প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ এক ঐতিহাসিক সন্ধিক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে গত জুন-জুলাই মাস ধরে সমগ্র বাংলাদেশ এক জোরালো ছাত্র আন্দোলনের সাক্ষী থেকেছে। এই আন্দোলনকে কড়া হাতে দমন করতে গিয়ে এক মাসের মধ্যে প্রায় এক হাজার শহীদ ছাত্রের রক্তে নিজের হাত রাঙিয়েছে শেখ হাসিনা-র নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। পরিণামে কোটা-বিরোধী ছাত্র আন্দোলন পরিণত হয় শাসক-বিরোধী এক তীব্র গণ-অভ্যুত্থানে, যার জোয়ারে হাসিনা সরকার তার মন্ত্রীসভা সমেত ভেসে গিয়েছে। শুধু পদত্যাগই নয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাধ্য হয়েছেন দেশত্যাগ করে প্রতিবেশী রাষ্ট্র ভারতে আশ্রয় নিতে। হাসিনা সরকারের এই পতন, এবং তারপর কয়েকদিনের সামরিক শাসন ও প্রশাসনিক শূন্যতার পর গত ৮-ই অগাস্ট গঠিত হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
বাংলাদেশের এই কোটা সংস্কারের দাবি আসলে দীর্ঘদিনের। ২০১৩ সালেও এই নিয়ে আন্দোলন হয়েছে। ২০১৮-তেও হয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে সরকারি চাকরির ক্ষেত্রে কোটা ব্যবস্থা চালু করা হয়েছিল; যার মধ্যে নারী, ক্ষুদ্র জনজাতি, প্রতিবন্ধী প্রমুখদের জন্য সামান্য কিছু সংরক্ষণের পাশাপাশি একটা বিরাট অংশ – ৩০ শতাংশ – ছিল মুক্তিযোদ্ধা কোটা, অর্থাৎ পূর্ব পাকিস্তানের স্বৈরাচারী শাসন থেকে মুক্তি পেতে স্বাধীনতা সংগ্রাম বা মুক্তিযুদ্ধে যাঁরা প্রাণ দিয়েছিলেন তাঁদের পরিবারের জন্য এই আসন সংরক্ষিত থাকত। কিন্তু তারপর থেকে দুই প্রজন্ম অতিবাহিত হয়েছে। একের পর এক সরকার এসেছে গেছে। বিগত পাঁচ দশক ধরে দল-মত নির্বিশেষে বাংলাদেশের শাসকশ্রেণী দেশের জনগণকে উপহার দিয়েছে আকণ্ঠ দুর্নীতি, বিদেশী ঋণের বোঝা, বেলাগাম বেকারত্ব ইত্যাদি। স্বৈরাচারী শেখ হাসিনা এই কোটা ব্যবস্থাকে ব্যবহার করেছে স্বজনপোষণ ও দলতন্ত্র তৈরি করতে। বলাই বাহুল্য বাংলাদেশের সাধারণ জনগণের তাতে কোনও উপকার হয়নি। বেকারত্বের জ্বালায় ভোগা ছাত্রসমাজ থেকে তাই বৈধভাবেই এই কোটা ব্যবস্থার সংস্কারের দাবি ওঠা শুরু হয়েছিল, কারণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ীও চাকরির ক্ষেত্রে সকল নাগরিকের সমান সুযোগের কথা বলা আছে। এই পটভূমিতে ২০১৮ সালে যখন ধারাবাহিক বিক্ষোভ শুরু হয়, যার মূল দাবি ছিল সরকারি চাকরির ক্ষেত্রে কোটা ৫৬ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা, তখন এই আন্দোলনের চাপে কোটাব্যবস্থা বাতিল করার ঘোষণা করা হয়। কিন্তু এইবছর, অর্থাৎ ২০২৪ সালের ৫-ই জুন ফ্যাসিস্ট হাসিনার বশংবদ বাংলাদেশ হাইকোর্ট বাতিল করে দেওয়া সেই কোটা ব্যবস্থাকে পুনর্বহাল করে। ফলে নতুন করে শুরু হয় বিক্ষোভ।
