গিগ ওয়ার্কার

গিগ ওয়ার্কারদের বাস্তব অবস্থা ও লড়াই প্রসঙ্গে

‘গিগ ওয়ার্কার’, ‘ডেলিভারি পার্টনার’ – এই শব্দগুলো আজকে আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। অনলাইন ফুড এবং গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্মগুলো এখন আমাদের জীবনযাপনের অংশ। মোবাইল অ্যাপে মাত্র একটা ক্লিক করলেই কিছুক্ষণ পর ফোনে নোটিফিকেশন আসে—“Your order is on the way”। জনগণকে এই পরিষেবা দেওয়ার জন্য যারা দিন-রাত পরিশ্রম করে চলেছে, তারাই আজ ‘গিগ ওয়ার্কার’ নামে পরিচিত—বিশেষ করে ডেলিভারি পার্টনাররা। ‘গিগ’ শব্দটির উৎপত্তি মূলত সংগীত জগতে। অতীতে গায়ক-বাদকদের অস্থায়ী, এককালীন পারফরম্যান্সকে বলা হতো ‘গিগ’। কিন্তু আজ এই শব্দটি অস্থায়ী, ফ্রিল্যান্স ধরনের কাজের প্রতীক হয়ে উঠেছে। সমস্যা হলো, যে কাজটি ‘অস্থায়ী’ বলে শুরু হয়েছিল, তা অনেকের জীবনে স্থায়ী একমাত্র উপার্জনের উৎস হয়ে দাঁড়িয়েছে।

গিগ ওয়ার্কারদের করুণ পরিস্থিতি

নীতি আয়োগের তথ্য অনুযায়ী, ভারতে গিগ ইকোনমিতে নিযুক্ত কর্মীর সংখ্যা ২০২০-২১ সালে ছিল প্রায় ৭৭ লক্ষ। বর্তমানে (২০২৪-২৫ অনুমান অনুযায়ী) এটি এক কোটিরও বেশি হয়ে গেছে এবং ২০২৯-৩০ নাগাদ এই সংখ্যা বেড়ে দাঁড়াবে প্রায় ২.৩৫ কোটি (২৩.৫ মিলিয়ন)। সার্ভে থেকে জানা যায়, এদের মধ্যে প্রায় ৮৫% কর্মী আট ঘণ্টা বা তার বেশি সময় কাজ করেন—অর্থাৎ এটি তাদের জন্য ফুলটাইম কাজের সমতুল্য।

দেশে গত ৭৫ বছরের মধ্যে বেকারত্বের হার যখন চরম পর্যায়ে পৌঁছেছে, তখন অনেক চাকরি হারা মানুষ ভিড় জমিয়েছে এই ডেলিভারি প্লাটফর্ম গুলোর কাছে, আর এই সুযোগে অনলাইন প্ল্যাটফর্মগুলো গিগ ওয়ার্কারদের ওপর শোষণের মাত্রা চরমে তুলে দিয়েছে। এই কোম্পানিগুলো নিজেদের ‘এমপ্লয়ার’ বলে স্বীকার করে না, আবার যারা কাজ করছেন তাদের ‘এমপ্লয়ি’ও বলে না। তারা নিজেদেরকে ‘অ্যাগ্রিগেটর’ এবং কর্মীদেরকে ‘ডেলিভারি পার্টনার’ বলে অভিহিত করে। এই ভাষার খেলার ফলে কোনো শ্রম আইন এদের ওপর প্রয়োগ করা যাচ্ছে না। ফলে গিগ ওয়ার্কাররা প্রভিডেন্ট ফান্ড (PF), গ্র্যাচুইটি, হেলথ ইন্স্যুরেন্স, ইএসআই (ESI)—এসব কোনো সামাজিক নিরাপত্তার আওতায় পড়ছেন না। দীর্ঘ কর্মঘণ্টা, ঝুঁকিপূর্ণ রাস্তায় কাজ, দুর্ঘটনার সম্ভাবনা—সত্ত্বেও তাদের কোনো ন্যূনতম সুরক্ষা নেই। ফলস্বরূপ, আজকের এই ‘ডেলিভারি পার্টনার’দের অবস্থা প্রথাগত কারখানার শ্রমিকদের চেয়েও করুণ হয়ে উঠেছে।

