বিতান দে
লেখাটি প্রকাশিত হয় আজাদ গণ মোর্চা-র মুখপত্র মাতৃভূমি পত্রিকার
এপ্রিল ২০২৬ সংখ্যায়
ছোটবেলার দিকে ফিরে তাকালে মনে পরে যে ‘বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ’-এইরকম একটা প্রবন্ধ লেখার বিষয় খুবই জনপ্রিয় ছিল। সময়ের সাথে ইন্টারনেট প্রযুক্তির বিদ্যুৎ গতির উন্নতি আমাদের রোজনামচা যথেষ্ট সহজ করেছে। ভার্চুয়াল মাধ্যমে ইন্সটামার্ট বা ব্লিঙ্কইট মুদিখানা খুলেছে, bookmyshow বা আমাজন Prime-এর মতো ডিজিটাল প্ল্যাটফর্মগুলো দখল করেছে বিনোদনের বাজার। অত্যাবশকীয় পরিষেবাও একটি ক্লিকেই পাওয়া সম্ভব, যেমন – practo-তে ডাক্তার, বাইজু বা unaccademy-তে টিচার, নানা UPI app-এর মাধ্যমে আর্থিক লেনদেন, সবকিছুই সহজলব্ধ। হাল আমলে যে শব্দগুলি বেশ আলোড়ন ফেলেছে তা হলো – ‘Artificiial Intelligence’, ‘ডাটা ইঞ্জিনিয়ারিং’, ‘মেশিন লার্নিং’ ইত্যাদি। অতি সম্প্রতি ভারতে ঢাক ঢোল পিটিয়ে হয়ে গেলো ‘AI Summit’। তাতে সরকারের পক্ষ থেকে পাশ্চাত্য দুনিয়ার কিছু খ্যাতনামা কোম্পানিকে এই দেশে ডাটা সেন্টার তৈরী করার জন্য মোটা অংকের কর মকুবের প্রস্তাব দেওয়া হয়েছে এবং বিশেষজ্ঞদের মতে যা ডাটা মানচিত্রে ভারতকে সমৃদ্ধ করবে। আপাতদৃষ্টিতে মনে হতেই পারে যে বিজ্ঞানের আশীর্বাদের সাগরে ভাসছি সবাই আর অভিশাপের পর্বটা চশমা পড়া চর্মচক্ষে বিশেষ ধরা পড়ছে না। কিন্তু কখনো কি আমরা প্রশ্ন করি যে দিল্লিতে AQI-এর অতিবৃদ্ধি, বেঙ্গালুরুর জলসঙ্কট, উত্তরাখণ্ডের ক্লাউডবার্স্ট, মুম্বাই এর বানভাসি বর্ষা বা দক্ষিণ ভারতে মাত্রাতিরিক্ত সাইক্লোনের সাথে আমাদের নিরন্তর ডাটা সার্চের কি কোনো সম্পর্ক আছে? অভিশাপের প্রশ্ন তা এখানেই লুকিয়ে আছে| ডাটা সেন্টার তৈরী করে পাশ্চাত্যের দেশগুলিতে যেসব জলবায়ুগত পরিবর্তন হচ্ছে তা আমাদের দেশে কি প্রভাব দেখাতে পারে? কিভাবেই বা সেইসব সমস্যার মোকাবিলা সম্ভব? শাসক ও রাষ্ট্রব্যবস্থা কি সত্যিই তার জন্য আন্তরিক সদিচ্ছা দেখাচ্ছে? এই লেখায় তারই একটা সংক্ষিপ্ত অন্তর্তদন্ত করা হলো।
ডাটা সেন্টার ও দূষণের সার্বিক চিত্র
প্রথমেই ডাটা সেন্টারগুলি পরিবেশের ওপর কী কুপ্রভাব বিস্তার করে থাকে তার একটা সংক্ষিপ্ত বৃত্তান্ত পয়েন্ট আকারে পেশ করা যাক।
১) সাধারণত, সেন্টারগুলোতে বিপুল বিদ্যুৎ প্রয়োজন হয় যা মূলত কয়লা বা কোনো ফসিল ফুয়েল পুড়িয়ে উৎপাদন করা হয়। এই কাজে USA ও ইউরোপের দেশগুলি মূলত খনিজ তেল ও চীন, অস্টেলিয়া বিটুমিনাস কয়লার ওপর নির্ভরশীল। অনিয়ন্ত্রিত দহনের ফলশ্রুতি হলো সংশ্লিষ্ট বায়ুমণ্ডলে কার্বন ফুটপ্রিন্ট-এর অস্বাভাবিক বাড়বাড়ন্ত, গ্রীন হাউস গ্যাসের অবিচ্ছিন্ন নির্গমন, উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন। গ্রিনল্যান্ডের মতো মেরুপ্রদেশে হিমবাহ গলে যাওয়া বা সাহারা মরুভূমি তে হাজারও আগাছা গজিয়ে ওঠা এসবেরই কারণ।
