বাংলার লুম্পেন অর্থনীতি ও তৃণমূলের দুর্বৃত্তের রাজনীতি

লেখাটি প্রকাশিত হয় আজাদ গণ মোর্চা-র মুখপত্র মাতৃভূমি পত্রিকার
জানুয়ারি ২০২৫ সংখ্যায়

সম্প্রতি বাংলার তৃণমূল কংগ্রেসের দূর্নীতি ও দুর্বৃত্তায়ন নিয়ে চারিদিকে খুব হইচই হচ্ছে। বিরোধী দল বিজেপি বাংলার ক্ষমতায় আসার জন্য কেন্দ্রীয় এজেন্সিগুলোকে কাজে লাগিয়ে ছোট বড় তৃণমূল নেতাদের বাড়ির রেইড করানো, কোটি কোটি নগদ টাকা ও সোনা উদ্ধার ইত্যাদি হচ্ছে, যাতে আর কিছু হোক না হোক জনসমক্ষে তৃণমূল পার্টিটা চোরের পার্টি এটা প্রমাণিত হয়ে গেছে। গরু, কয়লা, জমি, গাছ, মাছ, বালি, কাঁকড়া, শিক্ষা, চাকরি, প্রশ্নপত্র, উত্তরপত্র, চিটফান্ড, লাইট, রং, চিকিৎসা সরঞ্জাম – কী কী কেলেঙ্কারি আমরা দেখছি না! কিন্তু যেটা দেখছি না সেটা হল জনগণের পাহাড় পরিমাণ সম্পদ চুরি হতে দেখেও জনগণের প্রতিবাদহীনতা! এটা বহু লোকের মতো আমাদেরও আশ্চর্য করেছে। আর করেছে বলেই আমরা কারণ অনুসন্ধানে ব্রতী হয়েছি। তাই এই প্রবন্ধ।

কিছু পুরোনো কথা:

কোনও কিছুই হঠাৎ হয় না। আজকের দূর্নীতির অর্থনীতি ও রাজনীতি এবং একইসঙ্গে রাজনীতির দুর্বৃত্তায়ন হঠাৎ নতুন হয়নি। সব কিছুই ঐতিহাসিক ঘটনার ফলশ্রুতি। তাই একটু পিছন ফিরে তাকানো।

ইংরেজদের চালু করা চিরস্থায়ী বন্দোবস্তের কারণে সৃষ্ট কোলকাতার জমিদার সম্প্রদায়, ইংরেজ রাজকর্মচারী ও জমিদারদের নায়েব গোমস্তাদের নিয়ে গঠিত বাবু সম্প্রদায় গ্রামের কৃষকদের থেকে উদ্বৃত্ত শোষণ করতো ও কোলকাতায় বসে ফূর্তি করতো। এদের কেউ কেউ ব্যতিক্রমীভাবে শিল্প-কারখানা তৈরি করলেও বাংলার অর্থনীতি কোনওদিনই শিল্পকেন্দ্রিক ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও দেশভাগের কারণে পশ্চিমবাংলার অবস্থার পরিবর্তন ঘটতে শুরু করে। পূর্ববঙ্গ থেকে এত সংখ্যায় উদ্বাস্তু আসে, যা ধারণ করার মতো ফাঁকা জমি পশ্চিমবঙ্গে ছিল না। জমি ইলাস্টিক নয় যে টানলে লম্বা হবে। জমি থেকে স্বাভাবিক আয়ের একটা সীমা আছে। বাঁকুড়া পুরুলিয়ার কিছু বন্ধ্যা জমি ছাড়া মনুষ্য বসবাসের উপযোগী ফাঁকা জমি আর পশ্চিমবঙ্গে রইলো না। মানুষ সব হারিয়ে এসেছে। বাঁচার জন্য যে যেখানে পেরেছে বসেছে। জমিদারদের উদ্বৃত্ত সৃষ্টির পথ এমনিতেই বন্ধ হয়ে গেল। হঠাৎ বিপুল লোকসংখ্যা বেড়ে যাওয়ায় যেখানে যা ফাঁকা জমি, বন জঙ্গল, নিচু জমি ছিল, সব জায়গা উদ্বাস্তরা দখল করে নিলো। এখানে বরাবরই বামপন্থী আন্দোলন শক্তিশালী ছিল। তারা এইসব আন্দোলনে সামনের সারিতে থাকলো। না হলে খাদ্য ও বাসস্থান সংকট মেটানো যেতো না। পশ্চিমবাংলার কৃষি অর্থনীতিতে বড় পরিবর্তন এলো। সারা দেশের কোথাও কোথাও ফাঁকা জমির দাম বেড়েছে। কিন্তু উপরোক্ত কারণে পশ্চিমবাংলায় জমির দাম আগের থেকে বাড়লেও সেভাবে বাড়েনি। ফলে জমিদারতান্ত্রিক অর্থনীতির পতন হতে থাকে। হঠাৎ বাংলা ভাগের ফলে শিল্পের যে সামান্য বিকাশ হচ্ছিলো, তাও থমকে যায়। পশ্চিমবাংলার সমগ্র জনগণকে কাজ দিতে পারে, এমন শিল্প বা কৃষি কংগ্রেসী জামানাতেও ছিল না। ফলে কংগ্রেসের অর্থনৈতিক ও সামাজিক ভিত্তি যে শ্রেণী, তারা দুর্বল হয়ে পড়ে এবং রাজনৈতিক ক্ষমতাও কংগ্রেসের হাত থেকে বেরিয়ে যায়।

