“মোদের কোনো দেশ নাই, মোদের কোনো দিশা নাই”

পৃথু ব্যানার্জী


লেখাটি প্রকাশিত হয় আজাদ গণ মোর্চা-র মুখপত্র মাতৃভূমি পত্রিকার
মে ২০২৫ সংখ্যায়

লেখাটা শুরু করি একটা তথ্য দিয়ে। ২০০৯ থেকে ২০১৪ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করেন প্রায় ১.৩ লাখ ভারতীয়। অথচ ২০২২-২৩ সালে এক বছরে সেই সংখ্যা পৌঁছে যায় ৯৬,৯১৭-এ [১]। অর্থাৎ, UPA-২ সরকারের সময় পাঁচ বছরে মোট যতজন প্রবেশ করেছিলেন, বর্তমান NDA সরকারের সময়ে তা এক বছরেই প্রায় সমান হয়ে গেছে। ভারত “বিশ্বগুরু” হওয়ার পথে কী রকম গতি পেয়েছে, তা এই পরিসংখ্যান থেকেই বোঝা যায়।

তবে যে সাম্প্রতিক ঘটনাটা জনমনে গভীর আলোড়ন তুলেছে, তা ঘটেছে এই বছর, ট্রাম্প সরকারের দ্বিতীয় দফা ক্ষমতায় আসার পর। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ১০৪ জন ভারতীয় অবৈধ অভিবাসীকে একটা সামরিক বিমানে দেশে ফেরত পাঠায়। তাঁদের অধিকাংশই এসেছিলেন পাঞ্জাব, গুজরাট, হরিয়ানা, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশ থেকে। ফেরত আসা অনেকেই জানান, তাদের প্রায় ৪০ ঘণ্টা ধরে হাতকড়া ও পায়ে শিকল পরিয়ে রাখা হয়েছিল—এমনকি খাওয়া বা শৌচাগার ব্যবহারের সময়েও। এই যাত্রাকে তাঁরা বর্ণনা করেছেন “নরকের থেকেও ভয়াবহ” হিসেবে। এই ঘটনায় আন্তর্জাতিক মহলেও মানবিকতা নিয়ে প্রশ্ন উঠেছে [২]।

এই প্রসঙ্গে রাজনৈতিক বিতর্ক যেমন চলছে, তেমনই উঠে আসছে কিছু গভীর ও জরুরি প্রশ্ন:

১) কেন হয় অবৈধ অনুপ্রবেশ? কী সেই টান, যা মানুষকে এতটা ঝুঁকির মধ্যে ঠেলে দেয়?
২) সরকার বা সমাজ কি এই চিত্র থেকে দায় মুক্ত?
৩) অবৈধ অভিবাসীদের সঙ্গে কেমন আচরণ করা উচিত? আইন প্রয়োগের পাশাপাশি মানবিক দৃষ্টিভঙ্গি কি সম্ভব?
৪) এর স্থায়ী ও মানবিক সমাধান কী হতে পারে?

এই প্রশ্নগুলির উত্তর খুঁজতে গেলে আমাদের প্রথমে প্রয়োজন অবৈধ অনুপ্রবেশের প্রেক্ষাপটটা বোঝা।

অবৈধ অনুপ্রবেশ: সংক্ষিপ্ত ইতিহাস

অবৈধ অনুপ্রবেশ বলতে বোঝায়, কেউ যদি সংশ্লিষ্ট দেশের অভিবাসন আইন লঙ্ঘন করে সীমান্ত অতিক্রম করেন, ভিসার মেয়াদ পেরিয়ে থেকে যান, বা গোপনে ঢুকে দীর্ঘদিন অবস্থান করেন—তাঁকে অবৈধ অভিবাসী হিসেবে গণ্য করা হয়।

মানুষের চলাচল বা ‘মাইগ্রেশন’ নতুন কিছু নয়। আদিমকাল থেকেই মানুষ খাদ্য, জল, আশ্রয় এবং নিরাপত্তার প্রয়োজনে অঞ্চল পরিবর্তন করে এসেছে। আধুনিক ‘রাষ্ট্র’ বা ‘সীমানা’র ধারণা তখন ছিল না।

ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় ভারতীয়রা চুক্তিভিত্তিক শ্রমিক হিসেবে (গিরমিটিয়া প্রথায়) ফিজি, মরিশাস, দক্ষিণ আফ্রিকা ও ক্যারিবীয় অঞ্চলে পাড়ি জমিয়েছিলেন। যদিও তা ছিল বৈধ, তবুও এর পেছনে ছিল শোষণ ও নিপীড়নের ইতিহাস।[৩]

