তানিশা মীর
লেখাটি প্রকাশিত হয় আজাদ গণ মোর্চা-র মুখপত্র মাতৃভূমি পত্রিকার
এপ্রিল ২০২৬ সংখ্যায়
ভারতের একেবারে দক্ষিণতম অংশ, না কন্যাকুমারী নয়, সমগ্র ভারতীয় ভূখণ্ডের দক্ষিনতম অংশ হলো ইন্দিরা পয়েন্ট যা গ্রেট নিকোবর দ্বীপে অবস্থিত, এর মাত্র ৯ কিমি দূরত্বে গ্রেট নিকোবর দ্বীপের দক্ষিণ-পূর্ব এবং দক্ষিণ-পশ্চিম অংশে প্রায় ১৬,৬১০ হেক্টর এলাকা জুড়ে এক ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞের আইনী ও প্রশাসনিক প্রস্তুতি নিচ্ছে ভারত সরকার, তা আইন বদলে হোক বা আইন প্রয়োগের শর্ত বদলে, সেটি একটি বড় প্রশ্ন! শুধুমাত্র ভৌগোলিক অবস্থান নয়, ভারত এবং ভারতীয় বলতে আমাদের ধারণাকে প্রশস্ত না করলে সংবেদনশীলতার সেই স্তরেই পৌঁছানো যায় না, যার অভাবে গ্রেট নিকোবর প্রসঙ্গ আজ কোণঠাসা। কী এই প্রকল্প? কী বলছে সরকার? কী বলছে নিকোবর?
কী এই গ্রেট নিকোবর প্রকল্প?
২০২১ সালে নীতি আয়োগ (NITI Aayog) গ্রেট নিকোবর দ্বীপে এক মেগা প্রোজেক্টের খসড়া পেশ করে, যাকে সরকার ‘হোলিস্টিক ডেভেলপমেন্ট’ বা ‘সামগ্রিক উন্নয়ন’ প্রকল্প হিসেবে দাবি করে। আনুমানিক ৭২,০০০ থেকে ৮১,৮৩৪ কোটি টাকার এই প্রকল্প, মূলত এই দুর্গম দ্বীপটিকে একটি বিশ্বমানের বাণিজ্যিক এবং সামরিক ঘাঁটিতে পরিণত করার কথা জাহির করে, যা ভূরাজনীতিতে ভারতের দখল আরো মজবুত করবে বলে অধিকাংশের ধারণা। আসলে প্রেক্ষাপটটি এমন যে, গ্রেট নিকোবর দ্বীপটি মালাক্কা প্রণালীর (Strait of Malacca) খুব কাছে অবস্থিত যেখান দিয়ে বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ বাণিজ্যিক জাহাজ যাতায়াত করে। ভারত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান আধিপত্য এবং প্রভাব খর্ব করতে এই দ্বীপে এই সামরিক ও বাণিজ্যিক ঘাঁটি তৈরি করা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত আবশ্যকীয় বলে মনে করে ভারত সরকার।

এছাড়াও গ্যালাথিয়া বে, যা পরিবেশগত গুরুত্বের কারণে এই আলোচনার অন্যতম লক্ষ্য বিন্দু, সেখানে আন্তর্জাতিক কন্টেইনার ট্রান্সশিপমেন্ট টার্মিনাল (ICTT) বা ১৪.২ মিলিয়ন TEU ক্ষমতা সম্পন্ন একটি গভীর সমুদ্র বন্দর তৈরি করা যা সিঙ্গাপুর, কলম্বো বা পোর্ট ক্লাং -এর মত বিদেশি বন্দরগুলোর উপর ভারতের কার্গো ট্রান্সশিপমেন্টের নির্ভরতা কমাবে, সে কথাও এই প্রকল্পে বলা হয়েছে। একটি সামরিক ও অসামরিক কাজে ব্যবহারযোগ্য আন্তর্জাতিক বিমানবন্দর (Greenfield International Airport), প্রায় ১৪৯ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত সম্পূর্ণ নতুন সুপরিকল্পিত শহর এবং এই বিপুল পরিকাঠামোর শক্তির চাহিদা মেটাতে ৪৫০ মেগা ভোল্ট-অ্যাম্পিয়ার ক্ষমতার একটি গ্যাস ও সৌর শক্তি ভিত্তিক হাইব্রিড বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার কথাও বলা হয়েছে। এছাড়াও বিদেশি বিনিয়োগ ও পর্যটন বাড়ানোর জন্য ‘ফ্রি ট্রেড জোন’, ‘ক্রুজ শিপ টার্মিনাল’ এমন আরো অনেক আকাশ কুসুম স্বপ্নের তালিকা পেশ করা হয়েছে।