সিপিএম জামানা:

মাঝে কিছুদিন যুক্তফ্রন্ট জামানা নামক ট্রায়াল রানের পর ১৯৭৭ সাল থেকে পাকাপাকিভাবে টানা ৩৪ বছর পশ্চিমবাংলা শাসন করার সুযোগ পেয়েছে সামাজিক ফ্যাসিবাদী সিপিএম। সিপিএম কোনও কমিউনিস্ট পার্টি ছিল না এবং পশ্চিমবাংলায় কোনও ‘বিপ্লব’ হয়নি। বিশ্ব সাম্রাজ্যবাদী শৃঙ্খলের মধ্যে ভারতবর্ষের শাসক শ্রেণীর অধীনে একটা বাংলার ক্ষমতায় একটা সোশ্যাল ডেমোক্রেটিক দল ক্ষমতায় আসীন হয়। বিরোধী দল থাকার সময় এরা সবার জন্য পর্যাপ্ত খাদ্য, বস্ত্র ও বাসস্থান এবং সবার জন্য পর্যাপ্ত কাজের দাবি করতো। কিন্তু এই মৌলিক সমস্যাগুলো সমাধান করতে গেলে সমগ্র সমাজ ব্যবস্থাটার খোলনলচে পরিবর্তন করতে হয়। সিপিএমের তা উদ্দেশ্য নয়। সুতরাং সিপিএম ধরল গোঁজামিলের পথ। সাময়িকভাবে জনগণকে চুপ করানোর পথ। জনগণের মৌলিক সমস্যাগুলি নিয়ে স্লোগান দেওয়াই আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হলো। অন্য কেউ স্লোগান দিলে শুরু হল তাদের উপর আক্রমণ।

