তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের ১৫ বছরের শাসনে রাজ্যের মানুষ তিতিবিরক্ত হয়ে উঠেছিলেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলে সেই বিরক্তির প্রকাশ আমরা দেখেছি, যার পরিণামে রাজ্যে সূচনা হলো রামরাজত্বের। রাজ্যবাসী শেষ পর্যন্ত পরিবর্তন পেলেন বটে, কিন্তু এই পরিবর্তন একটা বিরাট সংখ্যক গরিব মানুষের জন্য বয়ে নিয়ে এসেছে দুঃস্বপ্ন। বোঝা গেছে পরিবর্তন হয়েছে আসলে শুধু শহুরে গরিব, মেহনতি জনগণ এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর জীবন ও জীবিকার উপর আক্রমণ নামিয়ে আনার তীব্রতায়।
পরিবর্তনের রামরাজত্বে ‘বুলডোজার রাজ’
ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই নতুন সরকার কলকাতা ও সংলগ্ন এলাকায় ব্যাপক উচ্ছেদ ও ভাঙচুর অভিযান শুরু করে। হাওড়া ও শিয়ালদহ স্টেশন সমেত অন্যান্য একাধিক স্টেশন, গঙ্গার ঘাট, বাসস্ট্যান্ড ও রেলের জমির ওপর বহুদিন ধরে গড়ে ওঠা হকারদের দোকান, অস্থায়ী কাঠামো এবং তিলজলা-তোপসিয়া সহ বহু জায়গায় অনেক বছরের পুরনো দোকান, ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে; পুলিশ, সিআরপিএফ-কে সাথে নিয়েই কোনও পুনর্বাসনের ব্যবস্থা না করেই। শুধুমাত্র হাওড়া ও শিয়ালদহ এই দুই স্টেশন থেকেই প্রায় ৫০০-রও বেশি হকারকে উচ্ছেদ করা হয়েছে। কলকাতার বিভিন্ন জায়গার পাশাপাশি Salt Lake Sector V-এর মতো এলাকাতেও উচ্ছেদের আশঙ্কায় হকাররা নিজেরাই অস্থায়ী কাঠামো সরিয়ে ফেলতে বাধ্য হয়েছেন। উচ্ছেদ হলে পুনর্বাসন কোথায়, বিকল্প জীবিকা কী এবং ফুটপাত ব্যবহারের অধিকার কার—তার কোনও স্থায়ী সমাধান এখনও হয়নি।

বিভিন্ন বামপন্থী শক্তি, গণসংগঠন এবং সচেতন নাগরিক সমাজ কিছু স্থানে প্রতিরোধ গড়ে তুললেও সেটা এই ‘বুলডোজার রাজ’-কে থামাতে পারেনি। আইনি পথে কিছু সাময়িক স্বস্তির চেষ্টা করা হয়েছে, হচ্ছে; যাতে করে অন্ততপক্ষে পুনর্বাসনটুকু নিশ্চিত করা যায়। শুধু উচ্ছেদই নয়, সাবার্বান ট্রেনে ঝালমুড়ি-চানাচুর-চা বিক্রি করা হকাররা এখন নিয়মিত RPF/GRP–এর তাড়া ও জরিমানার মুখে পড়ছেন। রেলওয়ের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেসব স্টেশনে যাত্রী–ভিড় বেশি, সেগুলোর প্ল্যাটফর্মে আর নতুন কোনও হকারকে ভেন্ডিং রাইট্স (লাইসেন্স) দেওয়া হবে না।
হিন্দু খতরেমে হ্যায়! তবে কাদের থেকে?
