“১৯৩০-এর ১৮-ই এপ্রিলের চট্টগ্রাম ইস্টার বিদ্রোহের কথা কোনও দিন ভুলে যেও না। জালালাবাদ, জুলধা, চন্দননগর ও ধলঘাটের সংগ্রামের কথা সব সময় মনে রেখো। ভারতের স্বাধীনতার বেদিমূলে যেসব দেশপ্রেমিক জীবন উৎসর্গ করেছেন, তাঁদের নাম রক্তাক্ষরে অন্তরের অন্তরতম স্থলে সর্বদা লিখে রেখো। … বিপ্লব দীর্ঘজীবী হোক, বন্দেমাতরম।”
– মাস্টারদা সূর্য সেনের ফাঁসির আগের দিন, ১১-ই জানুয়ারী ১৯৩৪-এ লেখা তাঁর শেষ চিঠির অংশবিশেষ
১৮-ই এপ্রিল, ১৯৩০, চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের সেই ঐতিহাসিক দিন যেদিন পূর্ববঙ্গের ছোট্ট একটা গ্রামের কিছু অকুতোভয় তরুণ বিপ্লবী সমগ্র ভারতের ব্রিটিশ উপনিবেশের বুকে কাঁপুনি ধরিয়ে দিয়েছিল। ১৮৫৭ এর সিপাহী বিদ্রোহের পর সেটাই ছিল ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে প্রথম সফল সশস্ত্র অভ্যুত্থান। যে কারণে কিছুদিনের জন্য হলেও, চট্টগ্রামে উড়েছিল স্বাধীন ভারতের পতাকা, প্রতিষ্ঠিত হয়েছিল ইংরেজ শাসন মুক্ত স্বাধীন সরকার। আসুন স্মরণ করি সেই দিনটিকে এবং দেখি কেমন ছিল তার অভিঘাত।
১৯১৭ সালের রাশিয়ার বলশেভিক আন্দোলনের সাফল্যের ঢেউ ভারতেও এসে পৌঁছায়। তার সাথে কংগ্রেসের অসহযোগ আন্দোলন হঠাৎ করে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত, বিশ্ব অর্থনীতির মন্দা, ভারতের শিক্ষিত মধ্যবিত্ত যুবসমাজের হতাশা ইত্যাদি মিলেমিশে তদানীন্তন স্বাধীনতা সংগ্রামের অভিমুখ পাল্টে দিতে থাকে। পরিণামে পশ্চিমে পাঞ্জাব থেকে পূর্বদিকে বাংলা, সর্বত্রই সশস্ত্র আন্দোলন আবার মাথাচাড়া দিয়ে ওঠে। একদিকে যেমন গুপ্ত সংগঠনগুলোতে পুরনো নেতৃত্বের সাথে দ্বন্দ্বের মধ্যে দিয়ে উঠে আসছিল নতুন তরুণ বিপ্লবী নেতৃত্ব, তেমনি অন্যদিকে তৈরি হচ্ছিল আরও নতুন নতুন গুপ্ত বিপ্লবী সংগঠন। সেই আবহে ১৯২৯ সালে ঢাকার সতীশচন্দ্র পাকড়াশী, চট্টগ্রামের মাস্টারদা সূর্য সেন ও অম্বিকা চক্রবর্তী, কলকাতার যতীন্দ্রনাথ দাস ও বিনয় রায়, বরিশালের নিরঞ্জন সেন এবং ত্রিপুরার প্রভাত চক্রবর্তীরা গোপনে পরিকল্পনা করলেন যে চট্টগ্রাম, ময়মনসিংহ আর বরিশালে একই দিনে একই সময়ে ব্রিটিশদের উপর একটা যৌথ আক্রমণ হানা হবে। কিন্তু ওই বছর ডিসেম্বরের ১৮ তারিখ সতীশচন্দ্র পাকড়াশী, নিরঞ্জন সেন ও রমেন বিশ্বাস কলকাতার মেছুয়াবাজারে বোমা তৈরির ফর্মুলাসহ পুলিশের হাতে ধরা পড়ে যান। আরও অন্যান্য জেলা মিলিয়ে সর্বমোট ৩২ জন বিপ্লবী হন, এবং শুরু হয় ঐতিহাসিক “মেছুয়াবাজার বোমা মামলা”। এহেন পরিস্থিতিতে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামের বিপ্লবীরা সিদ্ধান্ত নিলেন যে তাঁদের পরিকল্পনা যথাসম্ভব তাড়াতাড়ি বাস্তবায়িত করতে হবে।