যে শ্রেণী ঐতিহাসিক ভাবেই মরতে চলেছে, তাকে বাঁচানো বা টেনে নিয়ে চলার বাধ্যবাধকতা সিপিএমের ছিল না। ৩৪ বছরের সিপিএম শাসনে যেটা হয়, তা হলো নিজেদের পার্টি ক্যাডার ও ভোটব্যাঙ্ক সুনিশ্চিত করার জন্য মধ্যবিত্ত শ্রেণীর একটা অংশের বিকাশ। পশ্চিমবাংলায় কৃষি ভেঙ্গে পড়েছে। কৃষি থেকে পরিবারের সারা বছরের খাবার তোলা ছাড়া খুব বেশি উদ্বৃত্ত আসছে না। শিল্প গঠনও শাসক শ্রেণীর উদ্দেশ্য নয়। সুতরাং যা চলল তা হলো গোঁজামিলের অর্থনীতি, এক লুম্পেন দড়কোচা মারা অর্থনীতি। কিছু সরকারি কর্মচারী, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ও অফিসগুলোর শিক্ষক ও কর্মচারী, এবং নতুন পঞ্চায়েতী ব্যবস্থার মাধ্যমে তৈরি হওয়া নতুন কাজের সুযোগ ও দূর্নীতির ক্ষেত্রে তৈরি হওয়া ও তাদের বিকাশ। পার্টি ক্ষমতাকে কাজে লাগিয়ে যে যেখানে যেমন ভাবে পারো করে কম্মে খাও। যেখানে যা ফাঁকা জমি, জলা, ডোবা, পুকুর – এসব ছিল, বস্তি ছিল, সব গায়ের জোরে উচ্ছেদ করে বহুতল ওঠা শুরু হলো ব্যাপকভাবে। শহরে সিপিএম ও তার যুব সংগঠন ডিওয়াইএফআই, আর প্রোমোটার ও ইঁট, বালি, ঢালাই রড, সিমেন্টের সিন্ডিকেট একাকার হয়ে গেল। যেখানে যা সরকারি জমি ছিল, সবই পার্টি সমর্থক কর্মী বেসরকারি মালিকদের হাতে নামমাত্র মূল্যে তুলে দেওয়া শুরু হলো। আর গ্রামাঞ্চলে সিপিএম পার্টির ভিত হলো স্কুল শিক্ষক ও সরকারি কর্মচারীরা। সরকারি চাকরি পেতে গেলে সিপিএম বা তার গণসংগঠন করা আবশ্যিক হলো।

আজকে ডোল অর্থনীতি নিয়ে খুব হইচই হচ্ছে। সিপিএম জামানাতেও ডোল অর্থনীতি ছিল। কিন্তু তার রূপ ছিল আলাদা। সরাসরি নগদ বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা তখন ছিল না। এটা বিশ্বায়নী অর্থনীতির যুগের নতুন বৈশিষ্ট্য। উদ্বাস্তু পরিবারগুলো ছিল সিপিএমের ভোট ব্যাংক। পুরনো জমির মালিকরা তাদের যাতে উচ্ছেদ করতে না পারে, তার ব্যবস্থা করা হলো। কোথাও কোথাও তাদের জমির পাট্টা দেওয়া হলো। প্রথমদিকে বেশ কয়েক বছর ধরে বেকার ভাতা দেওয়া হতো। বেশ কিছু সরকারী কোয়ার্টার তৈরি করে নামমাত্র ভাড়ায় মধ্যবিত্ত শ্রেণীকে থাকতে দেওয়া হলো। সরকারী হাসপাতালে চিকিৎসা ফ্রি করা হলো, সরকারী ও সরকারী সাহায্য প্রাপ্ত স্কুলগুলোতে নামমাত্র খরচে পড়াশোনা করার সুযোগ দেওয়া হতো। প্রাথমিকে বইপত্র ফ্রিতে দেওয়া হতো। নামমাত্র মূল্যে রেশন দেওয়া হতো। রাস্তায় রাস্তায় সরকারী গাড়ী বা দুধের ডিপো থেকে শিশুদের জন্য হরিণঘাটার দুধ দেওয়া হতো। এগুলোও এক প্রকার ডোল অর্থনীতি। অর্থাৎ অর্থনৈতিক সমস্যার দীর্ঘস্থায়ী সমাধান যখন করতে পারছি না, তখন সাময়িক কিছু সুযোগ-সুবিধা দিয়ে জনগণের মুখ বন্ধ করিয়ে দেওয়া।