রোহিঙ্গা জুজু দেখিয়ে ‘হিন্দু খতরে মে হ্যায়’ বলে ক্ষমতায় আসা বিজেপি সরকারের এই আক্রমণে যেসমস্ত গরিব হকার ও বস্তিবাসীরা আক্রান্ত হয়েছেন তাদের অধিকাংশই যদিও ধর্মে হিন্দু, তবে বিজেপি ক্ষমতায় এসে আলাদা করে মুসলমানদের পিছনে লাগবে না – সেটা কি হতে পারে? তাই ক্ষমতার আসার খুব অল্প সময়ের মধ্যেই বিভিন্ন পাঁয়তারা শুরু হয়েছে। বকরি ঈদ-এর ঠিক আগে আগেই গরু-ব্যবসা ও গরু-জবাইয়ের ওপর একটা পুরোনো আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে এক ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সরকারের তরফে। সরকারি নির্দেশে ১৪ বছরের কম বয়সী গরু-জবাই নিষিদ্ধ এবং জবাইয়ের আগে প্রশাসনের লিখিত অনুমতি ও নথি দেখানো বাধ্যতামূলক করা হয়েছে।
তবে বাংলার মুসলমানরা বুঝে গেছেন এগুলো সবই হলো সাম্প্রদায়িক অশান্তি লাগানোর ফাঁদ; তাই তাঁরাও গরুর বদলে ছাগলের কুরবানি দিয়েই ঈদ পালন করে ঠান্ডা মাথায় পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন। পরিণামে ফাঁপরে পড়েছেন গ্রামবাংলার হিন্দু কৃষক ও গো-ব্যবসায়ীরা; কারণ এইবার ঈদের আগে তাঁদের থেকে গরু কেনেননি মুসলমানরা, বলেছেন – তোমাদের ‘মা’-কে তোমাদের কাছেই রাখো! লক্ষ লক্ষ টাকার লোকসানের বোঝা বইতে হয়েছে এই হিন্দু কৃষক ও গো-ব্যবসায়ীদের।
‘ভালো তৃণমূল’ এবং ডিম-থেরাপি
বিজেপির শীর্ষ নেতৃত্ব প্রতিশ্রুতি দিয়েছিল যে পালাবদলের পর তৃণমূলের কাউকে তাদের দলে নেওয়া হবে না। কিন্তু পরের ঘটনাক্রম আমরা দেখেছি। মহারাষ্ট্রের শিবসেনার আদলে তৃণমূল দল ভেঙে দেওয়া হয়েছে; ‘ভালো তৃণমূল’-দের সাত খুন মাফ করে জড়িয়ে ধরা হয়েছে। যদিও এগুলো উদ্বেগের কোনও বিষয় নয়, পালাবদলের পর ঘটেই থাকে; এবং তৃণমূলের মতো একটা লুম্পেন দলের ক্ষেত্রে এগুলো আজ না হয় কাল ঘটতই। উদ্বেগের বিষয়টা অন্য। বিগত সরকার দুর্নীতিকে একেবারে শিল্পের স্তরে নিয়ে চলে যাওয়ায় জনগণের ভিতর যে তীব্র ক্ষোভের জন্ম হয়েছিল, সেটাকেই পুঁজি করে নতুন বিজেপি সরকার অল্প সময়ের মধ্যেই একটা মব-সংস্কৃতি গড়ে তুলতে পেরেছে।
চারিদিকে তৃণমূলের বিভিন্ন স্তরের দুর্নীতিগ্রস্ত নেতাদের, যাঁরা রাতারাতি ‘ভালো-তৃণমূল’ হয়ে ওঠার প্রতিযোগিতায় কিঞ্চিৎ পিছিয়ে রয়েছেন, তাঁদেরকে যত্রতত্র ডিম ছুঁড়ে মারার একটা ব্যাপার শুরু হয়েছে। আর পুরোটাই ঘটে চলেছে পুলিশের উপস্থিতিতে ও নীরব সমর্থনে। কিন্তু বিষয়টা এখন আর শুধু দুর্নীতিগ্রস্ত নেতার উপর ‘ডিম-থেরাপি’ তে সীমাবদ্ধ নেই। কারণ আমরা দেখলাম সিপিএম-এর মীনাক্ষীর গাড়ির উপরেও ডিমবৃষ্টি হলো। ‘আগে রাম পরে বাম’ তত্ত্বে মজে থাকা বাম কর্মী-সমর্থকরা এতদিন এই ‘ডিম-থেরাপি’ দেখে উদ্বাহু নৃত্য করছিলেন; বাম নেতৃত্বের হাবভাব দেখে এক মুহূর্তের জন্যেও মনে হয়নি যে গো-বলয়ের মতো এখানেও এই মব-সংস্কৃতির মাথাচাড়া দিয়ে ওঠা নিয়ে তাঁরা চিন্তিত!

