ঋত্বিক ঘটক

শতবর্ষে ঋত্বিক ঘটক

ইন্দ্রশেখর


লেখাটি প্রকাশিত হয় আজাদ গণ মোর্চা-র মুখপত্র মাতৃভূমি পত্রিকার
জানুয়ারি ২০২৬ সংখ্যায়

ঋত্বিক ঘটক (১৯২৫-১৯৭৬) ভারতীয় তথা বিশ্ব চলচ্চিত্রের দুনিয়ায় সামাজিক-রাজনৈতিক সচেতনতার নিরিখে বুদ্ধিবৃত্তিকভাবে শক্তিশালী এবং প্রভাবশালী অন্যতম একজন চলচ্চিত্র পরিচালক, যিনি দেশের শোষিত, নিপীড়িত, প্রতারিত জনগণের প্রতি দায়বদ্ধ ছিলেন। বাংলার ইতিহাস, সংস্কৃতি, জীবনযুদ্ধ, মানবিক সম্পর্ক, সহানুভূতি, সহমর্মিতা এবং প্রতিরোধে, বিশেষ করে ভারতের দেশভাগের ট্র্যাজেডিতে তাঁর সিনেমার শিকড় গভীরভাবে প্রোথিত।

শিকড়হীন মানুষের যন্ত্রণা

চলচ্চিত্রের ইতিহাসে বহু পরিচালকদের আমরা দেখেছি যাঁরা নানান সামাজিক-রাজনৈতিক বিষয়ে ছবি তৈরি করেছেন। অনেকেই প্রতিষ্ঠানবিরোধী, ফ্যাসিবাদবিরোধী, জাতপাত-নিপীড়ন, শ্রেণী-বৈষম্য, সামাজিক ন্যায়বিচার, পুলিশি নিপীড়ন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জল, জঙ্গল ও জমি উচ্ছেদের বিরুদ্ধে সিনেমা বানিয়েছেন। কিন্তু ঋত্বিক কুমার ঘটকের মতো খুব কম বা হাতেগোনা কয়েকজনই জন্মেছিলেন, যাঁরা স্বাধীনতার প্রাক্কালে নিপীড়িত খেটে খাওয়া জনসাধারণের ওপর সবচেয়ে ভয়াবহ আঘাতগুলির একটি — ভারতের দেশভাগকে রুপোলি পর্দায় দেখানোর সাহস করেছিলেন।

আরও নির্দ্দিষ্ট করে বলতে গেলে, বাংলা তথা ভারতের বিভাজন, যার ফলে ১৯৪৭ সালে বিভক্ত হয়ে পূর্ব পাকিস্তান এবং পশ্চিমবঙ্গ তৈরি হয়। লক্ষ লক্ষ মানুষ রাতারাতি শিকড়হীন, গৃহহীন হয়ে পড়ে। ভারতের কমিউনিস্ট পার্টির একজন কর্মী, আইপিটিএ-র সদস্য ঋত্বিক ঘটক এই নিদারুণ দুর্দশা সিনেমার পর্দায় দর্শককে দেখানোর সাহস করেছিলেন, ‘মেঘে ঢাকা তারা’, ‘সুবর্ণরেখা’, ‘কোমল গান্ধার’, ‘যুক্তি তক্কো আর গপ্পো’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘অযান্ত্রিক’ এবং আরও বহু চলচ্চিত্রে তাঁর সাহসী উপস্থাপনার মাধ্যমে।

একজন গণশিল্পী, একজন সর্বহারার শিল্পী, একজন আজীবন কমিউনিস্ট, ঋত্বিক ঘটক অবিভক্ত বাংলায় জন্মগ্রহণ করেছিলেন এবং ১৯৪৭ সালের দেশভাগের সময় লক্ষ লক্ষ অন্যান্য ছিন্নমূল শরণার্থীর মতো তিনিও ভিটেছাড়া হন। তাঁর সমসাময়িক অনেকের মতো ঋত্বিক সিনেমাকে নিছক বিনোদন হিসেবে দেখেননি। তিনি এই মাধ্যমটিকে ব্যবহার করেছিলেন শোষিত, নিপীড়িত মানুষের সংগ্রামকে প্রতিফলিত করতে, যাদের কণ্ঠস্বরকে আধা-সামন্ততান্ত্রিক, আধা-ঔপনিবেশিক রাষ্ট্র দমন করে এসেছে চিরকাল এবং যাদের জীবনে জুটেছে শুধুই উপেক্ষা। তাঁর নিজের কথায়:

