Gen-Z আন্দোলন

GEN-Z আন্দোলন ও বামপন্থার বিবর্তন : একটি পর্যালোচনা

বিতান দে


লেখাটি প্রকাশিত হয় আজাদ গণ মোর্চা-র মুখপত্র মাতৃভূমি পত্রিকার
জানুয়ারি ২০২৬ সংখ্যায়

নবীন প্রজন্ম, ছাত্রসমাজ বা যুবশক্তি – এই শব্দগুলো সবসময়ই আমাদের মনে আলাদা রোমান্টিকতার সঞ্চার করে। একদিকে তারা যেমন প্রাণচঞ্চল, পরিবর্তনকামী ও অকুতোভয়, তেমনই অন্যদিকে কিছুটা ‘লক্ষ্যহীন প্রাণ’-ও বটে। ইতিহাসের নানা পটপরিবর্তনে এদের সক্রিয় ভূমিকা থাকলেও দেশ, কাল এবং পাত্র বিশেষে এই তারুণ্যের নানারূপ আমাদের পর্যবেক্ষণে আসে। ইদানিংকালে যে প্রতিশব্দটি সবচেয়ে বেশি আলোড়িত হচ্ছে তা হলো – ‘Gen-Z’। গবেষণার বিষয় হলো যে – গতানুগতিক তরুণ শক্তির থেকে এই বহুচর্চিত ‘Gen-Z’ কীভাবে আলাদা? প্রকৃতই কি তারা পৃথিবীব্যাপী মুক্তিকামী মানুষের আশার আলো? নাকি গোঁড়া দক্ষিণপন্থী আবেগের রুটি সেঁকার আগুন? সর্বগ্রাসী পুঁজিবাদের মুঠো থেকে মুক্ত করে তাদের সমাজতন্ত্রের স্বপ্ন দেখানোর রাস্তাই বা কী? এই প্রতিবেদনে এইসব প্রশ্নের উত্তর খোঁজার একটা সংক্ষিপ্ত প্রচেষ্টা করা হয়েছে।

Gen-Z চরিত্র ও মনস্তত্ব

এবার দেখা যাক Gen-Z এর শ্রেণী চরিত্রটা ঠিক কিরকম। গবেষকদের মত অনুযায়ী নব্বই এর দশকের মাঝামাঝি সময় থেকে একবিংশ শতাব্দীর প্রথম দশকের মধ্যে (১৯৯৭-২০১২) জন্মগ্রহণ করা তরুণ ও কিশোররা এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত। ইতিহাসের পাতা ওল্টালে দেখা যায় যে এদের কৈশোর ও যৌবন কেটেছে এক অদ্ভুত সময়ে।

সেই সময়টায় সোভিয়েত উনিয়নের পতন হয়েছে, কোল্ডওয়ার প্রায় পরিসমাপ্ত, বার্লিন ওয়াল ধুলিস্মাৎ। সাম্রাজ্যবাদী শক্তি গুলির পাখির চোখ হয়েছে দ্বিতীয় ও তৃতীয় বিশ্বের (বিশেষত আরব ও দক্ষিণ এশিয়ার দেশগুলি) খনিজ তেলের খনিগুলো এবং সেই স্বার্থে তারা ধর্মীয় ও উগ্র জাতীয়তাবাদ ভিত্তিক সন্ত্রাসবাদকে মদত দেওয়া শুরু করেছে। ইন্টারনেট ও ইলেকট্রনিক প্রযুক্তির বিস্ময়কর উন্নতি ঘটেছে, তা একাধারে যেমন যোগাযোগ বিপ্লব ঘটিয়েছে তেমনই তারা মানুষ কে সংঘবদ্ধ করেছে মুঠোফোনের ভিতর। ধীরে ধীরে ভেঙে যাচ্ছে যৌথ পরিবার, বন্ধুত্ব ,সামাজিক সম্পর্ক। ম্যানুফ্যাকচারিং নির্ভর উৎপাদন কমে গিয়ে সার্ভিস সেক্টর মুখী হচ্ছে চাকরির বাজার। গবেষণামূলক শিক্ষা ব্যাবস্থার জায়গা নিচ্ছে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা।