এখানকার আদিবাসী উপজাতি ও পরিবেশের উপর প্রভাব
কিন্তু এত কিছু হবে যেখানে, সেখানে ইতিমধ্যেই কি কিছু আছে? কারা আছে? তাদের কি কোন গুরুত্ব নেই? ১৬৬.১০ বর্গ কিলোমিটার জুড়ে এই যে ব্যাপক উন্নয়নের কথা চলছে, তার মধ্যে প্রায় ১৩০.৭৫ বর্গ কিলোমিটার অত্যন্ত ঘন ক্রান্তীয় বর্ষারন্য যা দ্বীপের মোট আয়তনের প্রায় ১৫ শতাংশ এমনকি ৮৪.১০ বর্গ কিলোমিটার জমি নেওয়া হবে ওখানের আদিবাসীদের সংরক্ষিত এলাকা থেকে। এই অঞ্চলে শোম্পেন ও নিকোবারি উপজাতির মানুষেরা বসবাস করেন। তাদের জীবনযাপন সম্পূর্ণটাই দ্বীপের ভূমিরূপ ও বাস্তুতন্ত্রের উপর তাৎপর্যপূর্ণভাবে নির্ভরশীল। ২০২২ সালে গ্রেট নিকোবরের ট্রাইবাল কাউন্সিল প্রাথমিকভাবে একটি অনাপত্তিপত্র (NOC) দিলেও, নভেম্বরে তারা তা প্রত্যাহার করে নেয়। তারা অভিযোগ করে যে, প্রশাসন তাদের ভুল বুঝিয়ে স্বাক্ষর নিয়েছিল এবং তাদের প্রাচীন গ্রামগুলি এই প্রকল্পের আওতায় পড়ছে তা জানানো হয়নি। প্রখ্যাত আনথ্রোপোলজিস্ট বিশ্বজিৎ পান্ডে সরাসরি শোম্পেন উপজাতির কিছু মানুষের সাথে কথা বলেন এই প্রকল্প বিষয়ে, সেখানে তারা স্পষ্ট জানান “যদি গাছ কাটতে হয় উপকূলের দিকে কাটো, আমাদের পাহাড়ে উঠবে না” এই সাক্ষাৎকার প্রশাসনিক চাপে আর কখনোই প্রকাশ করা যায়নি বলে জানান, প্রফেসর পান্ডে।

এই প্রকল্পের জন্য গ্রেট নিকোবর দ্বীপের মোট আয়তনের যে ১৫ % ধ্বংস হবে, তাতে সরকারি তথ্যানুসারে ১০ লক্ষ গাছ কাটা পড়ার কথা বলা হয়েছে কিন্তু এই বিশাল ক্রান্তীয় বর্ষারণ্যের ঘনত্ব বলে দেয় এই প্রকল্প প্রায় এক কোটি উদ্ভিদ ধ্বংস করবে, এমনটাই জানাচ্ছেন পরিবেশবিদ ও বিজ্ঞানীরা। গ্যালাথিয়া বে হলো বিশ্বের অন্যতম বৃহৎ ‘লেদারব্যাক কচ্ছপের’ প্রজনন ক্ষেত্র। বন্দরের নির্মাণ কার্যের ফলে সৃষ্ট আলো, শব্দ এবং ড্রেজিং এই কচ্ছপদের চিরতরে বিলুপ্তের দিকে ঠেলে দেবে। এছাড়াও এন্ডেমিক স্পিসিজ অর্থাৎ যে সমস্ত প্রজাতি সারা বিশ্বের মধ্যে শুধু ওইখানেই পাওয়া যায় এমন কিছু প্রজাতি হলো নিকোবর মেগাপড পাখি, নিকোবর ম্যাকাক, এরাও পৃথিবীর জল স্থল বাতাসের মাঝে নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলবে। বন্দর তৈরির জন্য সমুদ্রের তলদেশ খোঁড়ার ফলে হাজার হাজার প্রবাল ধ্বংস হবে, উপকূলের জলজ বাস্তুতন্ত্রে এই প্রবালদের ভূমিকা কোনভাবেই অন্য কিছু দ্বারা প্রতিস্থাপনীয় নয়। সরকার ১৬,১৫০ টি প্রবাল কলোনী স্থানান্তরের কথা বললেও সেটা স্পষ্টতই অবৈজ্ঞানিক ও পরিবেশ বিরোধী পরিকল্পনা।
