কিংশুক সরকার
আমাদের দেশের পুরানো অসংগঠিত শিল্পের মধ্যে অন্যতম হলো চা শিল্প। এই শিল্পে শ্রমের ব্যবহার তুলনামূলকভাবে অনেক বেশি। প্রধানত চা শিল্প একটি কৃষি নির্ভর শিল্প যেখানে উৎপাদন ব্যবস্থা অনেকটাই কৃষি উৎপাদন ব্যবস্থার মতো করে আয়োজন করা হয়। ফলে শ্রমিকের ব্যবহার বেশি এবং জমির প্রয়োজনও অনেক বেশি। এছাড়াও চা উৎপাদনের জন্য অনুকূল পরিবেশ ও আবহাওয়া লাগে। তাই দেশের কিছু নির্দিষ্ট অঞ্চলেই চা উৎপাদন সম্ভব।
সময়ের সাথে সাথে চা অন্যতম জনপ্রিয় পানীয়তে পরিণত হয়েছে। সারা বিশ্বে চায়ের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে আর তার সাথে পাল্লা দিয়ে চায়ের উৎপাদনও বেড়েছে। আমাদের দেশেও তার ব্যতিক্রম হয়নি। চায়ের উৎপাদন এবং বিক্রি দুইই উত্তরোত্তর বেড়েছে। চা শিল্পকে সংগঠিত ক্ষেত্রের শিল্প হিসেবে ধরা হয়। তাই চা শিল্পে নিয়োজিত শ্রমিকরাও সংগঠিত শ্রমিকদের মধ্যে গণ্য হন। সমস্যা হলো সংগঠিত শিল্পের শ্রমিক হওয়ার পর, চা শিল্পের শ্রমিকদের সার্বিক অবস্থা অনেক ক্ষেত্রে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের থেকেও খারাপ। বাণিজ্যিক দিক থেকে চা শিল্পের অভূতপূর্ব উন্নতি হলেও চা শ্রমিকদের অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। বিষয়টি একটু গভীরে গিয়ে দেখা যেতে পারে। এক্ষেত্রেও আমাদের দেশে দুই প্রান্তের চা শ্রমিকদের অবস্থাও তুলনামূলক দিক থেকে আলাদা।
ভারতের প্রথম চা বাগান তৈরি হয় ১৮৩৩ সালে আসামে। এরপর পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও দার্জিলিং জেলায় চা বাগান শুরু করা হয়। ব্রিটিশরা চা বাগান শুরু করেছিলেন। আন্তর্জাতিক বাজারে চীনের আধিপত্য কমানোর জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে চা তৈরির সুযোগের খোঁজ করছিল। আসামের চা গাছ এবং চা তৈরির অনুকূল পরিবেশ পাওয়ার পর প্রথমে আসামে এবং পরে পশ্চিমবঙ্গের চা বাণিজ্যিকভাবে উৎপাদিত হওয়া শুরু হয়। উনবিংশ শতাব্দীর শেষের দিকে আসামে এবং পশ্চিমবঙ্গের অধিকাংশ চা বাগানের প্রতিষ্ঠা হয়ে যায়। এরপরে চা উৎপাদন দক্ষিণ ভারতে তামিললাডু এবং কেরালাতেও ছড়িয়ে পড়ে।
উৎপাদনের দিক থেকে দেখলে ভারতের মোট উৎপাদনের ৫০ শতাংশ চা আসামে উৎপন্ন হয়, পশ্চিমবঙ্গে ২৫ শতাংশের মতো উৎপন্ন হয়। বাকি ২৫ শতাংশ দক্ষিণ ভারতের তামিলনাড়ু, কেরালা, কর্নাটকে হয়। গুণগত মানের দিক থেকে দেখলেও আসাম আর পশ্চিমবঙ্গের চায়ের মান দক্ষিণ ভারতের চায়ের থেকে ভালো। গুণগত মানের সঙ্গে চায়ের দামের সমানুপাতিক সম্পর্ক রয়েছে। নিলাম এবং খোলা বাজারে দুই ক্ষেত্রেই আসাম/পশ্চিমবঙ্গের উৎপাদিত চায়ের দাম তামিলনাড়ু/কেরালায় উৎপাদিত চায়ের দাম থেকে যথেষ্ট বেশি। কিন্তু চা শ্রমিকদের অবস্থা দেখলে বলতেই হয় যে উত্তর-পূর্বের চা শ্রমিকরা দাক্ষিণাত্যের শ্রমিকদের তুলনায় অনেকটাই খারাপ অবস্থার মধ্যে আছেন। বিষয়টির উপর একটু বিস্তারিত আলোকপাত করা যায়।