“প্রতিবাদ করা শিল্পীর প্রথম এবং প্রধান দায়িত্ব। শিল্প ফাজলামি নয়। যারা প্রতিবাদ করছে না তারা অন্যায় করছে। শিল্প দায়িত্ব। আমার অধিকার নেই সে দায়িত্ব এড়িয়ে যাওয়ার। শিল্পী সমাজের সঙ্গে আষ্টেপৃষ্ঠে বাঁধা। সে সমাজের দাস, এই দাসত্ব স্বীকার করে তবে সে ছবি করবে।” দৃপ্তকণ্ঠে তিনি বলে গেছিলেন “পৃথিবীতে অ্যাপলিটিক্যাল কিংবা অরাজনৈতিক বলতে কিছুই নেই।”

সমাজবদলের অনুপ্রেরণা

তিনি নাট্য ও লেখালেখির মাধ্যমে কর্মজীবন শুরু করেন এবং এই প্রভাবগুলি তাঁর সিনেমাটিক শৈলীতে স্পষ্ট। তাঁর চলচ্চিত্রগুলি প্রায়শই বাস্তববাদের সাথে প্রতীকবাদ, লোকঐতিহ্যের সাথে আধুনিকতাবাদী পরীক্ষা এবং ব্যক্তিগত আবেগের সাথে সামাজিক ভাষ্যকে মিশ্রিত করে। তিনি বিশ্বাস করতেন যে সিনেমা সরাসরি বাস্তবতার মুখোমুখি হবে এবং সমাজবদলের, দিনবদলের অনুপ্রেরণা জোগাবে। যা তাঁর কাজকে একটি রূঢ়, জরুরী গুণমান দিয়েছে; যা তাঁকে সত্যজিৎ রায়ের মার্জিত মানবতাবাদ বা মৃণাল সেনের লিরিক্যাল রিয়েলিজম থেকে আলাদা করে তুলেছে।

তাঁর সবচেয়ে প্রশংসিত কাজগুলির মধ্যে ‘মেঘে ঢাকা তারা’ (১৯৬০) ভারতীয় সিনেমার একটি অন্যতম শ্রেষ্ঠ শিল্পকর্ম হিসেবে পরিচিত। নিতা নামের এক তরুণীর গল্প, যার জীবন তার পরিবারের জন্য উৎসর্গীকৃত হয়, তা দেশভাগের পর অগণিত শরণার্থীর দুর্ভোগকে প্রতিফলিত করে। ঋত্বিকের শব্দ ব্যবহারের উদ্ভাবনী পদ্ধতি — তীক্ষ্ণ চিৎকার, বজ্রপাত, হঠাৎ নীরবতা — চলচ্চিত্রটির মানসিক প্রভাবকে বাড়িয়ে তোলে। “দাদা, আমি বাঁচতে চাই!” এই অবিস্মরণীয় আর্তনাদ বাংলা সিনেমার অন্যতম আইকনিক মুহূর্ত হয়ে আছে।

চলচ্চিত্রের অনন্য ভাষা

তাঁর অন্যান্য চলচ্চিত্রগুলিও এদেশের বঞ্চিত অবহেলিত শোষিত মানুষের জীবনে পরিচয় সত্তা, দেশভাগের ফলে অভিবাসন ও ছিন্নমূল মানুষের উদ্বাস্তু হওয়া, যন্ত্রণা, প্রতারণা, ক্ষতি এবং সবকিছু সত্ত্বেও জীবনের আশাকে অন্বেষণ করা, ইত্যাদির মূলসুরকে ফুটিয়ে তুলেছে। ঋত্বিকের সিনেমা নির্দেশনার ভিজ্যুয়াল শৈলী — প্রশস্ত বা ওয়াইড ফ্রেম, সাহসী কম্পোজিশন, অভিব্যক্তিপূর্ণ আলো — সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিল। লোকসংগীত, থিয়েটার এর উপাদান এবং বিভিন্ন পৌরাণিক প্রতিকীকরণ এর সমন্বয়ে তিনি চলচ্চিত্রের একটি অনন্য ভাষা তৈরি করেছিলেন।