দিন নির্ধারণ থেকে শুরু করে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের প্রত্যেকটি ধাপ নিখুঁত পরিকল্পনা করে তৈরি করা হয়েছিল। ১৮-ই এপ্রিল, ১৯৩০ দিনটিকে বেছে নেওয়া হয় কারণ ঠিক ওই দিনেই ডাবলিনে আয়ারল্যান্ডের গুপ্ত বিপ্লবী বাহিনী – আইরিশ রিপাব্লিকান আর্মি – ব্রিটিশদের ওপর আক্রমণের সিদ্ধান্ত নেয় ডাবলিনকে ব্রিটিশ শাসন মুক্ত করার লক্ষ্যে। এছাড়া ওই দিনটি ছিল গুড ফ্রাইডে, যেদিন ব্রিটিশরা উৎসব পালনে ব্যস্ত থাকে। এই সুযোগ মাস্টারদারা হাতছাড়া করেননি। তাঁদের লক্ষ্য ছিল – (১) চট্টগ্রামের পুলিশ লাইন দখল করে অস্ত্র হাতিয়ে নেওয়া, (২) সহায়ক ব্রিটিশ বাহিনীর ব্যারাক ধ্বংস করা এবং সেখানে মজুত থাকা অস্ত্র পুলিশ লাইনে নিয়ে আসা, (৩) চট্টগ্রাম এবং ঢাকা ও কলকাতার টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করা, (৪) রেললাইন উপড়ে ফেলে বাইরে থেকে চট্টগ্রামে সৈন্য পরিবহনের প্রধান মাধ্যমটি অকেজো করে দেওয়া এবং (৫) ইউরোপিয়ান ক্লাবে আক্রমণ করে সেখানে থাকা ব্রিটিশদের বন্দি করে জালিনওয়ালাবাগ আর চৌরিচৌরার ঘটনার বদলা নেওয়া (এই সেই ইউরোপিয়ান ক্লাব যেখানে লেখা থাকত “dogs and indians are not allowed [কুকুর এবং ভারতীয়দের প্রবেশের অনুমতি নেই]”)। সেইমতো বিপ্লবীদের আলাদা দল তৈরি করা হয়, যাঁদের নেতৃত্বে থাকেন অনন্ত সিংহ, গণেশ ঘোষ, লোকনাথ বল, নির্মল সেন, অম্বিকা চক্রবর্তীর মত যোদ্ধারা।
১৮ তারিখ সন্ধেবেলা ইন্ডিয়ান রিপাব্লিকান আর্মি, চট্টগ্রাম শাখার পক্ষ থেকে লিফলেট বিলি করে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনের ডাক দেওয়া হয় এবং জনসাধারণকে সেই আন্দোলনের শরিক হতে অনুরোধ করা হয়। রাত গভীর হতে, অনন্ত সিংহ ও গণেশ ঘোষের নেতৃত্বে কয়েক ডজন বিপ্লবী নিয়ে চট্টগ্রাম পুলিশ লাইনে হানা দেন। এই বিপ্লবীদের হাতে খুব বেশী অস্ত্র ছিল না, তবে তাঁদের এই অতর্কিত আক্রমণ সামলানোর প্রস্তুতি পুলিশদের ছিল না। তাই যেকজন পুলিশ সেখানে ছিল, তারা ভয়ে তাদের ঘাঁটি ছেড়ে পালিয়ে যায়। পুলিশদের জন্য