২০০৯ সাল থেকে শেখ হাসিনা-র নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। পুঁজিবাদীদের স্বার্থ রক্ষাকারী উন্নয়নের ললিপপ জনতার হাতে ধরিয়ে বেলাগাম দুর্নীতি করে গেছে এই সরকার, আর্থিক ও নির্বাচনী দুই ক্ষেত্রেই। বিগত দেড় দশক ধরে খুন-গুমের মাধ্যমে সমস্ত বিরোধী কণ্ঠস্বরকে দমন করে একটা স্বৈরাচারী শাসন কায়েম করেছিল এই আওয়ামী লিগ। মুখে ধর্মনিরপেক্ষতার বুলি আওড়ালেও পিছনের পকেটে রাখা থাকত সাম্প্রদায়িকতার ছুরি; যা পুঁজিবাদীদের স্বার্থ অনুযায়ী ভারতীয় উপমহাদেশে সাম্প্রদায়িক বিভাজনের ঘা-কে খুঁচিয়ে আরও বিষাক্ত করে তোলার কাজে বেরিয়ে পড়ত সময় বুঝে। এছাড়া, নিজের দেশে বিভিন্ন গণ-প্রতিবাদ, গণ-বিক্ষোভের উপর পুলিশী আক্রমণ তো আওয়ামী লীগ চালিয়েইছে, তার সাথে নিজস্ব ছাত্র সংগঠন ছাত্রলীগকেও তারা লেলিয়ে দিয়েছে হাতে অস্ত্র তুলে দিয়ে। ২০১৮ সালে নিরাপদ সড়কের দাবিতে যে আন্দোলন হয় সেখানেও শিক্ষার্থী ও সাংবাদিকদের উপর চলেছিল পুলিশ ও ছাত্রলীগের যৌথ দমনপীড়ন।
এইবছরও কোটা পুনর্বহাল করার ঘোষণা হওয়ার পর থেকে যখন ছাত্র বিক্ষোভ শুরু হয় তখন চেনা সুরেই আলোচনার বদলে পাল্টা দমনপীড়ন নেমে আসে সরকারের তরফে। মুক্তিযোদ্ধা কোটা বাতিল করার দাবিকে নস্যাৎ করতে গিয়ে শেখ হাসিনা আন্দোলনকারীদের “রাজাকারদের নাতিপুতি” বলে বসেন, যা আন্দোলনের আগুনে ঘি ঢালে। “চাইতে গেলাম অধিকার; হয়ে গেলাম রাজাকার” ও অন্যান্য স্লোগানের সাথে আন্দোলনকারী শিক্ষার্থীরা রাস্তায় নামলে তাদের উপর সশস্ত্র হামলা চালায় পুলিশ ও ছাত্রলীগ উভয়েই। ১৬-ই জুলাই আবু সঈদ নামে এক ছাত্র বুক চিতিয়ে পুলিশের গুলির সামনা করতে গিয়ে নিহত হয়, এবং এই ঘটনার স্ফুলিঙ্গ আন্দোলনকে দাবানলের মতো গোটা দেশে ছড়িয়ে দেয়। সাধারণ মানুষও এই আন্দোলনের সাথে যুক্ত হতে থাকেন। ইন্টারনেট বন্ধ করে, দেশজুড়ে কার্ফ্যু জারি করে, সেনাবাহিনী নামিয়ে চূড়ান্ত দমনপীড়ন চালিয়েও আন্দোলনকে কাবুতে আনতে ব্যর্থ হয় হাসিনা সরকার। শিশু সহ অন্তত হাজার মানুষ শহীদ হন, কয়েক হাজার আহত হন। এই পরিস্থিতিতে ২১ জুলাই বাংলাদেশ সুপ্রীম কোর্ট একটি রায়ের মাধ্যমে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে এবং কোটা সংস্কার করে মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ নিয়োগ দেওয়ার নির্দেশ দেয়। আন্দোলনে ভাঙন ধরানোর উদ্দেশ্যে একদিকে ন্যায্য নারী কোটা তুলে দেওয়া হয়, অন্যদিকে ৫% মুক্তিযোদ্ধা কোটা বজায় রাখা হয়। কিন্তু ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একজোট হয়ে কয়েকজন সমন্বয়ককে সামনে রেখে তৈরি করে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ নামে এক ব্যানার। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই বীভৎস গণহত্যার দায় নিয়ে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে – এই দাবি সমেত মোট নয় দফা দাবি নিয়ে ৩-রা অগাস্ট সারাদেশে বিক্ষোভ মিছিল এবং ৪-ঠা অগাস্ট থেকে অনির্দ্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেয় তারা। ৩-রা অগাস্ট শিক্ষার্থীদের পাশপাশি শহীদ মিনারে সমবেত হন অসংখ্য সাধারণ নাগরিক; শিক্ষার্থীদের সমর্থনে শিক্ষক, আইনজীবী-রা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দিন শেষে ঘোষিত হয় এক দফা দাবি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র পতত্যাগ এবং তাঁর মন্ত্রিসভার বিলোপ। এই ঘটনাপ্রবাহে ৫-ই অগাস্ট শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন এবং তারপর সেদিনই সামরিক হেলিকপ্টারে চেপে তিনি বাংলাদেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন।
