কর্পোরেট আগ্রাসন

ভারতের পরিবেশগত সংকট ও কর্পোরেট আগ্রাসন

বিতান দে


লেখাটি প্রকাশিত হয় আজাদ গণ মোর্চা-র মুখপত্র মাতৃভূমি পত্রিকার
নভেম্বর ২০২৫ সংখ্যায়

মুখবন্ধ

“নাগিনীরা চারি দিকে ফেলিতেছে বিষাক্ত নিশ্বাস/ শান্তির ললিত বাণী শুনাইবে ব্যার্থ পরিহাস” – বিশ্বযুদ্ধের আবহে লেখা কবিগুরুর এই লাইনগুলো আজও একইভাবে প্রাসঙ্গিক। ফারাক শুধু এই যে তাঁর বলা বিষাক্ত সরীসৃপদের জায়গা নিয়েছে দেশের সামন্ততান্ত্রিক ও পুঁজিবাদী শক্তির জোট এবং তাদের জুড়িদার হয়েছে কেন্দ্রের সর্বগ্রাসী দক্ষিণপন্থী সরকার। মুনাফা ও ক্ষমতার নেশায় মত্ত হয়ে তারা আগের সরকারের থেকেও আরও দ্রুতবেগে দেশের জল-জঙ্গল-জমিনকে কর্পোরেটের হাতে তুলে দিচ্ছে। প্রতিদিন তীব্র হয়ে চলেছে এই কর্পোরেট আগ্রাসন। আর সরকারের এই কাজকে আরো সুবিধা করে দিয়েছে ধর্মীয় গুজব নিয়েই বেশি ব্যস্ত থাকা তথাকথিত শহুরে মধ্যবিত্ত জনতা – যারা নিজেদের বিচারবুদ্ধি শিকেয় তুলে পরিবেশ ধ্বংস করে তৈরি রিসর্টগুলোকেই নিজেদের স্বপ্নের গন্তব্য বানিয়ে ফেলেছে। প্রকৃতির প্রতিশোধের নির্মমতা অবশ্য সাম্প্রতিক অতীতে বারে বারে আমাদের আঘাত করেছে, তবুও তাই নিয়ে মিডিয়ার মধ্যে বিরাজ করছে এক হিরণ্ময় নীরবতা। সেই মিডিয়াও তো আসলে কর্পোরেটেদেরই কেনা। তাই ভরসা শুধুই জনগণ। আপামর জনতা বিষয়টিতে সতর্ক না হলে ক্রান্তিকাল আসন্ন। এই প্রতিবেদনে তারই কিছুটা সুলুকসন্ধান করা হল।