‘সুবর্ণরেখা’ ছবিতে হরপ্রসাদ (বিজন ভট্টাচার্য অভিনীত) যখন বলেন, “এরা যুদ্ধ দেখে নাই, মন্বন্তর দেখে নাই, দেশভাগ দেখে নাই”, তখন আমরা দেখতে পাই মানুষের শিল্প, শিল্পীর দায়িত্ব কোথায় পৌঁছাতে পারে। যখন শিল্পীর দায়িত্ব, যাদের কথা বলার কেউ নেই, সেই নিপীড়িত জনগণের পক্ষে কথা বলা। বছরের পর বছর ধরে, কুমার শাহানি, মণি কৌল এবং এমনকি বহু আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাতা যাঁরা খেটে খাওয়া মানুষের পক্ষে কথা বলার জন্য ছবি তৈরি করেছেন, তাঁদের অন্যতম অনুপ্রেরণা ঋত্বিক ঘটক।

প্রান্তিক মানুষের কথা

ঋত্বিক ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (FTII)-তেও শিক্ষক হিসেবে ও ভাইস প্রিন্সিপাল হিসেবেও কাজ করেছেন, যেখানে তিনি তাঁর তীব্র আবেগ এবং চিন্তার গভীরতা দিয়ে গোটা এক প্রজন্ম চলচ্চিত্র নির্মাতাদের অনুপ্রাণিত করেছেন। ভারতের কমিউনিস্ট পার্টি থেকে বেরিয়ে আসার পরেও তিনি মনেপ্রাণে আজীবন একজন কমিউনিস্টই থেকে গিয়েছিলেন। কারণ তিনি তাঁর অনুশীলনে, তাঁর শিল্পে, তাঁর সংগ্রামে, শ্রেণীহীন, শোষণহীন সমাজের জন্য নিবেদিত একজন কমিউনিস্ট ছিলেন, কারণ তিনি বিশ্বাস করতেন যে শোষিত নিপীড়িত জনগণের শৃঙ্খল ছাড়া হারানোর কিছু নেই, যেটা তিনি তাঁর কালজয়ী কাজের মাধ্যমে তিনি পর্দায় তুলে ধরেছেন।

ঋত্বিক ছিলেন এক দূরদর্শী শিল্পী, যিনি প্রান্তিক মানুষের পক্ষে কথা বলার জন্য সিনেমা ব্যবহার করেছিলেন। তাঁর চলচ্চিত্র মানবিক সহনশীলতা, সহমর্মিতা, সাংস্কৃতিক ইতিহাস এবং সামাজিক ন্যায়বিচারের শক্তিশালী দলিল হিসেবে রয়ে গেছে। আমরা প্রায়শই এমন চলচ্চিত্র দেখি যা মানবিক দুর্দশা এবং সামাজিক বৈষম্য, ফ্যাসিবাদ প্রতিরোধের কথা বলে, কিন্তু তাদের অনেকের মধ্যেই আবার সহমর্মিতা অনুপস্থিত থাকে, মানবিক জীবনবোধের অন্যতম মৌলিক অঙ্গ। তিনি আমাদের দেখিয়েছেন যে একজন চলচ্চিত্র পরিচালক, একজন শিল্পী, একজন কমিউনিস্টকে অবশ্যই মানুষের যন্ত্রণার প্রতি, জীবনযুদ্ধের প্রতি সহানুভূতিশীল, সহমর্মী হতে হবে। নানান দিক দিয়ে, তিনি আমাদের মনে করিয়ে দেন যে সিনেমা শুধুই গল্প বলার একটি মাধ্যম নয়, বরং সমাজের গভীরতম ক্ষত এবং সেই ক্ষত, যন্ত্রণা কাটিয়ে ওঠার আশার, বেঁচে থাকার আসার, জীবনের আশার একটি আয়না।