সিপিএম জামানাতেই পার্টির নেতাদের দ্বারা নিয়ন্ত্রিত দূর্নীতি পার্টি ক্যাডারদের একটা পেশা হিসেবে উঠে আসে। ১৯৭২ সাল থেকে রাজনীতির দুর্বৃত্তায়ন ও দুর্বৃত্তদের রাজনীতি ব্যাপক মাত্রায় শুরু হয়। সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভকে দমন করতে আর পুলিশ প্রাথমিকভাবে লাগছে না। পার্টি ক্যাডাররাই পিটিয়ে ঠান্ডা করে দিতে পারছে। এটা ঠিক কী পথ? বুর্জোয়া অর্থনীতির পুরোপুরি বিকাশ নয়, আবার সামন্ত অর্থনীতির নতুন পুনর্গঠনও পুরোপুরি নয়। এটা একটা লুম্পেন পথ। পশ্চিমবাংলায় লুম্পেন অর্থনীতি ও রাজনীতির পথ খুলে গেল। অর্থাৎ আজকে তৃণমূল জামানাতে যা দেখছি তার প্রাথমিক ভিত্তি সিপিএম জামানাতেই তৈরি হয়ে গিয়েছিল। তৃণমূল সব কিছুতেই সিপিএমের ছেড়ে যাওয়া জুতোয় পা গলিয়েছে এবং আরো বিকশিত করেছে।

বিশ্ব সাম্রাজ্যবাদ ও ভারতের শাসক শ্রেণীও ঠিক তাই চেয়েছিল। বিশ্ব পুঁজিবাদ সংকটে। উৎপাদনী ক্ষেত্রে তারা প্রায় কোথাওই পুজি লগ্নী করছে না বললেই চলে। তাদের যাবতীয় লগ্নি অনুৎপাদনী ক্ষেত্রে। পশ্চিমবাংলায় শিল্প বিপ্লব করার ইচ্ছে তাদের নেই। ভারতের শাসকশ্রেণীও সমগ্র জনগণের দারিদ্র দূরীকরণ চায় না। কৃষি ক্ষেত্রেও তাদের সংকট কাটানোর কোনও ইচ্ছে নেই। তারা চায় এই সুবিশাল জনসংখ্যার দেশে ১০ কি ১৫ শতাংশ মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি যারা বিশ্বায়নী অর্থনীতির যুগে তাদের জমে থাকা পণ্য কিনবে। বাকি জনগণ মরল কি বাঁচলো, শাসক শ্রেণীর তাতে কিছু যায় আসে না।

তৃণমূল জামানা:

তৃণমূল কংগ্রেসও সিপিএমের মতো দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছে এবং যা বোঝা যাচ্ছে দীর্ঘদিন ধরেই ক্ষমতায় থাকবে। সিপিএম আমলে যে নব্য ধনীরা যারা সরকারি ক্ষমতাকে কাজে লাগিয়ে ও জনগণের সম্পত্তি দূর্নীতি করে ধনী হয়েছিল, তারা স্বাভাবিকভাবেই জনগণের চোখে ঘৃণিত ছিল। নতুন জামানায় সিপিএমের পতাকা নিয়ে বেশি লাফালাফি করলে জনগণের হাতে মার খাবার সম্ভাবনা ছিল বিশাল। তাদের একটা বড় অংশ চুপ করে ঘরে বসে গেল। তারা জমানো সম্পত্তি খরচা করে এখন সুখ ভোগ করছে। তৃণমূল দলটার সংগঠন বলে কিছু ছিল না। এই সুযোগকে কাজে লাগিয়ে আরেকটা অংশ নব্য তৃণমূল হয়ে গেল। এই অংশটা তৃণমূল জামানার সমস্ত দূর্নীতির সুযোগকে কাজে লাগিয়ে আরো ধনী হতে লাগলো। আজকে অবস্থা এমন দাঁড়িয়েছে আদি বা নব্য সব তৃণমূলীই দূর্নীতির সাথে যুক্ত। দূর্নীতির রোজ নতুন নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে, যা আগে ভাবা যেত না। দূর্নীতি আর তৃণমূল সমার্থক হয়ে গেছে।

তৃণমূল রাজত্বে পশ্চিমবাংলার অবস্থাটা ঠিক কেমন? অর্থনীতি, রাজনীতি, সমাজ সংস্কৃতি? কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, সরকারি চাকরি ও খুচরা ব্যবসার হাল হকিকত কী?

