রেণীর ক্ষোভ প্রশমনের জন্য সামাজিক অনুদান প্রকল্পে বিনিয়োগ অনেক সহজ।
অপরদিকে, এশিয়া আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার অন্য অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলিতে কৃষিভিত্তিক অর্থনীতি ঔপনিবেশিক (colonial) শোষণ এর কারণে সেরকম কোনো উদ্বৃত্ত সঞ্চয় হয় না সামাজিক অনুদান প্রকল্পে খরচ করার জন্য। ফলে এই সমস্ত দেশগুলিতে সামাজিক অনুদান প্রকল্পে অত্যাধিক বিনিয়োগ বাজেটের উপরেই চাপ বাড়াতে থাকে এবং দেশকে এগিয়ে দেয় আন্তর্জাতিক লোনের উপর নির্ভর করতে। তা সত্ত্বেও, সামাজিক অনুদান প্রকল্পের মডেল এখন বিশ্বের বেশীরভাগ দেশই কম-বেশি বিভিন্নভাবে গ্রহণ ও প্রয়োগ করে চলেছে অর্থনৈতিক ভারসাম্য ও অসাম্য নিয়ন্ত্রণ করার জন্য।
খ) জাতীয় স্তর:
ভারতীয় সংবিধানে সরাসরি বলা না থাকলেও ১৯৪৭ এর পর নেহেরু সরকার পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্য দিয়ে কল্যানকারী রাষ্ট্রের কিছু কিছু বৈশিষ্ট্য অনুসরণ করার চেষ্টা করে। ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয় কেন্দ্রীয় সমাজকল্যাণ বোর্ড (Central social welfare board) যেখানে মূল লক্ষ্য ছিল মহিলা ও শিশু স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন। কিন্তু অর্থ বা সামগ্রীর বিতরণের কথা সামগ্রিকভাবে সামনে আসেনি। বরং পরবর্তী পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলিতে অর্থনৈতিক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয় এই ভেবে যে তা ক্রমশ সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়বে। (Trickle Down effect) আদপে যেটা কখনই হয়নি। ফলত বিভিন্ন রাজ্য নিজের মত করে কিছু কিছু সামাজিক অনুদান প্রকল্প শুরু করতে থাকে। এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তামিলনাড়ুর মিড ডে মিল প্রকল্প।
কেন্দ্রীয় সরকারের সামাজিক অনুদান প্রকল্পের বৃদ্ধি মূলত ১৯৯০ এর পর থেকে, যখন বিশ্বায়নের জন্য এল-পি-জি (LPG: liberalisation, privatisation, globalisation) পলিসি গ্রহণ করে কেন্দ্রীয় সরকার। সঙ্গে দ্রুত বৃদ্ধি পেতে থাকে সামাজিক বন্টনের অসাম্য যা ২০০০ এর পর থেকে আরো প্রকট হয়ে যায়। ফলে বাড়তে থাকে সামাজিক অনুদান।