এহেন একটা পরিসরে বেড়ে ওঠা তরুণ প্রজন্ম বই বা পত্রপত্রিকার খোঁজ রাখে কম, মিম বা রিল-এ চোখ রাখে বেশি। সরকারের কাছ থেকে তারা মূলত আশা করে উন্নত পরিষেবা, জীবিকার নিরাপত্তা। বামপন্থার নতুন ভাষা হয়ে উঠছে পরিবেশ রক্ষা আন্দোলন, LGBT লিঙ্গসাম্য, মানসিক স্বাস্থ্য, অভিবাসী নিরাপত্তা প্রভৃতি। একইসাথে তারা প্রভাবিত হচ্ছে নেটদুনিয়া তে সম্প্রচারিত মৌলবাদী ও আঞ্চলিক জাতীয়তাবাদী দের অপপ্রচারে। এক ঝলক দেখে নেওয়া যাক দুনিয়ার কোণে কোণে বেড়ে ওঠা Gen-Z আন্দোলনের হকিকত টা কীরকম ।

বিশ্বজুড়ে বামকেন্দ্রিক Gen-Z আন্দোলন

কালের নিয়মে আর সবকিছুর মতো বামপন্থা সম্পর্কে তরুণ প্রজন্মের দৃষ্টিভঙ্গি ও লক্ষণীয় ভাবে বদলেছে। একদিকে ডিজিটাল দুনিয়ায় যেমন উগ্র জাতীয়তাবাদ এবং ফেক নিউস ফল্গুধারার মতো বয়ে চলেছে তারই সমান্তরালে যেন-জ এর একটি অংশ একটি নতুন ধারার প্রতিরোধী বাম আন্দোলনের জন্ম দিয়েছে। তবে প্রথাগত তাত্ত্বিক বামপন্থার পরিবর্তে বামপন্থার নতুন ভাষা হয়েছে পুঁজিবাদ বিরোধিতা, বর্ণ ও জাতপাত বিরোধী আন্দোলন , নারীবাদ ও LGBTQ এর সমর্থন।

বিশ্বের প্রেক্ষাপটে Gen-Z নেতৃত্বে গড়ে ওঠা নতুনত্বময় আন্দোলন হলো Fridays for Future। সলতে পাকিয়ে ওঠা এই আন্দোলন একটি আন্তর্জাতিক মানের জলবায়ু-ন্যায় আন্দোলনে পরিণত হয়েছে। মূলত ছাত্রসমাজের নেতৃত্বে গড়ে ওঠা গড়ে ওঠা এই আন্দোলন জলবায়ু পরিবর্তনকে পুঁজিবাদী প্রবৃদ্ধি ও বিগত প্রজন্মের অন্যায়ের ফল হিসেবে চিহ্নিত করে। এর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত Extinction Rebellion Youth, যা neo-liberal শাসনবাবস্থার বিপক্ষে র‍্যাডিকাল সমালোচনা তুলে ধরে।

মার্কিন মুলুক ও পশ্চিম ইউরোপের পটভূমিতে Black Lives Matter আন্দোলনে Gen-Z অংশগ্রহণ ছিল একটি অ্যান্টি-এস্টাব্লিশমেন্ট ধারা, যা পুলিশ ব্যবস্থা, গণ-কারাবাস এবং বর্ণভিত্তিক পুঁজিবাদকে চ্যালেঞ্জ করে। একইভাবে, ক্যাম্পাসভিত্তিক সমাজতান্ত্রিক সংগঠন—যেমন ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অব আমেরিকা (DSA)-এর যুব শাখা—Gen-Z কে সার্বজনিক স্বাস্থ্যসেবা, বিনামূল্যের শিক্ষা এবং শ্রম অধিকার দাবিতে সংগঠিত করেছে।

লাতিন আমেরিকা জুড়ে Ni Una Menos-এর মতো নারীবাদী আন্দোলন এবং চিলির ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভগুলোতে Gen-Z এর শক্তিশালী উপস্থিতি দেখা যায়। এসব আন্দোলন নবউদারনৈতিক সংবিধান, জেন্ডার ভায়োলেন্স এবং অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বামপন্থার নতুন পটভূমি পশ্চিম আফ্রিকায় নাইজেরিয়ার #EndSARS আন্দোলন একটি স্বতন্ত্র Gen-Z বাম রাজনীতির উদাহরণ, যেখানে পুলিশি নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের সঙ্গে অভিজাত দুর্নীতি ও রাষ্ট্রীয় দমননীতির বিস্তৃত সমালোচনা যুক্ত হয়েছে।