মজুদ থাকা গোলা বন্দুক এবার বিপ্লবীদের হাতে চলে আসে। প্রায় একই সময়ে, লোকনাথ বল ও নির্মল সেনের নেতৃত্বে সহায়ক ব্রিটিশ বাহিনীর অস্ত্রাগারে (অক্সিলিয়ারি ফোর্স আর্মারি) আক্রমণ করা হয়। সেখানে কয়েক রাউন্ড গোলাগুলি চলে এবং তাতে এক ইউরোপিয়ান মেজর সাহেবের মৃত্যু হয়। ব্যারাক দখলের পর সেখানে থাকা মেশিন গান আর রাইফেল বিপ্লবীরা তাঁদের করায়ত্ত করেন, কিন্তু দুর্ভাগ্যবশত বন্দুকের কার্তুজ তাঁদের হাতে আসেনি। অন্যদিকে অম্বিকা চক্রবর্তীর তত্বাবধানে চট্টগ্রাম টেলিগ্রাম আর টেলিফোন অফিসের সংযোগ ব্যবস্থা অকেজো করার কাজও সফল হয়। ফলতঃ জেলা শাসক, পুলিশ অধ্যক্ষ ও অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মধ্যে যোগাযোগের পথটিও বন্ধ হয়ে যায়। ইংরেজ প্রশাসন বুঝতে পারে যে চট্টগ্রামে কিছু একটা গুরুতর ঘটনা ঘটেছে, কিন্তু ঠিক কি ঘটেছে সেই ব্যাপারে তারা তখনও কোনো খবর পায়নি। উপরন্তু রেল যোগাযোগ বিছিন্ন করার কাজটিও সুসম্পন্ন হয়। শুধু ইউরোপিয়ান ক্লাব আক্রমণে বিপ্লবীদের একটু দেরী হয়ে যায়। বিপ্লবীরা সেখানে পৌঁছে দেখেন যে ক্লাবের ইউরোপিয়ান মেম্বাররা আগেই বাড়ি ফিরে গেছেন। তাই জালিনওয়ালাবাগ আর চৌরিচৌরার বদলা নেওয়ার অভিপ্রায়টি অসম্পূর্ণ থেকে যায়। তবে বাকী কাজ পরিকল্পনামাফিক শেষ করে বিপ্লবীরা পুলিশ লাইনে ফিরে আসেন এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা শুরু হয়। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির সভাপতি হিসেবে সূর্য সেন ব্রিটিশ পতাকা নামিয়ে দিয়ে, স্বাধীন ভারতের পতাকা উত্তোলিত করেন। এরপর স্বাধীনতার শপথ বাক্য পাঠ করা হয় এবং চট্টগ্রামকে ব্রিটিশ শাসনমুক্ত স্বাধীন সরকার হিসেবে ঘোষণা করা হয়।
বিপ্লবীদের পরবর্তী পদক্ষেপ ছিল যত দ্রুত সম্ভব শহর ছেড়ে পাহাড়ে গা ঢাকা দেওয়া। কিন্তু যখন এই পরিকল্পনা চলছে, তখন স্থানীয় ইউরোপিয়ান ব্রিটিশ সেনাদের একটি দল মেশিন গান নিয়ে পুলিশ লাইনে বিপ্লবীদের ওপর আক্রমণ চালায়। সৌভাগ্যবশত তারা সংখ্যায় অল্প থাকায় বিপ্লবীদের সাথে পেরে ওঠেনি। তবে এই ঘটনার পর পুলিশ লাইনে আগুন লাগিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু আগুন লাগানোর সময় বিপ্লবী হিমাংশু সেন গুরুতর ভাবে অগ্নিদগ্ধ হন, তাই তাঁকে নিয়ে চিকিৎসার জন্য গণেশ ঘোষ, অনন্ত সিংহ, মাখন ঘোষাল ও আনন্দ গুপ্তর একটি দল