সাম্প্রতিক অতীত ভয়ঙ্কর

এবার কিছু উদাহরণ দেওয়া যাক। অসম রাজ্যে ২০২২ ও ২৩-এ ব্রক্ষ্মপুত্র এবং বরাক ভ্যালিতে বিধ্বংসী বন্যা। মূল কারণ – অনিয়ন্ত্রিত বন উজাড় এবং অবৈধ বালি উত্তোলন, বাঁধের দুর্বল রক্ষণাবেক্ষণ, পুরানো বন্যা ব্যবস্থাপনা ব্যবস্থা, জলাভূমি ধ্বংস (যেমন, দীপোর বিল দখল)। কিছুটা একই ছবি পাওয়া যাবে ২০২১-২০২৩ এর মাঝে ঘটে যাওয়া উত্তর বিহারের একাধিক বন্যা কবলিত এলাকায়, যার জন্য দায়ী – প্লাবনভূমি দখল, নদীর দুর্বল বাঁধ রক্ষণাবেক্ষণ এবং পলি জমে থাকা কমানোর জন্য তহবিলে দেরীতে এবং অল্প পরিমাণে টাকা আসা। দুই ক্ষেত্রেই লক্ষ মানুষের সম্পত্তিহানি হয়েছে, সরকারি হিসাবে মারা গিয়েছেন শতাধিক। মজার বিষয় হলো নির্বাচনের চৌকাঠে পা রাখা এই দুই রাজ্যের NDA সরকারি দলের মুখে শুধুই অনুপ্রবেশ, ডিটেনশন ক্যাম্প আর SIR। খুব স্বাভাবিকভাবেই এই ভয়াল বন্যায় সর্বস্বান্ত হয়েছেন প্রান্তিক মানুষ, বৈধ পরিচয় পত্রগুলিও খুইয়েছেন অনেকে। কাজেই প্রশ্ন তোলা উচিত যে তারা এই SIR নামক তামাশায় অংশ নেবেন কী করে? সূক্ষ্ম বিশ্লেষণ করলেই উপলব্ধি করা যায় যে সরকারের উদ্দেশ্য দুটো – নিজেদের মদতপুষ্ট জমি হাঙ্গরদের দিয়ে প্রকৃতিকে বিনষ্ট করা, এবং নিঃস্ব মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা। অবৈধ বালি খাদান করে নদীর ভাঙ্গন ডেকে আনার ঘটনায় বিজেপির বিরোধীরাও পিছিয়ে নেই। CPIM শাসিত কেরালা বহুকাল যাবৎ প্রাক-বর্ষা বন্যায় জর্জরিত। এর পিছনেও দায়ী বাঁধের দুর্বল ব্যবস্থাপনা, অপরিকল্পিত জলাধার থেকে জল নিষ্কাশন, পরিবেশগতভাবে সংবেদনশীল অঞ্চল দখল করা, সেখানে বেলাগাম গাছ কাটা এবং ইত্যাদির মাধ্যমে কর্পোরেট আগ্রাসনের পথ প্রশস্ত করা।

ধর্মীয় সুড়সুড়িও পিছিয়ে নেই। ভারতবর্ষের প্রাচীন নদীমাতৃক সভ্যতা আসলে হিমালয়ের দান যা ভূতাত্ত্বিক ভাবে একটি ভূমিকম্প পীড়িত অঞ্চলে অবস্থিত। সেই হিমালয়ের বুক চিরে চলেছে নিরন্তর গাছ কাটা, অবৈজ্ঞানিক জলবিদ্যুৎ প্রকল্পের কাজ, ডিনামাইট ফাটিয়ে টানেল তৈরী ইত্যাদি। লক্ষ্য একটাই, হিমালয়ের প্রাচীন তীর্থগুলিতে লাগামছাড়া পর্যটন। এই অপরিণামদর্শিতার ফল ভুগতে হচ্ছে হিমালয়ের কোলে বসবাসকারী জনগণকে, এমনকি ক্ষেত্রবিশেষে পর্যটনকরীদেরও। উত্তরাখন্ড-এর যোশীমঠ, চামেলী বা হিমাচলের সিমলা, কুলু, সোলান, মানালি – ধস, ক্লাউডবার্স্ট ইত্যাদি এখন নিত্যনৈমিত্তিক ঘটনা। ধর্মীয় আবেগকে ঢাল করতে উত্তরাখণ্ডে গড়ে উঠেছে ‘চারধাম প্রজেক্ট’; ‘দৈবভূমি’-ও ছাড় পায়নি কর্পোরেট আগ্রাসনের হাত থেকে। পাল্লা দিয়ে কাশ্মীর-এ চলেছে বৈষনোদেবী ও অমরনাথ যাত্রা।  পরিবেশগত নিয়মকানুনকে শিথিল করে এই প্রকল্প দ্রুত বাস্তবায়নের পথ সুগম করা হয়েছে। ‘ন্যশনাল ইনস্টিটিউট অফ ডিসাস্টার ম্যানেজমেন্ট’ এবং ‘জিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া’-র বিশেষজ্ঞদের বৈজ্ঞানিক সতর্কবার্তাকে বুড়ো আঙ্গুল দেখানো হয়েছে। পাহাড়ি রাজ্যগুলিতে ঢালভিত্তিক জোনিং ও ভূমি ব্যবহার পরিকল্পনা দুর্বল। ভূতাত্ত্বিক অনুমোদন ছাড়াই পর্যটন অবকাঠামো অনিয়ন্ত্রিতভাবে গড়ে উঠছে। প্রাথমিক সতর্কতা ব্যবস্থা ও ঢাল স্থিতিশীলকরণ প্রযুক্তিতে ন্যূনতম বিনিয়োগ করা হয়েছে। দুর্ঘটনা কবলিতদের তালিকায় আস্তে আস্তে যুক্ত হচ্ছে সিকিম, সেভেন সিস্টার্স রাজ্যগুলো এবং এমনকি লাদাখও। সেখানে চীন-এর আগ্রাসন প্রতিহত করার সামরিক অজুহাতে বেদখল হচ্ছে জনজাতিদের জমি।