সমষ্টিগতভাবে এই আন্দোলনগুলি দেখায় যে কীভাবে Gen-Z, ডিজিটাল সক্রিয়তা এবং আন্তঃছেদী (intersectional) সমালোচনার মাধ্যমে বাম রাজনীতিকে নতুনভাবে পুনর্গঠন করেছে—যার ফলে একবিংশ শতাব্দীর এক স্বতন্ত্র বামপন্থার রূপ গড়ে উঠেছে| কিন্তু একই সাথে পর্যবেক্ষক রা মনে করেন যে বিশ্বের বিভিন্ন প্রান্তে বহমান এই আন্দোলনগুলি উপযুক্ত নেতৃত্বের অভাবে ভুগছে।

কিন্তু বিধি বাম

তবে Gen-Z রা প্রথাগত ভাবে যে শুধুই বামপন্থী নয় তার বহু নিদর্শন রয়েছে | বিশেষ করে, গত এক দশকে বিশ্বের বিভিন্ন অঞ্চলে উল্লেখযোগ্য দক্ষিণপন্থী আন্দোলনের আবির্ভাব হয়েছে। বিশ্লেষণ করলে দেখা যায় এদের অনেকগুলোই তথাকথিত রক্ষণশীল হওয়ার পরিবর্তে বাম-উদার সাংস্কৃতিক রাজনীতি, নারীবাদ, উদার অভিবাসন বিরোধিতা নীতি, সমাজতন্ত্র বিরোধিতার মধ্য দিয়ে নিজেদের প্রকাশ করে। সংশ্লিষ্ট আন্দোলনকারীদের উষ্মা বামপন্থীদের মতোই প্রায়ই ডিজিটাল প্ল্যাটফর্ম ও সাংস্কৃতিক যুদ্ধের মোড়কে প্রকাশিত হয়। কিন্তু চিন্তার বিষয় হলো তারা বহু lunatic, ধর্মীয় ফ্যানাটিক ও পুজিসামন্তদের নেতৃত্বে নিজেদের দ্রুত সঙ্ঘবদ্ধ করছে।

গণতন্ত্রের পীঠস্থান বলে দাবি করা মার্কিন যুক্তরাষ্ট্রেও Turning Point USA-এর মতো MAGA-ঘেঁষা যুব নেটওয়ার্ক এবং ক্যাম্পাসভিত্তিক “অ্যান্টি-ওক” গোষ্ঠীতে Gen-Z দের অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়গুলিতে প্রগতিশীল আধিপত্য, জাতিগত ন্যায়বিচার আন্দোলন এবং লিঙ্গ রাজনীতির বিরুদ্ধে এক প্রতিক্রিয়াকে প্রতিফলিত করে। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের অঘোষিত নেতা। এই তরুণ রক্ষণশীলরা নিজেদেরকে জাতীয় পরিচিতি (national identity) এবং যোগ্যতা-ভিত্তিক ব্যবস্থার (merit-based system) রক্ষক হিসেবে তুলে ধরে, যা তাদের চোখে বামপন্থী আবেগের বিরুদ্ধে এক প্রতিরোধ।

ইউরোপ জুড়ে একই ধরনের প্রবণতা লক্ষ্য করা যায়। বিপ্লবের পীঠস্থান বলে পরিচিত ফ্রান্স-এ, ন্যাশনাল র‍্যালি ও এরিক জেমুরের মতো ব্যক্তিত্বদের Gen-Z সমর্থকরা জাতীয়তাবাদ, অভিবাসন-বিরোধী রাজনীতি এবং বহুজাতিক সংস্কৃতির বিরুদ্ধে প্রতিরোধকে কেন্দ্র করে সংগঠিত হচ্ছে। জার্মানিতে, অলটারনেটিভ ফর জার্মানি (AfD)-এর যুব শাখা গ্রিন রাজনীতি-বিরোধী, অ্যান্টিফা-বিরোধী এবং জলবায়ু-সন্দেহবাদী বক্তব্যের মাধ্যমে Gen-Z সমর্থকদের আকৃষ্ট করছে। ইতালির ফ্রাতেল্লি দ’ইতালিয়া এবং পোল্যান্ডের জাতীয়তাবাদী ক্যাথলিক যুব আন্দোলনগুলিও নারীবাদ, LGBTQ+ রাজনীতি এবং উদার ইউরোপীয় ঐকমত্যের বিরুদ্ধে শক্তিশালী Gen-Z সম্পৃক্ততা প্রদর্শন করছে।