এককথায়, কোথাও কোনও কিছুতেই স্বাভাবিক কোনও বিকাশ নেই। কৃষি আরো সংকটে। কৃষিতে পুঁজির অনুপ্রবেশ অনেক আগেই হয়ে গেছে। তথাকথিত সবুজ বিপ্লবের সময় থেকেই সাম্রাজ্যবাদী পুঁজি হু হু করে ঢুকছে। কিন্তু কৃষির পুঁজিবাদী বিকাশ আটকে আছে। কৃষি দীর্ঘদিন ধরেই অলাভজনক হয়ে আছে। বাংলার কৃষিতে কোনও বর্ধিত পুনরুৎপাদন নেই, কোনও পুনর্বিনিয়োগও নেই। কৃষিজমিও অনেক অকৃষি কাজে লাগানো হচ্ছে। চাষি অভাবের তাড়নায় জমি অভাবী বিক্রি করছে। আর তার ফায়দা লুঠছে গ্রামের তৃণমূল নেতারা। প্রায় কোনও দাম না দিয়ে গায়ের জোরে জমি দখল করে নিচ্ছে। কৃষিকে কেন্দ্র করে কোনও শিল্পও গড়ে উঠছে না। কৃষি সংকট এমন জায়গায় পৌঁছে গেছে বাংলার বহু গ্রামে যুব সম্প্রদায় নেই। তারা হয় আরবে, নয়তো কেরালা, ব্যাঙ্গালোর, গুজরাট, মহারাষ্ট্র, গুরগাঁও, নয়ডায় খাটতে গেছে। একটা নতুন শব্দই চালু হয়ে গেছে- পরিযায়ী শ্রমিক। পরিযায়ী পাখিরা প্রকৃতির স্বাভাবিক নিয়মে সারা পৃথিবীতে উড়ে বেড়ায়। কিন্তু বাংলার ‘পরিযায়ী শ্রমিকরা’ নিজ রাজ্যে কোনও কাজ না পেয়ে ভিন দেশে বা ভিন রাজ্যে দৌড়ে বেড়াতে বাধ্য হচ্ছে। তাতে তারা অবশ্যই বাংলায় থাকলে যা রোজগার করতো, তার থেকে বেশি রোজগার করছে। সেই টাকায় গ্রামের মাটির বাড়ি পাকা হয়েছে, গ্রামে সাইকেলের জায়গায় মোটরবাইক এসেছে, ঘরে ঘরে রঙিন টিভি, ফ্রিজ, গ্যাস এসেছে। তাই গ্রামে বিদ্যুৎ এসেছে, রাস্তা পাকা হয়েছে। কিন্তু কোনওটাই ঠিক স্বাভাবিকভাবে হয়নি। সবটাই হয়েছে কেমন বিকৃতভাবে অর্থনীতির লুম্পেন বিকাশ!

কৃষি ও হস্তশিল্প মারাত্মক সংকটে। সরকারি উদ্যোগে শিল্প গড়ে তোলার কোনও চেষ্টাই নেই। যেটুকু শিল্প আছে, সেখানে কোনও স্থায়ী চাকরি নেই। সবটাই কন্ট্রাক্টে বা তার থেকেও খারাপ শর্তে। সরকারি কর্মচারীদেরও নতুন স্থায়ী নিয়োগ নেই। সেখানেও কাজ চালানোর জন্য যেটুকু নিয়োগ আছে, তা চুক্তিভিত্তিক। ১০ থেকে ১৫ হাজার টাকায় কাজ করতে বাধ্য করা হচ্ছে। পেনশন নেই, পি এফ নেই, গ্রাচুইটি নেই। অন্যান্য সরকারি অফিসের মত সরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কোনও স্থায়ী নিয়োগ নেই। ছাত্র, শিক্ষক, শিক্ষা কর্মীদের ভুয়ো নাম লেখানো আছে, যাতে টাকা চুরি করা যায়। সব জায়গায় পরিষেবা কেমন হচ্ছে, তার উদাহরণ হিসেবে সিভিক ভলেন্টিয়ারদের কাজকর্ম ধরা যেতে পারে!