এক পার্টির শাসনের পরিবর্তে অন্য পার্টর শাসন শুরু হলে প্রকল্পগুলির নাম পরিবর্তন হয়েছে। যত সময় গেছে, তত আমরা দেখেছি যে ভোট জেতার উদ্দেশ্যে প্রকল্পগুলিকে সেইভাবে সাজানো হয়েছে। ফলে প্রকল্পগুলি ভোট জেতার চাবিকাঠি হয়ে উঠলেও, তা সমাজ পরিবর্তনের কারণ হতে পারেনি। ভারতবর্ষে এই মুহূর্তে প্রায় ৬৫ টি কেন্দ্রীয় অনুমোদিত প্রকল্প আছে যাদের মধ্যে প্রায় ২৬ টি প্রকল্প চালু হয়েছে মোদি সরকারের আমলে। সুতরাং, এই ব্যাপারে কোনো একটি পার্টি অন্য পার্টির থেকে আলাদা সেটা বলা মুশকিল। ভারতবর্ষে বিভিন্ন সময়ে চালু হওয়া গুরুত্বপূর্ণ কিছু সামাজিক অনুদান প্রকল্পের একটি তালিকা নিচে দেওয়া হলো।
| কেন্দ্র/রাজ্য | পার্টি | সামাজিক অনুদান প্রকল্প | চালু হওয়ার বছর |
| তামিলনাড়ু | ভারতের জাতীয় কংগ্রেস | মিড ডে মিল (Mid-Day Meal) | ১৯৫৩ |
| মহারাষ্ট্র | ভারতের জাতীয় কংগ্রেস | কর্মসংস্থান গ্যারান্টি প্রকল্প (Employment Guarantee Scheme) | ১৯৭২ |
| কেন্দ্র | ইউনাইটেড ফ্রন্ট সরকার | রেশন ব্যবস্থা (Targeted Public Distribution System or TDS) | ১৯৯৭ |
| কেন্দ্র | এন ডি এ সরকার | সর্বশিক্ষা অভিযান | ২০০১-০২ |
| কেন্দ্র | ইউ পি এ সরকার | গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act or MGNREGA) | ২০০৫ |
| বিহার | জনতা দল ইউনাইটেড | মুখ্যমন্ত্রী বালিকা সাইকেল প্রকল্প (Mukhyamantri Balika Cycle Yojana) | ২০০৬ |
| কেন্দ্র | ইউ পি এ সরকার | খাদ্য সুরক্ষা আইন (Food Security Act) | ২০১৩ |
| পশ্চিমবঙ্গ | তৃণমূল কংগ্রেস | কন্যাশ্রী প্রকল্প (Kanyashree) | ২০১৩ |
| কেন্দ্র | এন ডি এ সরকার | জন ধন প্রকল্প (Jan Dhan Yojana) | ২০১৪ |
| দিল্লি | আম আদমি পার্টি | বিদ্যুৎ ভর্তুকি (Subsidized electricity) | ২০১৫ |
| তামিলনাড়ু | এ আই এ ডি এম কে | বিবাহ সহায়তা প্রকল্প (Marriage Assistance Scheme) | ২০১৬ |
| ওড়িশা | বিজু জনতা দল | কালিয়া – কৃষক সহায়তা (Krushak Assistance for Livelihood and Income Augmentation or KALIA) | ২০১৮ |
গ) রাজ্যস্তর:
আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক অনুদান প্রকল্প চালু হয়েছে, প্রধানত কেন্দ্রকে অনুসরণ করে। আজ তৃণমূল কংগ্রেস সরকারের সময়ে যে সমস্ত সরকারি অনুদান প্রকল্প চলছে তার অনেকগুলোই আসলে শুরু হয়েছিল সিপিএমের শাসনকালে। কিন্তু দেশ ও রাজ্যজুড়ে এই প্রকল্পগুলির মুখ্য উদ্দেশ্য হয়ে গেছে ভোট জেতা। ফলে প্রকল্পের সংখ্যা বেড়ে চলেছে এবং নতুন প্রকল্প চালুর জন্য দাবীও বেড়ে চলেছে। উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে নগদ অনুদান প্রকল্পগুলি। কিন্তু এতগুলো প্রকল্প চালু রাখার মতো পর্যাপ্ত অর্থনৈতিক রসদ কি আছে সরকারি দপ্তরে?