হাসিনা-র স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের আন্দোলন ও সাধারণ জনতার গণ-অভ্যুত্থান যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা ঘটনা। এই গণ-অভ্যুত্থানের অভিঘাতে এমনকি ‘জাতির পিতা’ শেখ মুজিবুর রহমান এর মূর্তি পর্যন্ত জনগণ ধুলোয় মিশিয়ে দিয়েছে। অর্থাৎ, ১৯৭২ সালে জাতীয় রক্ষা বাহিনী গড়ার পর থেকে মৃত্যু পর্যন্ত মুজিব-এর হাতে হাজার হাজার রাজনৈতিক বিরোধীর হত্যার ইতিহাস বাংলাদেশের জনগণ, বিশেষ করে রাজনৈতিক বিরোধীরা ভুলে যায়নি। কিন্তু সেসব সত্ত্বেও এই আন্দোলনকে এই পর্যায়ে বৈপ্লবিক আন্দোলন হিসেবে বিবেচনা করাটা যুক্তিযুক্ত নয়। কারণ, গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে যে মহম্মদ ইউনুস-কে মনোনীত করা হয়েছে তিনি মার্কিন সাম্রাজ্যবাদের ঘনিষ্ঠ বন্ধু হিসেবেই পরিচিত। ক্রমবর্ধমান আর্থিক বৈষম্য, বেকারত্ব – ইত্যাদি সমস্যাগুলোর শিকড় খুঁজে পাওয়া যায় যে নয়া-উদারনৈতিক আর্থিক ব্যবস্থার মধ্যে, সেই ব্যবস্থার কাণ্ডারির হাতেই যদি দেশ শাসনের ভার অর্পিত হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠবেই! বিশেষ করে যখন দেখা যায় যে গণ-অভ্যুত্থানে নিজেদের স্বল্প ক্ষমতা নিয়ে উপস্থিত থাকা সত্ত্বেও অন্তর্বর্তী সরকার গঠনের ব্যাপারে দেশের বামপন্থী শক্তিগুলোর কোনও মতামত গ্রহণ করা হয়নি, অথচ গণ-অভ্যুত্থানের শরিক ছিলেন তাঁরাও। উল্টে দেখা গিয়েছে এমন অনেক বিশিষ্ট ব্যক্তি অন্তর্বর্তী সরকারে নিজেদের স্থান করে নিয়েছেন যাঁরা এই অভ্যুত্থানের সাথে যুক্ত ছিলেন না। শ্রমজীবী মানুষের ব্যাপক অংশগ্রহণও এই আন্দোলনে ছিল না। বরং উল্টে দেখা গেছে যে বিভিন্ন মৌলবাদী শক্তি এই ছাত্র-আন্দোলনের মধ্যে মিশে গিয়ে বিগত গয়েক দিন ধরে প্রশাসনিক শূন্যতার সুযোগ নিয়ে দেশের আনাচে কানাচে সংখ্যালঘু জনগণের উপর বীভৎস নির্যাতন চালিয়েছে, এখনও চালাচ্ছে। পরিণামে স্বাভাবিকভাবেই আন্দোলন অনেকাংশে কালিমালিপ্ত হয়েছে, এবং তার সুযোগ ওঠাচ্ছে আমাদের দেশের উগ্র হিন্দুত্ববাদী সরকার। যেকোনো দেশেই ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুরা সবসময়ই শাসক শ্রেণীর সফ্ট টার্গেট। ভারত, বাংলাদেশ কোনোটাই তার ব্যক্তিক্রম নয়। যদিও এখন কিছুক্ষেত্রে এই দৃশ্যও যেখা গেছে যে বাংলাদেশের সচেতন নাগরিকরা স্বেচ্ছাসেবী দল বানিয়ে সংখ্যালঘুদের রক্ষা করছেন, মন্দির পাহারা দিচ্ছেন, গণ-অভ্যুত্থানের সময় হওয়া অন্যান্য ক্ষয়ক্ষতিকে পুনরুদ্ধার করার চেষ্টা করছেন। বলাই বাহুল্য সেইসব ছবি ভারতের মূলধারার সংবাদমাধ্যম তুলে ধরছে না, কারণ ভারতের শাসক দল যে রাজনৈতিক ন্যারেটিভ প্রচার করতে চায় এই সম্প্রীতির ছবি তার সাথে খাপ খায় না।