স্বাধীনতার পর বিশেষ করে ১৯৭০-এর দশক থেকে মধ্যপ্রাচ্যে অভিবাসনের ঢল নামে। পরে বৈশ্বিক অর্থনৈতিক অসমতা, রাজনৈতিক অস্থিরতা ও প্রযুক্তিগত অগ্রগতির কারণে ইউরোপ-আমেরিকাগামী অভিবাসনের চাহিদা বাড়ে। তখন থেকেই শুরু হয় অবৈধ অনুপ্রবেশের ধারা।

ভারতের পাঞ্জাব, গুজরাট, হরিয়ানা, বিহার প্রভৃতি রাজ্যে দালাল চক্র সক্রিয় হয়ে ওঠে। তারা মোটা অঙ্কের বিনিময়ে তথাকথিত ‘ডনকি রুট’ ব্যবহার করে মানুষকে একাধিক দেশ ঘুরিয়ে সীমান্তের ধারে নিয়ে যায়, কখনও মরুভূমি, কখনও সাগর, আবার কখনও মেক্সিকো সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে ঢুকিয়ে দেয়।[৪] 

কেন হয় অবৈধ অনুপ্রবেশ?

১. আর্থিক অনিশ্চয়তা ও বেকারত্ব:
দেশে চাকরির সুযোগের অভাব, কৃষির দুর্দশা, জীবিকার অনিশ্চয়তা এবং প্রবল আর্থ-সামাজিক বৈষম্য মানুষকে বিদেশমুখী করে তোলে। পাঞ্জাবের কৃষক পরিবারের ২৩ বছর বয়সী আকাশদীপ সিং এর বাবা বলেন, “আমরা কেন আমাদের ছেলেমেয়েদের এভাবে পাঠাই? কারণ এখানে তো কোনও চাকরি নেই।” [৫]

২. উন্নত জীবনের আকাঙ্ক্ষা ও শিক্ষা:
বহু তরুণ-তরুণী বিশ্বাস করেন, পশ্চিমে গেলে জীবনের মান উন্নত হবে। উচ্চশিক্ষা, চাকরি, সম্মান—সবকিছুর স্বপ্ন দেখিয়ে তাদের প্রলুব্ধ করা হয়। তাই বৈধ সুযোগ না পেলে তারা ঝুঁকিপূর্ণ পথ বেছে নেন। এর গভীরে রয়েছে মানুষের আশা, বাঁচার লড়াই, স্বপ্ন এবং অনেক ক্ষেত্রে অসহায়ত্ব।

৩. দালাল ও চোরাকারবারি চক্র:
অসাধু চক্র বিদেশে চাকরি বা পড়াশোনার ভুয়া প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বিপদে ফেলছে। ভুয়া ভিসা, ভুয়া কাজের চিঠি বা ভর্তি পত্র দেখিয়ে অনেককে চোরাই পথে পাঠানো হচ্ছে।

৪. সামাজিক চাপ ও “বিদেশ ফেরত” সংস্কৃতি:
অনেক সময় পরিবার ও সমাজের কাছ থেকে আসে প্রত্যক্ষ বা পরোক্ষ চাপ। বিশেষ করে যেসব অঞ্চলে অনেকেই আগে থেকেই প্রবাসী, সেখানকার তরুণদের মধ্যে বিদেশে যাওয়ার প্রবণতা বেশি। অবৈধ অনুপ্রবেশকারীদের অনেক সময় “হিরো” হিসেবে দেখা হয়—যা অন্য তরুণদের একই পথে চলতে উৎসাহিত করে। এই মনোভাবের পরিবর্তন প্রয়োজন।

এই সমস্ত কারণে মানুষ নিজের শেষ সঞ্চয় খরচ করে, কখনও জমি বিক্রি করে, কখনও ঋণে জর্জরিত হয়ে পড়ে—শুধু একটুখানি ভালো জীবনের আশায়।

রাষ্ট্রীয় প্রতিক্রিয়া ও মানবিক সংকট

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলি সীমান্তে নজরদারি, আধুনিক প্রযুক্তি ব্যবহার, এবং আইন কঠোর করে তুলেছে। কাঁটাতারের বেড়া, ড্রোন, সেন্সর, সেনাবাহিনী—সবই এখন এই ‘ইমিগ্রেশন যুদ্ধে’ ব্যবহৃত হচ্ছে। সাধারণভাবে রাজনৈতিকভাবে শরণার্থী ও অভিবাসন নীতিতে অনেক কড়াকড়ি আনা হয়েছে। দালাল চক্র ও ভুয়া নথিপত্র জালিয়াতি বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই কাজে প্রযুক্তির প্রয়োগও অনেকাংশে বেড়েছে – ড্রোন ও সেন্সর ব্যবহার করে আধুনিক নজরদারি, সীমান্ত জুড়ে কাঁটাতার ও প্রাচীর নির্মাণ ইত্যাদি। উল্লেখ্য যে বিষয়টিকে ইস্যু করে সাধারণ মানুষের ওপর রাষ্ট্র তার নজরদারি বাড়ানোর আরও একটা অজুহাত পেয়েছে।

