~ তপন
হ্যাঁ, হ্যাঁ, এই জল্লাদের বধ্যভূমিই আমার দেশ,
জল্লাদের উল্লাসের থেকে আমার কানে বাজে বিদ্রোহের আওয়াজ।
বিদেশি শাসকের উচ্ছিষ্ট খেয়ে ওরা আজও বলিয়ান,
কিন্তু শিধু-কানু থেকে হিডমা বা অগুনতি বিপ্লবীরা হেরে গেলেও,
ওদের বীরত্বে আমাদের গর্ব হয়।
এই অসম লড়াইতে হেরে গেলেও লজ্জা হয় না,
বরং উৎসাহিত হই।
যখন দেখি এক সঙ্গে বিপ্লবী রাজনীতি করা বন্ধুরা,
শাসকের ছেড়ে যাওয়া চটিতে পা গলায়,
রাগ হয় না, মনকে শান্তনা দিই বাকি বন্ধুরা তো আছে।
দেহ ব্যবসার পল্লিতে যখন দেখি আমার মা-বোন দেহের মূল্য
নির্ধারণ করতে দর কষাকষি করছে কাঁচা মাংসের খরিদ্দারদের সঙ্গে।
আমার অসম্মান হয় না, কষ্ট হয় আর অনুশোচনা হয়।
এখনো আমরা পারলাম না এই আদিম ব্যবসাকে বন্ধ করতে।
সারা দেশে এত মহিলার ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে,
এটাও আমার দেশ।
ক্রোধ হয়, আবার ভাবি শুধু ক্রোধে হবে না,
ভাবতে হবে এতে আমারও দায় আছে।
আমি পারিনি এই মানুষখেকো ব্যাবস্থাকে বদলাতে।
তথাকথিত স্বাধীনতা দেবার সময় সাহেবদের পুঁতে দেওয়া
হিন্দু-মুসলিম বীজ আজ মহীরুহ।
প্রতিদিন আমরা রক্তাক্ত হচ্ছি, তবুও এটা আমার দেশ।
সাতষট্টিতে আমরা জিততে পারিনি ঠিকই, লড়াই কিন্তু জারি আছে।
এই দেশকে আমার ভালোবাসার দেশ না ভাবলে লড়াই করতে পারব না।
একদিন অন্যায় অবিচার মুক্ত দেশে বুক টান করে বলতে পারব,
হ্যাঁ, এটাই আমার ভালোবাসার দেশ।