করোনার সুযোগকে কাজে লাগিয়ে দীর্ঘদিন লকডাউন করে রাখা, অনলাইন ব্যবসার ব্যাপক প্রসার, এবং মোদী সরকারের নোট বাতিল ও জিএসটির গুঁতোয় খুচরা ব্যবসা নাভিশ্বাস তুলছে। ব্যাপক জনগণের হাতে টাকা নেই। দোকানে মাল কিনবে কে?

অর্থাৎ রাজ্যে রোজকারের স্বাভাবিক পথ বন্ধ। যারা পরিযায়ী হতে পারেনি, তাদের চলছে কী করে? শহরে অনলাইন ব্যবসার ব্যাপক প্রসার এক নতুন পেশার সৃষ্টি করেছে। ডেলিভারি বয় বা ডেলিভারি ওয়ার্কার। লকডাউনে লোককে জোর করে অনলাইনের নেশা ধরানো হয়েছে। লোকে যেটুকু মাল কিনছে, তা অনলাইনে। আর যেসব যুবকদের মোটরবাইক বা নিদেনপক্ষে সাইকেল আছে, তারা ঘাড়ে বোচকা নিয়ে মাল পৌঁছে দিচ্ছে। জোমাটো ও সুইগির মতো কোম্পানীগুলি ব্যাপক  লাভ করছে। এতে কত রোজগার হয়? মাসে মেরে কেটে ১০ থেকে ১৫ হাজার টাকা! খালি হাতে খালি পকেটে থাকার চেয়ে এটাই ঢের এই ভেবে ডেলিভারী ওয়ার্কাররা খুশি!

বিশ্বায়নী যুগের প্রথমদিকে লোন অর্থনীতির বিস্তার ঘটেছিল। মধ্যবিত্ত শ্রেণীর ক্রয় ক্ষমতা বাড়ানোর জন্য ও সাম্রাজ্যবাদীদের গোডাউন খালি করার জন্য বাড়ি, গাড়ি ট্রাক্টর, মোটরবাইক, অন্যান্য কৃষি যন্ত্রপাতি কেনার জন্য সামান্য সুদে ও সহজ উপায়ে ব্যাপক লোন দেওয়া হচ্ছিল। সরকার যে লোন দিত, সরকার সেই টাকা কোথা থেকে পেতো? মালিকরা কি শোষণের তীব্রতা কমিয়ে দিয়েছিল? আদৌ তা নয়। সরকার বিদেশি রাষ্ট্রগুলি ও অর্থ লগ্নিকারী সংস্থাগুলির কাছ থেকে জনবিরোধী সব শর্তে টাকা ধার করতো বা এখনো করছে। বিদেশি অর্থ লগ্নিকারী সংস্থাগুলির কাছ থেকে ধার করেই সরকারের প্রতিদিনকার কাজকর্ম চলছে। শাসকদের পেটোয়া সংবাদ মাধ্যম কখনোই এই তথ্য জনগণের সামনে আনে না। একবারের জন্যও বলে না ঠিক এই মুহূর্তে আমাদের দেশের বা রাজ্যের বিদেশী ঋণ ঠিক কতো? মাথাপিছু আমাদের উপর কত টাকা ঋণের বোঝা চেপে আছে? কত সুদ দিতে হচ্ছে? বা কী কী শর্তে ঋণ ও অনুদান মিলছে?

