নজরুল আহমেদ জমাদার
গবেষক, সাংবাদিক
গণঅভ্যুত্থান ঘটনার ক্ষেত্রে বাংলাদেশের তরুণদের সজীব এবং সক্রিয় চিন্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ ব্যাপারে জার্মান দার্শনিক হেগেলের একটা বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি একদা বলেছিলেন, বড় বড় বিপ্লব আমাদের চোখে ধাঁধা লাগিয়ে দেয়, অবাক করে দেয়। কিন্তু কোনও ঘটনা ঘটবার আগেই সমাজের মধ্যে নিঃশব্দে এবং গোপনে এক একটা সময়ের মন ও চিন্তা বৃত্তির মধ্যে আগেই বিপ্লব ঘটে যায়, যা সহজেই আমাদের চোখে পড়ে না। যখন বাস্তবিক বিপ্লব ঘটে যায় তখন সবাই বিস্মিত হয়ে যান’ । বাংলাদেশের গণঅভ্যুত্থানের ক্ষেত্রে ঠিক তেমনটি ঘটেছিল। বাংলাদেশী তরুণদের চিন্তার নতুন উপাদান ও গভীরতা অনেকে বুঝতে পারেননি। বাংলাদেশে যখন ছাত্র আন্দোলন চলছে এবং ফ্যাসিস্ট হাসিনার বাহিনীর গুলিতে একের পর এক তরুণ ছাত্র জনতার প্রাণ যাচ্ছে, তখন ভারত তথা পশ্চিমবঙ্গের খুব কম মানুষই বাংলাদেশের ছাত্র আন্দোলনকে সমর্থন করেছিল এবং হাসিনা বাহিনীর হাতে ছাত্রদের শহীদ হওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। বরং পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষই ছাত্রদের আন্দোলনকে ‘মুক্তিযোদ্ধা বনাম রাজাকার’ ‘প্রগতিশীল বনাম প্রতিক্রিয়াশীল’ ‘ইসলাম বনাম ধর্মনিরপেক্ষতা’ ‘আওয়ামী লীগ বনাম বিএনপি- জামাত’ এরকম নানান বাইনারি দ্বারা ব্যাখ্যা করেছিলেন। এটা যে ফ্যাসিস্ট শক্তি ও ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে বাংলাদেশের জনগণের অভ্যুত্থান সেটা সেই অর্থে কেউ স্বীকার করেননি।
কোটা সংস্কারকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলন শুরু করলেও গণঅভ্যুত্থানের কারণ কিন্তু আরও গভীর। কোটা সংস্কারের দাবিটা এই গণঅভ্যুত্থানের শুধু একটা আগুনের সূচনা। কিন্তু বারুদটা বহুদিন ধরেই জমা হচ্ছিল। গণঅভ্যুত্থানের আসল দুটি কারণ। প্রথমত, শেখ হাসিনার ফ্যাসিস্ট আচরণ। দ্বিতীয়ত, বাংলাদেশ রাষ্ট্রের উপর ভারত রাষ্ট্রের অতি আধিপত্যবাদ। শেখ হাসিনা ভারত রাষ্ট্রের অতি আধিপত্যবাদের কাছে কার্যত নতি স্বীকার করেছিলেন নিজ গদি বাঁচানোর স্বার্থে। বিএনপিকে সরিয়ে বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে ক্ষমতায় এনেছিল ভোটের মাধ্যমেই। কিন্তু সেই হাসিনাই ক্ষমতায় এসে শেষ দুটো নির্বাচনে কার্যত বাংলাদেশের মানুষকে ভোটই দিতে দেননি। বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক জীবনে অতি নগ্ন ভাবে ভারতীয় আধিপত্যবাদকে বিস্তার করার সুযোগ করে দিয়েছিল শেখ হাসিনা। পাশাপাশি বিরোধী স্বর দমন করতে রাষ্ট্রীয় বাহিনী এবং আওয়ামী লীগের ছাত্র শাখা ছাত্রলীগকে দিয়ে গুম ও খুনের রাজনীতি কে প্রশ্রয় দিয়েছিল শেখ হাসিনা। সব মিলিয়ে দীর্ঘদিন ধরেই শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের ক্ষোভ বাড়ছিল। সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ কোটা সংস্কার কে কেন্দ্র করে ছাত্র জনতার আন্দোলন ও গণঅভ্যুত্থান। পাশাপাশি কোটা সংস্কার কে কেন্দ্র করে ছাত্ররা যে আন্দোলন শুরু করেছিলেন সেই আন্দোলনকে অতি ফ্যাসিস্ট কায়দায় দমন করার চেষ্টা করেছিলেন শেখ হাসিনা। যারা আন্দোলন শুরু করেছিলেন তাদের রাজাকার বলে কার্যত আগুনে ঘি ঢেলেছিলেন তিনি। কোটা সংস্কার ইস্যুতে বাংলাদেশে যে উত্তাল ছাত্র আন্দোলন এবং তাকে দমন করতে রাষ্ট্র ও আওয়ামী লীগের গুন্ডাবাহিনী অত্যন্ত নির্মম পথ বেছে