ন্যূনতম মজুরির সুরক্ষা নেই

কিছুদিন আগে আমেরিকায় ফেডারেল মিনিমাম ওয়েজ ঘোষণা করা হয়েছে ঘণ্টাপ্রতি প্রায় ৬০০-৭০০ টাকা (বর্তমান এক্সচেঞ্জ রেটে $৭.২৫ ঘণ্টায়)। অন্যদিকে, দিল্লি সরকারের সাম্প্রতিক মিনিমাম ওয়েজ (আনস্কিল্ড ওয়ার্কারদের জন্য) দৈনিক প্রায় ৭১২-৭৪২ টাকা (মাসিক ১৮,৪৫৬ টাকা হিসেবে, ২৬ দিনের ভিত্তিতে)। অর্থাৎ, আমেরিকার এক ঘণ্টার মিনিমাম ওয়েজ ভারতের একদিনের মিনিমাম ওয়েজের সমান! উত্তরাখণ্ড সরকারও মিনিমাম ওয়েজ ঘোষণা করেছে—অনেক ক্যাটাগরিতে মাসিক প্রায় ১২,০০০ টাকা। এ হিসেবে দৈনিক প্রায় ৪৬২ টাকা, ঘণ্টাপ্রতি মাত্র ৫৮-৬৫ টাকা (৮ ঘণ্টার দিন ধরে)। এমনকি এই রেট থেকে ১০ টাকা কমিয়ে দিলেও, তা অনেক গিগ ডেলিভারি ওয়ার্কারের ঘণ্টাপ্রতি আয়ের কাছাকাছি চলে আসে।

সাম্প্রতিক এক ভাইরাল ভিডিওতে দেখা গেছে, একজন ব্লিঙ্কিট ডেলিভারি পার্টনার (উত্তরাখণ্ডের বাসিন্দা) একদিনে ২৮টি অর্ডার ডেলিভার করেছেন। কাজ করেছেন প্রায় ১৫ ঘণ্টা, রাইড করেছেন ৫০ কিলোমিটারের বেশি—কিন্তু উপার্জন মাত্র ৭৬২-৭৬৩ টাকা! এর মধ্যে তেলের খরচ, বাইকের মেইনটেন্যান্স সবকিছু বাদ দিতে হয়। ঘণ্টাপ্রতি আয় পড়ে মাত্র ৫০-৫২ টাকা। এই ভিডিও ভাইরাল হয়ে গিগ ইকোনমির শোষণের চিত্রটা তুলে ধরেছে এবং এমনকি রাজ্যসভার সাংসদ রাঘব চড্ডা-ও এ নিয়ে সরব হয়েছেন। এই তুলনা থেকে স্পষ্ট যে, গিগ ওয়ার্কাররা মিনিমাম ওয়েজের সুরক্ষা ছাড়াই দীর্ঘ ঘণ্টা ঝুঁকিপূর্ণ কাজ করে খুব কম আয় করছেন।

ব্যাপক আকারের সর্বভারতীয় ধর্মঘট

গিগ ওয়ার্কারদের দুরবস্থা নিয়ে আপের রাজ্যসভা সাংসদ রাঘব চড্ডা কয়েক মাস আগে সংসদে জোরালো বক্তৃতা দিয়েছিলেন। তিনি ১০ মিনিটের ডেলিভারি মডেলকে ‘বিপজ্জনক’ বলে সমালোচনা করেন এবং গিগ ওয়ার্কারদের সামাজিক নিরাপত্তা, ন্যায্য মজুরি ও নিরাপত্তার দাবি তুলে ধরেন। কিন্তু সরকারের পক্ষ থেকে এখনও কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়নি।

এরপরই, কোম্পানিগুলোর নীরবতা এবং সরকারের উদাসীনতার বিরুদ্ধে গিগ ওয়ার্কাররা সংগঠিত হয়ে ওঠেন। Indian Federation of App-Based Transport Workers (IFAT), Telangana Gig and Platform Workers Union (TGPWU) এবং Gig & Platform Services Workers Union (GIPSWU)-এর মতো ইউনিয়নগুলোর নেতৃত্বে তারা ২১ দফা দাবি নিয়ে সর্বভারতীয় ধর্মঘটের ডাক দেন—২৫ ডিসেম্বর (ক্রিসমাস) এবং ৩১ ডিসেম্বর (নববর্ষের প্রাক্কালে)। এই ধর্মঘটে Swiggy, Zomato, Blinkit, Zepto, Amazon, Flipkart-এর মতো প্ল্যাটফর্মের লক্ষাধিক ডেলিভারি ওয়ার্কার অংশ নেন, যার ফলে অনেক শহরে ৫০-৬০% ডেলিভারি ব্যাহত হয়।

