আবাস দুর্নীতি – কিছু কথা

ভূমিকা

আজকের এই দুর্নীতির যুগে এখন প্রায়শই একটি প্রকল্পের নাম বারবার উঠে আসছে টিভি ও বিভিন্ন সংবাদমাধ্যমে – সেই নামটি হল প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana বা PMAY)। যেখানে গোটা দেশ ও রাজ্য জুড়ে বিভিন্ন রকম দুর্নীতির রমরমা চলছে সেখানে অবশ্য গরীব মানুষের বাসস্হান নিয়েও দুর্নীতি হবে, এটাই স্বাভাবিক। যা হোক, এখন তাহলে এই প্রকল্প এবং এর দুর্নীতির ধরণগুলো একটু আলোচনা করা যাক।

প্রেক্ষাপট

ভারতবর্ষে স্বাধীণতার পরবর্তীকালে বিভিন্ন আবাস প্রকল্পের মাধ্যমে সমাজে আর্থসামাজিক ভাবে পিছিয়ে পড়া বিভিন্ন গোষ্ঠীর মানুষকে বাসস্থানের সুযোগ করে দেওয়ার কথা বলা হয়েছে। যদিও কোন প্রকল্পই কার্যকরীভাবে মানুষের বাসস্থানের সমস্যার যথার্থ সুরাহা করে উঠতে পারে নি। প্রকল্পগুলো শুরু হয়েছিল দেশভাগের পরবর্তীকালে রিফিউজিদের পুনর্স্থাপনের মধ্যে দিয়ে। পরবর্তীকালে, ১৯৮০ ও ৯০-এর দশকে শুরু হয় ইন্দিরা আবাস যোজনা (গ্রামীণ এলাকার জন্য), রাজীব আবাস যোজনা (শহুরে এলাকার জন্য) ইত্যাদি। পরবর্তীকালে বিজেপি কেন্দ্র সরকারে অধিষ্ঠানের পর ২০১৫ সাল থেকে শুরু হয় প্রধানমন্ত্রী আবাস যোজনা, যার মাধ্যমে আগের সমস্ত রকম আবাস যোজনাকে এর অন্তর্ভুক্ত করা হয়। এই আবাস যোজনার দুটি অংশ – ক) প্রধানমন্ত্রী আবাস যোজনা – গ্রামীণ, এবং খ) প্রধানমন্ত্রী আবাস যোজনা – শহুরে (Urban)। বলা হয়েছে যে এই প্রকল্পের লক্ষ্য সমাজের অপেক্ষাকৃত আর্থিক ভাবে পিছিয়ে পড়া অংশ (EWS, LIG এবং MIG)। যাতে ২০২২ সালের মধ্যে সমাজের সমস্ত স্তরের মানুষের বাসস্থানের (পাকা বাড়ীর) ব্যবস্থা করা হয়।

উদ্দেশ্য

এই যোজনার ঘোষিত উদ্দেশ্যগুলো নিম্নরূপ –

১) জমিকে সম্পদ হিসেবে গণ্য করে এবং বেসরকারি নির্মাণকারীদের (Private Developer) অংশগ্রহণের মাধ্যমে বস্তিবাসীদের পুনর্বাসন।
২) আর্থসামাজিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য ঋণ ও ভর্তুকির (Credit linked subsidy) মাধ্যমে সাশ্রয়ী বাসস্থানের (Affordable Housing) সুযোগ করে দেওয়া।
৩) সরকারি ও বেসরকারি অংশীদারীত্ব (Public Private Partnership বা PPP) মডেলের মাধ্যমে সাশ্রয়ী বাসস্থানের সুযোগ তৈরি করা।
৪) উপযুক্ত গ্রাহকদের নিজেদের বাড়ি তৈরির কাজে ভর্তুকি প্রদানের মাধ্যমে সাহায্য করা।

অর্থাৎ, সরকারের একটা বড় উদ্দেশ্য হলো কিভাবে বাসস্থান নির্মাণের কাজে যত বেশী করে সম্ভব বেসরকারি সংস্থাগুলোকে যুক্ত করে আবাসন শিল্প (Real Estate) এর সুবিধা করে দেওয়া যায়।

দ্বিতীয়ত, এই যোজনার একটা প্রধান বৈশিষ্ট্য হলো ঋণ ও ভর্তুকি ব্যবস্থা (Credit linked subsidy scheme বা CLSS), যাতে গ্রাহকেরা বাড়ি তৈরির জন্য ব্যাঙ্ক বা কোন আর্থিক সংস্থার থেকে ঋণ নেবে এবং সেই ঋণের সুদের একটা অংশ সরকার ব্যাঙ্ককে ভর্তুকি দেবে। অর্থাৎ সমাজের নিচুতলার মানুষকেও ব্যাঙ্ক ও আর্থিক সংস্থাগুলোর কাছ থেকে ঋণ নিতে বাধ্য করে পুঁজির বিকাশের সুযোগ করে দেওয়া, যেখানে সুদের একটা অংশ সরকার নিজে ভর্তুকি দেবে। অন্যভাবে বলতে গেলে, সমাজের সব স্তরের মানুষের বাসস্থানের সুযোগের নামে পুঁজিপতিদের ও ব্যাঙ্কের বিকাশের আরও সুযোগ করে দেওয়াটা হলো এই যোজনার একটা বড় উদ্দেশ্য।