এই প্রশ্ন খতিয়ে দেখলে দেখতে পাওয়া যাবে যে সরকারি টাকায় কখনো এতগুলো প্রকল্প চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাহলে রাস্তা কী? হয় এই প্রকল্প গুলোর নামে শুধু প্রতিশ্রুতি দিয়ে যাওয়া, নয়তো লোন করে এই প্রকল্প গুলো টাকা মেটানো । উপরন্ত, পশ্চিম মেদিনীপুর ও উত্তরবঙ্গের একটি গবেষণা থেকে দেখা যাচ্ছে যে এই প্রকল্পগুলি ওখানকার সামাজিক ব্যাধি যেমন নারী ও শিশু পাচার বা বেকারত্বের কোনো সমাধান দিতে পারছে না। অর্থাৎ এই প্রকল্পগুলি সমাজব্যবস্থার কোনো মৌলিক পরিবর্তন করছে না।
নগদ (আর্থিক) অনুদান
সামাজিক অনুদান প্রকল্পগুলির চরিত্রের সাম্প্রতিক বৈশিষ্ট্য হল আর্থিক বা নগদ অনুদানের রমরমা। ২০০৮ সালে আধার ভিত্তিক পরিচয় পত্র সংগ্রহ এবং ব্যাংক অ্যাকাউন্ট ও আধারের সংযোগের পর নগদ অনুদান প্রকল্পগুলি বাড়তে থাকে। তার আগে অবধি বেশিরভাগ প্রকল্পগুলি নির্ভর করত কোনো পণ্য বা সামগ্রী বন্টনের উপর। এই ব্যবস্থাকে সমালোচনা করা হয় জিনিসপত্রের খারাপ মান এবং সামগ্রিক দুর্নীতির কারণে। বলা হয় উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাতে পারলে এই দুর্নীতি চক্রকে ধ্বংস করা যেতে পারে। ফলে বাড়তে থাকে নগদ অনুদান। এখন ভারতের প্রায় সব কটি প্রধান রাজ্যগুলিতে আমরা দেখতে পাবো কোনো না কোনো নগদ অনুদান প্রকল্প। নিচে একটা তালিকা দেওয়া হলো।
| রাজ্য | প্রকল্প | চালু হওয়ার বছর | মাসিক অনুদান (টাকা) |
| গোয়া | গৃহ আধার (Griha Aadhar) | ২০১৩ | ১৫০০ |
| আসাম | অরুনোদয় পরিকল্পনা (Orunodoi Scheme) | ২০২০ | ১২৫০ |
| পশ্চিমবঙ্গ | লক্ষীর ভান্ডার (Lakshmir Bhandar) | ২০২১ | ১০০০ (১২০০ – SC/ST) |
| মধ্যপ্রদেশ | মুখ্যমন্ত্রী লাডলি বেহেনা প্রকল্প (Mukhya Mantri Ladli Behna Yojana) | ২০২৩ | ১২৫০ |
| কর্ণাটক | গ্রূহ লক্ষী (Gruha Lakshmi) | ২০২৩ | ২০০০ |
| তামিলনাড়ু | কলাইগনার মাগলির উরিমাই থিট্টাম (Kalaignar Magalir Urimai Thittam) | ২০২৩ | ১০০০ |
| তেলেঙ্গানা | মহালক্ষী পরিকল্পনা (Mahalakshmi Scheme) | ২০২৩ | ২৫০০ |
| ছত্তিশগড় | মহাতারী বন্ধন প্রকল্প (Mahatari Vandan Yojana) | ২০২৪ | ১০০০ |
| ঝাড়খণ্ড | মাইয়া সম্মান প্রকল্প (Maiya Sanman Yojana) | ২০২৪ | ২৫০০ |
| মহারাষ্ট্র | মুখ্যমন্ত্রী মাঞ্জি লড়কি বাহিন প্রকল্প (Mukhya Mantri Manjhi Ladki Bahin Yojana) | ২০২৪ | ১৫০০ |
| ওড়িশা | সুভদ্রা প্রকল্প (Subhadra Yojana) | ২০২৪ | বছরে ১০০০০ (পাঁচ বছর অব্দি) |
| হিমাচল প্রদেশ | ইন্দিরা গান্ধী পিয়ারি বেহনা সুখ সম্মান নিধি প্রকল্প (Indira Gandhi Pyari Bahana Sukh Samman Nidhi Yojana) | ২০২৪ | ১৫০০ |