নারী নিরাপত্তা ও বিজেপির ট্র্যাক রেকর্ড
তৃণমূল জমানায় বিভিন্ন ধর্ষণের ঘটনাকে ‘ছোট ঘটনা’, ‘সাজানো ঘটনা’ ইত্যাদি বলে ধামাচাপা দেওয়া এবং শেষ পর্যন্ত অভয়া-র ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্যে নারী নিরাপত্তার প্রশ্নটা একটা গুরুত্বপূর্ণ আকার ধারণ করে। কিন্তু দেশের বিভিন্ন রাজ্যের খবরাখবর রাখেন এমন যেকোনো ব্যক্তিই জানেন যে নারী নিরাপত্তার প্রশ্নে বিজেপি-শাসিত রাজ্যগুলোর অবস্থা ঠিক কীরকম! এই প্রশ্নে সংসদীয় দলগুলোর কোনওটাই ধোয়া তুলসীপাতা নয়; কিন্তু তাও একমাত্র একটা দলের ক্ষেত্রেই ধারাবাহিকভাবে দেখা গেছে যে তারা ধর্ষকদের সমর্থনে মিছিল করেছে, জেল থেকে ছাড়া পাওয়ার পর ধর্ষকদের গলায় মালা পরিয়ে বরণ করে নিয়েছে; আর সেই দলটা হলো বিজেপি। কাঠুয়া, উন্নাও, হাথরাস – দেশজুড়ে একের পর এক ঘটনার নৃশংসতা এবং সেগুলো ধামাচাপা দেওয়ার জন্য বিজেপি নেতৃত্বের মরিয়া প্রচেষ্টা দেখলে লজ্জা হয় না, রাগে রক্ত গরম হয়ে ওঠে।
ধর্ষণকে আমরা একটা সামাজিক ব্যাধি হিসাবেই দেখি। আর এই ব্যাধির জন্য চিন্তাচেতনাগতভাবে যেসমস্ত উপাদানগুলো দায়ী সেগুলোই হলো এই বিজেপি দলটার মতাদর্শগত ভিত্তি। অতএব, বিজপি ক্ষমতায় আসার পর যা প্রত্যাশিত সেটাই হচ্ছে। দুই মাসের মধ্যে অসংখ্য ধর্ষণ-খুন ও শ্লীলতাহানির খবর সামনে এসেছে, এবং প্রতিটা ক্ষেত্রেই পুলিশ প্রশাসনের ভূমিকা আগের থেকেও খারাপ। বিশেষ করে সাম্প্রতিক বারুইপুরের ঘটনায় পুলিশের নিন্দাজনক ভূমিকা তো একেবারেই জনসমক্ষে; পুলিশের উপর ভরসা হারিয়ে জনতা মব-লিঞ্চিং এর পথ বেছে নেওয়ায় গণপিটুনিতে মৃত্যু হয়েছে এক অভিযুক্তের; এবং আরেক অভিযুক্তকে শিকার হতে হয়েছে পুলিশের ভুয়ো এনকাউন্টারের! আইনের শাসন বলতে এখন রাজ্যে এটাই চলছে। আর অভয়ার ধর্ষণ-খুনের বিচার তো এখনও অধরাই। প্রসঙ্গত, মনে রাখা দরকার যে, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক খুনের কিনারাও এখনও কিন্তু হয়নি।
রাজ্যের সংস্কৃতিতে হস্তক্ষেপ ও গো-বলয়ীকরণ
অতএব, প্রত্যাশিতভাবেই এবার থেকে আমরা সিঙ্গল ইঞ্জিন ফ্যাসিবাদের বদলে ডাবল ইঞ্জিনের হিন্দুত্ব ফ্যাসিবাদকেই সামনে থেকে প্রত্যক্ষ করব। যেখানে ব্যক্তিগত ধর্মাচার ও খাদ্যাভ্যাস থেকে শুরু করে রাজ্যের ইতিহাস সবকিছুর উপরেই একটা নির্দ্দিষ্ট নকশা অনুযায়ী আক্রমণ নেমে আসবে। ইতিমধ্যেই অন্যান্য বিজেপি-শাসিত রাজ্যের মতো এখানেও বিভিন্ন স্থানে চার্চ ভাংচুর করা, চার্চে ঢুকে সেখানে ঝামেলা পাকানো ইত্যাদি শুরু হয়ে গেছে। মিড-ডে মিলের বরাত দেওয়া হয়েছে ধর্মীয় প্রতিষ্ঠান