আজকের দিনে প্রাসঙ্গিকতা

২০২৫ ঋত্বিকের জন্মশতবর্ষ। আজ আমাদের দেশ আরএসএস-বিজেপি শাসিত হিন্দুত্ববাদী ফ্যাসিবাদী শাসনের অধীনে সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। রাষ্ট্র ক্রমাগত তার নিজের নাগরিকদের হুমকি দিচ্ছে, শোষণ করছে, দমন করছে, তাদের নাগরিকত্বের অধিকার কেড়ে নিতে, এনআরসি, সিএএ, এনপিআর এবং সর্বশেষ সংস্করণ এসআইআর-এর মাধ্যমে রাতারাতি তাদের ছিন্নমূল করতে উঠে পড়ে লেগেছে, যা প্রাথমিকভাবে শাসকশ্রেণী ধর্মের ভিত্তিতে শুরু করেছিল। বিশেষ করে মুসলমান, তারপর দলিত, আদিবাসী, দরিদ্র খেতে খাওয়া মানুষ, পরিযায়ী শ্রমিক, কৃষক এবং নানান শ্রমজীবী মানুষের এবং পর্যায়ক্রমে হিন্দুদেরও মানবাধিকার, নাগরিক অধিকার ছিনিয়ে নেওয়ার ভয়াবহ ঘৃণ্য ষড়যন্ত্র চলছে।

ব্রিটিশ রাজ এবং তাদের দোসর কংগ্রেস, হিন্দু মহাসভা, আরএসএস, মুসলিম লীগ এবং বিড়লা, ইস্পাহানির মতো বড় কর্পোরেটদের হাতে যেভাবে ভারতের দেশভাগ সম্পন্ন হয়েছিল, যেন ঠিক সেভাবেই আম্বানি ও আদানির নির্দেশে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। দেশের বিপুল সংখ্যক মানুষকে বেনাগরিক করে জল-জঙ্গল-জমি-অধিকার ছিনিয়ে নেওয়ার চক্রান্ত। আজকে যখন আমরা সেই একই ভয়াবহ স্মৃতির সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যা অতীতে দেশভাগের সময়ে, দুর্ভিক্ষের সময়ে আমাদের দাদু-ঠাকুমারা প্রত্যক্ষ করেছিলেন, এবং যা এখন আমাদের জন্য অপেক্ষা করছে, ঋত্বিক ঘটক যেন এই কঠিন সময়ে আরও বেশি প্রাসঙ্গিক। এনআরসি-বিরোধী, সিএএ-বিরোধী আন্দোলনগুলিতে জনগণের প্রতিবাদ মিছিলে, তাঁর বিভিন্ন সিনেমা যেমন ‘সুবর্ণরেখা’-র বিখ্যাত দৃশ্য অবলম্বনে তৈরি শাসকের বিরুদ্ধে গ্রাফিতি, আঁকা ছবি পোস্টার হিসাবে ব্যবহৃত হয়েছিল।

উপসংহার

ঋত্বিক আছেন। তাঁর বিপ্লবী উত্তরাধিকার, সংগ্রামী লেগাসি, প্রতিবাদী ধারা খেটে খাওয়া শ্রেণী, উদ্বাস্তু, ছিন্নমূল রিফিউজি, শরণার্থী, ছাত্র, কৃষক, শ্রমিক, হকার এবং সমস্ত শোষিত, প্রান্তিক, নিপীড়িত, শাসকের দ্বারা প্রতারিত জনগণের জীবনে শেকলভাঙ্গার গান হয়ে বেঁচে আছে। ঋত্বিকের চলচ্চিত্র, তাঁর শিল্প এই সাম্প্রদায়িক ফ্যাসিবাদী শাসক শক্তির বিরুদ্ধে সংগ্রামে, বড় কর্পোরেট লুটেরাদের বিরুদ্ধে, শোষণমুক্ত সমাজের জন্য, আমাদের গর্জিত, দৃপ্ত কণ্ঠস্বর এবং মুষ্টিবদ্ধ হাতের স্লোগান হয়ে উঠুক!


কভার ফটো সৌজন্যে – https://www.outlookindia.com/art-entertainment/ritwik-ghatak-birth-centenary-an-uncompromising-auteur [Retrieved On: 05/03/2026]

Leave a Reply