তাদের মূল দাবিগুলো ছিল:

  • পুরনো পে-আউট সিস্টেম ফিরিয়ে আনা: জিনিসপত্রের দাম বাড়লেও আয় কমে গেছে। আগে প্রতি ডেলিভারিতে ৮০ টাকা বা তার বেশি পাওয়া যেত, এখন তা নেমে এসেছে ২০-৩০ টাকায়, কোথাও কোথাও মাত্র ৬-৮ টাকা। তাই দাবি ছিল ন্যায্য ও স্বচ্ছ মজুরি, কিলোমিটার-প্রতি কমপক্ষে ২০ টাকা এবং মাসিক ন্যূনতম আয়ের গ্যারান্টি।
  • ১০ মিনিটের ডেলিভারি মডেল সম্পূর্ণ বাতিল: এটি কোনো জরুরি চিকিৎসা সেবা নয়, কিন্তু এই চাপে ডেলিভারি বয়রা ট্রাফিক আইন ভাঙেন, অতিরিক্ত গতিতে চালান—যার ফলে দুর্ঘটনা ও মৃত্যুর ঝুঁকি বাড়ে। কয়েক মিনিট দেরি হলেই ইনসেনটিভ কাটা যায় বা আইডি সাসপেন্ড হয়ে যায়।
  • অ্যাপ থেকে বহিষ্কার বা সাসপেন্ডের ক্ষেত্রে ন্যায্য প্রক্রিয়া: কোনো ওয়ার্কারকে অযৌক্তিকভাবে ব্লক করা চলবে না। তাই দাবি ওঠে গ্রিভ্যান্স সেল গঠনের, যেখানে ক্রেতা ও ডেলিভারি ওয়ার্কার উভয়ের অভিযোগ শোনা হবে। এছাড়া অ্যালগরিদম-ভিত্তিক শাস্তি বন্ধ করার দাবিও ওঠে।
  • অ্যালগরিদমের স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ: অ্যালগরিদমের কারণে একই রেস্টুরেন্ট থেকে ৮-৯টা ডেলিভারি করার পর পরবর্তী অর্ডার পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়—কারণ ১০টা পূর্ণ হলে কোম্পানিকে অতিরিক্ত ইনসেনটিভ দিতে হয়। অর্ডারের মধ্যে কত সময় লাগবে, তার কোনো স্পষ্ট তথ্য নেই। তাই অ্যালগরিদমের স্বচ্ছতা এবং এর অপব্যবহার বন্ধের দাবি জানানো হয়।

অন্যান্য গুরুত্বপূর্ণ দাবিগুলো ছিল:

  • মহিলা ওয়ার্কারদের জন্য মাতৃত্বকালীন ছুটি ও নিরাপত্তা – গর্ভাবস্থায় অ্যাপ থেকে বহিষ্কার করা চলবে না; পূর্ণ মাতৃত্ব সুবিধা দিতে হবে, ইত্যাদি।
  • সমস্ত ওয়ার্কারের জন্য ইন্স্যুরেন্স: বর্তমানে শুধু ৪.৭+ রেটিং থাকলে ইন্স্যুরেন্স পাওয়া যায়—এটি বাতিল করে সকলের জন্য দুর্ঘটনা, স্বাস্থ্য ও পেনশনের ব্যবস্থা করতে হবে।
  • লেট নাইট ডেলিভারি (কুয়াশায়) বন্ধ, ওয়েটিং টাইমের পে, কাস্টমার ক্যানসেলেশনে ক্ষতিপূরণ ইত্যাদি।