তবে এই আইনের প্রয়োগের অনেকটাই হয়ে উঠেছে মানবিকতার বিরোধী। আটক শিবিরে বহু মানুষ বছরের পর বছর আটকে থাকেন, শিশুদের পরিবারের থেকে আলাদা করে রাখা হয়, চিকিৎসা ও ন্যূনতম সেবাও অনেক সময় দেওয়া হয় না। জাতিসংঘ, আইএমও এবং রেড ক্রস বহুবার এই অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, কিন্তু রাষ্ট্রীয় ‘সুরক্ষা’র অজুহাতে মানবিকতার জলাঞ্জলি দেওয়া হয়।[৬]

তাহলে সমাধান কোথায়?

অবৈধ অভিবাসন একটি আইনগত সমস্যা, কিন্তু এর শিকড় একেবারে মানবিক বাস্তবতায় প্রোথিত। এই বাস্তবতায় রয়েছে দারিদ্র্য, বৈষম্য, স্বপ্ন ও হতাশা। যারা এই কঠিন পথ বেছে নেন, তারা অনেক সময় পরিবারের স্বপ্ন পূরণের দায়িত্ব কাঁধে নিয়ে জীবনকে বাজি রাখেন। আমরা যদি এই সমস্যা শুধু সীমানা ও কাঁটাতারের মধ্যে দেখি, তাহলে মানবিকতাকে অন্ধকারে ঠেলে দিচ্ছি। শুধু আইন দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয়—দরকার সহানুভূতি, বোঝাপড়া এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সমাধান। বিশেষত ভারতের প্রেক্ষিতে নিম্নোক্ত বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করা দরকার:

১। যথেষ্ট কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি:
অপ্রতুল কর্মসংস্থান বৈধ এবং অবৈধ অভিবাসনের একটা বড় কারণ। তাই দেশের অভ্যন্তরে মানুষকে কাজের সুযোগ দিতে পারলে তারা বিদেশে পাড়ি জমাতে বাধ্য হবে না।
২। ভালোমানের শিক্ষা ও প্রশিক্ষণ:
যুবকদের প্রযুক্তি ও পেশাগত প্রশিক্ষণ দিলে তারা বৈধভাবে বিদেশে চাকরি পাবে, ফলে স্বভাবতই অবৈধ অভিবাসন বন্ধ হবে।
৩। দালাল চক্র দমন:
অনেক ক্ষেত্রেই এই ধরণের চক্র দুর্নীতিপরায়ণ স্থানীয় প্রশাসনের মদতে চলে। সরকারকে কঠোরভাবে দালাল চক্রকে ধরতে হবে এবং সাধারণ মানুষকে সচেতন করতে হবে।
৪। আন্তর্জাতিক সহযোগিতা:
বৈদেশিক চুক্তির মাধ্যমে অভিবাসন নীতিতে সমন্বয় আনতে হবে। তার সাথে বিদেশে আটক অভিবাসীদের প্রতি অমানবিক আচরণ বন্ধে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তি করা ভীষণ জরুরি।
৫। মানবিক পুনর্বাসন:
যারা ফিরে এসেছেন, তাদের জন্য সামাজিক ও অর্থনৈতিক পুনর্বাসন পরিকল্পনা থাকতে হবে।

শেষ কথা 

এই সমস্যার গভীরে একটাই সত্য—মানুষ বাঁচতে চায়। যে পৃথিবীতে কেউ শুধুমাত্র দু’বেলার খাবার বা নিরাপদ ঘরের আশায় মরুভূমি বা সাগরে প্রাণ দেয়, সেই পৃথিবীতে “অবৈধ” কেবল তাদের গায়ে দেওয়া এক কলঙ্ক, যেটা রাষ্ট্রের ব্যর্থতার প্রতিচ্ছবি।

সীমান্ত রক্ষা হোক, কিন্তু মানবতা যেন নিহত না হয়। আশা রাখি, একদিন আমরা এমন এক পৃথিবী গড়তে পারব যেখানে কেউ শুধুমাত্র বেঁচে থাকার জন্য অবৈধ হয়ে উঠতে বাধ্য হবেন না।


কভার ফটো সৌজন্যে – https://www.bbc.com/news/articles/cx2gjjrzm54o [Retrieved On: 20/06/2025]

Leave a Reply