লেখাটি প্রকাশিত হয় আজাদ গণ মোর্চা-র মুখপত্র মাতৃভূমি পত্রিকার
মে ২০২৫ সংখ্যায়
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর মার্কিন সাম্রাজ্যবাদ বিশ্বের একক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছিল। একসময় সোভিয়েত সামাজিক সাম্রাজ্যবাদ রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিকভাবে আমেরিকার প্রধান প্রতিপক্ষ ছিল। ২০০১ পরবর্তী সময়ে দেখা যাচ্ছে চীন অনেকটাই নিজেদের আধিপত্য বিস্তারে সক্ষম হয়েছে, তা সে ল্যাটিন আমেরিকার দেশগুলোতেই হোক বা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোই হোক। ব্রাজিল, পেরু, ভেনেজুয়েলার মতো দেশগুলোর মধ্যে নিজেদের দ্রব্য রপ্তানি থেকে শুরু করে সেখানকার সংস্কৃতি, ভূ-রাজনৈতিক, সামরিক সমস্ত জায়গায় চীন নিজেদের প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে। চীনের এই বিস্তার রুখতে আমেরিকা বিভিন্ন সময় বিভিন্নভাবে চাপ সৃষ্টি করেছে। কখনো কারেন্সি ম্যানুপুলেশনের অভিযোগ করেছে, আবার কখনো চিনা পণ্যের উপর উচ্চ হারে শুল্ক বসিয়েছে।
১৯৭৬ সালে মাও সে তুং-এর মৃত্যুর পর কমিউনিস্ট চীনের রাজনৈতিক ক্ষমতা দেং জিয়াও পিং-এর নেতৃত্বে সংশোধণবাদীরা দখল করে। দেং জিয়াও পিং সরকারের অর্থনৈতিক সংস্কার নীতির ফলে চীন আমেরিকা বাণিজ্য পুরোদমে শুরু হয়। দেং সরকার অর্থনীতির উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ শিথিল করে এবং বেসরকারি শিল্পকে বিকশিত হতে দেয়। আশির দশকে চীনের অর্থনৈতিক সংস্কার ও বাজার উন্মুক্ত করনের ফলে আমেরিকার সাথে বাণিজ্য দ্রুত বৃদ্ধি পায়। ১৯৮৬ সালে চীন বিশ্ব বাণিজ্য সংস্থার জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ এন্ড ট্রেড (গ্যাট) এ যোগদানের জন্য আবেদন করে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যদের সাথে দীর্ঘ আলোচনার পর চীন ২০০১ সালের ডিসেম্বরে সংস্থাটির সাথে যুক্ত হয়। যুক্ত হওয়ার শর্ত হিসেবে বেইজিং ব্যাপক অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতিবদ্ধ হয়।
এই বাণিজ্য সম্পর্ক আমেরিকার জন্য কিছু সুবিধা নিশ্চয়ই এনেছে। তবুও এর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সহ আরো অন্যান্য দেশ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে।
চীনা প্রশাসন প্রথমে উৎসাহের সাথে WTO-এর শর্তাবলী বাস্তবায়ন করে অর্থনীতি এবং আইনি ব্যবস্থার গভীর রূপান্তর ঘটায়। কিন্তু চীন কিছু মাত্রায় তার অর্থনীতিকে উদারীকরণ এবং একটি সমৃদ্ধ বেসরকারি খাতের জন্ম দিলেও – তারা কখনই বাজারের অদৃশ্য হাতকে পুরোপুরি গ্রহণ করেনি। চীনের সামাজিক সাম্রাজ্যবাদী শাসকরা চীনা কমিউনিস্ট পার্টির আধিপত্যে থাকা রাষ্ট্রীয় মালিকানাধীন উদ্যোগের কেন্দ্রীভূত ব্যবস্থাপনা, আর্থিক প্রতিষ্ঠানের উপর নিয়ন্ত্রণ এবং একটি শক্তিশালী অর্থনৈতিক পরিকল্পনা কমিশনের মাধ্যমে অর্থনীতির তত্ত্বাবধান করে চলেছে।
