বাংলার বাড়ি

“বাংলার বাড়ি” প্রকল্প – নয়া-উদারবাদী রাষ্ট্রের বৃহত্তর খেলা

লেখাটি প্রকাশিত হয় আজাদ গণ মোর্চা-র মুখপত্র মাতৃভূমি পত্রিকার
নভেম্বর ২০২৫ সংখ্যায়

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের গ্রামীণ দরিদ্রদের জন্য পাকা বাড়ি প্রদানের উদ্দেশ্যে “বাংলার বাড়ি” নামে একটি নতুন আবাসন প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ (পিএমএওয়াই-জি) এর বিকল্প হিসেবে এই রাজ্যে চালু হয়েছে। কারণ রাজ্য সরকার দাবি করেছে যে বিগত কয়েক বছর ধরে কেন্দ্রীয় আবাস যোজনার টাকা তাদের দেওয়া হচ্ছে না। পিএমএওয়াই-জি সহ বেশ কয়েকটি কেন্দ্রীয় প্রকল্পের তহবিল আটকে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার ক্রমাগত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে আসছে। রাজ্য দাবি করে যে, যোগ্য সুবিধাভোগীদের তালিকা থাকা সত্ত্বেও, পিএমএওয়াই-জির অধীনে নতুন বাড়ির জন্য টাকা দেওয়া ইচ্ছাকৃতভাবে কেন্দ্রীয় সরকার বন্ধ করে রেখেছে।

টিএমসি সরকার যদিও বাংলার বাড়ি প্রকল্পটি তার রাজ্য কোষাগার থেকে বিকল্প হিসেবে চালু করেছে, এবং এই প্রকল্পের আওতায় আনুমানিক ২৮ লক্ষ সুবিধাভোগী পরিবারকে নির্বাচন করা হয়েছে, তবুও ২০২৪ সালের শেষের দিকে এবং ২০২৫ সালের শুরুতে বিভিন্ন জেলায় গণবিক্ষোভ দেখা দেয়। গ্রামবাসীরা দাবি করেন যে, তৃণমূল পার্টির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জায়গা করতে যোগ্যতমদের নাম সুবিধাভোগীর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের তহবিল বেআইনি ভাবে কাজে  লাগানো এবং সরকারের ব্যয় নিয়ে প্রশ্ন উঠেছে। “জনগণের টাকা লুটপাট” এবং দলীয় তহবিল বাড়ানোর জন্য রাজ্য প্রকল্পগুলি ব্যবহার করার অভিযোগ আবারও তৃণমূল কংগ্রেস পরিচালিত প্রশাসনের বিরুদ্ধে উঠেছে।

বাংলার বাড়ি প্রকল্পটিকে, অন্যান্য কল্যাণমূলক প্রকল্পের মতোই, দলীয় ভোট বাড়ানোর কাজে লাগানোর অভিযোগ উঠেছে। Socio-Economic Caste Census (SECC) তথ্য এবং রাজ্য-নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে যোগ্যতার সরকারী মানদণ্ড অর্থাৎ কারা এই প্রকল্পের সুবিধা পাবার যোগ্য, তা নির্দিষ্ট করার পদ্ধতি অস্পষ্ট। এই অস্পষ্টতা কোনো ত্রুটি নয়, বরং এটি সিস্টেমের একটি বৈশিষ্ট্য। ফলে স্থানীয় স্তরের রাজনৈতিক নেতা ও কর্মী এবং আমলাদের হাতে এটি বিশাল ক্ষমতা প্রদান করে – তারা তাদের মর্জিমতো কাদের এই প্রকল্পের আওতায় আনা হবে, তা স্থির করে, যার ফলে প্রকল্পটি রাজনৈতিক পৃষ্ঠপোষকতার একটি শক্তিশালী হাতিয়ারে পরিণত হয়েছে।

রাজ্য সরকারের ক্রমবর্ধমান ঋণের পরিমাণ থেকে এই সত্যটি প্রকাশ পেয়েছে যে বাংলার বাড়ির মতো ব্যয়বহুল প্রকল্পগুলির অর্থ সংস্থানের জন্য রাজ্য সরকার ঋণের উপর নির্ভর করছে।

২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় কোয়ার্টারে রাজ্য সরকার ২৯,০০০ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে, যা তৃতীয় কোয়ার্টারের শেষে রাজ্যের মোট বাজার ঋণ প্রায় ৭,৮০,০০০ কোটি টাকায় নিয়ে যাবে।

বাস্তবে এই ঋণটি টিএমসি-র ভোটব্যাঙ্ক রাজনীতির বৃহত্তর এজেন্ডার একটি অংশ। কিন্তু সরকার যে পরিমাণ অর্থ দিচ্ছে, তাতে পরিবারগুলি পাকা বাড়ি তৈরি করতে পারছে না।