ইসকন-এর হাতে। বাংলার শিশুদেরকে ডিমের বদলে সোয়াবিন খাওয়ানোর একটা চেষ্টা করা হয়েছিল! তবে বিষয়টা নিয়ে প্রবল রাজনৈতিক বিতর্কের পর সরকার পিছু হটে জানায় যে স্কুলের মিড-ডে মিলে ডিম দেওয়া বন্ধ হবে না। তবে সরকারি স্কুলের খাবার ব্যবস্থার সঙ্গে একটা নির্দিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানকে দেওয়ার সিদ্ধান্তটা নিজেই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিয়েছে।
ইতিহাসের বিকৃত ব্যাখ্যা করে ২০ জুন তারিখটাকে ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসাবে উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেড রোড আটকে যোগাসন দিবস পালন হয়েছে; সরকারি কর্মচারীদেরকে বাধ্য করা হয়েছে পালন করতে। আজীবন ব্রিটিশদের দালালি ও সাম্প্রদায়িক ঘৃণার চাষ করে যাওয়া শ্যামাপ্রসাদের জন্মদিন পালন বাধ্যতামূলক করা হয়েছে। আগের সরকারের সময়ে নাকি বাংলা ভাষা ও পাঠ্যক্রমকে নাকি ‘বিকৃত’ করা হয়েছিল—‘মা’-র বদলে ‘আম্মা’, ‘আকাশ’-এর বদলে ‘আসমান’ ব্যবহারের মতো উদাহরণ তুলে ধরে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী স্কুলশিক্ষায় ‘সাংস্কৃতিক সংশোধন’-এর প্রয়োজনীয়তার কথা বলেছেন! সেপ্টেম্বরের শুরুতে তিনি নির্দেশ দিয়েছেন, স্কুলের প্রার্থনার সময় পূর্ণাঙ্গ ‘বন্দে মাতরম্’ গাওয়া বাধ্যতামূলকভাবে মানতে হবে; এমনকি ছাত্রছাত্রীরা সত্যিই গান গাইছে কি না, ‘ঠোঁট নাড়ছে’ কি না, সেটিও নিশ্চিত করার কথা বলেছেন। নির্দেশ না মানলে সরকারি আর্থিক সহায়তা বন্ধ করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

আর এই সাংস্কৃতিক হস্তক্ষেপের সবচেয়ে সাম্প্রতিক এবং তাৎপর্যপূর্ণ উদাহরণ সম্ভবত শিক্ষাক্ষেত্রে। ৩ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, এক বছরের মধ্যে রাজ্যের প্রতিটি জেলা, পুরসভা ও পঞ্চায়েত এলাকায় বিদ্যা ভারতীর অন্তত এক হাজারটি স্কুল গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। RSS-এর শিক্ষা শাখার সঙ্গে যুক্ত এই সংগঠনকে ‘জাতীয়তাবাদী শিক্ষা’-র প্রসারে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। অর্থাৎ শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রকে আদর্শিকভাবে পুনর্গঠনের যে প্রক্রিয়ার কথা আমরা আশঙ্কা করছিলাম, তার পরিধি এখন শুধু সরকারি পাঠ্যক্রম বদলানোর মধ্যে সীমাবদ্ধ থাকছে না; বিকল্প শিক্ষাপ্রতিষ্ঠানের একটি বৃহৎ নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনাও সামনে এসেছে।
জনগণ কোনদিকে থাকবেন?