গ্রাহক নির্বাচন

ভারতের মত দেশে অর্থনীতির বেশীরভাগটাই হল অপ্রাতিষ্ঠানিক ক্ষেত্র (Informal Sector), যেখানে বেশীরভাগ সাধারণ মানুষের কোন নিয়মিত আয় থাকে না। গরীবদের তো আরওই থাকে না। এইরকম দেশে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ নির্বাচনের সঠিক পদ্ধতি বের করতে সরকার হিমশিম খাচ্ছে, আর এর সুযোগে বেড়ে গেছে দুর্নীতি। রাজনৈতিক কর্তাব্যক্তি থেকে শুরু করে সরকারি আমলা, সকলে যুক্ত হয়ে গেছে নিজেদের কমিশন বুঝে নিতে। ফলে গ্রাহক নির্বাচন হয়ে গেছে পক্ষপাতদুষ্ট যেখানে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে কিছু মানুষকে সুবিধা করে নাম নথিভুক্ত করা হচ্ছে, আবার অন্যদিকে বহু যোগ্য গ্রাহককে তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে।

কেন্দ্র সরকারের পরিসংখ্যান অনুযায়ী প্রায় ৬৫% ভূমিহীন গ্রাহকদের (Landless Beneficiaries) এখনও জমির পাট্টা দেওয়া বাকি রয়েছে। অথচ জমি ছাড়া গ্রামীণ এলাকায় উপভোক্তারা এই প্রকল্পের অধীনে আসতে পারে না। ফলে অনেক যোগ্য গ্রাহক এই যোজনার সাহায্য থেকে বঞ্চিত হচ্ছে ।

দুর্নীতি

প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি আজ মানুষের চর্চার এক বড় বিষয়। ন্যায্য প্রাপকদের বঞ্চিত করে বেআইনীভাবে তালিকায় তোলা হয়েছে একাধিক ব্যক্তির নাম। আবাস যোজনার সুবিধাগুলো সঠিক উপভোক্তাদের কাছে পৌঁছাচ্ছে না – কোনো কোনো ক্ষেত্রে ভর্তুকির টাকা চলে যাচ্ছে গ্রাম পঞ্চায়েত, সরকারী আমলা বা ব্যাঙ্ক অফিসারদের পকেটে। কেন্দ্র সরকারের পরিসংখ্যান বলছে প্রায় ৬০% উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তিত হয়ে গেছে। যা ইঙ্গিত করছে যে উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি পাঠানো টাকা খুব সম্ভবত উপভোক্তাদের কাছে পৌঁছায়নি। আর এই দুর্নীতির প্রতিযোগিতার মাঝে বঞ্চিত হয়ে গেছে বহু যোগ্য গ্রাহক। গত ৩১-এ ডিসেম্বর পর্যন্ত এই রাজ্যে তালিকায় নাম জমা পড়েছে ১০ লক্ষ ১৯ হাজার, যেখানে সরকারের লক্ষ্যমাত্রা ছিল ১১ লক্ষ্য ৩৬ হাজার। সংবাদপত্রের রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে আবাস যোজনার বাড়িতে তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসও। সুতরাং, আবাস যোজনার দুর্নীতি আজ আর গোপন নেই, এটা আজ সাধারণ মানুষের কাছে না বলা সত্য।

উপসংহার

সমাজের বিভিন্ন ক্ষেত্রে বেসরকারি আগ্রাসন ও তার প্রভাব আমাদের চোখের সামনে স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে প্রতিদিন। তাই যেখানে শিক্ষা, স্বাস্থ্য ক্ষেত্রে সরকারের বাজেট ক্রমশ কমছে সেখানে কর্পোরেটদের জন্য ছাড়ের পরিমাণ দিন দিন বেড়ে চলেছে। বাসস্থানের জন্য এই সরকারি অনুদানের বেশীরভাগটাই আসলে যাচ্ছে বিভিন্ন ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ভান্ডারে। আর যে অংশটা হয়ত সরাসরি সাধারণ মানুষের কাছে আসত, সেখানে যুক্ত হয়েছে দূর্নীতি। একদিকে বেসরকারি প্রতিষ্ঠানগুলো ভূয়া অ্যাকাউন্ট তৈরি করে টাকা আত্মসাৎ করছে আর অন্যদিকে সরকারি আমলা ও রাজনৈতিক গোষ্ঠীগুলো কমিশন নিচ্ছে বা কোনো কোনো ক্ষেত্রে পুরোটাই আত্মসাৎ করছে। সাধারণ মানুষের কাছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা তাই আজকের এই দুর্নীতি ও বেসরকারিকরণের যুগে হয়ে উঠেছে এক বড় প্রহসন।


লেখাটি প্রকাশিত হয় আজাদ গণ মোর্চা-র মুখপত্র মাতৃভূমি পত্রিকার ফেব্রুয়ারি ২০২৩ সংখ্যায়


কভার ফটো সৌজন্যে – https://gilcogreens.com/blog/pradhan-mantri-awas-yojana-urban-scope-coverage-and-construction-of-homes-under-the-scheme/ [Retrieved On: 11/03/2023]

One thought on “আবাস দুর্নীতি – কিছু কথা”

Leave a Reply