এককালে কমিউনিস্টদের পবিত্র কর্মভূমি হিসাবে পরিচিত লাতিন আমেরিকায়, বিশেষত ব্রাজিলে, বলসোনারো-ঘেঁষা Gen-Z নেটওয়ার্কগুলো সমাজতন্ত্র, প্রগতিশীল শিক্ষা এবং LGBTQ+ সক্রিয়তার বিরুদ্ধে সংগঠিত হয়েছিল। সন্দেহ নেই যে বিশ্বের উন্নয়নশীল দেশগুলিতে এই প্রবণতা মুক্তিকামী মানুষের কপালে গভীর দুশ্চিন্তার রেখা টেনে দেয়।

দক্ষিণ এশিয়া ও ভারতে Gen-Z আন্দোলন

বিগত দুই বছরে Gen-Z আন্দোলনের সবচেয়ে প্রকট রূপ দেখা গিয়েছে দক্ষিণ এশিয়া ও ভারতের পার্শবর্তী দেশগুলিতে। এই অঞ্চলটি এই কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই অঞ্চলে তরুণদের জনঘনত্ব সারা পৃথিবীতে সর্বাধিক এবং এই অঞ্চল ঐতিহাসিক ভাবে ধর্ম, জাতি, ভাষার বিচারে অত্যন্ত বৈচিত্রময়। উপর্যপুরি এই অঞ্চলে ধন-বৈষম্য আকাশ-ছোয়া, সুশিক্ষা ও জীবিকার চূড়ান্ত অভাব। যুবশক্তি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ডিজিটাল সক্রিয়, অত্যন্ত অস্থিরমতি এবং ডিজিটাল গুজবের কাছে সহজ শিকারের বস্তু। বিশ্বের অন্যান্য প্রান্তে Gen-Z আন্দোলন যেমন সামাজিক বা সাংস্কৃতিক আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ, এই অঞ্চলে তা প্রায় সরকার পরিবর্তনের চালিকাশক্তির চেহারা নিচ্ছে। অবশ্য অন্যমতে এই সবকিছুর পশ্চাতে ডিপ স্টেটের অসাধু যোগ থাকাও অস্বাভাবিক না।

২০২৪ সালে প্রতিবেশী বাংলাদেশে কোটা ব্যবস্থা, দুর্নীতি এবং স্বৈরিতান্ত্রিক শাসনের বিরুদ্ধে ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনগুলোতে বারবার Gen-Z দের সক্রিয় অংশগ্রহণ দেখা গেছে| যদিও গভীর পরিতাপের বিষয় হলো যে ছাত্র আন্দোলনকে কার্যত লং-মার্চের সাথে তুলনা করা হয়েছিল তা আজ বাংলাদেশের মৌলবাদীদের করায়ত্ত ও সংখ্যালঘু নির্যাতনের একটা নিষ্ঠুর মেশিনারি। শ্রীলঙ্কায় ২০২২ সালের আরাগালায়া-তে (জনবিদ্রোহ) একইরকম Gen-Z উপস্থিতি লক্ষ্য করা যায়। একইভাবে, পাকিস্তানে ইমরান-পন্থী Gen-Z অনলাইন ভিন্নমত, নারী অধিকার আন্দোলন এবং ছাত্র আন্দোলনে ক্রমশ দৃশ্যমান ভূমিকা পালন করছে—যেখানে সেন্সরশিপ, জোরপূর্বক গুম এবং রাজনীতিতে সেনাবাহিনীর আধিপত্যকে চ্যালেঞ্জ করা হচ্ছে।

নেপালে, Gen-Z সক্রিয়তা মূলত দুর্নীতিবিরোধী প্রচার, পরিবেশ সুরক্ষা এবং রাজনৈতিক দলগুলোর স্থবিরতার প্রতি হতাশাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। অন্যদিকে আফগানিস্তানে, তালেবানের কঠোর দমননীতির মধ্যেও তরুণদের আন্দোলন সম্পূর্ণ বিলুপ্ত হয়নি; গোপন শিক্ষানেটওয়ার্ক, ডিজিটাল প্রতিরোধ এবং নারী-নেতৃত্বাধীন Gen-Z সক্রিয়তার মাধ্যমে মৌলিক অধিকার ও শিক্ষার দাবিতে সংগ্রাম চলছেই।