সংক্ষেপে বলা যায়, স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ছাত্র আন্দোলন, গণ-অভ্যুত্থান হয়ে একটা নতুন বুর্জোয়া-গণতান্ত্রিক প্রজাতন্ত্র তৈরির প্রতিশ্রুতি দিয়ে এই আন্দোলন এগিয়েছে; মেহনতি জনতার নেতৃত্বে নতুন সাম্যবাদী সমাজ গড়ার কোনও বৈপ্লবিক আন্দোলন এটা কখনই ছিল না। আমরা আশা করি নতুন সরকার যেন কোনও বিরোধী কণ্ঠস্বরকে দমন না করে, যেমনটা অতীতে গণতন্ত্রের মুখোশ পড়ে অবলীলায় করা হয়েছে, মুজিব-খালেদা-হাসিনা সবার আমলেই। তবে আমাদের সেই আশা পূর্ণ হবে কিনা সেটা আগামী দিনই বলতে পারবে। ইতিমধ্যেই শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার তোড়জোড় দেখে কিছু প্রশ্নের অবকাশ অবশ্যই থেকে যাচ্ছে।
তবে বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও ছাত্র সমাজের এই আন্দোলন এবং তৎপরবর্তী গণ-অভ্যুত্থানকে যথেষ্ট গুরুত্বের সাথেই আমাদের বিবেচনা করা প্রয়োজন। আমাদের দেশে বিভিন্ন সময়ে কিভাবে রাষ্ট্র তার সমস্ত দাঁতনখ নিয়ে গণতান্ত্রিক আন্দোলনের কণ্ঠরোধ করেছে সেটা আমারা দেখেছি। বর্তমানে বিজেপি-আরএসএস এর ফ্যাসিবাদী শাসনের কোপে পড়তে হয়েছে শ্রমিক, কৃষক, ছাত্র, বুদ্ধিজীবী, সাংবাদিক, লেখক, মানবাধিকার কর্মী থেকে শুরু করে সমস্ত স্তরের সাধারণ নাগরিককে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখনও দেশের সচেতন নাগরিক সমাজের একটা বড় অংশ নির্বাচনের মাধ্যমে ফ্যাসিবাদকে পরাস্ত করার দিবাস্বপ্ন দেখছেন। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ সাম্প্রতিক সময়ে একটা জ্বলন্ত প্রমাণ যে নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারী শাসনকে পরাস্ত করা যায় না; তার জন্য প্রয়োজন হয় গণ-অভ্যুত্থানের। আবার বাংলাদেশের উদাহরণ থেকে এটাও আবারও স্পষ্ট যে সেই গণ-অভ্যুত্থান যদি দিশাহীন হয়, যদি সেই অভ্যুত্থান বেদখল হয়ে যায়, যদি বিপ্লবী শক্তিগুলো সেই অভ্যুত্থানের নেতৃত্ব দিতে ব্যর্থ হয়, তাহলে সেটা সমাজে বৈপ্লবিক পরিবর্তন আনার কাজে ব্যর্থ হতে বাধ্য। বাংলাদেশের এই আন্দোলন কোন পথে এগোয়, আগামী দিনে ঠিক কী ধরনের পরিবর্তন সেই দেশে আসে, এবং তার ঠিক কী প্রভাব ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে পড়তে পারে সেইসব দিকে আমাদের সচেতন নজর রাখা প্রয়োজন। আগামী দিনে আমাদের দেশে এই ধরনের কোনও অভ্যুত্থানের পরিস্থিতির সৃষ্টি হলে সেটা যাতে বেদখল না হয়ে যায়, এবং সেই অভ্যুত্থানকে যাতে একটা বৈপ্লবিক দিশায় পরিচালনা করা যায় তার জন্য বিপ্লবী শক্তিগুলোর আগাম প্রস্তুত থাকা প্রয়োজন।
কভার ফটো সৌজন্যে – https://blogs.prio.org/2024/08/victory-for-the-civilian-uprising-in-bangladesh-what-is-next-for-the-second-independence/ [Retrieved On: 09/08/2024]

One thought on “বাংলাদেশের গণ-অভ্যুত্থান প্রসঙ্গে”