সরকারি অনুদান কিছু বছর আগের প্রামাণ্য অনুমানের উপর ভিত্তি করে তৈরি এবং এটি পশ্চিমবঙ্গে নির্মাণ সামগ্রীর (সিমেন্ট, বালি, ইট, ইস্পাত, শ্রম) দামের আঞ্চলিক তারতম্য এবং মুদ্রাস্ফীতি বিবেচনা না করেই করা হয়েছে। বাস্তবে, ২০২৩-২০২৪ সালের হিসাবে, একটি পরিবারের বাড়ি তৈরি করতে প্রকৃতপক্ষে অনেক বেশি টাকার প্রয়োজন হয়। একটি টয়লেট সহ নির্দিষ্ট আকারের (২৫ বর্গ মিটার) একটি মৌলিক, সম্পূর্ণ পাকা বাড়ি তৈরি করতে মোট খরচ সাধারণত ২.৫ লক্ষ থেকে ৪ লক্ষ টাকার মধ্যে হয়ে থাকে। যদি একটি পরিবার উন্নতমানের উপকরণ ব্যবহার করে বা পরিবারের আকার অনুযায়ী একটু বড় বাড়ি তৈরি করে, তাহলে খরচ সহজেই ৪ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা বা তার বেশি হতে পারে। এটি সুবিধাভোগী পরিবারের জন্য বড় আর্থিক বোঝা সৃষ্টি করে।

যদি প্রকৃত খরচ হয় কমপক্ষে ২,৫০,০০০ টাকা, এবং সরকারি অনুদান হিসেবে প্রাপ্ত অর্থ ১,২০,০০০ টাকা, তাহলে পরিবারটিকে  ১,৩০,০০০ টাকা নিজেদের জমানো সঞ্চয় থেকে খরচ করতে হয় বা অধিকাংশ ক্ষেত্রে এর জন্য ঋণ করতে হয়।

অনেক সুবিধাভোগী পরিবার, অতিরিক্ত তহবিলের ব্যবস্থা করতে না পেরে, মাসের পর মাস বা বছর ধরে অর্ধ-নির্মিত, বাসের অযোগ্য কাঠামো নিয়ে পড়ে থাকে। সাধারণত দেখা যায় যে, শুধুমাত্র ভিত এবং কয়েকটি দেয়াল গাঁথার পর বাড়ি তৈরি বন্ধ হয়ে পড়ে থাকে, পরবর্তী কিস্তির টাকা বা পরিবারের অতিরিক্ত সঞ্চয়ের জন্য অপেক্ষা করতে থাকে। বাড়ি নির্মাণ সম্পূর্ণ করতে, দরিদ্র পরিবারগুলি বাধ্য হয় অর্থ ধার নিতে। তাদের উৎসগুলি হলো – মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশন, যেগুলি উচ্চ সুদের হার (প্রায়শই ২০-২৪% বার্ষিক বা তার বেশি) ধার্য করে। ফলে ঋণের একটি দুষ্টচক্রের সৃষ্টি হয়। তার সাথে আছে স্থানীয় মহাজন, যাদের সুদের হার আরও বেশি চড়া ও শোষণমূলক হতে পারে।

সরকার দাবি করে যে একটি বাড়ি তৈরির খরচ ১.২ লক্ষ টাকা, কিন্তু বাস্তবে একটি পরিবারের একটি সম্পূর্ণ ও বাসযোগ্য বাড়ি তৈরি করতে কমপক্ষে অন্তত দ্বিগুণ অর্থের প্রয়োজন। সরকারি অনুদান এবং বাজারের বাস্তবতার মধ্যেকার এই বিশাল ফাঁকই হল সেই মৌলিক ত্রুটি যা দরিদ্র পরিবারগুলিকে ঋণের দিকে ঠেলে দেয় এবং অনেকেই অসম্পূর্ণ বাড়ি রেখে দেয়, যা কল্যাণমূলক প্রকল্পের মূল উদ্দেশ্যকেই ব্যাহত করে।

পরিশেষে, বাংলার বাড়ির মতো প্রকল্পগুলিকে নয়া-উদারবাদী রাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্যের মধ্যে বুঝতে হবে। পুঁজি যখন একদিকে কৃষকদের উচ্ছেদ করতে থাকে এবং কর্মসংস্থানের অনিশ্চয়তা ক্রমাগত বাড়তে থাকে, তখন সামাজিক অস্থিরতা নিয়ন্ত্রণের জন্য এইরকম কল্যাণমূলক প্রকল্পগুলি শাসকশ্রেণী তৈরি করে – একটি “সুরক্ষা ভাল্‌ভ” হিসেবে কাজ করার জন্য। এই কল্যাণমূলক প্রকল্পগুলি গ্রামীণ দরিদ্র মানুষের অসন্তোষকে ঐক্যবদ্ধ, ব্যবস্থা-বিরোধী আন্দোলনে পরিণত হওয়ার ক্ষেত্রে বাধা প্রদান করে। সংক্ষেপে, এটি তুষ্টিকরণের নীতি। সত্যিকারের বাম-বিকল্প হবে, আবাসনের ব্যবস্থাকে একেবারে প্রত্যাখ্যান করা নয়, বরং এর রূপান্তরের জন্য সংগ্রাম করা। তাই সংগ্রামটি শুধু মাথা গোঁজার একটা ছাদের জন্য নয়, বরং সংগ্রাম গড়ে তুলতে হবে এমন একটি সমাজের জন্য, যে সমাজে মাথা গোঁজার ছাদটি উপরে থেকে দেওয়া একটি উপহার নয়, বরং নীচ থেকে লড়াই করে নিশ্চিত করা একটি অধিকার হিসেবে প্রতিষ্ঠা পায়।


Leave a Reply