সেখান থেকে রওনা দেন। তবে তাঁরা সময়ের মধ্যে ফিরছেন না দেখে সূর্য সেন ওই পাঁচজনকে ছাড়া বাকীদের নিয়ে পাহাড়ের পথে যাত্রা শুরু করেন। পরবর্তী টানা কয়েকদিন ধরে ৫৭ জন বিপ্লবী, তাঁদের খিদে-তেষ্টা উপেক্ষা করে মাস্টারদার নেতৃত্বে একাধিক পাহাড় হেঁটে অতিক্রম করে অবশেষে জালালাবাদ পাহাড়ে পৌঁছান। সেখানে তাঁদের অপেক্ষা শুরু হয় ব্রিটিশ সেনাবাহিনীর সাথে যুদ্ধ শুরুর। প্রচুর তল্লাশির পর, ২২ এপ্রিল ব্রিটিশ সেনা জালালাবাদ পাহাড়ে এসে পৌঁছাল। শুরু হলো বিপ্লবীদের সাথে সেনার সম্মুখ সমর যা ইতিহাসে “জালালাবাদ যুদ্ধ” নামে প্রসিদ্ধ। বিপ্লবীদের সামনে কিন্তু সেনাবাহিনী সেদিন একদমই এঁটে উঠতে পারেনি। ৭৪ জন ব্রিটিশ সেনার মৃত্যু হয় এবং আরও ১৫০ জন আহত হন, যদিও ১০ জন বিপ্লবীও সেদিন শহিদ হয়েছিলেন। হতাহতর সংখ্যা দেখে ব্রিটিশ বাহিনী ভয় পেয়ে সেদিন রাতে পিছু হটার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। পরেরদিন ব্রিটিশ বাহিনীর বায়ুসেনা যুদ্ধে যোগ দেয় এবং বিপ্লবীদের ঘাঁটি লক্ষ্য করে আকাশ থেকে বোমাবর্ষণ শুরু করে। বিপ্লবীরা বুঝতে পারেন যে এই অসম লড়াইয়ে তাঁরা বেশিদিন পেরে উঠবেন না। তাই তাঁরা স্থির করলেন কাছের গ্রামগুলোতে ছড়িয়ে পড়ার এবং সুযোগ বুঝে বাহিনীর ওপর গোরিলা আক্রমণ চালানোর। সেইমতো বাকীদের বিভিন্ন জায়গায় পাঠানোর পর মাস্টারদা কাছের এক গ্রামে লুকিয়ে পড়েন।
এদিকে বিপ্লবীদের মূল দল থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পাঁচজনের একজন – অনন্ত সিংহ – কৌশলগত কারণে কলকাতায় ২৮-এ জুন ব্রিটিশদের হাতে ধরা দেন। অন্য আরেকজন গণেশ ঘোষ, বিপ্লবী লোকনাথ বলের সাথে চন্দননগর থেকে গ্রেফতার হন। এঁদের তিনজনকে চট্টগ্রামে নিয়ে গিয়ে তাঁদের বিচার শুরু করা হয়। জালালাবাদ যুদ্ধে আহত বিপ্লবী অম্বিকা চক্রবর্তীও ব্রিটিশ দের হাতে ধরা পড়েন এবং তাঁর বিচার শুরু হয়। এঁদের প্রত্যেককে যাবজ্জীবন জেল ও আন্দামানে দ্বীপান্তরের সাজা দেওয়া হয়। সূর্য সেন ও তাঁর সহযোদ্ধারা কিন্তু এর মধ্যেও ব্রিটিশদের ওপর তাঁদের চোরাগোপ্তা আক্রমণ চালিয়ে যেতে থাকেন। ধলঘাটের যুদ্ধ এবং ইউরোপিয়ান ইন্সিটিউট আক্রমণ হলো ওই সময়ের দুটো গুরুত্বপূর্ণ উদাহরণ। ১৪-ই জুন সূর্য সেন ও তাঁর কিছু সহযোগীকে ধলঘাট থানার পাটিয়া গ্রাম থেকে ধরার চেষ্টা ব্যর্থ হয়। নির্মল সেন ও অপূর্ব সেন ব্রিটিশ বাহিনীর