তবে জনগণের জীবন-জীবিকার উপর আক্রমণ নেমে এলে তার বিরুদ্ধে সচেতন নাগরিক সমাজের প্রতিরোধও চলবে; তার অল্প শক্তি নিয়েই চলবে। প্রশ্ন হলো ব্যাপক জনগণ কোনদিকে থাকবেন? মধ্যবিত্ত জনগণের একটা বড় অংশ এখনও মোহগ্রস্ত। হকার উচ্ছেদের প্রশ্নে ‘রেলের জমির বেআইনি দখল’-এর প্রশাসনিক দাবিকে তাঁরা বিনা প্রশ্নে মেনে নিয়েছেন; প্রশ্ন করেননি যে ‘রেল’-টা কার? ‘রেলের জমি’-টাই বা কার? সরকার সেই জমির মালিক কীভাবে হয়েছিল? আর ‘সরকার’-টাই বা কার? এই হকার উচ্ছেদকে যাঁরা সাধুবাদ জানাচ্ছেন তাঁরা এই প্রশ্ন তুলছেন না যে বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার এই ‘সাধুকাজ’ করল না কেন তাহলে? এইসব প্রশ্ন করাতো দূরের কথা, দেখা যাচ্ছে কিছুক্ষেত্রে – কচুরি বিক্রি করে হকাররা কোটিপতি হয়ে গেছে – ইত্যাদি তত্ত্বও জনগণের একাংশ ফেরি করছেন!
কোনও এক অজ্ঞাত নেশায় আচ্ছন্ন হয়ে জনগণ বুঝতে চাইছেন না যে নিত্য যাতায়াতের পথে দশ টাকার ঝালমুড়ি খেয়ে পেট ভরানোর উপায় যখন আর থাকবে না তখন হলদিরাম, ভিকাজি-র ঝাঁ চকচকে স্টোর থেকে একশ টাকা খসিয়ে ধোকলা খেয়ে পেট ভরাতে হবে! তাঁদের কষ্টার্জিত উপার্জন এভাবেই চলে যাবে বড় বেনিয়াদের পকেটে। একদিকে নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী তাঁর ঝালমুড়ি-প্রেমের বিজ্ঞাপন তৈরি করবেন, আরেকদিকে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে গরিব হকার ঝালমুড়ি-বিক্রেতা!