দুর্ভোগ থেকে পিছিয়ে নেই ভাইব্র্যান্ট ইন্ডিয়ার মেগাসিটিগুলি। অনিয়ন্ত্রিত শহরতলীর বৃদ্ধি, জলাশয় বুজিয়ে আবাসন নির্মাণ এখন রোজকার বিষয়। সাথে বেলাগামভাবে চলেছে ব্যাক্তিগত গাড়ির লাইসেন্স দেওয়া। ফলত শহরের নিকাশি ব্যাবস্থা শিকেয় গেছে, জলস্তর নেমে গেছে অনেক গভীরে, আর বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ গেছে কমে। চেন্নাই শহর সামান্য বৃষ্টিতেই বন্যা-কবলিত হয়ে পরে।  গ্রীষ্মের মরশুম এলেই বেঙ্গালুরুতে ত্রাহি মধুসূদন রব ওঠে পানীয় জলের। গ্লোবাল ওয়ার্মিং, সুন্দরবন ধ্বংসের কারণে কলকাতা আর ওড়িশার বন্দর শহরগুলি বারবার সাইক্লোনের প্রকোপে পড়ছে। রাজধানী দিল্লিতে প্রাক শীতের সময়ে এয়ার কোয়ালিটি ইনডেক্স-এর পতন এখন বাৎসরিক ঘটনা। যদিও তাতে শহুরে মানুষের বিশেষ হেলদোল দেখা যায় না। তারা গণপতি বা হনুমান মন্দিরে প্রণাম ঠুকেই এই পরিবেশগত সংকট থেকে পরিত্রান আশা করে।

পরিবেশ সুরক্ষা আইন ও নিয়ন্ত্রক কাঠামো শিথিল বা উপেক্ষা

২০১৪ সাল থেকে, “ব্যবসা সহজীকরণ,” “দ্রুত উন্নয়ন,” এবং “জাতীয় স্বার্থ”–এর নামে একাধিক গুরুত্বপূর্ণ পরিবেশ সুরক্ষা আইন, বিজ্ঞপ্তি ও নিয়ন্ত্রক কাঠামো শিথিল, দুর্বল বা উপেক্ষা করা হয়েছে। অনেক বিশেষজ্ঞ, কর্মী এবং প্রাক্তন সরকারি কর্মকর্তা যুক্তি দিয়েছেন যে এই পরিবর্তনগুলির ফলে ধীরে ধীরে ক্ষমতার ভারসাম্য পরিবেশগত সুরক্ষা ও জনগণের অংশগ্রহণ থেকে সরে গিয়ে কর্পোরেট ও রাষ্ট্রনিয়ন্ত্রিত বৃহৎ মূলধনী প্রকল্পগুলির (খনি, অবকাঠামো, রিয়েল এস্টেট, শক্তি ও শিল্পক্ষেত্রে) দিকে চলে গেছে।