সাম্রাজ্যবাদীদের প্রয়োজনে তারা অন্যদের টাকা ধার দেয়। হয়তো সেই প্রয়োজন কমছে। হয়তো ঋণের শর্ত হিসেবে আমাদের দেশের সবকিছুই তারা পেয়ে গেছে। তাই ঋণ দেওয়া এখন সর্বক্ষেত্রেই কমছে। নানা অজুহাতে সরকারি ডোলও কমছে। মিড ডে মিলের মত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বরাদ্দ আর বাড়ে না, নামমাত্র বরাদ্দ করা হয় (যা কার্যত গরীব বাচ্চাদের অপমান করা)। ১০০ দিনের কাজ ও আবাস যোজনার টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য সবকিছুই দুর্মুল্য হয়েছে। গরীব মানুষের নাগালের বাইরে চলে গেছে। বেকার ভাতা দীর্ঘদিন ধরেই বন্ধ। গরীব মধ্যবিত্তর সঞ্চয় এখন শূন্য। কোনও কোনও ক্ষেত্রে ঋণাত্মক। অর্থাৎ যেখানে যা সঞ্চয় ছিল, সবই সংসার চালাতে খরচা হয়ে গেছে। সরকারি মদতে প্রকৃত পরিসংখ্যান চেপে গিয়ে মনগড়া রিপোর্ট প্রকাশ করা হচ্ছে। অর্থনীতির ৭ শতাংশ বৃদ্ধির গল্প শোনানো হচ্ছে। প্রকৃত ঘটনা হচ্ছে আমরা দীর্ঘস্থায়ী মন্দা অর্থনীতির মধ্যে রয়েছি। সামান্য রিপোর্ট যা পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে মানুষ সোনা দানা যা ছিল সবই বন্ধক রাখতে বা বিক্রি করতে বাধ্য হচ্ছে। দৈনন্দিন সংসার চালাবার জন্য মানুষকে ধার করতে হচ্ছে। বৃদ্ধি শুধুই আম্বানী আদানীদের মতো কর্পোরেটদের হচ্ছে। এতটাই বৃদ্ধি যে মুকেশ আম্বানীর ছেলের বিয়েতে সারা বছর ধরে অনুষ্ঠান চলে। সারা বিশ্ব থেকে সেলিব্রিটিদের ভাড়া করে নাচাগানা পার্টি হয়!

সারাদেশে কম বেশি একই অবস্থা। বাংলার অবস্থা আরো খারাপ। এরকম অবস্থায় বাংলার জনগণ আরো বেশী বেশী করে সরকারি ডোলের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। যুবশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, ইমাম ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোনের টাকা – কুড়িয়ে বাড়িয়ে যেখান থেকে যা পাওয়া যায়। এভাবেই সংসার চলছে। তার জন্য তৃণমূলী নেতাদের দুর্নীতি ও গুন্ডামী দেখেও তা সহ্য করে মুখ বন্ধ করে সেই সব নেতাদের পিছন পিছন ঘুরতে হচ্ছে। তৃণমূল নেতাদের কল্যাণে দুর্নীতির নতুন নতুন ক্ষেত্র সামনে আসছে। এমন কিছু নেই যা নিয়ে দুর্নীতি করা যায় না! অভাবী জনগণ দেখছে তৃণমূল নেতাদের হঠাৎ বৈভব ও স্বর্গীয় আয়েশ আরামের জীবনকাহিনী। এই স্বর্গসুখের কাছে ইংরেজ আমলের বাইনাচ দেখা, বিড়াল-পায়রা-পুতুলের বিয়ে দিয়ে কোটি কোটি টাকা ওড়ানো বাবু সম্প্রদায়ও হার মেনে যাবে। গরীব মধ্যবিত্ত ঘরের যুবকরা আকৃষ্ট হচ্ছে এই দুর্নীতিগ্রস্ত নেতাদের জীবনযাত্রা দেখে। তাদের পিছন পিছন ঘুরছে এই উদ্দেশ্যে যে মাংস না পাওয়া যাক, হাড়টা কিংবা ছিবড়েটা যদি পাওয়া যায়, এরকম সংকটের বাজারে তা অনেক হবে! জনগণের একটা অংশ জেনে বুঝে তৃণমূল নেতাদের দুর্নীতির অংশ হয়ে উঠছে। বিভিন্ন সরকারি ডোলের টাকা পাবার জন্য তারা দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের ঘুষ দিচ্ছে।

বাঙালি যুব সম্প্রদায় লেখাপড়া শেখে সরকারি চাকরী পাবার আশায়। কজন তার ব্যতিক্রম হতে চায়! সেই চাকরীই যখন নেই, আর লেখাপড়া শিখে বাজে খরচ করে কী হবে! ফলে সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা! ফলে নারীদের আরো নিচু চোখে দেখা, ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষ আরও বৃদ্ধি পেয়েছে। অর্থনীতির ভিতে যদি পুঁজিবাদী বিকাশ ব্যাপকভাবে ঘটতো, তাহলে উপরিকাঠামো অর্থাৎ মানুষের মানসিকতা মূল্যবোধেও বুর্জোয়া গণতন্ত্রের স্বাভাবিক বিকাশ দেখা যেতো। তার বদলে সর্বত্র সামন্ত মানসিকতার উৎকট প্রকাশ দেখা যাচ্ছে।