নিয়েছিল। বাংলাদেশ যেন কার্যত একটা জেলখানা ও কবরস্থানে পরিণত হয়েছিল। আন্দোলন চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ একাধিক বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদের কার্যত লাঠি পেটা করে বের করে দেয়া হয়েছিল। পুলিশের সঙ্গে হেলমেট পড়ে এই গুন্ডাগিরিতে যুক্ত হয়েছিল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের কর্মীরা। বিশ্ববিদ্যালয়গুলি থেকে বার করে দেওয়া হলেও ছাত্ররা দখল নিয়ে নিয়েছিল রাস্তার। জেলায় জেলায় ছাত্রদের আন্দোলন ছড়িয়ে পড়েছিল। হাসিনা প্রশাসনের তরফে সমস্ত নেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। রাস্তার অলিতে গলিতে, ছাদের উপরে, ড্রেনের মধ্যে শয়ে শয়ে ছাত্র-ছাত্রীর লাশ খুঁজে পাওয়া গিয়েছে। অনেককে গুম করে দেওয়া হয়েছে যাদের লাশ খুঁজে পাওয়া যায়নি। নেট চালু হওয়ার পর বাংলাদেশের এক ছাত্র আন্দোলন কর্মীর ফেসবুক পোস্ট দেখেছিলাম। সেখানে তিনি লিখেছিলেন –
কেউ মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাস কইরেন না কেমন আছি। উত্তর দিতে অস্বস্তি হচ্ছে। চোখের সামনে যা দেখছি, বা শুনছি, যা ঘ্রান পাচ্ছি, তারপর একটি মানুষের হয় উন্মাদ হয়ে যেতে হয়। না হয় মিলিট্যান্ট হয়ে উঠতে হয় …………।
এই ছিল মোটামুটি ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থান চলাকালীন বাংলাদেশের সার্বিক চিত্র। হাসিনা বাহিনী ও ছাত্রলীগের গুন্ডাদের নিশংস হামলায় প্রায় ২০০০ ছাত্র জনতার মৃত্যু হয়েছে। বহু মানুষ অন্ধ হয়ে গেছেন। আহত হয়েছেন বহু মানুষ।
বাংলাদেশের গণঅভ্যুত্থান এবং তার পরবর্তী ঘটনা নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলি যেভাবে প্রোপাগান্ডা চালিয়েছিল তাতে দু’দেশের মানুষের সম্পর্ক অত্যন্ত তিক্ত হয়েছে। আসলে উপমহাদেশের সংবাদ মাধ্যমগুলির এই প্রোপাগান্ডা ও ফেক নিউজ এর সঙ্গে সাম্প্রদায়িক বিদ্বেষের একটা গভীর যোগ রয়েছে। এর সঙ্গে রাষ্ট্র ও কর্পোরেট সংস্থাগুলির একটা স্বার্থও যুক্ত। রাষ্ট্র ও কর্পোরেটরা কিভাবে সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ করে তার আধুনিক প্রোপাগান্ডা মডেল টা পাওয়া যায় এডওয়ার্ড এস হারমান ও নোয়াম চমস্কির লেখা বিখ্যাত বই “ম্যানুফাকচারিং কনসেন্ট: দ্য পলিটিকাল ইকনমি অফ দ্য মাস মিডিয়া” তে। হারমান ও চমস্কি তাদের লেখা এই বইটিতে ব্যাখ্যা করে বলেছেন সাধারণত পাঁচটা ফিল্টারের মধ্য দিয়ে সংবাদ মাধ্যমকে যেতে হয় । এই পাঁচটা ফিল্টারের মধ্যে শেষ এবং পঞ্চম ফিল্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হল “ইডিওলজি অফ অ্যান্টি কমিউনিজিম” অর্থাৎ কমিউনিজম বিরোধী আদর্শ। জনসম্মতি উৎপাদনের জন্য রাষ্ট্র সবসময়ই কিছু শত্রুকে সামনে রাখে। আমেরিকার সাপেক্ষে তখন কমিউনিজমকে শত্রু হিসেবে দেখানো হয়েছিল। হারমান ও চমস্কির এই প্রোপাগান্ডা মডেল কে যদি বর্তমান ভারত রাষ্ট্রের প্রেক্ষিতে বিশ্লেষণ করা হয় তাহলে নিঃসন্দেহে পঞ্চম ফিল্টারটা হতে পারে ‘ইসলামোফোবিয়া’। বহুদিন ধরে এই ইসলামোফোবিয়ার ভিত্তি হয়ে আসছে পাকিস্তান। অর্থাৎ পাকিস্তানকে শত্রু হিসেবে দেখিয়ে ভারতবর্ষের সংখ্যাগুরু মানুষের সম্মতি নিজেদের স্বার্থে আদায় করে আসছে আরএসএস ও বিজেপি পরিচালিত ভারত রাষ্ট্র। আদানি, আম্বানিদের দুর্নীতি, বেকারত্ব, গরিব মানুষের পেটে লাথি এইরকম একাধিক ব্যর্থতা থাকা সত্ত্বেও এক দশকের ওপর ভারত রাষ্ট্রের ক্ষমতা দখল করে আছে উগ্র হিন্দুত্ববাদের আইকন ফ্যাসিস্ট নরেন্দ্র মোদি। তার অন্যতম কারণ দালাল সংবাদমাধ্যমগুলোকে দিয়ে ইসলাম এবং পাকিস্তানকে শত্রু হিসেবে দেখিয়ে সংখ্যাগুরু মানুষের মনে একটা ভয় তৈরি করা হয়েছে। উত্তর ও পশ্চিম ভারতে আরএসএস ও বিজেপির এজেন্ডা ইতিমধ্যেই সফল হয়েছে। ইতিমধ্যেই উত্তর-পূর্ব ভারতের আসাম এবং ত্রিপুরার পর পূর্ব ভারতের দুই রাজ্য বিহার ও উড়িষ্যাও তাদের দখলে। এখন তাদের পাখির চোখ পশ্চিমবঙ্গ। বহুবার চেষ্টা করেও তারা এখনও পশ্চিমবঙ্গ দখল করতে পারেনি। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিঃসন্দেহে তাদের কাছে ‘পড়ে পাওয়া চোদ্দ আনার’ মতো একটা ইস্যু হিসাবে হাজির হয়েছে। ইতিমধ্যেই অর্ণব গোস্বামীর রিপাবলিক টিভি সহ একাধিক ভারতীয় সংবাদ মাধ্যম বাংলাদেশ ইস্যুটাকে হারমান ও চমস্কির প্রোপাগান্ডা মডেলের পঞ্চম ফিল্টার হিসাবে ব্যবহার করতে শুরু করে দিয়েছে। প্রোপাগান্ডা এবং ফেক নিউজ দিয়ে পশ্চিমবঙ্গ তথা ভারতের মানুষের মনকে বাংলাদেশের বিরুদ্ধে বিষিয়ে তুলছেন এই মিডিয়া হার্মাদরা। ঠিক একইভাবে বাংলাদেশেরও কিছু সংবাদ মাধ্যম ফেক নিউজ এর মাধ্যমে ভারত বিরোধী জিগির তুলেছে।
এটা ঠিক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তবর্তী কালীন সরকারের আমলে মাজার ভাঙ্গা ও সংখ্যালঘুদের ওপর আক্রমণের মতো বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ফ্যাসিস্ট হাসিনা কে সরানো গেলেও নতুন করে বাংলাদেশে ইসলাম জাতিবাদের উত্থানের একটা শর্ত তৈরি হয়েছে। জামাতের মত মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি একটা স্পেস পেয়েছে। সালাফিস্টদের মতো উগ্র ইসলামপন্থী সংগঠন সমাজে নানান বিশৃঙ্খলা সৃষ্টি করছে। মহিলাদের ওপর ধর্ষণের ঘটনা নিঃসন্দেহে উদ্বেগ জনক। শ্রমিকরা তাদের মজুরির দাবিতে আন্দোলন করলে পুলিশের হাতে আক্রান্ত হতে হচ্ছে। এইসব ঘটনার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ। তারপরেও বলতে হবে ২৪ এর গণঅভ্যুত্থান ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ এই গণঅভ্যুত্থান ফ্যাসিস্ট ক্ষমতার অবসান ঘটিয়েছে। একটা নতুন গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ গঠনের শর্ত তৈরি করেছে। যেখানে কোনও বিশেষ ব্যক্তি নয়, জনগণই রাষ্ট্র গঠনের কর্তা হিসেবে উঠে আসছে। এক্ষেত্রে সমাজমাধ্যমে প্রচারিত এক স্লোগান অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। সেই স্লোগানটা হল “রাজনীতিতে আসছে জনগণবাদ। ব্যক্তি পূজা নিপাত যাক, জনগণ মুক্তি পাক”। উপমহাদেশের রাজনীতির একটা ধারাবাহিকতা হলো একটি ব্যক্তিকে “লার্জার দ্যান লাইফ” করে দেখানো। সেই জায়গা থেকে বেরিয়ে এসে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে যেইভাবে ছাত্ররা “জনগণবাদের” কথা বলছে সেটা নিঃসন্দেহে রাজনীতির একটা নতুন ভাষ্য। শুধু তাই নয় গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম নতুন করে আলোচনা শুরু হয়েছে। মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর পাশাপাশি চর্চায় উঠে আসছে সর্বহারা পার্টির নেতা সিরাজ শিকদারের নাম। যোগেন মন্ডলকে নিয়েই নতুন করে চর্চা শুরু হয়েছে।
পর্ব – ১ পড়ুন :
https://matribhumi.blog/2025/05/17/bohu-swarer-gono-obhyutthan-bangladeshe-nirbachon-sorboswo-gonotontrer-chalu-dharake-dhakka-diyechhe-porbo-1/
কভার ফটো সৌজন্যে – https://potheprantore.com/hot-news/ছাত্র-জনতার-গণ-অভ্যুত্থা/ [Retrieved On: 17/05/2025]
