কালনার ধান চালের ব্যবসা ও বর্তমান সংকট

কয়েক দশক থেকে এই ধান চালের ব্যবসার মধ্যে দিয়ে কালনা ও তার পার্শ্ববর্তী গ্রামগুলির মানুষ জীবিকা নির্বাহ করে থাকে। লেবার হিসাবে মহিলারাই প্রধান ভূমিকা নিয়ে থাকে। বলা চলে দরিদ্র, সহায়সম্বলহীন, স্বামী হারানো মহিলাদের রোজগারের যে কটি ক্ষেত্র কালনাতে আছে তার মধ্যে উল্লেকযোগ্য কয়েকটি ক্ষেত্র হলো ধানের পারণ, বিড়ি শ্রমিক, ইটভাটা, রাখি শিল্প। ধান থেকে চাল তৈরি করার (রোদ মাথায় নিয়ে) কাজেই সব চাইতে বেশি মজুর লাগে। মহিলারাই প্রধান মজুর হিসাবে কাজ করে।

ধান আসে প্রধানত দুই মেদিনীপুর থেকে। কালনার পারণগুলিতে প্রধানত মিনিকেট চাল তৈরি হয়ে থাকে। ভোর বেলা থেকে কাজ শুরু হয়। আগে ধান সিদ্ধ হতো মাটির তৈরি বিশেষ উনুন তাপাল এর মাধ্যমে। বর্তমানে স্টিম আসায় অনেক সুবিধা হয়েছে এই কাজের মালিক ও মজুরদের।

ধানকে দুইবার সিদ্ধ করে চাল তৈরি করে সেই চালের ভাত খাওয়া আমাদের রাজ্যের মানুষের অভ্যাস। তাই ধান একবার সিদ্ধ করে কিছু ডোবা বা চৌবাচ্চার মধ্যে একদিন রেখে সেই ধান আবার সিদ্ধ করে রোদ্রে উল্টে পাল্টে শুকিয়ে বস্তা বন্দী করা পর্যন্ত শ্রমিকদের কাজ।

বর্তমানে মিনিকেট চালের বাজার মূল্য ৪৮০০/ ৪৯০০ টাকা কুইন্টাল। বাজারে ধানের ক্রয়মূল্য প্রতি মণ (৬০ কেজি ) বর্তমানে ১৪০০ টাকা, সিদ্ধ শুকনো করে বস্তা জাত করে ধান কলে ঝেড়ে, বাড়ি নিয়ে গিয়ে সেটা থেকে চাল ঝেড়ে, খুঁদ বের করে কুড়োগুলিকে বস্তা বন্দী করা – এটা বাড়ির মহিলারা কিংবা ঝাড়াই করাই কাজের লোক দিয়ে করতে হয়। প্রতি বস্তা ধান থেকে গড় ৪০ কেজি চাল পাওয়া যায়, ধান পরিপক্ক অবস্থায় না তুললে সেই ধানে আরও কম চাল হয়। তারপর তাকে নিয়ে যেতে হয় কালনা মহিষমর্দিনী তলায়, যেখানে চালের হাট বসে। এছাড়াও গঙ্গার ওপারে কালনা ঘাটে, ইন্দিরা গান্ধী বাজারে চালের হাট বসছে সেখানে নিয়ে আসতে হয়। সেখানে বড়ো ব্যবসায়ীরা এগুলি কিনে নেয়। আবার যারা একই সঙ্গে চাল ব্যবসায়ী তারা সরাসরি অন্য জেলায় বিক্রি করে।

বর্তমানে ২৫০০ টাকা কুইন্টাল দরে খুঁদ বিক্রি হয়। খুঁদ থেকে বিয়ার তৈরি হয়, অনেক গরিব মানুষ খুঁদ চালের বদলে খেয়ে থাকে। তবে বিয়ার তৈরীতেই এর বেশি ব্যবহার হয়। ৮০০/৯০০ টাকা কুইন্টাল দরে কুড়ো বিক্রি হচ্ছে। কাজ করা মহিলাদের পারিশ্রমিক ২২০ টাকা মালিকরা দিয়ে থাকে l এরা বেশিরভাগই দাদন ভিত্তিতে কাজ করে থাকে।

প্রতি এক বছর অন্তর পারণগুলিতে পিচ দিয়ে ধান শুকানোর উপযোগী করতে হয়। এটা করতে দেড় থেকে দুই লাখ টাকা খরচ হয়, এটাও ধান চাল মালিকদের উৎপাদন খরচ হিসেবে ধরতে হয়। মজুরদের ধরে রাখতে দাদন দিতে হয়। তার উপর আছে বিভিন্ন পার্টির জুলুম। সব মিলিয়ে বর্তমানে কুড়োর বাজার দর এর উপর মালিকদের লাভ নির্ভরশীল। বর্তমানে কুড়ো ৮০০/৯০০ টাকা কুইন্টাল দরে বিক্রি হচ্ছে। এই পারণ স্টিম তৈরিতে বেশির ভাগ ব্যবসায়ী চড়া সুদে ঋণ নিয়ে করে থাকে। লকডাউন পরবর্তী পরিস্থিতিতে বাজারের অবস্থা এতটাই খারাপ অনেক স্টিম বন্ধ হয়ে পড়ে আছে। শ্রমিকদের অবস্থাও খুব খারাপ, জিনিস পত্রের দাম আগুন আর তাদের মজুরি আর বাড়ছে না ফলে কঠিন এক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে কালনার আশেপাশের জেলাগুলিতে “কালনার চাল” নামে সুনাম অর্জনকারী ব্যবসাটি।

এই ব্যবসার হাল ফেরাতে গেলে সরকারকে বিশেষ উদ্যোগ নিতে হবে। ১) ব্যবসাদারদের সমস্ত লোন মুকুব করতে হবে। ২) বিদ্যুতে ভর্তুকি দিতে হবে। ৩) ভিন জেলা বা রাজ্য থেকে আসা ধানের গাড়ির উপর জুলুম বন্ধ করতে হবে। ৪) মজুরদের মজুরি ৪০০ টাকা করতে হবে। ৫) চাল খুঁদ, কুড়োর মূল্য সরকারকে ঠিক করে দিতে হবে।


লেখাটি প্রকাশিত হয় আজাদ গণ মোর্চা-র মুখপত্র মাতৃভূমি পত্রিকার অগাস্ট ২০২৩ সংখ্যায়


কভার ফটো সৌজন্যে – https://www.anandabazar.com/west-bengal/bardhaman/paddy-farming-in-vast-area-of-kalna-are-heavily-affected-by-rainfall/cid/1296299 [Retrieved On: 02/12/2023]

Leave a Reply