জলপাইগুড়ি-তে মেহনতি জনগণের অবস্থা এবং মহিলা কনভেনশনের আয়োজন

চা বাগানের শ্রমিকরা মজুরি পেতেন দৈনিক ২৩০ টাকা, পিএফ ইত্যাদি কেটে হাতে পেতেন দৈনিক ২০২ টাকা। কয়েকদিন আগে অবশ্য তাদের মজুরি ২০ টাকা বেড়ে দৈনিক ২৫০ টাকা করার কথা ঘোষণা করেছে রাজ্যের শ্রমমন্ত্রী। এখন সেক্ষেত্রে শ্রমিকরা হাতে পাবেন দৈনিক ২২০ টাকা। অন্য সমস্ত রাজ্যের থেকে পশ্চিমবঙ্গে চা শ্রমিকদের মজুরি অনেক কম, প্রায় অর্ধেক। তাসত্ত্বেও দৈনিক মাত্র ২০ টাকা মজুরি বাড়িয়ে শ্রমমন্ত্রী যেরকম ভাবভঙ্গি দেখালেন, যেন শ্রমিকদের কৃতার্থ করে দিয়েছেন। চা বাগানের সমস্ত শ্রমিক প্রতিদিন যে কাজ পান, তা নয়। পাতা তোলার মরসুমে মহিলা শ্রমিকদের বিপুল চাহিদা থাকে, সূক্ষ্ম হাতে বেছে বেছে পাতা তোলার জন্য। কিন্তু বছরের বাকি সময়ে অনেক মহিলা শ্রমিকেরই নিয়মিত কাজ থাকে না। সেই সময় তাদের বিভিন্ন দিনচুক্তির কাজের সন্ধানে আশেপাশের গঞ্জ এলাকায় ছুটতে হয়। চা বাগানের মহিলা শ্রমিকদের মধ্যে অনেকেই আছেন স্বামী পরিতক্তা, দেখা যাবে পুরুষরা অন্য কোথাও কাজ করতে গিয়ে আরেকটা সংসার পেতেছে। আর এদিকে মহিলা তার সন্তানকে নিয়ে বেঁচে থাকার জন্য দিনমজুরি করে জীবনযুদ্ধ চালাচ্ছেন। কর্মক্ষেত্রে এবং লেবার লাইনে তাদের যথেষ্ট লাঞ্ছনা, নিপীড়ন এবং যৌন উৎপীড়নের সম্মুখীন হতে হয়। সেই ব্রিটিশ আমল থেকেই চা বাগানের আদিবাসী শ্রমিক লাইনগুলোতে খ্রীষ্টান মিশনারী প্রতিষ্ঠানগুলো সক্রিয়। তাদের লক্ষ্য ছিল আদিবাসী পুরুষ রমণীদের খ্রীষ্ট ধর্মে দীক্ষিত করা। বদলে পরিবারগুলোকে কিছু আর্থিক সাহায্য, বাচ্চাদের লেখাপড়া শেখানো, অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করা, ওষুধপত্র দেওয়া, বড়দিনের সময় জামাকাপড় বিলি করা ইত্যাদি সংস্কারমূলক কিছু কাজকর্ম করত। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘও তার বিভিন্ন শাখা সংগঠনের মারফত দীর্ঘদিন ধরে চা বাগানগুলিতে কাজ চালাচ্ছে। তাদের লক্ষ্য হল খ্রীষ্টান মিশনারীদের হাত থেকে আদিবাসীদের বের করে এনে তাদের হিন্দুধর্মে দীক্ষিত করা। আদিবাসী মহিলাদের মধ্যে শাঁখা সিঁদুর পরা, সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালানো, পূজো পার্বন করা ইত্যাদি রেওয়াজ তারা চালু করতে পেরেছে। আরএসএস-এর শাখা প্রতিষ্ঠানগুলোও কিছু সংস্কারমূলক কাজকর্ম করে, যেমন একল বিদ্যালয়ের মাধ্যমে বাচ্চাদের প্রাথমিক শিক্ষা দেওয়া, পরবর্তীতে সরস্বতী বিদ্যালয়, একলব্য স্কুল প্রভৃতি বিভিন্ন নামে আবাসিক স্কুলগুলিতে বাচ্চাদের নিয়ে যাওয়া, মহিলাদের নিয়ে স্বনির্ভর গোষ্ঠী, শিক্ষণ শিবির করা ইত্যাদি। তবে আদিবাসী মহিলাদের একাংশের মধ্যে এইরকম প্রবণতাও রয়েছে যে মিশনারী এবং হিন্দুত্ববাদী উভয়ের সাথেই তাল মিলিয়ে চলা, লক্ষী পূজোও করা আবার বড়দিনে চার্চে প্রার্থনাতেও অংশ নেওয়া। বিশেষ করে মিশনারী ইংরেজি মিডিয়াম স্কুলে সন্তানকে পড়ানোর আগ্রহও প্রচুর। আসলে একদম শুরুর সময় থেকেই চা বাগানের শ্রমিকদের জীবন এই ডোল বা দানের ওপর নির্ভর করেই চলে এসেছে। আর আজ এই চূড়ান্ত মূল্যবৃদ্ধি ও সঙ্কটের সময় সেই সরকারী বেসরকারি ডোল প্রথা তাদের জীবনকে আষ্ঠেপৃষ্ঠে বেঁধে ফেলেছে।