কারো পৌষ মাস, কারো সর্বনাশ

নববর্ষের উৎসবের মধ্যে, ১ জানুয়ারি ২০২৬-এর প্রথম দিনগুলোতে সোশ্যাল মিডিয়া আর নিউজ চ্যানেল ভরে গিয়েছিল ডেলিভারি প্ল্যাটফর্মগুলোর জয়গানে। Zomato-র সিইও দীপিন্দর গোয়েল, Swiggy-র শ্রীহর্ষ মজেটি, Blinkit-এর অলবিন্দর সিং—সবাই ফলাও করে প্রচার করলেন তাদের রেকর্ড-ব্রেকিং ব্যবসা। কোটি কোটি টাকার অর্ডার, লক্ষ লক্ষ বিরিয়ানি, পিজ্জা, বার্গার, কেকের ডেলিভারি—এই সংখ্যাগুলোকে তারা উদযাপন করলেন যেন এটা কোনো যুদ্ধজয়ের খবর। পত্রপত্রিকা, টেলিভিশন, সোশ্যাল মিডিয়া—সর্বত্র এই ‘সাফল্যের গল্প’ ছড়িয়ে দেওয়া হলো।

কিন্তু কোনো সিইও, কোনো উচ্চপদস্থ কর্তা একবারের জন্যও বললেন না—এই কয়েক লক্ষ ডেলিভারির পেছনে যে হাজার হাজার গিগ ওয়ার্কার রাতভর রাস্তায় ছিলেন, তাদের ক’জন দুর্ঘটনায় পড়েছেন? কতজন হাসপাতালে? কতজনের পরিবার এখনো অপেক্ষা করছে তাদের ফিরে আসার? আর এই রেকর্ড ব্যবসার ভাগ থেকে ডেলিভারি পার্টনাররা ঠিক কত টাকা পেয়েছেন? এই প্রশ্নগুলোর কোনো উত্তর নেই। কারণ এই কোম্পানিগুলোর কাছে মুনাফাই আসল, শ্রমিকের দুর্দশা নয়।

এই নীরবতা থেকেই স্পষ্ট হয়ে ওঠে গিগ ইকোনমির প্রকৃত চেহারা। যে শ্রমিকরা ঝড়-বৃষ্টি-কুয়াশা উপেক্ষা করে, জীবনের ঝুঁকি নিয়ে, ১৫-১৬ ঘণ্টা কাজ করে আমাদের দোরগোড়ায় খাবার পৌঁছে দিচ্ছেন—তাদের কষ্ট, তাদের নিরাপত্তাহীনতা, তাদের কমে যাওয়া আয়—এসব কোম্পানির প্রেস রিলিজে স্থান পায় না। তারা শুধু ‘রেকর্ড ব্রেকিং’ সংখ্যা দেখায়, কিন্তু সেই সংখ্যার পেছনের মানুষগুলোকে অদৃশ্য করে রাখে।

আন্দোলনই শেষ পথ

যখন শোষণ অভ্যাসে পরিণত হয়, তখন আন্দোলনই একমাত্র পথ হয়ে ওঠে। ২৫ ও ৩১ ডিসেম্বরের ধর্মঘট ছিল সেই পথের প্রথম পদক্ষেপ। হাজার হাজার ডেলিভারি বয় যখন অ্যাপ বন্ধ করে রাস্তায় নেমেছিলেন, তখন অনেক শহরে ডেলিভারি প্রায় থেমে গিয়েছিল। এটা প্রমাণ করেছে যে, এই ব্যবসার ভিত্তি এই শ্রমিকদের ওপরেই দাঁড়িয়ে আছে। তাই এই আন্দোলনকে পরবর্তীকালে আরও সংগঠিত, আরও শক্তিশালী করতে হবে। সরকারের কাছে দাবি তুলতে হবে—গিগ ওয়ার্কারদের ‘কর্মী’ হিসেবে স্বীকৃতি দিতে হবে, শ্রম আইনের আওতায় আনতে হবে, ন্যূনতম মজুরি, ইন্স্যুরেন্স, পেনশন, মাতৃত্বকালীন সুবিধা—এসব নিশ্চিত করতে হবে। মুনাফালোভী কোম্পানিগুলোর কাছ থেকে শ্রমিকদের অধিকার কেড়ে নিতে হলে একটাই পথ খোলা—ঐক্যবদ্ধ, অবিরাম আন্দোলন। এই আন্দোলন শুধু মজুরির লড়াই নয়, এটি মর্যাদা, নিরাপত্তা ও মানবিক অধিকারের লড়াই।

Leave a Reply