২) দ্বিতীয় যে সমস্যা অত্যন্ত দুশ্চিন্তার তা হলো জল সংকট। ডাটা সেন্টার গুলোতে নিরন্তর ডাটা আপলোড ও ডিলিট করার কারণে যথেষ্ট তাপমাত্রা বাড়ে এবং কুলিং এর জন্য বিপুল পরিমান জলের প্রয়োজন। সংখ্যাবিদদের মতে ১০-১২ বার chatgpt সার্চ করতে প্রায় হাফ লিটার জল খরচ হয়। ইতিমধ্যেই দক্ষিণ আমেরিকার দেশগুলোতে ডাটা সেন্টারগুলোর কুলিং এর জন্য পানীয় জলের গভীর সংকট দেখা গিয়েছে। বলাই বাহুল্য যে ভারতবর্ষে ডাটা সেন্টারগুলোর রমরমা বৃদ্ধি পেলে বড়ো শহরগুলিতে জলসঙ্কট আরো তীব্র হয়ে উঠবে।
৩) তৃতীয় নতুন সমস্যাটি হলো ডাটা সেন্টার থেকে উৎপন্ন ইলেকট্রনিক বর্জ্য (e-waste) জনিত সমস্যা। সার্ভার, ব্যাটারি এবং অন্যান্য যন্ত্রাংশ কয়েক বছরের মধ্যেই অপ্রচলিত হয়ে পড়ে এবং এগুলো পরিবর্তন করতে হয়। এতে সীসা, পারদসহ বিভিন্ন বিষাক্ত পদার্থ পরিবেশে ছড়িয়ে পড়ে ও সাথে সাথে রাসায়নিক দূষণ বাড়ায়। India ও China-এর মতো দেশে হেতু এই সমস্যা খুবই সঙ্গিন।
৪) আরেকটি তুলনামূলক কম গুরুত্বপূর্ণ সমস্যা হলো শব্দ দূষণ। সার্ভার ও কুলিং সিস্টেমের অবিরাম শব্দ ৮০ ডেসিবেলেরও বেশি হতে পারে। এটি ঘুমের সমস্যা, মানসিক চাপ, উচ্চ রক্তচাপ এবং অন্যান্য স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে। ইতিমধ্যেই, USA ও UK-তে জনগণ এই শব্দ দূষণের বিরুদ্ধে প্রতিবাদ করেছে।
৫) এছাড়াও নানা খুচরো সমস্যার কথা না বললেই নয়। Brazil ও Indonesia-এর মতো দেশে শিল্প সম্প্রসারণের ফলে বনভূমি ধ্বংস ও জীববৈচিত্র্যের ক্ষতি হচ্ছে। United Kingdom-এ ডাটা সেন্টারের কারণে বিদ্যুৎ ও জমির ওপর চাপ পড়ে আবাসন প্রকল্প বিলম্বিত হয়েছে। সর্বোপরি, ডাটা সেন্টার নির্মাণের সময় কিছু কর্মসংস্থান তৈরি হলেও, স্থায়ীভাবে খুব কম সংখ্যক লোকের কর্মসংস্থান হয়, যা সামাজিক দৃষ্টিকোণ থেকেও একটা নিরাপত্তার অভাব তৈরী করে।
ভারতে ডাটা সেন্টারের বর্তমান হাল হকিকত
ইস্তক ভারতে ২৭০-টিরও বেশি ডাটা সেন্টার রয়েছে; মহারাষ্ট্রে সর্বাধিক ৮৫-টি ডাটা সেন্টার, এরপর তামিলনাড়ুতে ৩৫-টি এবং কর্ণাটকে ৩২-টি। কর্ণাটকের এই ৩২-টি ডাটা সেন্টারের মধ্যে ৩১-টিই বেঙ্গালুরুতে অবস্থিত। এককালে দেশের ‘গার্ডেন সিটি’ বলে পরিচিত জলসম্পদের অবস্থা এতটাই শোচনীয় — যে শহরটি তীব্র পানীয় জলের সংকটের কারণে ধীরে ধীরে ‘ট্যাঙ্কার সিটি’তে পরিণত হচ্ছে। এবার খানিক বাস্তব তথ্য দেওয়া যাক। ডেলয়েট-এর সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী, ১ মেগাওয়াট (MW) ক্ষমতার একটি ডাটা সেন্টারের প্রতিদিন প্রায় ৬৮,৫০০ লিটার জল প্রয়োজন। ২০ মেগাওয়াট ক্ষমতার একটি ডাটা সেন্টারের দৈনিক জলচাহিদা প্রায় ১৪ লক্ষ (১.