| দিল্লি | মহিলা সমৃদ্ধি প্রকল্প (Mahila Samriddhi Yojana) | ২০২৫ | ২৫০০ |
| হরিয়ানা | লাডো লক্ষ্মী প্রকল্প (Lado Lakshmi Yojana) | ২০২৫ | ২১০০ |
| অন্ধ্রপ্রদেশ | আড্ডাবিদ্দা নিধি পরিকল্পনা (Aadabidda Nidhi Scheme) | ২০২৫ | ১৫০০ |
নগদ অনুদান প্রকল্পগুলিকে দুই ভাগে ভাগ করা যেতে পারে, শর্তসাপেক্ষ (conditional) ও শর্তহীন (unconditional)। শর্তসাপেক্ষ প্রকল্পগুলির নির্দিষ্ট টার্গেট গোষ্ঠী আছে উপভোক্তাদের এবং কঠিন মানদণ্ড আছে নির্বাচিত হওয়ার। অপরদিকে শর্তহীন প্রকল্পগুলির সেরকম কোনো কঠিন নির্বাচন মানদণ্ড থাকে না। ২০১৮ সালে ইন্দোনেশিয়া ও পেরুতে করা সার্ভে থেকে দেখা যাচ্ছে যে উন্নয়নশীল দেশের ক্ষেত্রে শর্তসাপেক্ষ (conditional) অনুদান বেশি ফলপ্রদ সর্বসাধারণের (universal) জন্য করা প্রকল্পের থেকে। তবে সারা পৃথিবী জুড়ে এখন একটা সর্বসাধারণের ন্যূনতম মজুরি (universal basic income) এর দাবি জোরালো হচ্ছে – যা এক ধরনের শর্তহীন নগদ অনুদান বলে ভাবা যেতে পারে।
বেশ কিছু গবেষনা পত্র থেকে এটাও দেখা যাচ্ছে যে বিভিন্ন নগদ অনুদানের মানুষের জীবনযাত্রার মানের উপর ইতিবাচক প্রভাব আছে। যেমন, নিম্ন ও মধ্য আয়ের দেশ গুলিতে (low and middle income country) মহিলাদেরকে টার্গেট করা নগদ অনুদান খাদ্যসুরক্ষা সহ অন্যান্য সুফল যেমন মহিলাদের আর্থিক ক্ষমতায়ন, কর্মক্ষেত্রে অংশগ্রহণ, সামাজিক রসদের উপর বর্ধিত নিয়ন্ত্রণ, ও বাড়ির মধ্যে কোনো প্রশ্নে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মহিলাদের ভূমিকার উন্নতি ঘটিয়েছে।

তবে বেশিরভাগ গবেষণাপত্র এই বিষয়ে একমত যে এই নগদ অনুদান মানুষের জীবনযাত্রার মানের সাময়িক উন্নয়ন ঘটালেও ব্যবস্থার দীর্ঘমেয়াদি কাঠামোগত পরিবর্তন (structural change) ঘটাতে কখনই সমর্থ নয়। সুতরাং নগদ অনুদান প্রকল্পগুলির অবশ্যই মানুষকে সাময়িক স্বল্প স্বস্তি দিচ্ছে এই ব্যবস্থায় পিষ্টে থাকা জীবনের মধ্যে, কিন্তু এই অনুদানের কোনো নিশ্চয়তা নেই, এবং এই নগদ পাওয়ার অভ্যাস মানুষের নিজের হকের জন্য লড়াইয়ের মানসিকতাকে নষ্ট করে দিচ্ছে, এবং দীর্ঘমেয়াদী জীবন যাত্রার মানের উন্নয়নের পথকে আরো ভোঁতা করে দিচ্ছে।
প্রকল্পগুলির পুরুষতান্ত্রিক চরিত্র
চালু হওয়া বেশিরভাগ নগদ অনুদান প্রকল্পগুলিকে ভাল করে দেখলে আমরা বুঝতে পারব যে এই প্রকল্পগুলি মূলত টার্গেট করছে সমাজের বিভিন্ন অংশের মহিলাদের। তা বাণিজ্যিকভাবে রাজনৈতিক নেতা নেত্রীরা মহিলাদের উন্নয়নের লক্ষ্য হিসাবে মানুষের সামনে উপস্থাপন করছে। বলা হচ্ছে যে সংসারে মহিলাদের পরিশ্রমের মূল্য, যা তারা পায় না, এই প্রকল্পগুলির মাধ্যমে তার কিছুটা মর্যাদা তারা এখন পাচ্ছে। কিন্তু প্রকল্পগুলির নাম থেকে (যেমন লক্ষীর ভান্ডার, মুখ্যমন্ত্রী লাডলি বেহানা, গৃহলক্ষী, ইত্যাদি) থেকে বোঝা যাবে যে এটা আসলে পুরুষতান্ত্রিক কল্যাণকামী রাষ্ট্রের (patriarchal welfare state) চরিত্রকেই প্রকাশ করছে, যেখানে মহিলাদের ভূমিকা প্রধানত ধরা হয় বউ, মা, বোন বা কন্যা হিসেবে যেখানে উপভোক্তারা হল মহিলা।
