~ তানিশা মীর
কোন তারিখ, কোন বার, কোন দিবস?
পৃথিবী জানল না, তিন ছয় পাঁচে কোন প্রজাতির বর্ষ ফুরায়!
সূর্য জানল না, দিনে সে কোথায়, কোথায় রাত্রে লুকায়!
দিগন্ত কি জানে, তাতে মিশে গেছে নীল সবুজের ঢেউ?
আর দূরের নীহারিকা, তাকে? কিছু জানিয়েছে কেউ?
সে যে ফুরিয়ে মুড়িয়ে জিরিয়ে যাচ্ছে, জানত কি
হাড়গিলেদের ছানা!
মজা দীঘির পচা জলে কি যেন এক - পরিযায়ীর ডানা!
জীবনানন্দ ফিরবে বলে, কংক্রিটে পাড় বাঁধছো ধানসিঁড়ির; তোমরা নাকি কবিতা পড়ো?
জলার জীবন দাফন করে, নাকি সবুজ শহর হয়েছে, মস্ত বড়ো?
হ্যাঁ আজ দিন, এক ঝিঙের খেতে ফিঙের নাচের
হ্যাঁ আজ দিন, দেওয়াল ফাটা অশ্বত্থ গাছের,
হ্যাঁ আজ দিন, জলফড়িঙের রঙের খেলার
হ্যাঁ এই দিন, শিমুল তুলোয় দূর পালাবার।
শুধু মানুষই জানলো, কই তাদের তো জানতে দেয়নি,
এক পরিবেশ দিবস দিয়ে, আর কাউকে বাঁচতে দেয়নি।