১. পরিবেশ প্রভাব মূল্যায়ন বিজ্ঞপ্তি, ২০০৬ (EIA)–এর শিথিলতা

EIA ছিল ভারতের গুরুত্বপূর্ণ পরিবেশগত ছাড়পত্র প্রক্রিয়া। শিল্প, খনি, অবকাঠামো প্রকল্পে পরিবেশগত প্রভাবের আগে থেকেই মূল্যায়ন করাটা ছিল বাধ্যতামূলক। কিন্তু ২০২০ সালে EIA–এর খসড়া সংশোধনী আনা হয়, যার প্রভাবে আগে অনুমতি না নিয়েই প্রকল্প শুরু করে পরে ছাড়পত্র পাওয়ার ব্যবস্থা চালু হয়। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সম্পূর্ণ রূপে সরকার নিজের হাতে নিয়ে বড় কর্পোরেট সংস্থাগুলিকে অনুমতি ছাড়াই নির্মাণ-এর ছাড় দিয়েছে। হিমালয় অঞ্চলে জলবিদ্যুৎ ও খনি প্রকল্প অনুমোদনের আগেই শুরু হয়েছে, যার ফলে পরিবেশগত ক্ষতি ও দুর্যোগ দেখা দিয়েছে।

২. বন সংরক্ষণ আইন, ১৯৮০ (FCA)–এর সংশোধন

বনভূমিকে অ-বন কাজে ব্যবহার করার জন্য আগে কেন্দ্র সরকারের অনুমতি লাগত। অতিসম্প্রতি “বন” শব্দের সংজ্ঞাটাকেই সংকীর্ণ করে দেওয়া হয়েছে – বিপুল অনথিভুক্ত বনভূমি আইনি সুরক্ষা হারিয়েছে। নিরাপত্তা, প্রতিরক্ষা ও জনস্বার্থে পরিকাঠামো তৈরির অজুহাতে বনভূমি দ্রুত হস্তান্তরের সুযোগ তৈরি হয়েছে। এতে বেসরকারি সংস্থাগুলির পক্ষে বনভূমি দখল সহজ হয়েছে। আদিবাসী ও পরিবেশগত অধিকার দুর্বল হয়েছে। অরুণাচল ও উত্তরাখণ্ডে সীমান্ত সড়ক ও জলবিদ্যুৎ প্রকল্প এখন আগের বন অনুমোদন প্রক্রিয়া এড়িয়ে যেতে পারছে।

৩. উপকূল নিয়ন্ত্রণ অঞ্চল বিজ্ঞপ্তি, ২০১১ (CRZ)–এর দুর্বলকরণ

ভারতের সমুদ্রতীর থেকে ৫০০ মিটার পর্যন্ত এলাকায় নির্মাণ ও শিল্প কার্যকলাপ নিয়ন্ত্রিত ছিল। উপকূলীয় পরিবেশ ও মৎস্যজীবীদের জীবিকা রক্ষা ছিল তার লক্ষ্য। উপকূলীয় অঞ্চল ঝড়, বন্যা ও ক্ষয় রোধে প্রাকৃতিক বাফার হিসেবে কাজ করে। বর্তমানে গ্রামীণ এলাকায় উন্নয়ন নিষিদ্ধ অঞ্চলের সীমাকে ২০০ মিটার থেকে কমিয়ে ৫০ মিটার করা হয়েছে। হোটেল, বন্দর, পর্যটন ও রিয়েল এস্টেট প্রকল্পকে সমুদ্রের আরও কাছাকাছি যাওয়ার অনুমতি দেওয়ার মাধ্যমে মৎস্যজীবী সম্প্রদায়কে উৎখাত করা এবং গোয়া, গুজরাট ও তামিলনাড়ুতে পর্যটন ও বন্দর অবকাঠামো সম্প্রসারণ – সবই এর ফলশ্রুতি|