২০০১ সালে আমেরিকার সমর্থনে বিশ্ব বাণিজ্য সংস্থায় চীন যোগদান করলেও, মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্নভাবে চীনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে চলেছে। চীন নিজের কারেন্সির মূল্য কম রাখায় রপ্তানি ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছিল যা মার্কিন নীতি নির্ধারকদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম চীনের লো কারেন্সি ভ্যালুয়েশন নিয়ে উদ্বেগ প্রকাশ করা শুরু করেছিল ২০০০ দশকের প্রথমদিকে। এবং এই বিষয়টি ২০০৩ থেকে ২০০৫ এর মধ্যে বিশেষভাবে গুরুত্ব পায়। এই সময় চীনের বাজার আরো উন্মুক্ত হয় এবং রপ্তানি বিশেষভাবে বৃদ্ধি পায়। জর্জ ডব্লিউ বুশ প্রেসিডেন্ট থাকাকালীন চীনের মুদ্রা নীতি নিয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ শুরু হয়। এই বিষয়টি ২০০৫ সালে আরো তীব্র হয় যখন মার্কিন ট্রেজারি বিভাগ তার আন্তর্জাতিক মুদ্রা বিনিময় হার সম্পর্কে মার্কিন কংগ্রেসে পেশ করা অর্ধ বার্ষিকী প্রতিবেদনে চীনের নির্দিষ্ট বিনিময় হার নীতির তীব্র সমালোচনা করে। যদিও ট্রেজারি তখন চীনকে আনুষ্ঠানিকভাবে ‘কারেন্সি ম্যানুপুলেটর’ হিসেবে চিহ্নিত করা থেকে বিরত থাকে। তারা সেই সময় চীনা ইউয়ানের মূল্য বাড়ানোর জন্য চাপ দেয়। ২০০৫ সালে আন্তর্জাতিক চাপের মুখে চিন তার কঠোর মুদ্রানীতি ত্যাগ করে এবং একটি নিয়ন্ত্রিত ভাসমান ব্যবস্থায় চলে যায় যার ফলে ইউয়ানের সামান্য মূল্য বৃদ্ধি হয়। এই বিষয়টি মার্কিন চীন সম্পর্কের ক্ষেত্রে একটি দ্বন্দ্বে পরিণত হয়েছিল। যার ফলে কারেন্সি এক্সচেঞ্জ রেট ওভারসাইড রিফর্ম এক্ট এর মত আইন প্রণয়নের চেষ্টা হয়। যা ২০১০ দশকের মাঝামাঝি মার্কিন কংগ্রেসে আলোচনা হয় এবং পরে ২০১১ সালে তা পাশ হয়। চীন যদি তার মুদ্রা নীতি সমন্বয় না করে তবে এই আইন অনুযায়ী চীনের ওপর শাস্তিমূলক পন্য শুল্কের হুমকি দেওয়া হয়।
এরপর ২০১৮ সালে ট্রাম্প প্রথমবার গদিতে বসেই চীনের বিরুদ্ধে বাণিজ্য নীতি কঠোর করার সিদ্ধান্ত নেয়। এই শুল্ক যুদ্ধের প্রধান কারণ ছিল আমেরিকার বিশাল বাণিজ্য ঘাটতি, চীনের বিরুদ্ধে প্রযুক্তি হস্তান্তরের অভিযোগ এবং চীনের রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত অর্থনীতির প্রভাব। ২০১৮ সালের মার্চ মাসে ট্রাম্প প্রশাসন চীন থেকে আমদানি করা স্টিল অ্যালুমিনিয়ামের উপর যথাক্রমে ২৫% ও ১০% পণ্য শুল্ক আরোপ করে। এরপর জুলাই মাসে প্রায় ৩৪ বিলিয়ন ডলার মূল্যের চীনা পণ্যের উপর ২৫% শুল্ক কার্যকর করে। জবাবে চিন আমেরিকার কৃষি পণ্য যেমন সোয়াবিন, শুকরের মাংস ও অন্যান্য পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপ করে। এই শুল্ক আরোপের প্রক্রিয়া ধাপে ধাপে বৃদ্ধি পায় এবং ২০১৯ সালে আমেরিকা চীনের প্রায় ৩৬০ বিলিয়ন