আমরা সকলেই বুঝি এই উচ্ছেদ ও ধ্বংসের মূল উদ্দেশ্য হলো শহরের সরকারি জমিকে বৃহৎ পুঁজি, রিয়েল-এস্টেটের হাতে তুলে দেওয়া। আর এটা কোনও নতুন ঘটনাও নয়। কংগ্রেস শাসনকালে বাম জমানাতেও আমরা দেখেছি কর্পোরেশনের চাপে হকার–উচ্ছেদ হয়েছে; আবার প্রতিরোধের মুখে পড়ে কিছুমাত্রায় পুনর্বাসন দিতেও বাধ্য হয়েছে সরকার। তৃণমূল জমানাতেও ফুটপাথ-পরিষ্কারের নামে এই প্রচেষ্টা চলেছে; তবে বিভিন্ন সামাজিক অনুদানের টোপ থাকায় কিন্তু আগ্রাসনের এই তীব্রতা, গো-বলয়ের “বুলডোজার রাজ”-এর এই নগ্ন–অনুকরণ রাজ্যবাসীর কাছে এই প্রথম।
উচ্ছেদ পর্ব শেষ হয়ে সরকার একটু থিতু হলেই শুরু হবে বেসরকারিকরণ পর্ব। ইতিমধ্যেই স্মার্ট মিটার নিয়ে কিছু আতঙ্ক তৈরি হয়েছে। ঘোষণা করা হয়েছে যে রাজ্যের ৫১টি সরকারি ITI–কে বেসরকারি কর্পোরেট গোষ্ঠীর হাতে যৌথ উদ্যোগে (PPP) চালানোর জন্য হস্তান্তর করা হবে। নিউটাউনে ২৫০০ কোটি টাকারও বেশি বিনিয়োগে গড়ে উঠবে আদানি হেলথ সিটি। শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রের বেসরকারিকরণের যে প্রক্রিয়া বাম জমানায় শুরু হয়ে তৃণমূল জমানায় গতি পেয়েছিল সেটাই এবার চরম আকার ধারণ করবে।
তবে সবাই চুপ নেই! চার মাসেই নাভিশ্বাস
জনগণের একাংশ এখনও মোহগ্রস্ত থাকলেও খুব শীঘ্রই তাদের মোহভঙ্গ হবে, স্বাভাবিক নিয়মেই; হচ্ছেও। ইতিমধ্যেই যাঁরা ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ এর টাকা পাননি তাঁরা উল্টোদিকে ‘ডিম-থেরাপি’ শুরু করেছেন। মাসে তিন হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি সত্ত্বেও আগস্টে বহু মহিলা টাকা না-পাওয়ার অভিযোগে পথে নামেন। অর্থাৎ নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি ছিল সামাজিক সুরক্ষার অন্যতম বড় হাতিয়ার, বাস্তবে তার সুবিধা পাওয়া, বাদ পড়া এবং টাকা পাওয়ার প্রক্রিয়াই নতুন ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে।
খুব মোটা দাগের বিচারেও বলা যেতে পারে যে এবারের নির্বাচনের ফলাফলে বাম-কংগ্রেসের ভোট শতাংশের বিরাট কিছু পরিবর্তন ঘটেনি; বরং দেখা গেছে যে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সাথে তুলনায় তৃণমূলের ভোট শতাংশ যতটা কমেছে, বিজেপিরও বেড়েছে তার থেকে ঠিক একটু বেশি। তবে সংখ্যার এই হিসেবনিকেশ বাদ দিলেও যেটা অবশ্যই উল্লেখ করতে হয় সেটা হলো এই নির্বাচনের পদ্ধতি। এই প্রহসনের নির্বাচন রাজ্যবাসী তো বটেই, দেশবাসীও বোধহয় প্রথমবারের জন্য প্রত্যক্ষ করলেন; এসআইআর-এর প্রক্রিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গের ২৭ লক্ষ মানুষকে ভোট দিতে দেওয়া হলো না! খুব সংক্ষেপে বললে এতদিন ক্ষমতাসীন শাসক দলগুলো নির্বাচন রিগিং করত; এইবার নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে রিগিং হলো।