৪ মিলিয়ন) লিটার। এই পরিমাণ জল এক দিনে প্রায় ২৭,০০০টি পরিবারের মোট ব্যবহারের সমান। ২০২০ সালে ভারতের ডাটা সেন্টারের মোট ক্ষমতা ছিল ৫২০ মেগাওয়াট। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ১.৫ গিগাওয়াটে। অনুমান করা হচ্ছে, ২০৩০ সালের মধ্যে এটি ৪.৫ থেকে ৬.৫ গিগাওয়াটে পৌঁছাতে পারে। কাজেই ভবিষ্যতের জলসঙ্কটের হিসাবটা অভিশাপের থেকে কিছু কম নয় । পৃথিবীর মোট জলের মধ্যে মাত্র ৩% হলো পানীয় জল, এবং তার মধ্যে কেবল ০.৫% মানুষের ব্যবহারের জন্য বাস্তবে উপলব্ধ। প্রশ্ন করতেই হয় যে এর কতটা অংশ আমরা ডাটা সেন্টারের জন্য বরাদ্দ করতে সক্ষম?

এবার বিদ্যুৎ বন্টনের সমস্যার প্রসঙ্গে আসা যাক । মোট বিদ্যুৎ চাহিদার মধ্যে ডাটা সেন্টারগুলির অংশ ২০৩০ সালের মধ্যে প্রায় ২.৫% থেকে ৩% হবে। শতাংশ হিসেবে এটি খুব বড় না মনে হলেও, এটি ইতিমধ্যেই চাপগ্রস্ত রাজ্যগুলির বিদ্যুৎ গ্রিডের উপর আরও চাপ সৃষ্টি করবে। বিশেষ করে মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক এবং তেলেঙ্গানার মতো রাজ্যগুলিতে গ্রিডের সর্বোচ্চ লোড ৫% থেকে ২০% পর্যন্ত বাড়তে পারে। চীনের মতো পর্যাপ্ত Renewable এনার্জির উৎপাদন সঠিক হলে কিছুটা সুরাহা করতে পারত, কিন্তু মোটা অংকের বিনিয়োগ সত্ত্বেও, দুর্বল সঞ্চালন (ট্রান্সমিশন) পরিকাঠামোর কারণে সেই বিদ্যুৎ পুরোপুরি গ্রিডে পৌঁছাতে পারছে না। এই পরিস্থিতে, নতুন ডাটা সেন্টারগুলির অত্যন্ত দ্রুত বৃদ্ধির কারণে— বিদ্যুৎ ঘাটতির সমস্যা গ্রিডের ওপর চাপ ক্রমাগত বাড়ছে। এই সমস্যা বিশেষভাবে দেখা যাচ্ছে উচ্চ-জিডিপি-র ডিজিটাল করিডোরগুলিতে, যেমন মহারাষ্ট্র, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ।
Finnancial express-এর সমীক্ষা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে এই রাজ্যগুলিতে ডাটা সেন্টারগুলি প্রত্যেকটিতে অতিরিক্ত ২–৩ গিগাওয়াট (GW) বিদ্যুৎ চাহিদা অতিরিক্ত যোগ করতে পারে। অঙ্কটা তাদের বর্তমান সর্বোচ্চ লোডের প্রায় ৫% থেকে ২০%–এর সমান, যা স্থানীয় বিদ্যুৎ ব্যবস্থার উপর ব্যাপক চাপ সৃষ্টি করবে।