ডলার পণ্যের উপর শুল্ক বাড়ায়। উল্টোদিকে চীন ১০০ বিলিয়ন ডলার এর বেশি মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপ করে। এই বাণিজ্য যুদ্ধের ফলে উভয় দেশের অর্থনীতিতে মিশ্র প্রভাব পড়ে। আমেরিকার ক্রেতাদের জন্য পণ্যের দাম বৃদ্ধি পায় এবং চীনের রপ্তানি খাতে চাপ সৃষ্টি হয়। তবে ২০২০ সালের জানুয়ারিতে ‘ফেজ ওয়ান’ চুক্তির মাধ্যমে উভয় দেশ সাময়িকভাবে উত্তেজনা কমানোর চেষ্টা করে যেখানে চীন আমেরিকা থেকে বেশি পণ্য কেনার প্রতিশ্রুতি দেয় এবং আমেরিকা কিছু শুল্ক কমিয়ে দেয়।
এরপর ২০২১ সালে জো বাইডেন আসার পরেও শুল্ক যুদ্ধে ট্রাম্পের ধারাবাহিকতা বজায় রেখেছিল কিন্তু একটু অন্যভাবে। ট্রাম্প ২০১৮ সালে চীনের বিরুদ্ধে শুল্ক আরোপ শুরু করেছিল যার মূল উদ্দেশ্য ছিল চীনের অন্যায্য বাণিজ্য নীতিকে দমন করা এবং সেইসঙ্গে আমেরিকার বাণিজ্য ঘাটতি কমানো। বাইডেন ক্ষমতায় এসে এই শুল্কগুলোর বেশিরভাগই বহাল রাখেন এবং কিছু ক্ষেত্রে নতুন শুল্ক যোগ করেন, যদিও তার প্রশাসনের দৃষ্টিভঙ্গি ট্রাম্পের তুলনায় ভিন্ন ছিল। বাইডেন প্রশাসন ট্রাম্পের আরোপিত প্রায় ৩০০ বিলিয়ন ডলারের চিনা পণ্যের ওপর শুল্ক বহাল রাখে। ২০২২ সালে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ এই শুল্কগুলোর চার বছরের গতিপ্রকৃতির পর্যালোচনা শুরু করে কিন্তু বড় ধরনের পরিবর্তন না করে শুল্ক বজায় রাখার সিদ্ধান্ত নেয়। ২০২৪ সালের মে মাসে বাইডেন প্রশাসন ১৮ বিলিয়ন ডলার মূল্যের চিনা পণ্যের উপর নতুন শুল্ক ঘোষণা করেন। ২০২৪ সালের মে মাসে নতুন শুল্ক নীতি ঘোষণা করে – যার মধ্যে বৈদ্যুতিক যানের (EV) উপর ১০০%, সোলার সেলের উপর ২৫% শুল্ক আরোপ করা হয়। এই শুল্কগুলো ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে কার্যকর হয় এবং কিছু ক্ষেত্রে ২০২৫-২৬ সাল থেকে পূর্ণ মাত্রায় লাগু হবে। চীন বাইডেন আরোপিত এই শুল্ক কে ‘সুরক্ষবাদী’ আখ্যা দিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থায় অভিযোগ করার হুমকি দিয়েছিল। তবে অর্থনৈতিক দুর্বলতার কারণে চীনের প্রতিক্রিয়া ট্রাম্পের সময়ের তুলনায় কিছুটা সংযত ছিল। বাইডেনের সময় শুল্কযুদ্ধ চীনের সাথে আমেরিকার সম্পর্ককে আরও জটিল করে তুলেছিল। যদিও কিছু ক্ষেত্রে আমেরিকা বাণিজ্যের ক্ষেত্রে চীন নির্ভরতা কমিয়েছে, কিন্তু চীনের আচরণে কোন পরিবর্তন আনতে পারেনি।
২০২৫ এর শুরুর দিকে বাইডেনকে সরিয়ে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর আমেরিকা ও চীনের মধ্যে শুল্কযুদ্ধ আবারও তীব্র আকার নেয়। ট্রাম্প তার প্রথম মেয়াদে চীনের বিরুদ্ধে বাণিজ্য ঘাটতি কমানো এবং মার্কিন অর্থনীতির উন্নতির নামে উচ্চ শুল্ক আরোপ করেছিল। দ্বিতীয় মেয়াদে এসেও তিনি একই ধরনের নীতি অবলম্বন করেছেন – তিনি এবার আরো কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন।