সচেতন নাগরিকদের প্রতিবাদ
এছাড়াও ভূতাত্ত্বিক অবস্থানের কথা ভাবলে গ্রেট নিকোবর অত্যন্ত সক্রিয় একটি ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত। ২০০৪ সালের সুনামিতে এই দ্বীপের ভৌগোলিক কাঠামো ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছিল এবং অনেক জমি সমুদ্রে তলিয়ে গিয়েছিল। ভূতাত্বিকদের মতে এমন একটি ফল্ট লাইনের ওপর ৮১ হাজার কোটি টাকার পরিকাঠামো নির্মাণ এক চরম বোকামি। এই দ্বীপে মাত্র ৩০০ জন শোম্পেন উপজাতির মানুষ বাস করেন যারা বহির্বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এই প্রকল্পের মাধ্যমে যে লক্ষাধিক মানুষের আগমন ঘটবে তাদের দ্বারা রোগব্যাধি সংক্রমন ঘটতে পারে, যা এই উপজাতিকে নিশ্চিহ্ন করে দিতে পারে।
এটি স্পষ্টতই একটি গণহত্যা (genocide) পরিকল্পনা এই কথা জানিয়ে ২০২৪ সালে ৩৯ জন আন্তর্জাতিক স্তরের গণহত্যা বিশেষজ্ঞ ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ -কে একটি চিঠি লিখে সতর্ক করেন। ২০২২ সালের ২৭ অক্টোবর যখন কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের ‘স্টেজ ১’ বনজ ছাড়পত্র এবং নভেম্বরে পরিবেশগত ছাড়পত্র প্রদান করেন তখন প্রবল বিরোধিতা শুরু হয় এবং ছাড়পত্রের ত্রুটিগুলো পুনরায় খতিয়ে দেখতে পরিবেশকর্মীদের আপিলের ভিত্তিতে NGT একটি হাই পাওয়ার্ড কমিটি (HPC) গঠন করে। কিন্তু এই বছর ১৬ই ফেব্রুয়ারি এনজিটির ৬ সদস্যের বেঞ্চ প্রকল্পের বিরুদ্ধে জমা পড়া সমস্ত আবেদন খারিজ করে দেয় এবং পরিবেশগত ছাড়পত্র বহাল রাখে।
প্রকল্পের বিরুদ্ধে উপজাতীয় অধিকার এবং পরিবেশগত আইন লঙ্ঘনের অভিযোগে কলকাতা হাইকোর্টের মামলা এখনো বিচারাধীন রয়েছে। এই প্রকল্পে না একোসেন্ট্রিক আর না আনথ্রোপোসেন্ট্রিক এথিক্স, কোনটাকেই পাথেয় করা হয়নি সেই কারণেই গ্রেট নিকোবরের বাস্তুতন্ত্র ও উপজাতিদের অস্তিত্ব আজ অশনি সংকেত দেখছে, শুধু অট্টহাসি ধ্বনিত হচ্ছে পুঁজিবাদের। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা জনপ্রিয় কিশোর উপন্যাস ‘সবুজ দ্বীপের রাজা’-তে আমরা গুণদা তালুকদার নামে একজন নির্বাসিত বিপ্লবীর উল্লেখ পাই, যিনি হয়ে উঠেছিলেন জারোয়াদের বুড়ো রাজা, তিনি দেশে ফেরা নিয়ে আপত্তি জানান, তিনি বিশ্বাস করতেন যে আধুনিক তথাকথিত ‘সভ্য সমাজ’ জারোয়াদের মতো আদিম জনজাতির পক্ষে অত্যন্ত ক্ষতিকর, তাঁর মতে বাইরের জগতের সংস্পর্শে এলে জারোয়ারা তাদের নিজস্বতা হারিয়ে ফেলবে। জারোয়াদের প্রতি ভালোবাসা এবং সভ্য সমাজের প্রতি অনীহা নিয়ে তিনি আর ফেরেননি। আজ গ্রেট নিকোবর প্রসঙ্গ বারে বারে এই চরিত্রের কথা মনে করায়।