ভারতে, Gen-Z এর রাজনৈতিক mobilization বহুমুখী এবং তারা কিছু ক্ষেত্রে পস্পরবিরোধী আবার কিছুক্ষেত্রে তারা একে অন্যের পরিপূরক। একদিকে, Gen-Z ক্যাম্পাস-কেন্দ্রিক বাম, আম্বেদকরবাদী, নারীবাদী এবং সংখ্যালঘু অধিকার আন্দোলনে গভীরভাবে যুক্ত—বিশেষত JNU, জামিয়া মিলিয়া ইসলামিয়া, HCU এবং TISS মতো বিশ্ববিদ্যালয়গুলোতে। ২০১৯–২০ সালের সিএএ-বিরোধী আন্দোলন ছিল Gen-Z অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেখানে সংবিধানের সুরক্ষা, ধর্মনিরপেক্ষতা এবং সংখ্যাগরিষ্ঠতাবাদী জাতীয়তাবাদের বিরুদ্ধে প্রতিরোধ একত্রিত হয়েছিল। এসব আন্দোলনে নাগরিকত্ব, রাষ্ট্রীয় নজরদারি এবং গণতান্ত্রিক অবক্ষয়ের প্রশ্নগুলো স্পষ্টভাবে উঠে আসে। তেমনি ২০২১-২২ নাগাদ বিজেপি সরকারের কৃষিবিল বিরোধী আন্দোলনের নাম ও বিশেষভাবে করতে হয়।

অন্যদিকে, ভারতীয় Gen-Z একটি উল্লেখযোগ্য অংশ ডানপন্থী ও জাতীয়তাবাদী ডিজিটাল আন্দোলনের সঙ্গে নিজেদের যুক্ত করেছে—বিশেষত সোশ্যাল মিডিয়া ইকোসিস্টেমের মাধ্যমে, যেখানে সাম্প্রদায়িক জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা-বিরোধী ভাষ্য এবং সাংস্কৃতিক পরিচতিকে উৎসাহিত করা হয়। এই বিরোধিতা ভারতের Gen-Z এর খণ্ডিত রাজনৈতিক চরিত্রকে তুলে ধরে, যা অ্যালগরিদমিক মিডিয়া, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং তীব্রভাবে মেরুকৃত জনপরিসরের দ্বারা প্রভাবিত। উদ্বেগের বিষয় হলো ভারতের অতি-দক্ষিণপন্থী বিজেপি সরকার ও তাদের শিক্ষাগুরু আরএসএস ভুয়ো খবর, গোদি মিডিয়ার মতো নানা ডিজিটাল অস্ত্রে শান দিয়ে তাদের বিপথে পরিচালিত করে চলেছে এবং তরুণদের বাম অংশ উপযুক্ত অধিনায়কের অভাবে সন্দিহান।

তবে নিরাশার কোনো স্থান নেই। রাজপথের আন্দোলনের বাইরেও, ভারতীয় Gen-Z জলবায়ু পরিবর্তন (লাদাখ, আরাবল্লী ইত্যাদি), বেকারত্ব (উত্তর ভারতের অগ্নিবীর আন্দোলন), পরীক্ষায় অনিয়ম (পশ্চিমবঙ্গের বঞ্চিত চাকুরিপ্রার্থীদের আন্দোলন), জাতিভিত্তিক বৈষম্য এবং লিঙ্গভিত্তিক সহিংসতার মতো নির্দিষ্ট ইস্যুতে সক্রিয় হয়েছে। পাশাপাশি কর্মসংস্থানের অভাব ও প্রতিযোগিতামূলক পরীক্ষাকে ঘিরে ডিজিটাল প্রচারাভিযান—সবই বৈষম্যপূর্ণ অর্থনীতিতে তরুণদের বাস্তব উদ্বেগকে প্রতিফলিত করে।