কিন্তু চাকরিক্ষেত্রে/ কর্মক্ষেত্রে বা অর্থনৈতিকক্ষেত্রে মহিলাদের পুরুষদের সঙ্গে সমান জায়গা দেওয়া প্রচেষ্টা করে না। ২০২৩-২৪ সালের বার্ষিক periodic labour force survey থেকে দেখা যাচ্ছে যে বিশেষত গ্রামাঞ্চলে নিয়মিত কর্মক্ষেত্রে (regular salary employment) মহিলাদের অংশ ক্রমশ কমছে। ২০১৭-১৮ সালে যে অংশ ছিল ১০.৫ শতাংশ তা ২০২৩-২৪ সালে কমে হয়েছে ৭.৮%।
নগদ অনুদান ও ভোট রাজনীতি
এই নগদ অনুদান পার্লামেন্টারি ভোট রাজনীতির ক্ষেত্রে এক বিপদজনক প্রবণতা সামনে নিয়ে আসছে। ভোটের আগে পালা করে এক একটা রাজনৈতিক দল ভোটে জিতলে কত টাকা করে নগদ দিতে পারবে তার ঘোষণা করে যাচ্ছে। যদিও তার বেশিরভাগটাই ভোটের পরে আর রক্ষা হয় না।
ভোটের আগে বিভিন্ন পার্টি থেকে ভোট জেতার জন্য নগদ টাকা দেওয়ার চল অনেক আগে থেকেই ভারতে চলে আসছে। কিন্তু তা হত বেআইনি । কিন্তু এখন বিভিন্ন প্রকল্পের নামে বিভিন্ন পার্টি, বিশেষত যারা ইতিমধ্যে ক্ষমতায় আছে, তারা সরকারি কোষাগার থেকেই মানুষকে টাকা দিতে পারছে আইনি পথে। ফলে ভোটের রাজনীতিতে এখন সবচেয়ে ক্ষমতাবান সেই সমস্ত পার্টি যারা ইতিমধ্যে ক্ষমতায় আছে কেন্দ্রে বা রাজ্যে বা যাদের পার্টি ফান্ডে অনেক টাকা আছে। অন্য কোনো দলের পক্ষে রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে জনসাধারণের সমর্থন আদায় করে রাজনৈতিক ক্ষমতায় আসার সুযোগ আরো কমে যাচ্ছে।
২০১২ সালে উত্তরপ্রদেশের জানাউনে বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ের উদ্বোধন বক্তৃতার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ডোল পলিটিক্স এর বিরোধিতা করেন। কিন্তু এখন বিজেপি সরকার রেশন (public distribution system বা PDS) ব্যবস্থার আমূল পরিবর্তন করে। রেশনের বদলে নগদ অর্থ দেওয়ার পরিকল্পনা করছে। যদিও একটি গবেষণা থেকে দেখা যাচ্ছে যে ছত্রিশগড়ের দুটি অঞ্চলে (গ্রামীণ) মানুষ টাকার বদলে রেশন খাদ্য সামগ্রী পেতেই বেশি পছন্দ করবে। উপরন্তু, জিনিসপত্রের দাম বাজারে যেভাবে দ্রুত মুদ্রাস্ফীতির দরুন বদলাতে থাকে তাতে একই নগদ অর্থের ক্রয় ক্ষমতা কমে যেতে পারে। কিন্তু নগদ অনুদানের ক্ষেত্রে সেই ব্যাপারে সরকার নিজের হাত ঝেড়ে ফেলতে পারে, কারণ পণ্য কেনার দায় পুরোপুরি চলে যায় ক্রেতার উপর।
অর্থনীতি ও বাজেটে প্রভাব