একটি পরিকল্পিত পরিবেশগত বিপর্যয়
ঠিক বন্দর তৈরির রাস্তা বানাতে গিয়েই কেনো বাতিল করা হলো, গ্যালাথিয়া বে উইল্ডলাইফ স্যাংচুয়ারির তকমা? NGT তাদের রায়ে বারবার প্রকল্পের ‘কৌশলগত ও প্রতিরক্ষামূলক গুরুত্বের’ (Strategic Importance) কথা উল্লেখ করেছে। NGT স্বাধীন কোনো পরিবেশগত অডিটের বদলে জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ZSI) এবং ন্যাশনাল সেন্টার ফর সাসটেইনেবল কোস্টাল ম্যানেজমেন্ট (NCSCM)-এর মতো সরকারি নিয়ন্ত্রণাধীন সংস্থার রিপোর্টের ওপর নির্ভর করেছে। এই সংস্থাগুলি প্রকল্পের জন্য অত্যন্ত সংবেদনশীল CRZ-1A (কোস্টাল রেগুলেশন জোন) এলাকায় বন্দর নির্মাণের সাফাই দিয়েছে, যা আইনিভাবে নিষিদ্ধ। ট্রাইব্যুনাল জানিয়েছে যে পরিবেশগত ছাড়পত্রে ‘পর্যাপ্ত সুরক্ষা’ (Adequate safeguards) নিশ্চিত করা হয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই শর্তগুলো সম্পূর্ণ অবৈজ্ঞানিক ও ভিত্তিহীন। উদাহরণস্বরূপ, সমুদ্রের তলায় ড্রিলিং করে হাজার হাজার পরিণত প্রবাল (Coral) অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার (Translocation) তত্ত্বটি সামুদ্রিক জীববিদ্যার পরিপন্থী। দশ লক্ষ গাছ কাটা এবং ড্রেজিংয়ের মতো কাঠামোগত ধ্বংসযজ্ঞকে শুধুমাত্র কিছু নির্দেশিকা দিয়ে ঠেকানো সম্ভব নয়।

সবথেকে বড়ো প্রহসন হলো, বিষুবীয় বর্ষারণ্য ধ্বংসের ক্ষতিপূরণ হিসেবে হাজার হাজার কিলোমিটার দূরে হরিয়ানার শুষ্ক আরাবল্লী অঞ্চলে গাছ লাগানোর যুক্তি সম্পূর্ণ অযৌক্তিক। বাস্তুতন্ত্র কখনো বদলি করা যায় না, এবং আরাবল্লীর সেই জমিও যে নিরাপদ নয় তা সেখানকার অবৈধ খনির ঘটনা ইতিমধ্যেই প্রমাণ করেছে। সরকার এই প্রকল্পের নাম দিয়েছে “হোলিস্টিক ডেভেলপমেন্ট” বা সামগ্রিক উন্নয়ন। কিন্তু কোনো সুস্থায়ী বা টেকসই (Sustainable) প্রকল্পের মূল ভিত্তি হলো পরিবেশ, অর্থনীতি এবং স্থানীয় মানুষের মধ্যে ভারসাম্য বজায় রাখা। গ্রেট নিকোবর প্রকল্পটি এই সবকটি মানদণ্ডেই ব্যর্থ। একটি ইউনেস্কো (UNESCO) স্বীকৃত বায়োস্ফিয়ার রিজার্ভ , অতি-বিপন্ন উপজাতির বাসভূমি এবং লেদারব্যাক কচ্ছপের শেষ আশ্রয়স্থল ধ্বংস করে কংক্রিটের জঙ্গল বানানো কোনোভাবেই ‘সুস্থায়ী’ হতে পারে না। জাতীয় সুরক্ষার দোহাই দিয়ে প্রকৃতির অপূরণীয় ক্ষতি করা এবং আইনি প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করা প্রমাণ করে যে, এটি হোলিস্টিক ডেভেলপমেন্ট নয়, বরং একটি পরিকল্পিত পরিবেশগত বিপর্যয়।
সংবিধান কী বলছে? শেষ ভরসা কীসে?