বামপন্থীদের কর্তব্য সম্পর্কে লেখকের মতামত

আমাদের মনে রাখা প্রয়োজন যে আগের প্রজন্ম যেখানে ট্রেড ইউনিয়ন বা সমাজতান্ত্রিক আদর্শের মাধ্যমে গঠিত ছিল, Gen-Z সেখানে প্ল্যাটফর্ম ক্যাপিটালিজম, অ্যালগরিদমিক মিডিয়া এবং জীবিকা সংকটের যুগে গড়ে উঠেছে। তারা রাজনৈতিক দল, ইউনিয়ন, মিডিয়া এমনকি এনজিওর প্রতিও—গভীর অনাস্থা পোষণ করে ও অনেকাংশেই অকার্যকর বলে মনে করে। বামপন্থীদের প্রথমে উপলব্ধি করা উচিত যে মতাদর্শের প্রতি তাদের অনীহা কিছু নেতা বা রাজনৈতিক দলের প্রতি হতাশা থেকে আসে, যারা ন্যায়বিচার দিতে ব্যর্থ হয়েছে। তাই বাম মতাদর্শকে অতি জটিল তত্ত্ব হিসেবে উপস্থাপন না করে নৈতিক ও অভিজ্ঞতাভিত্তিক প্রাঞ্জল ভাষায় অনুবাদ করা জরুরি।

প্রথাগত বাম আলোচনায় প্রায়ই উঠে আসে—পুঁজিবাদ, শ্রেণি শোষণ, সাম্রাজ্যবাদ। কিন্তু Gen-Z আকৃষ্ট হয় দৃশ্যমান ক্ষতির বিরুদ্ধে: যেমন, অস্বাভাবিক ব্যয়বহুল শিক্ষা, জলবায়ু বিপর্যয়, জাত বা বর্ণভিত্তিক সহিংসতা, পুলিশি নৃশংসতা এবং লিঙ্গগত অনিরাপত্তা। Gen-Z-কে বাম মতাদর্শের দিকে নিয়ে যেতে হলে দেখাতে হবে—এই সব সমস্যার একটি অভিন্ন কাঠামোগত উৎস রয়েছে। উদাহরণস্বরূপ—জলবায়ু পরিবর্তনকে পুঁজিবাদী নিষ্কাশন ও কর্পোরেট দায়মুক্তির সংকট হিসেবে ব্যাখ্যা করা যায়। বেকারত্ব ও গিগ-ওয়ার্কের অনিশ্চয়তাকে শ্রম নিয়ন্ত্রণহীনতা ও নবউদারনৈতিক নীতির সঙ্গে যুক্ত করা যায়। লিঙ্গ ও জাতিগত বৈষম্যকে পুঁজিবাদী আধুনিকতার অধীনে সামাজিক শ্রেণিবিন্যাসের পুনরুৎপাদনের ফল হিসেবে দেখা যায়। আমাদের উচিত জেন-জেড কর্মীদের সংগ্রাম, আত্মসমালোচনা এবং যৌথ বিশ্লেষণের মধ্য দিয়ে বাম সিদ্ধান্তে পৌঁছানোর পথ করে দেওয়া।

পরিচয় রাজনীতি, ইন্টারসেকশনালিটি এবং সাংস্কৃতিক স্বীকৃতি Gen-Z সক্রিয়তাকে গভীরভাবে প্রভাবিত করে। বামের কিছু অংশ যখন এসব উদ্বেগকে “বিভ্রান্তি” বলে খারিজ করেছে, তখন তরুণ কর্মীরা বিচ্ছিন্ন বোধ করেছে এবং কেউ কেউ উদারপন্থী বা এমনকি ডানপন্থী পরিসরে সরে গেছে। এখানে বিরোধিতার বদলে সমন্বয়ই ফলপ্রসূ কৌশল। বাম মতাদর্শকে দেখাতে হবে কীভাবে পরিচয়ভিত্তিক নিপীড়ন বস্তুগতভাবে টিকে থাকে—শ্রমবাজার, রাষ্ট্রক্ষমতা, সম্পত্তি সম্পর্ক এবং বৈশ্বিক বৈষম্যের মাধ্যমে। নারীবাদ, জাতবিরোধী রাজনীতি, বর্ণবাদবিরোধিতা এবং কুইয়ার রাজনীতি রাজনৈতিক অর্থনীতির সঙ্গে যুক্ত হলে গভীরতা ও স্থায়িত্ব পায়; বিচ্ছিন্ন থাকলে তা দুর্বল হয়। এই পদ্ধতি একদিকে সংকোচনবাদ, অন্যদিকে নৈতিকতাবাদ—উভয়কেই এড়িয়ে যায় এবং Gen-Z-এর কাছে বাম মতাদর্শকে সীমিত নয়, বরং একটা বিস্তৃত ক্ষেত্র হিসেবেই তুলে ধরতে সাহায্য করে।