অল্প কিছু প্রকল্পকে যদি ধরাও হয় যে মানবসম্পদ তৈরিতে কাজে লাগছে, তাহলেও এটা বলা যেতে পারে যে বেশিরভাগ সামাজিক অনুদান প্রকল্প (এবং বিশেষত নগদ অনুদান প্রকল্প) যা চলছে, তা কখনই দীর্ঘমেয়াদী সূত্রে দেশের অর্থনৈতিক উন্নতি করছে না। ওইগুলি দেশের জন্য কোনো দীর্ঘমেয়াদি সম্পদ (long term asset) তৈরি করছে না, বা কর্মসংস্থানের পথ প্রশস্ত করছে না। বরং প্রকল্পগুলি মানুষের দান নেওয়ার মানসিকতা তৈরি করে দিচ্ছে, আর এটাই চাইছে পপুলিস্ট রাজনীতিবিদরা।
গবেষণা থেকে দেখা যাচ্ছে যে সামাজিক অনুদান প্রকল্পের খরচ ও রাজ্যের আর্থিক ঘাটতির মধ্যে সুস্পষ্ট পারস্পরিক সম্পর্ক বিদ্যমান। অথচ অনুদান প্রকল্পের খরচের সাথে বেকারত্ব হ্রাসের সম্পর্ক নেই। দ্বিতীয়ত, যত দিন যাচ্ছে সরকার প্রত্যক্ষ ট্যাক্স এর পরিবর্তে পরোক্ষ ট্যাক্স (যেমন GST) আদায় করার দিকে ঝুঁকছে, প্রচুর কর্পোরেটদের ট্যাক্স ছাড় দেওয়া হচ্ছে। বিশেষত ১৯৯১ সাল থেকে বিশ্বায়নের জন্য দেশের বাজার খোলার পর থেকে মুক্ত বাজার গঠন ও বেসরকারীকরণের কাজ চলছে পুরোদমে। ফলে সরকারী সম্পত্তি বিক্রি হয়ে যাচ্ছে ক্রমশ, এবং সরকারী ভান্ডার ও কমছে। অন্যদিকে সামাজিক অনুদান প্রকল্পের খরচ বেড়ে চলেছে প্রতি বছর। বিভিন্ন সামাজিক অনুদান প্রকল্পে কেন্দ্র ও রাজ্যের মোট খরচ ২০২০-২১ সালে ৬৫.২৪ লক্ষ কোটি টাকা থেকে বেড়ে ২০২১-২২ সালে হয়েছে ৭১. ৬১ লক্ষ কোটি অর্থাৎ প্রায় ১০% হারে বৃদ্ধি।

এই অবস্থায় পপুলিস্ট নেতা-নেত্রীরা ভোট জেতার জন্য যে বিভিন্ন প্রকল্পের বুলি আওড়ে চলেছেন তা যদি পুরোদস্তুর বাস্তবায়িত করতে হয় তাহলে এক বিশাল ঘাটতি বাজেট (deficit budget) তৈরি হবে। যা মেটাতে সরকারকে নির্ভর করতে হবে বিভিন্ন আর্থিক সংস্কার লোনের উপর। পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলিকে তাদের উপার্জনের এক বড় অংশ দিয়ে দিতে হচ্ছে বিভিন্ন লোন এর কিস্তি মেটানোর জন্য এবং এই অংক ক্রমশ বেড়ে চলেছে। এই ঘটনা এই ব্যবস্থার অস্থিরতা (volatility/instability) আরো বাড়িয়ে দিচ্ছে। শ্রীলংকার সাম্প্রতিক অর্থনৈতিক সংকট এটার এক প্রকৃষ্ট উদাহরণ।
দুর্নীতি ও অবক্ষয়
ভোটের রাজনীতিতে এই সামাজিক অনুদান প্রকল্পের নামে ভিক্ষা দেওয়ার রাজনীতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যুক্ত হয়ে গেছে দুর্নীতির বটগাছ। প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা সাধারণ মানুষের কাছ থেকে প্রচুর টাকা তুলছে। আর সাধারণ মানুষ বিনামূল্যে কিছু পাওয়ার বিনিময়ে এই দুর্নীতি চক্রকে মেনেও চলেছে। তবে এটা অবশ্যই বোঝা দরকার যে এই অনুদানগুলো কোনো নেতা বা পার্টি কর্মী নিজের পকেট থেকে দিচ্ছে না, বরং এগুলো আসছে সরকারি কোথাকার থেকেই, যা কিনা সাধারণ মানুষেরই ট্যাক্সের টাকা। কিন্তু মানুষকে বোঝানো হচ্ছে যেন তারা এটাকে ভিক্ষা হিসাবেই গ্রহণ করে। ফলে মানুষের যে মৌলিক অধিকার বোধ সেটা হারিয়ে যেতে চলেছে – যা কিনা এক সামাজিক অবক্ষয়ের পথ প্রশস্ত করে চলেছে।