তাহলে ভারত কি সামুদ্রিক আধিপত্য বিস্তারের এই ইঁদুর দৌড়ে, তার একটি অমূল্য প্রাকৃতিক সম্পদকে চিরতরে বলি দিতে চলেছে? আরবল্লি প্রসঙ্গে যখন রাজধানী শহরের ধুলোয় মোড়া ভবিষ্যতের আশঙ্কায় সমাজ মাধ্যম জুড়ে প্রবল বিরোধিতার জোয়ার ওঠে, তখনই আবার এক বিচ্ছিন্ন দ্বীপের বাস্তুতান্ত্রিক উথাল পাতাল নিয়ে মূল ভূখণ্ডের মানুষেরা নীরব দর্শক হয়ে রয়ে যায়। ঐ যে বিপন্ন নিকোবরি মানুষ তাদের কি মৌলিক অধিকার নেই? সংবিধানে 48(A) ধারা কী বলে? ভারতে এর আগেও আমরা নিয়ামগিরি বক্সাইট মাইনিং কেসে ডংরিয়া কন্ধ উপজাতিকে পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী হতে দেখেছি, তাহলে কি তা ২০১৪ সালের আগে বলে সম্ভব হয়েছিল? ট্রাইব্যুনাল জানিয়েছে যে এই প্রকল্পের পরিবেশগত ছাড়পত্রে হস্তক্ষেপ করার মতো কোনো “জোরালো ভিত্তি” তারা খুঁজে পায়নি, ন্যাশনাল গ্রীন ট্রাইব্যুনাল (NGT) প্রকল্পের ছাড়পত্রের ত্রুটি খতিয়ে দেখতে তৈরি করা হাই পাওয়ার্ড কমিটির রিপোর্ট “জাতীয় নিরাপত্তার” দোহাই দিয়ে জনসমক্ষে প্রকাশ করা হয়নি বা মামলাকারীদেরও দেওয়া হয়নি, এটি স্বচ্ছতা ও আইনি প্রক্রিয়ার চরম পরিপন্থী।
এখন শেষ ভরসা হলো সংঘবদ্ধ আন্দোলন। নিয়ামগিরি, সাইলেন্ট ভ্যালি, আরাবল্লী এবং তার সঙ্গে গ্রেট নিকোবরও একই সারিতে থাকতে পারবে যদি আমরা স্বাধীন দেশে প্রাকৃতিক পরিবেশে বেঁচে থাকার অধিকার নিয়ে সরব হই। পরিবেশ সচেতনতা ভারতের মতো দেশে পাঠ্যবইয়ে থাকলেও পরিকল্পনাতে নেই, ব্যবস্থাপনায় নেই। সুস্থায়ী উন্নয়ন শুধুই এক তাত্ত্বিক উপাদান এবং ‘মিশন লাইফ’, ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল ২০৩০’ এইসব হয়তো শুধু মন ভোলানো সবুজ পৃথিবীর গল্প। প্রবল ইচ্ছে সত্ত্বেও এই ভয়ঙ্কর সত্য উপেক্ষা করে পরিবেশবাদ ও আশাবাদ এক করা যায়না যতদিন গ্রেট নিকোবর প্রসঙ্গের মতো প্রসঙ্গরা জীবিত থাকে। তাই এই প্রকল্পের বাস্তবায়নের তুলনায় বাস্তব প্রেক্ষাপটের সঠিক ও সৎ মূল্যায়ন এবং আন্দোলন এখন সবথেকে বেশি জরুরি।