সাথে যুদ্ধে নিজেদের প্রাণ দিয়ে সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার এবং কল্পনা দত্তকে পালিয়ে যেতে সাহায্য করেন। এরপরে বীরাঙ্গনা প্রীতিলতার নেতৃত্বে বিপ্লবীরা ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেন। এই আক্রমণে বেশ কয়েকজন ব্রিটিশ এবং অ্যাংলো ইন্ডিয়ান আহত হন; প্রীতিলতা নিজেও গুলিতে আহত হয়েছিলেন। আহত অবস্থায় পালানো সম্ভব নয় বুঝতে পেরে প্রীতিলতা বিষ খেয়ে আত্মাহুতির পথ বেছে নেন। তাঁর মৃত্যুর পর পোস্ট মর্টেমের সময় তাঁর পোশাকের পকেট থেকে তাঁর নিজ হাতে লেখা একটা বিবৃতি পাওয়া যায়, যাতে লেখা ছিল –
বিপ্লব দীর্ঘজীবী হোক। আমি দৃঢ়ভাবে ঘোষণা করছি যে আমি সেই ভারতীয় রিপাবলিকান আর্মির চট্টগ্রাম শাখার একজন সদস্য, যে প্রতিষ্ঠানের উচ্চ আদর্শ হলো অত্যাচারী শোষক ও সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসনের জোয়াল থেকে আমার মাতৃভূমিকে স্বাধীন করা এবং একটা যুক্তরাষ্ট্রীয় ভারতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা।… ভারতীয় নারীরা দৃঢ়প্রতিজ্ঞ হয়েছেন যে তাঁরা আর পিছিয়ে থাকবেন না এবং যেকোনো কাজে তাঁরা তাঁদের ভাইয়েদের কাঁধে কাঁধ মিলিয়ে অংশগ্রহণ করবেন, তা সে যতই দুঃসাহসিক আর কঠিন হোক না কেন। আমি আন্তরিকভাবে আশা করি যে আমার বোনেরা নিএজদেরকে আর দুর্বল মনে করবেন না, সমস্ত বিপদ আর অসুবিধার মোকাবিলা করার জন্য নিজেদেরকে প্রস্তুত করবেন, এবং বিপ্লবী আন্দোলনে হাজারে হাজারে যোগদান করবেন।
শেষ অবধি ১৯৩৩-এর ফেব্রুয়ারিতে চট্টগ্রাম শহরের নিকটস্থ গৈরলা গ্রামের গোপন ডেরা থেকে দীর্ঘক্ষণ সশস্ত্র লড়াইয়ের পর সূর্য সেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ব্রিটিশ পুলিশ। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সাথে যুক্ত তাঁর আর এক সহযোদ্ধা তারকেশ্বর দস্তিদার ওই বছর মে মাসে গ্রেফতার হন। মাস্টারদা সূর্য সেন এবং তারকেশ্বর দস্তিদার দুজনেই ১৯৩৪ সালের ১২-ই জানুয়ারি ফাঁসিতে মৃত্যুবরণ করেন।
সূর্য সেন ও তাঁর বিপ্লবী সাথীদের স্বপ্ন আজও অনেকাংশে অপূর্ণ রয়ে গিয়েছে। উপনিবেশ-বিরোধী যুদ্ধ এদেশে আজও চলছে নতুন রূপে। আসুন অনুরূপ সাহসের সাথে আমরা সেই লড়াইতে অংশগ্রহণ করি। চট্টগ্রামের এই বীরত্বপূর্ণ অধ্যায় এবং বিপ্লবীদের নিঃস্বার্থ আত্মাহুতি আমাদের সংগ্রামী বিবেবকে জাগ্রত করুক!