উপসংহার
ঐতিহাসিক প্রেক্ষাপটের আলোচনা থেকে এটাও বোঝা যাচ্ছে যে পুঁজিবাদী ব্যবস্থায় সামাজিক অনুদান প্রকল্প প্রবর্তনের প্রধান কারণ হল এই ব্যবস্থার মধ্যেকার যে অন্তর্নিহিত অসাম্য যা শ্রমজীবী মানুষের মনের মধ্যে দীর্ঘমেয়াদি ক্ষোভ সৃষ্টি করে চলেছে তার থেকে কিছুটা নিস্তার পাওয়া এবং এই বাজার কেন্দ্রিক ব্যবস্থাকে ভেঙ্গে পড়ার হাত থেকে রক্ষা করা। সামাজিক অনুদান, বিশেষ করে নগদ অনুদানের মধ্যে দিয়ে রাষ্ট্রের বেশ কয়েকটা উদ্দেশ্য প্রাপ্তি হয়েছে।
প্রথমত, জনগণের মধ্যে ব্যবস্থার বিরুদ্ধে জমতে থাকা ক্ষোভ প্রশমন করা হচ্ছে। দ্বিতীয়ত, জনগণের ক্রয় ক্ষমতা কিছুটা হলেও বজায় থাকছে, যা পুঁজিবাদী উৎপাদন বিক্রি করে উৎপাদন ব্যবস্থাকে টিকিয়ে রাখতে সাহায্য করছে। তৃতীয়ত, সম্মানজনক কাজের দাবীতে জনগণের মধ্যে থেকে আন্দোলন গড়ে ওঠার রাস্তা আটকে রাখা সম্ভব হচ্ছে। চতুর্থত, রাজনৈতিক দলগুলো ভোটের আগে নগদ অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নিজের ক্ষমতা কায়েম রাখতে সক্ষম হচ্ছে ও ভোট প্রদানেও মানুষের অংশগ্রহণ বাড়াতে সক্ষম হচ্ছে।সাম্প্রতিক বিহারের নির্বাচন তার এক প্রকৃষ্ট উদাহরণ।
তর্কের খাতিরে ধরে নেওয়া যেতে পারে যে কিছু সামাজিক প্রকল্পের (যেমন বিনামূল্যে প্রাথমিক শিক্ষা বা মিড ডে মিল) দীর্ঘমেয়াদী মানবসম্পদ উন্নয়নের উপর ইতিবাচক প্রভাব আছে। কিন্তু ভালো করে দেখলে বোঝা যাবে যে, কোনো রাষ্ট্রব্যবস্থা যদি সত্যি জনদরদী হয় তাহলে যেগুলি অনুদান প্রকল্প হিসাবে না দেখে মানুষের মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করবে, যা সরকার সাধারণ মানুষকে আইনত দিতে বাধ্য থাকবে। অপরদিকে এটাও ব্যাপার আছে যে এই ব্যবস্থায় অনেক মানুষ আছে যাদের অস্তিত্ব অনেকটাই নির্ভর করে আছে এই সামাজিক অনুদান প্রকল্পগুলি থেকে প্রাপ্ত সাহায্যের ওপর।
এই LPG (Liberalisation – Privatisation – Globalisation) এর যুগে, বেকারত্বের যুগে, ঠিকা মজদুর হয়ে অস্থায়ী কাজ করে থাকার যুগে, অন্ন-বস্ত্র-বাসস্থান যোগাতে সাধারণ মানুষকে প্রতিনিয়ত যে পরিমাণে সংগ্রাম (struggle) করে যেতে হচ্ছে, সেই সময়ে দাঁড়িয়ে এই অনুদান প্রকল্পগুলি অবশ্যই এক সাময়িক স্বস্তি ও ক্ষোভ উপশমের চাবিকাঠি। কিন্তু, সাধারণ মানুষের জীবনের দীর্ঘমেয়াদি পরিবর্তন আনতে গেলে দরকার মানুষের মৌলিক অধিকার ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের দাবীতে জোরদার আন্দোলন তৈরি করা যা ভবিষ্যতে সমাজ ব্যবস্থার পরিবর্তনের পথের এক দিশারি হতে পারে।