আসাম এবং পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার অংশকে একসাথে ভারতের উত্তর-পূর্বের চা উৎপাদনের অঞ্চল হিসেবে বলা যেতে পারে। আসাম এবং পশ্চিমবঙ্গ আলাদা রাজ্য হলেও চা উৎপাদনের বৈশিষ্ট্য এই দুই রাজ্যে অনেকটাই একই রকম। শিলিগুড়ি থেকে শুরু করে তেজপুর পর্যন্ত একটা নিরবিচ্ছিন্ন চা উৎপাদনকারী অঞ্চল হিসেবে দেখা যেতে পারে। উৎপাদন ব্যবস্থা এবং শ্রমিকের নিয়োজনে এই পুরো অঞ্চলে এক ধরনের সামঞ্জস্য দেখা যায়। দার্জিলিং পাহাড়ে প্রধাণত অর্থডক্স চা (যা দার্জিলিং চা বলে পরিচিত) উৎপাদন করা হয়। আসামের উপরদিকের চা বাগানেও এই ধরনের চা তৈরি হয়। বাকি এই পুরো অঞ্চলে সিটিসি চা তৈরি হয়, যা দেশের মধ্যে বা দেশের বাইরে গণ চাহিদা মেটায়।
সম্পূর্ণ উত্তর-পূর্বের চা শ্রমিকদের প্রায় বেশির ভাগই আদিবাসী সম্প্রদায়ের প্রধানত সাঁওতাল সম্প্রদায় ভুক্ত। এরা সবাই সেই অর্থে ছোটনাগপুর মালভূমির (যা আজকের দিনে ঝাড়খন্ড, উড়িষ্যা, ছত্তিশগড় ইত্যাদি রাজ্যের অংশ)। প্রথমে যখন চা বাগান ইংরেজদের দ্বারা শুরু হয়, তখন স্থানীয় শ্রমিক খুব কম পাওয়া যেত। চা উৎপাদনের উপযোগী জায়গাগুলি অধিকাংশই একটু পার্বত্য বা তরাই অঞ্চলে ছিল যা সেই সময় অপেক্ষাকৃত দুর্গম পাহাড়ি জঙ্গল আচ্ছন্ন জায়গা ছিল। এইসব জায়গায় খুব কম লোক বাস করতেন। ফলে স্থানীয় শ্রমিক পাওয়া কঠিন হতো। যে অল্প সংখ্যক স্থানীয় শ্রমিক কাজ করতে ইচ্ছুক ছিলেন, তারাও সেই সময়ের অনুপাতে মজুরি দাবি করেছিলেন যা ব্রিটিশ নিয়োগকারীরা দিতে চাননি। নিয়োগকারীরা অন্তর্বর্তী মধ্যস্বত্বকারীদের মাধ্যমে ছোটনাগপুর মালভূমি অঞ্চল থেকে আদিবাসীদের নিয়ে গিয়ে উত্তর-পূর্বের চা বাগানগুলিতে নিয়োজন করেছিলেন। এই মাইগ্রেশন ছিল স্থায়ী এবং পরিবারের সবাইকে নিয়ে ঘটা একটি মাইগ্রেশান।
প্রথম দিকে যেসব শ্রমিকদের নিয়ে যাওয়া হয়েছিল, তারা যে সবাই থেকে যেতে চেয়েছেন, তা নয়। কাজের পরিবেশ বেশ কঠিন এবং মজুরি খুব কম ছিল। চা বাগানের কাজের পরিবেশের সাথে এই পরিযায়ী শ্রমিকদের মানিয়ে নিতে যথেষ্ট অসুবিধে হচ্ছিল। অনেকেই ফিরে আসতে চাইছিলেন। কিন্তু বিভিন্ন ভাবে তাদের ফিরে আসা থেকে প্রতিহত করা হয়। এমনকি তারা যাতে ফিরে যেতে না পারে সেজন্য ব্রিটিশ সরকার কিছু আইন প্রণয়ন করেন। তখন যোগাযোগ ব্যবস্থা একদমই ভালো ছিল না। কিছু নির্দিষ্ট জায়গা দিয়েই যাওয়া-আসা করতে হতো। শ্রমিকদের ফিরে আসা আটকানোর জন্য এই নির্দিষ্ট জায়গাগুলিতে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছিল। পালাতে গিয়ে ধরা পড়লে কঠোর শাস্তি দেওয়ার জন্য প্রয়োজনীয় আইন তৈরি করা হয়। যাদের মাধ্যমে শ্রমিকদের নিয়ে আসা হতো তাদের ‘সর্দার’ বলা হতো। এরাই শ্রমিকদের ওপর কড়া নজর রাখতেন যাতে তারা ফিরে যেতে না পারেন এবং চা বাগানগুলিতেই কাজ করতে বাধ্য হন।