পুঁজিপতি পুষ্ট মিডিয়ার প্রচারে অনেকের মনে একটা ধারণা আছে যে, ডাটা সেন্টারগুলোর সঙ্গে সঙ্গে কর্মসংস্থান ব্যাপক হারে বাড়বে, কাজেই দুয়ারে উন্নয়ন অবশ্যম্ভাবী। কিন্তু তথ্য বলে যে, গড়ে একটি ডাটা সেন্টার মাত্র ২০ থেকে ১০০ জন মানুষকে কর্মসংস্থান দেয়। চিলিতে, যেখানে Google এবং Microsoft–এর মতো সংস্থাগুলি হাজার হাজার চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল, সেখানে Rest of World এর সমীক্ষা অনুযায়ী ২০১২ থেকে ২০২৫ সালের মধ্যে ১৭-টি ডাটা সেন্টার তৈরীহলেও চাকুরীর সুযোগ তেমন বাড়েনি। এই ডাটা সেন্টারগুলি বাস্তবে কতজনকে কর্মসংস্থান দেয় তার সঠিক সংখ্যা প্রকাশ করে না। আমাদের দেশে , বহু টালবাহানার পর তারা যে পরিবেশগত যে নথি জমা দিয়েছিল, তাতে দেখা গেছে যে এই কেন্দ্রগুলি মিলিয়ে মাত্র ১,৫৪৭ জন কর্মী নিয়োগ করেছে, যার বেশিরভাগ কাজই নিরাপত্তা ও ঝাড়পোছ এর সঙ্গে যুক্ত (অর্থাৎ সাময়িক ও অদক্ষ কর্মী)।
চিন্তার বিষয় হলো ডাটা সেন্টারের চেয়েও, ভারতে এআই–এর ব্যাকএন্ড কাজের সংখ্যা বাড়ছে, যেমন ডাটা অ্যানোটেশন। এগুলিও স্বল্পমেয়াদি, আংশিক দক্ষ কর্মী নিয়োগ করে থাকে। বেশ কয়েকটি সংস্থা প্রায় ৭০,০০০ মানুষকে, প্রধানত আধা-গ্রামীণ এলাকা ও ছোট শহরগুলিতে, ডাটা অ্যানোটেশনের কাজে নিয়োগ করছে। কিন্তু এই কাজগুলির স্থায়িত্ব ও বেতনবৃদ্ধির সম্ভাবনা খুব ই সীমিত। এই থেকে এটাই প্রমাণিত হয় যে ডাটা সেন্টারগুলি দেশের পুঁজিপতি দের হাত শক্ত করলেও কর্মসংস্থানের কতটা সুযোগ তৈরী করবে তার ছবিটা খুব উজ্জ্বল নয়। উপরোন্ত গোদের ওপর বিষফোঁড়ার মতো তা পরিবেশ ও নাগরিক জীবনে যথেষ্ট বিড়ম্বনা সৃষ্টি করতে পারে।
মোদী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন
যখন ভারতবর্ষের বহু পরিবেশপ্রেমী মানুষ প্রস্তাবিত ডাটা সেন্টারগুলোর পরিণতি নিয়ে সন্দিহান তখন কেন্দ্রীয় সরকারের দায়িত্বশীল পদক্ষেপ আমাদের ভরসা জোগাতে পারতো, কিন্তু বিধি বাম। ইতিপূর্বেই তারা স্পষ্ট করেছে জনউন্নয়নমুখী কাজের থেকে SIR, CAA, NRC এইসব বিভেদমূলক কাজ করতেই বেশি উৎসাহী। সরকারের প্রধানরা প্রায়শই বড়োসড়ো প্রকল্প ঘোষণা করেন কিন্তু লক্ষ্য ও বাস্তবায়নের মধ্যে ফাঁক বিস্তর।
যেমন, অত্যন্ত ঢাকঢোল পিটিয়ে ২০৩০ সালের মধ্যে ৫০০ গিগাওয়াট গ্রীন এনার্জি উৎপাদনে স্বনির্ভর হবার ঘোষণা করা হয়েছিল। তবে ঘোষণা আর বাস্তবায়নের আসমান জমিন ফারাক। খবরে প্রকাশ যে বহু সোলার ও বায়ু শক্তির সম্প্রসারণের কাজ বেআইনি জমি অধিগ্রহণের সমস্যায় কার্যত থমকে আছে। কয়লার ওপর পুরোনো নির্ভরতা অব্যাহত আছে। সমালোচকদের মতে, জীবাশ্ম জ্বালানি ধীরে ধীরে বন্ধ করার জন্য সরকার যথেষ্ট কঠোর পদক্ষেপ গ্রহণ করেনি; বরং নতুন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরপর অনুমোদন দিয়ে চলেছে। বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর (DISCOMs) আর্থিক অবস্থা আরেকটি বড় বাধা। উচ্চ প্রাথমিক খরচ এবং কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির কারণে অনেক DISCOM renewable এনার্জি কিনতে অনিচ্ছুক। উপরন্তু, খামখেয়ালি ট্যারিফ পরিবর্তন, সৌর প্যানেলের ওপর আমদানি শুল্ক বৃদ্ধি এবং চুক্তি পুনর্বিবেচনার কারণে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই ধরনের দোলাচল দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থাকে প্রভাবিত করছে।
জল সংকট মোকাবিলার জন্য একইরকম গাফিলতি পরিষ্কার। “জল জীবন মিশন” বা “নমামি গঙ্গে”-র মতো প্রকল্পগুলি ধর্মীয় প্রচারে ব্যাপক প্রচার পেয়েছে, কিন্তু গ্রামীণ এলাকায় নিরাপদ পানীয় জল সরবরাহ এখনও অসম্পূর্ণ, এবং বহু প্রকল্প কাগজে-কলমে সীমাবদ্ধ রয়ে গেছে। গঙ্গা ও অন্যান্য প্রধান নদীগুলোর দূষণ পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। শিল্প বর্জ্য ও নিকাশি জল যথাযথভাবে শোধন না করেই নদীতে ফেলা হচ্ছে, যা পানীয় জলের গুণগত মানকে আরও খারাপ করছে।ভূগর্ভস্থ জলের অতিরিক্ত শোষণ নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা একটি বড় সমস্যা। ভারতের বহু রাজ্যে, বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা, মহারাষ্ট্র এবং কর্ণাটকে, কৃষিকাজে প্রয়োজনের অতিরিক্ত ভূগর্ভস্থ জল ব্যবহার করা হচ্ছে। এই ক্ষেত্রে কার্যকর নিয়ন্ত্রণ, সচেতনতা বা বিকল্প ব্যবস্থার অভাব স্পষ্ট, ফলে জলস্তর দ্রুত নিচে নেমে যাচ্ছে। শহুরে জল ব্যবস্থাপনার দুর্বলতা ক্রমেই প্রকট হচ্ছে। বৃষ্টির জল সংরক্ষণ (rainwater harvesting) বাধ্যতামূলক হলেও তার বাস্তবায়ন মরীচিকার মতোই দেখাচ্ছে। পাশাপাশি, জল অপচয় ও পাইপলাইনের লিকেজ সমস্যাও এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি। বৃহৎ শিল্প, থার্মাল পাওয়ার প্ল্যান্ট এবং ডাটা সেন্টারের মতো উচ্চ জলনির্ভর প্রকল্পগুলির অনুমোদন দেওয়া হচ্ছে পর্যাপ্ত পরিবেশগত মূল্যায়ন ছাড়াই। সর্বোপরি জল সংরক্ষণ সম্পর্কে উপযুক্ত কোনো সচেতনতা গড়ে তোলার কোনো উদ্যোগ দেখা যায়নি।

দেশে ই-ওয়েস্ট সংগ্রহের জন্য পর্যাপ্ত কেন্দ্র নেই, ফলে অধিকাংশ বর্জ্য অনিয়ন্ত্রিতভাবে ফেলে দেওয়া হয় যাতে শ্রমিকরা, বিশেষ করে ম্যানুয়াল scavenger রা প্রায়শই বিপজ্জনক পদ্ধতিতে বর্জ্য পরিষ্কার করেন, যা তাদের স্বাস্থ্য এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। সরকারের আইন ও নীতির দুর্বল প্রয়োগ ই-ওয়েস্ট ব্যবস্থাপনাকে অকার্যকর করে তুলেছে। যদিও “E-Waste Management Rules” প্রণয়ন করা হয়েছে, অনেক