শিডিউলড ট্রাইব হিসেবে বিভিন্ন সরকারী সুযোগ সুবিধা তাদের পাবার কথা, আইনে সংবিধানে সেই রকমই বলা আছে। কিন্তু এই প্রান্তিক মানুষদের কাছে, বিশেষত মহিলাদের কাছে সেইসবের ছিঁটেফোঁটাও পৌঁছায় না। তাদের পশ্চাদপদতার সুযোগ নিয়ে দালালচক্র, ইউনিয়নের নেতৃত্ব, স্থানীয় পঞ্চায়েত, সরকারী আমলারা তাদের প্রতিনিয়ত ঠকাতে থাকে। অনেক পরিবারেই রেশন কার্ড নেই, বা কার্ড থাকলেও বিপিএল কার্ড, অন্নপূর্ণা অন্তদয় যোজনার কার্ড নেই। অনেকের আধার কার্ড নেই বা নাম ঠিকানা ভুল আছে, কিছুতেই সংশোধন হচ্ছে না। এসটি সার্টিফিকেট নেই, পঞ্চায়েত ও বিডিও অফিস নানাভাবে ঘোরায়, কিন্তু সার্টিফিকেট আর পায় না। এমনকি অনেক মহিলাই লক্ষীর ভান্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতার টাকাও পান না। বাগানগুলোর বিভিন্ন লেবার লাইনে পানীয় জলের ব্যবস্থা নেই, দূরের লেবার লাইন থেকে জল বয়ে আনতে হয় । রাস্তাঘাটের অবস্থাও তথৈবচ, হাসপাতালগুলোতে ডাক্তার নেই, ওষুধ পাওয়া যায় না।

সবথেকে বড় কথা, যে জমিতে আজ বংশানুক্রমে ১৫০ বছর ধরে তারা বসবাস করছেন, সেই জমির ওপর তাদের কোন অধিকার নেই। চা বাগানের মালিকরা সেই জমির ওপর তাদের ঘর করে থাকতে দিয়েছিল, সেইভাবেই তারা আছেন। তারপর জনসংখ্যা বেড়েছে, পরিবার ভাগ হয়েছে, নতুন করে আর শ্রমিক কোয়ার্টার তৈরি হয়নি। ফাঁকা জমিতে জঙ্গলের কাঠ, টিন, অ্যাসবেস্টস দিয়ে কোনরকমে কুঁড়েঘর বেঁধে বহু শ্রমিক পরিবার রয়েছেন। জমির পাট্টা এবং সরকারী খরচে বাড়ি নির্মাণের দাবী সমস্ত চা শ্রমিক পরিবারের মধ্যে রয়েছে ।

এই সমস্ত দাবীর ভিত্তিতে বাগানের কিছু মহিলা শ্রমিক প্রমীলা ব্রিগেড নামে সংগঠিত হতে শুরু করেন। তারা পঞ্চায়েত, বিডিও, ডিএম অফিসে ডেপুটেশন দেন, ক্ষোভ প্রকাশ করেন। তাদের সাথে বেশ কিছু রাজবংশী মহিলারাও‌ যোগ দেন। রাজবংশী মহিলাদেরও একই ধরণের সমস্যা রয়েছে, বিশেষ করে কর্মসংস্থানের অভাব মারাত্মক। যাদের চাষের জমি আছে, তারা চাষ করে ফসলের দাম পান না।‌ আর যাদের জমি নেই, পাঁচমিশালী দিনমজুরির কাজ করে তাদের দিন চলে। সরকারী সুবিধা এবং অনুদানের ওপর অনেকটাই নির্ভরশীল তাদের জীবন। সরকারী চিকিৎসা ব্যবস্থা এতটাই ভঙ্গুর যে খুব সাধারণ রোগ অসুখেও তাদের বেসরকারি নার্সিংহোমে দৌঁড়াতে হয় আর সেখানকার চিকিৎসা খরচ যা, যে কোনো পরিবারকে সারাজীবনের জন্য ঋণে ডুবিয়ে দেবার জন্য যথেষ্ট ।

এই সমস্ত বিষয়কে ধরে গত ২৬-এ ফেব্রুয়ারী ময়নাগুড়ি শহরের একটি হলে প্রমীলা ব্রিগেড-এর পক্ষ থেকে মহিলা কনভেনশনের ডাক দেওয়া হয়েছিল৷ লক্ষী রায়, অজিতা মুন্ডা, পানমতি মাহাতো, জয়ন্তী রায়, নিয়তি রায়, মৌসুমী রায়, শ্রাবণী মণ্ডল সহ বিভিন্ন মহিলাদের বক্তব্যে তাদের জীবনের বিভিন্ন নিপীড়ন, নির্যাতন ও সমস্যাগুলোর কথা উঠে আসে। যদি অধিকার আদায়‌ করতে হয়, তাহলে আরও ব্যাপক সংখ্যায় মহিলাদের সংঘবদ্ধ এবং ঐক্যবদ্ধ করতে হবে, এই আকাঙ্খার কথা সবাই তুলে ধরেন। মহিলাদের যে কোন সমস্যা ও দাবী নিয়ে প্রমীলা ব্রিগেড প্রতিবাদে সোচ্চার হবে, এই অঙ্গীকার রাখা হয়।


Leave a Reply