প্রথম থেকেই চা শিল্পে শ্রমিকদের নিয়োগ এবং ব্যবহার এমন ভাবে করা হয়েছিল যে খুব কম মজুরিতে একশ্রেণীর শ্রমিক অত্যন্ত কঠিন পরিবেশে দিনের পর দিন কাজ করে যাবে। তারা চাইলেই বেরিয়ে যেতে পারবে না। আক্ষরিক অর্থে ক্রীতদাস না হলেও প্রথমদিকের চা শ্রমিকদের অনেকখানি সেইরকম ভাবেই ব্যবহার করা হতো। প্রতিটি চা বাগান এক একটি নিজস্ব দেশ প্রায়। তাদের খুব নির্দিষ্ট সীমারেখা থাকতো। সামাজিক আদান-প্রদান চা বাগানের মধ্যেই সীমাবদ্ধ থাকে, বাইরের জগতের সাথে যোগাযোগের সম্ভাবনা খুব কম ছিল বা এখনো আছে। চা শ্রমিকরা স্থানীয় জনগণের থেকে বিচ্ছিন্ন থেকে গেছেন। আজও আসাম বা পশ্চিমবঙ্গের চা বাগানের শ্রমিকদের মূল সমাজের অন্তর্ভুক্ত মনে করা হয় না। শ্রমিকদের ভোট দেওয়ার অধিকার আছে বা কিছু সরকারি প্রকল্পের সুবিধা তারা ইদানিং পাচ্ছেন। কিন্তু এটা বলাই যায় যে তারা মূল সমাজের অংশ হয়ে উঠতে পারেননি বা দেওয়া হয়নি। চা শ্রমিক এবং স্থানীয় সমাজের মধ্যে দূরত্ব রয়েই গেছে।
এই ব্যবস্থাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য শ্রমিক নিয়োগের ক্ষেত্রে একটি বিশেষ রীতি ব্যবহার করা হয়। একজন শ্রমিক ৬০ বছর বয়সে অবসর নিলে সে তার কাজ তার পরিবারের কাউকে বা পরিবারের কেউ না থাকলে অন্য কাউকেও দিয়ে যেতে পারে। এই ব্যবস্থার মাধ্যমে শ্রমিকদের যোগান এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সুনিশ্চিত করা হয়। এই ব্যবস্থা এখনো চলছে এবং আপাতদৃষ্টিতে শ্রমিকদের ভালো হচ্ছে মনে করা হলেও এর ফলে শ্রমিকরা বংশ পরম্পরায় চা শ্রমিক হিসেবে বাঁধা পড়ে যাচ্ছে। বছরের পর বছর শ্রমিকদের যোগান সুনিশ্চিত হচ্ছে। প্রথম থেকেই পরিবার সহ মাইগ্রেট করানোর পিছনে এটাও একটা পরিকল্পনা ছিল যে এই শ্রমিকদের প্রজন্ম ছাড়িয়ে ব্যবহার করা যাবে।
একই কারণে মেয়েদেরও চা শিল্পের শ্রমিক হিসেবে প্রথম ম থেকেই নিয়োগ করা হয়। সবুজ পাতা তোলার জন্য মহিলা শ্রমিক বেশি উপযুক্ত এটা যেমন ঠিক, তেমনই পরিবার ভিত্তিক নিয়োগ এবং অবসরের পর কাজের পারিবারিক হস্তাক্ষর বছরের পর বছর শ্রমিকদের চা বাগানে বেঁধে রাখতে সহায্য করেছে। চা শিল্পে এক বিশেষ ধরনের শ্রমিক সম্পর্ক গড়ে উঠেছে। স্বাধীনতার পূর্ববর্তী সময়ে যে ব্যবস্থা অনেকটা জোর করে, কিছুটা আইনের সাহায্য নিয়ে চালিয়ে নিয়ে যাওয়া হয়েছে, স্বাধীনতার পরবর্তী সময় সেই ব্যবস্থাকেই অন্যভাবে টেনে নিয়ে যাওয়া হয়েছে। আক্ষরিক অর্থে শ্রমের বাজার মুক্ত হলেও, বাস্তব এটা যে শ্রমের শর্ত শ্রমিক স্বার্থের অনুকূল না হলেও শ্রমিকরা চা শিল্প ছেড়ে যেতে পারছেন না। চা শ্রমিকদের দৈনিক মজুরির দিকে তাকালেই শ্রমিকদের দুরবস্থা কিছুটা বোঝা যাবে। আজকের তারিখে আসামে চা শ্রমিকদের দৈনিক মজুরির হার ১৬৭ টাকা, পশ্চিমবঙ্গে সেটা ২০২ টাকা। এই দুই রাজ্যে কৃষি কাজের সুনাম মজুরি প্রায় দৈনিক ২৫০ টাকা। চা শিল্পে শ্রমিকদের দক্ষ হতে হয় এবং চা একটি সংগঠিত শিল্প। কিন্তু তারপরেও চা শ্রমিকদের দৈনিক মজুরি এত কম কেন সেই প্রশ্ন থেকেই যায়।