ক্ষেত্রেই এই নিয়মগুলি যথাযথভাবে বাস্তবায়িত হয় না। উৎপাদকদের জন্য নির্ধারিত Extended Producer Responsibility (EPR) নীতিও কার্যকরভাবে প্রয়োগ করা হয়নি, ফলে কোম্পানিগুলি তাদের দায়িত্ব ফাঁকি দিচ্ছে। পুনর্ব্যবহার ও রিসাইক্লিং শিল্পে বিনিয়োগের ঘাটতি রয়েছে। উন্নত প্রযুক্তি ও দক্ষতার অভাবে ই-ওয়েস্ট থেকে মূল্যবান ধাতু পুনরুদ্ধার করা সম্ভব হচ্ছে না। জনসচেতনতার অভাব একটি গুরুত্বপূর্ণ কারণ। সাধারণ মানুষ এখনও ই-ওয়েস্টের ক্ষতিকর প্রভাব সম্পর্কে পুরোপুরি সচেতন নয়। অনেকেই পুরনো ইলেকট্রনিক পণ্য যথাযথভাবে নিষ্পত্তি না করে ফেলে দেন বা অনানুষ্ঠানিক বিক্রেতাদের কাছে বিক্রি করেন, যা পরিবেশ দূষণ বাড়ায়। আশ্চর্যজনকভাবে সরকার এই ব্যাপারে চূড়ান্ত উদাসীন।
পরিশেষে লেখকের কিছু আবেদন
ইতিমধ্যেই পশ্চিমের উন্নয়নশীল দেশগুলিতে পরিবেশপ্রেমীরা এই ডাটা সেন্টারগুলোর কুপ্রভাবের বিরুদ্ধে নানা আন্দোলন সংগঠিত করেছেন। আমাদেরও উচিত সেগুলো সম্পর্কে সচেতন থাকা। তবে সর্বাগ্রে মনে রাখা প্রয়োজন যে পরিবেশ রক্ষার আন্দোলন একটা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া যার প্রধান মূলধন হলো সচেতনতা এবং নিঃস্বার্থ মানবিকতা। প্রশ্ন করতেই পারেন কেউ যে – পুঁজিপতিদের হাতে পরিবেশ খুন হলে একজন গেরস্ত মধ্যবিত্তের কি করণীয়? এখানে ভাবতে হবে যে পুঁজিপতিরা কিসের মূল্যে ফুলে ফেঁপে ওঠে?

পুঁজিপতিদের প্রধান মূলধন আমাদের ভোগবিলাসিতা। হয়তো বছরে একটা জুতোর প্রয়োজন, কিন্তু আপনি যখন দশটা জুতো কিনতে থাকেন তখন সেই অতিরিক্ত জুতোগুলো প্রকৃতির কোনো না কোনো সম্পদকে ধ্বংস করেই তৈরী হয়। আবার ‘দশ মিনিটের ডেলিভারি’ না করতে পারা কোনো মফস্সলি গিগ কর্মীকে গালমন্দ করে যখন একটা বাজে রিভিউ দিয়ে দেন তখন একজন সহযোদ্ধা কে হারিয়ে সেই পুঁজিপতিদের হাতই শক্ত করেন। সেইসাথে ত্যাগ করা প্রয়োজন অন্ধভক্তি ও জাগিয়ে তোলা দরকার প্রশ্ন করার ক্ষমতা। আকাশচুম্বি ফ্লাইওভার আর ঝা চকচকে শপিং মল কিন্তু উন্নয়নের প্রতীক নয়। ঠিক তেমনি ধর্মীয় ভজনার স্বার্থে গড়ে তোলা প্রকল্প ও উন্নয়নের সংজ্ঞা নয়। যেমন প্রশ্ন করা যায় যে renewable এনারজির সঠিক পরিকাঠামো গড়ে উঠলো না কেন? এর মুলে আছে দেশের ক্ষয়িষ্ণু শিক্ষা ও গবেষণার পরিকাঠামো। ম্যানুয়াল scavenger রা বিষের শিকার হচ্ছেন কীভাবে? এর উত্তর হলো প্রশাসনিক গলদ ও আইনের ফাক। পরিশেষে অত্যন্ত প্রয়োজন মিডিয়ার চোখ দিয়ে না দেখে চর্মচক্ষে সমস্তকিছু বিশ্লেষণ করা। মনে রাখতে হবে সাধারণ মানুষের মধ্যেই এক অসাধারণ শক্তি থাকে। তাকে সঙ্গবদ্ধ করলে কোনো বাধাই অন্তরায় নয়।