নির্বাচনের আগে থেকেই এসআইআর-কে নিয়ে নাগরিক সমাজের যে প্রতিবাদ, প্রতিরোধ চলছিল তার ধারাবাহিকতা এখনও চলছে; প্রতিদিন শুধু একটা করে নতুন ইস্যু যুক্ত হয়ে চলেছে। ২৭ লক্ষ বাদ যাওয়া ভোটারের ভোটাধিকার নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। নির্বাচনের আগে বাদ পড়া ভোটারদের সংখ্যা নিয়ে যে বিতর্ক শুরু হয়েছিল, তা নির্বাচনের পরেও শেষ হয়নি। বরং appellate tribunals-এ যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের মধ্যে বিপুল সংখ্যক মানুষের নাম পুনরায় ভোটার তালিকায় ফিরেছে—একটি পর্যায়ে ৮২,৭৮২-টা মামলার প্রায় ৯১ শতাংশেরই নাম ফেরানোর তথ্য সামনে এসেছে। ফলে প্রশ্নটা শুধু কতজনের নাম বাদ পড়েছিল তা নয়; বরং কেন বৈধ ভোটারদের নাম বাদ পড়ল এবং তাঁদের আবার নিজেদের ভোটাধিকার প্রমাণ করতে হলো—সেই প্রশ্নটাও এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ফ্যাসিবাদী দমনপীড়ন, পাল্টা প্রতিরোধ
বিজেপি নিজেও জানে যে এভাবে বেশিদিন সামাল দেওয়া মুশকিল। তাই ‘ডিম থেরাপি’, ‘মব লিঞ্চিং’ ইত্যাদিকে প্রশ্রয় দিয়ে জনগণকে ‘ইনস্ট্যান্ট জাস্টিস’-এর বলিউডীয় মোহে ভুলিয়ে রাখতে চায় তারা। আর যারা রাস্তায় নেমে প্রতিবাদ, প্রতিরোধের পথকে বেছে নিয়েছে তাদের জন্য বরাদ্দ করা হয়েছে ‘গুণ্ডা দমন আইন’-এর মতো আইন! এই আইনের জোরে ‘জন-সুরক্ষার’ স্বার্থে পুলিশ চাইলে কাউকে বিনা বিচারে সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত আটকে রেখে দিতে পারে; বিনা ওয়ারেন্টে তল্লাশি, গ্রেফতার ও সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে। কারণ ‘গুণ্ডা’-র সংজ্ঞাটা এতটাই বিস্তৃত ও অস্পষ্ট যে রাজনৈতিক কর্মী বা গণ–আন্দোলনের অংশগ্রহণকারীদেরও সহজেই ‘গুন্ডা’ বানিয়ে আটকে রাখা সম্ভব!
২৪ জুলাই কলকাতায় NEET-এর প্রশ্নফাঁস ও পরীক্ষা ব্যবস্থার দুর্নীতির বিরুদ্ধে ছাত্রদের মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর একাধিক মামলা ও গ্রেফতার হয়। মুখ্যমন্ত্রী প্রকাশ্যে ঘোষণা করেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে নতুন ‘গুন্ডা দমন আইন’ প্রয়োগ করা হয়েছে। পরে অবশ্য আদালতে রাজ্যকেই স্বীকার করতে হয় যে সেই আইন তখনও রাষ্ট্রপতির অনুমোদন পায়নি এবং কার্যকর হয়নি। অর্থাৎ, আইন করার আগেই তার ভয় দেখানো—এবং পরে আইনি কাঠামো তৈরি করে প্রতিবাদ দমনের ক্ষমতা বাড়ানো—এই দুই প্রবণতা একই সঙ্গে দেখা গেল।
বিজেপির এই আগ্রাসী হিন্দুত্ব ফ্যাসিবাদী আক্রমণের বিরুদ্ধে সকল গণতান্ত্রিক শক্তির একটা ঐক্যবদ্ধ জোট গড়ে তোলাটা এখন তাই সময়ের দাবি। বিভিন্ন প্রচেষ্টা চলছে। সাম্প্রতিক সময়ে বেশ কিছু ঐতিহাসিক ঐক্যবদ্ধ মিছিল ও প্রতিরোধের সাক্ষী হয়েছে কলকাতা শহর। গণতান্ত্রিক পরিসরের উপর যত বেশি করে আক্রমণ নেমে আসবে, ততই দৃঢ় হবে এই প্রতিরোধ। শাসকরা ইতিহাস থেকে শিক্ষা নেয় না। তাই কোনও শাসনই চিরস্থায়ী হয় না। শেষ কথা বলবে ঐক্যবদ্ধ জনগণ।