এই সংকট থেকে পরিত্রাণ পাবার আশা আর কোথাও না দেখে, গরীব ও মধ্যবিত্ত জনগণ আরো বেশী বেশী করে ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছে। সমাজে বেড়ে চলেছে লুম্পেন্সি। টাকার ভাগ নিয়ে হানাহানি, খুনোখুনি বেড়ে চলেছে। বাড়ছে উগ্র নেশা ও ধর্ষণ। তৃণমূল নেতারাও জনগণকে ঠান্ডা করার জন্য দিন দিন সিপিএমের কায়দা নিচ্ছে। গাজর আর লাঠির সমানুপাত, তা আর থাকছে না। লাঠিই একমাত্র ওষুধ হিসেবে প্রয়োগ করা হচ্ছে।

সামন্ততান্ত্রিক দেশের বৈশিষ্ট্যই হচ্ছে স্বৈরতন্ত্র। অন্যান্য শাসকদলের মতো তৃণমূলের তা মজ্জায় মজ্জায় রয়েছে। তারসঙ্গে যুক্ত হয়েছে বাংলায় লগ্নি পুঁজির প্রত্যক্ষ প্রকাশ্য নির্লজ্জ দালালি। কম্যুনিস্ট হোক বা গণতান্ত্রিক আন্দোলন, তা দমন করার ব্যাপারে কেন্দ্রের শাসক বিজেপি-র সঙ্গে তৃণমূলের চরিত্রগত কোনও তফাৎ নেই। এমনকি তাদের বিরোধী অন্যান্য শাসক শ্রেণীর দলকেও দমন করার ক্ষেত্রে তৃণমূল অনন্য। এককথায় বলা যায়, তৃণমূল একটি ফ্যাসিবাদী বৈশিষ্ট্য সম্পন্ন দল। ফ্যাসিবাদ দুর্বৃত্তের রাজনীতি করবে না তো কি করবে!

বাংলায় কমিউনিস্ট বিপ্লবীদের আশা জাগানো সংগ্রামের কোনও অস্তিত্ব এই মুহূর্তে নেই। বাঙালি শান্ত জাতি। প্রজা বিদ্রোহ বা গণ বিদ্রোহের কোনও ইতিহাস বাংলায় নেই। কখনও কখনও অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ করলেও, তা দীর্ঘস্থায়ী হয় না। দপ করে জ্বলে উঠে হঠাৎ নিভে যায়। জঙ্গলমহলের আন্দোলনের সময় আমরা তা দেখেছি, জুনিয়র ডাক্তারদের আন্দোলনেও একই ছবি দেখা গেল। এই মানসিকতা শাসকদের সুবিধা করে দেয়। তার বদলে দেখা যায় গুটিকয়েক ব্যতিক্রমের ব্যক্তিগত বীরত্বের ইতিহাস। ব্যতিক্রমী বীরত্ব দিয়ে তো আর সমাজ বদলায় না।

এই বাংলার লুম্পেন অর্থনীতি ও সামাজিক বিকাশের চালচিত্র। সবথেকে তীব্র যে সমস্যা সামনে আসছে কোনও সঠিক বিকল্পের সন্ধান না থাকা। লড়বো তো। তার পরে কী? এই সমস্যার সমাধান করেই আমাদের সামনে এগোতে হবে।


কভার ফটো সৌজন্যে – https://www.indiatvnews.com/west-bengal/kolkata-kolkata-rains-heavy-downpour-disrupts-durga-puja-celebrations-metro-and-train-services-suspended-2025-09-23-1009550 [Retrieved On: 23/09/2025]

2 thoughts on “বাংলার লুম্পেন অর্থনীতি ও তৃণমূলের দুর্বৃত্তের রাজনীতি”

Leave a Reply