দক্ষিণের রাজ্যগুলিতে চা শ্রমিকদের দৈনিক মজুরির দিকে রাকালে বিষয়টি আরো স্পষ্ট হয়। কেরালাতে চা শ্রমিকদের দৈনিক মজুরি ৩৮০ টাকা এবং তামিলনাড়ুতে সেটা ৩১৪ টাকা। একই দেশে একই কাজের জন্য দেশের দুই প্রান্তের রাজ্যগুলিতে মজুরিতে পার্থক্য চোখে পড়ার মতো। পশ্চিমবঙ্গে মজুরি জানুয়ারি মাসে ১৭৬ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০২ টাকা হয়। এক্ষেত্রে এক ধাপে ২৬ টাকা বৃদ্ধি পায়। অসমেও এর পরেই ৫০ টাকা মজুরি বাড়িয়ে মজুরি ১৬৭ টাকা থেকে ২১৭ টাকা করা হয়। কিন্তু এই বিষয়টি নিয়ে চা মালিকরা কোর্টে যান এবং কোর্ট স্থগিতাদেশ দেওয়ার ফলে মজুরি ১৬৭ টাকাই থেকে যায়। বিষয়টি এখনো বিচারাধীন হয়েছে। আসামে কৃষিকাজের জন্য নূন্যতম মজুরি এই সময় ৩৩২ টাকা। অর্থাৎ, চা শ্রমিকদের দৈনিক মজুরি সর্বনিম্ন ন্যূনতম মজুরির প্রায় অর্ধেক। চা সংগঠিত শিল্প এবং চা শ্রমিকরা সংগঠিত শ্রমিকদের অংশ হবার পর মজুরির ক্ষেত্রে এই বিশাল পার্থক্য থাকছে।
চা মালিকরা এই ব্যাপারে কিছু যুক্তি দিয়ে থাকেন। প্রথমত, তারা বলেন বেশিরভাগ ক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনেই স্থায়ী শ্রমিক হিসেবে কাজ করছে তাই পারিবারিক মজুরি দ্বিগুণ হচ্ছে। ব্যক্তিগতভাবে মজুরি কম হলেও গোটা পরিবারের মজুরি পরিবার চালানোর জন্য তারা যথেষ্ট মনে করেন। পরিবারের দুজন কাজ পাচ্ছেন, এই বিষয়টাতে তারা জোর দেন। আসলে চা মালিকদের এই যুক্তি অনেকটাই অসার। স্বামী স্ত্রী দুজনে যেমন কাজ করছেন, মালিকরা দ্বিগুণ হারে উৎপাদনও পাচ্ছেন। পরিবারে সদস্য বলে উৎপাদনের মাত্রা তো কম করা হচ্ছে না। তাই মালিকদের যুক্তির কোন সারবত্তা নেই।
দ্বিতীয়ত, চা মালিকরা বলে থাকেন যে আসাম এবং পশ্চিমবঙ্গের চা শ্রমিকদের প্রায় বিনামূল্যে রেশন এবং জ্বালানির জন্য কাঠ দেওয়া হয়। কিন্তু এই যুক্তি দিয়েও কম মজুরির বিষয়টিকে মেনে নেওয়া যায় না। রেশন বা জ্বালানির কাঠের বাজার মূল্য আলাদা করে যোগ করা হলেও তা দৈনিক ৩০ টাকার বেশি হবে না। মজুরির যে বিশাল পার্থক্য সেটা খুব যে কমবে তা নয়।
কভার ফটো সৌজন্যে – https://www.eastmojo.com/assam/2022/02/23/assam-over-40000-tea-garden-workers-battle-for-survival/ [Retrieved On: 25/02/2024]

2 thoughts on “চা শিল্পের উন্নতি শ্রমিকদের কাছে পৌঁছায়নি, ‘সামাজিক দূরত্ব’ থেকেই গেছে – প্রথম পর্ব”