৪. বন্যপ্রাণ সুরক্ষা আইন, ১৯৭২ (WPA)–এর শিথিলতা

বন্যপ্রাণী প্রজাতি ও আবাসস্থল রক্ষার জন্য এটি ছিল প্রধান আইন। শিকার ও বাণিজ্য নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আইনটি ছিল গুরুত্বপূর্ণ। ২০২২ সালের সংশোধনে সুরক্ষিত প্রজাতির তালিকা (schedules) কমানো হয়েছে। ফলস্বরূপ বন্যপ্রাণী সম্বলিত অভয়ারণ্যের ভেতর দিয়ে সড়ক, রেল বা বিদ্যুৎ লাইন নির্মাণে অনুমতি সহজ হয়েছে, বেসরকারি চিড়িয়াখানা, সাফারি পার্ক ও প্রজনন কেন্দ্র তৈরির পথ খুলে দেওয়া এবং অভয়ারণ্যের ভেতর দিয়ে অবকাঠামো প্রকল্প সহজে চালু করা যাচ্ছে। মধ্যপ্রদেশ ও উত্তরাখণ্ডে বাঘ-করিডর দিয়ে সড়ক ও রেল প্রকল্প এভাবেই বাস্তবায়িত হয়েছে|

৫. জাতীয় সবুজ ট্রাইব্যুনাল (NGT)–এর ক্ষমতা খর্ব

NGT ছিল পরিবেশ আইন প্রয়োগের জন্য একটি স্বতন্ত্র পরিবেশ-আদালত (২০১০ সালে গঠিত)। বহুদিন যাবৎ সেখানে বিচারপতিদের নিয়োগ বিলম্বিত করা হয়েছে, বেঞ্চ দুর্বল করা হয়েছে, NGT–র নিজে থেকে মামলা নেওয়ার ক্ষমতা (suo moto) সীমিত করা হয়েছে।। বহু মামলা মদতপুষ্ট আমলাদের হাতে সরিয়ে দেওয়া হয়েছে। নাগরিকদের পক্ষে বেআইনি ও ধ্বংসাত্মক প্রকল্পকে চ্যালেঞ্জ করা কঠিন হয়েছে। পরিবেশ সংক্রান্ত বিরোধ-নিষ্পত্তির ক্ষেত্রেও রাষ্ট্রের প্রভাব বেড়েছে।

লেখকের আবেদন

“নাগিনীরা চারি দিকে ফেলিতেছে বিষাক্ত নিশ্বাস/ শান্তির ললিত বাণী শুনাইবে ব্যার্থ পরিহাস” – এর উত্তরে কবি সুকান্ত লেখেন যে “প্রতিজ্ঞা চেয়ে দেখি প্রস্তুত ঘরে ঘরে/ দানবের সাথে আজ সংগ্রামের তরে”।  বিশ্বযুদ্ধের ভয়ানক আবহ কে বার্থ করে কোনো শাসকই পৃথিবীতে শান্তি আর স্থায়িত্ব প্রতিষ্ঠা করতে পারেনি – যা সম্ভব হয়েছিল বহু নামগোত্রহীন সাধারণ মানুষের শুভচেতনার জেরে। তাই সাধারণ মানুষের কাছে স্পষ্ট আবেদন – রাষ্ট্রের সামনে যুক্তিবাদী প্রশ্ন ছুঁড়ে দিন, এই দল ওই দলের ভরসায় না থেকে এই জনবিরোধী কর্পোরেটী উন্নয়নের বিরুদ্ধে জনমত গড়ে তুলুন, সংঘবদ্ধ হন। কর্পোরেট মিডিয়ার চোখ দিয়ে না দেখে নিজের বিচারবুদ্ধি নিয়ে দেশ ও সমাজকে বিশ্লেষণ করুন। নয়তো প্রকৃতির প্রতিশোধ থেকে কেউই নিস্তার পাবে না।


2 thoughts on “ভারতের পরিবেশগত সংকট ও কর্পোরেট আগ্রাসন”

Leave a Reply