ঐতিহ্যগত বাম সংগঠনগুলো প্রায়ই শ্রেণিবদ্ধ নেতৃত্ব, দীর্ঘ সভা, জটিল ভাষ্য এবং ধীর সিদ্ধান্তগ্রহণের ওপর নির্ভর করে—যা Gen-Z-এর ডিজিটাল-নেটিভ রাজনৈতিক শৈলীর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। Gen-Z-এর আন্দোলন বরং অনুভূমিক নেটওয়ার্ক, মিম সংস্কৃতি, দ্রুত mobilization এবং বিকেন্দ্রীভূত সমন্বয়কে পছন্দ করে, তাই Gen-Z-কে বাম মতাদর্শের দিকে নিয়ে যেতে প্রয়োজন পরীক্ষা-নিরীক্ষা—ডিজিটাল রাজনৈতিক শিক্ষা (স্বল্প দৈর্ঘ্যের ভিডিও, ভিজ্যুয়াল ব্যাখ্যা, পডকাস্ট), উপর থেকে চাপানো ক্যাডার প্রশিক্ষণের বদলে অংশগ্রহণমূলক স্টাডি সার্কেল, ইস্যুভিত্তিক জোট, যা পরে আদর্শিক সংহতি গভীর করতে পারে। বাম সংগঠনগুলোকে মতাদর্শগত বিশুদ্ধতার প্রহরী নয়, বরং রাজনৈতিক বিকাশের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে শিখতে হবে।

আগের বাম আন্দোলনগুলো প্রায়ই বিপ্লব বা ঐতিহাসিক নিয়তির মহাকাব্যিক স্বপ্নে সংগঠিত হতো। বিপরীতে, Gen-Z সংকট-ক্লান্তির প্রজন্ম। অনেকেই ইউটোপিয়ার বদলে দক্ষতা, মর্যাদা ও টিকে থাকার নিশ্চয়তা খোঁজে। এটি রক্ষণশীলতার লক্ষণ নয়, বরং অবসাদের প্রকাশ। অতএব বাম মতাদর্শকে দিতে হবে বিশ্বাসযোগ্য আশা—দৃশ্যমান সংস্কার, অর্জনযোগ্য সাফল্য এবং দৈনন্দিন জীবনে স্পষ্ট উন্নতি—একই সঙ্গে দীর্ঘমেয়াদি রূপান্তরমুখী দিগন্ত বজায় রেখে। জনস্বাস্থ্য, শিক্ষা, জলবায়ু-ভিত্তিক কর্মসংস্থান, বাসস্থান ও সামাজিক সুরক্ষা নিয়ে আন্দোলন তাৎক্ষণিক প্রয়োজন ও কাঠামোগত সমালোচনার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে পারে। Gen-Z এর জন্য আশা হতে হবে ব্যবহারিক, ভবিষ্যদ্বাণীমূলক নয়।

একটি বড় চ্যালেঞ্জ হলো—Gen-Z এর ক্ষোভকে ডানপন্থী শক্তিগুলো নিজেদের সাংস্কৃতিক শত্রুর দিকে ঘুরিয়ে দিতে সক্ষম হচ্ছে—এলিট, নারীবাদী, সংখ্যালঘু, অভিবাসী—কিন্তু অর্থনৈতিক কাঠামো অক্ষত রেখে। বাম আন্দোলনগুলোকে Gen-Z এর মর্যাদাগত উদ্বেগ, পুরুষত্ব সংকট, বেকারত্ব ও অপমানবোধের প্রশ্নে সরাসরি যুক্ত হতে হবে; সেগুলোকে প্রতিক্রিয়াশীল বলে উড়িয়ে দিলে চলবে না। বস্তুগত ব্যাখ্যা ও সামষ্টিক সমাধান হাজির করতে পারলে, বাম মতাদর্শ এই ক্ষোভকে কর্তৃত্ববাদী ও জাতীয়তাবাদী ব্যাখ্যা থেকে পুনরুদ্ধার করতে পারে।


কভার ফটো সৌজন্যে – https://www.theguardian.com/global-development/2025/dec/30/gen-z-protests-corruption-five-activists-nepal-madagascar-togo-kenya-morocco-protesters [Retrieved On: 22/03/2026]

Leave a Reply