ট্রাম্প নির্বাচনী প্রচারে চীন থেকে আমদানিকৃত পণ্যের ওপর ৬০% পর্যন্ত শুল্ক আরোপের প্রতিশ্রুতি দিয়েছিল। ক্ষমতায় আসার পর ট্রাম্প দ্রুত এই পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগিয়েছে। উদ্দেশ্য ছিল চীনের অর্থনৈতিক প্রভাব কমানো এবং আমেরিকার শিল্পকে উৎসাহিত করা। ইতিমধ্যে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে চিনা পণ্যের উপর দশ শতাংশ অতিরিক্ত শুল্ক কার্যকর করা হয়েছে। যা ধীরে ধীরে বাড়তে পারে। এর জবাবে চীন পাল্টা শুল্ক আরোপের ঘোষণা করেছেন। বিশেষ করে মার্কিন কৃষি পণ্য ও প্রযুক্তি পণ্যের ওপর। শুল্ক পাল্টা শুল্ক আরোপের প্রক্রিয়ায় বাড়তে বাড়তে বর্তমানে ট্রাম্প চীনা পণ্যের ওপর ১৪৫% শুল্ক আরোপের ঘোষণা করেছে। এই বিষয়ে সুইজারল্যান্ডে দুই দেশের মধ্যে বানিজ্য বৈঠক অনুষ্ঠিত হবার কথা থাকলেও ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে তিনি শুল্ক কমাবেন না। ফলস্বরূপ আদৌ এই বৈঠকে কোনো সমাধান বেরুবে কিনা সে নিয়ে অনেকেই সন্দিহান। ইতিমধ্যে চীন থেকে পণ্য আমদানির জন্য মার্কিন কনটেইনার বুকিং ৬০% হ্রাস পেয়েছে। ট্রাম্প অন্যান্য দেশের সঙ্গে মার্কিন বানিজ্য বাড়ানোর ভাবনা সামনে রেখেছে। কিন্তু সেখানেও বিভিন্ন শর্ত আরোপ করেছে। ভারত সহ বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানির ওপর-ও শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে।
এই শুল্ক যুদ্ধের ফলে দুই সামরিক ও অর্থনৈতিক শক্তিধর সাম্রাজ্যবাদী দেশের বাণিজ্য সম্পর্কে উত্তেজনা বেড়েছে। বিশ্লেষকদের মতে এটি বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে কারণ দুই দেশই একে অপরের বড় বাণিজ্যিক অংশীদার। চীনের পক্ষ থেকে বলা হচ্ছে এই পদক্ষেপ তাদের অর্থনীতির জন্য ক্ষতিকারক হলেও তারা প্রতিরোধে প্রস্তুত। অন্যদিকে ট্রাম্প দাবি করছেন এটি আমেরিকার অর্থনৈতিক স্বাধীনতা ফিরিয়ে আনবে।
বর্তমানে এই শুল্কযুদ্ধ কোন সমঝোতার দিকে এগোচ্ছে না। ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে আলোচনার কথা বললেও উভয়পক্ষ তাদের অবস্থানে অনড়। এই পরিস্থিতি বিশ্ববাজারে অনিশ্চয়তা বাড়িয়ে তুলছে। সাথে সাথে বিগত ৩ দশক ধরে বিশ্ব অর্থনীতি ও রাজনীতিতে মার্কিন সাম্রাজ্যবাদের একচেটিয়া আধিপত্য কে ভেঙে দিয়ে সাম্রাজ্যবাদী শক্তিগুলোর মধ্যে নতুন সমীকরণ ও মেরুকরণের সম্ভাবনাকেও জোরদার করছে। যদিও এই বানিজ্য যুদ্ধ চূড়ান্ত মাত্রায় পৌঁছাবে কিনা বা সামরিক যুদ্ধের রূপ নেবে কিনা, তা নিশ্চিত করে বলার মতো সময় এখনও আসে নি।
কভার ফটো সৌজন্যে – https://www.indiatoday.in/business/story/us-china-trade-war-tariff-125-percent-what-it-means-for-india-and-world-global-market-2706864-2025-04-10 [Retrieved On: 21/07/2025]

One thought on “মার্কিন চীন বাণিজ্যযুদ্ধ এবং বিশ্ব অর্থনীতিতে তার প্রভাব”