হিন্দুত্ববাদ ও বাংলার আদিবাসী

আদিবাসীরা যে যুগ যুগ ধরে বঞ্চিত হবে, শোষিত ও নিপীড়িত হবে – এ কথা বলার অপেক্ষা রাখে না। আমাদের দেশের সমাজ সংস্কৃতিতে এটাই নিয়ম। বাংলা তার ব্যতিক্রম নয়। গো-বলয় বা তামিলনাড়ু-মহারাষ্ট্রের মতো বাংলায় হয়তো দলিত আদিবাসীদের উপর ব্যাপক শারীরিক আক্রমণ হয় না, বা কম হয়, কিন্তু উচ্চ ও মধ্য বর্ণের বাঙালি মননে আদিবাসীদের কোন স্থান নেই। আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি আদিবাসী মানে তার নিজস্ব চাষের জমি নেই, ঘর নেই, শহরে বা মফস্বলে সে লোকের জমিতে ভাড়ায় কাজ করে, রাস্তার ধারে ঝুপড়ি বানিয়ে থাকে, মেয়ে মরদ নির্বিশেষে কাজ করে, মহিলারা শিশুদের পিঠে বেঁধে নিয়ে কাজ করে। ইংরেজ উপনিবেশবাদীদের হাতে তৈরি কলকাতার বাবুসমাজ এদের নিয়ে কখনো ভাবে না।

বাংলার পাঁচটা জেলায় আদিবাসীদের বড় সংখ্যায় উপস্থিতি চোখে পড়ে। যদিও আদিবাসীরা সব জেলাতেই কমবেশি ছড়িয়ে আছে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়া এবং বীরভূম জেলায় বেশ কিছু অঞ্চলে আদিবাসীরাই সংখ্যাগরিষ্ঠ। তখনও ঝাড়খন্ড রাজ্য গঠিত হয়নি, তখন এই অঞ্চলগুলিতে বৃহত্তর ঝাড়খন্ড রাজ্য গঠনের জন্য বা ঝাড়খণ্ডে সামিল করার জন্য আন্দোলন সংগ্রাম হতো। এই অঞ্চলগুলিতে ফ্যাসিবাদী সিপিএমের আক্রমণের মোকাবিলা করে ঝাড়খন্ড পার্টিগুলি শক্তিশালী হয়েছিল। আদিবাসীরা ভাবতো ঝাড়খন্ড রাজ্য তৈরি হলে তাদের সব সমস্যার সমাধান হবে। ঝাড়খন্ড রাজ্য তৈরি হবার পর সেখানকার ব্যাপক দুর্নীতি দেখে বাংলার আদিবাসীদের মনে ঝাড়খণ্ডকে নিয়ে স্বপ্ন হারিয়ে গেছে। ঝাড়খন্ড পার্টিগুলোও ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে ও জনসমর্থন হারিয়ে ফেলেছে। উপরে উল্লেখিত জেলাগুলিকেই বাংলায় জঙ্গলমহল বলে। ২০০৮ সালে যখন লালগড় সহ সমগ্র জঙ্গলমহল পুলিশী অত্যাচারের বিরুদ্ধে ফেটে পড়ল তখন আবার বাংলার আদিবাসীরা সমগ্র বাংলা জুড়েই আন্দোলিত হয়েছিল, স্বপ্ন দেখেছিল। আদিবাসীদের একটা বড় দাবি হিসেবে স্বায়ত্ত শাসনের দাবি উঠে এসেছিল। তারা নিজেদের ভাষা শিক্ষা সংস্কৃতির স্বাধিকার চেয়েছিল। সাঁওতালি ভাষায় রেডিও ও টিভি ষ্টেশন, প্রাথমিক স্কুল স্তর থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সাঁওতালি ভাষায় পঠনপাঠন ও অলচিকি হরফে বইপত্র, টিভিতে সাঁওতালি ভাষায় সম্প্রচার, স্কুলগুলিতে সাঁওতালি শিক্ষকদের দিয়ে সাঁওতালি ছাত্রদের শিক্ষাদান, নিজেদের সারী ধর্মের স্বীকৃতি (হিন্দু দেবদেবী ও রীতিনীতি থেকে তা পৃথক), ইত্যাদি। পশ্চিমবঙ্গের তৎকালীন সিপিএম সরকার, যা ছিল বাঙালি উগ্র জাতীয়তার প্রতীক, তারা সাঁওতাল জাতির জন্য কোন অধিকারই রাখেনি। কোন আলাপ আলোচনার মাধ্যমে সাঁওতাল আদিবাসীদের সমস্যাকে স্বীকৃতি না দিয়ে রক্তের বন্যায় এই আন্দোলনকে ডুবিয়ে দেয়।

পরবর্তী তৃণমূল সরকারও একই কাজ করে। তবে অতীতে ১৮৫৫ সালের সাঁওতাল বিদ্রোহ দমনের পর আর যাতে বিদ্রোহ না হয়, ইংরেজরা তার জন্য ছোটনাগপুর টেনান্সি অ্যাক্ট যেমন চালু করেছিল, দিকুরা যাতে সাঁওতালদের জমি কিনে নিতে না পারে তার জন্য লোক দেখানো আইন করেছিল, একই রকমভাবে পশ্চিম বাংলার তৃণমূল সরকার সাঁওতালি ভাষায় পঠনপাঠনের জন্য একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে, গ্রামের স্কুলগুলিতে সাঁওতাল জাতির ও বাঙালি জাতির সাঁওতাল ভাষা জানা শিক্ষক নিয়োগ করেছে, সাঁওতালি ভাষায় সম্প্রচারের জন্য একটি এফএম রেডিও স্টেশন চালু করেছে এবং সরকারি রেডিও ও দূরদর্শন চ্যানেলে এক ঘন্টা করে সাঁওতালি ভাষায় খবর ও অনুষ্ঠান সম্প্রচার করছে। যদিও এই সময়ের মধ্যে হিন্দুত্ববাদী সংগঠনগুলি ব্যাপক মাত্রায় আদিবাসী এলাকাগুলিতে অনুপ্রবেশ করেছে এবং গাদা গাদা হনুমান মন্দির প্রতিষ্ঠা করেছে। আমি জানি না ব্রাক্ষ্মণ্যবাদী হিন্দুত্ববাদী ফ্যাসিস্টরা এটা কেন করে? আদিবাসী ও হনুমানের মধ্যে সম্পর্ক কি? মিলই বা কি? আর্যদের খতম অভিযানের হাত থেকে বাঁচতে আদিবাসীরা পাহাড় জঙ্গলে আশ্রয় নিয়েছিল। আর হনুমান জঙ্গলে থাকা একটা বণ্য প্রণী। আদিবাসীরা হনুমানকে তো দেবতা হিসেবে মানে না। তাহলে আদিবাসী এলাকায় হনুমান মন্দির তৈরী করে লাভ কী?

ব্রিটিশ আমলেই ছোটনাগপুর অঞ্চল থেকে বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের বহু সংখ্যক মানুষকে উত্তরবঙ্গ ও আসামে চা বাগানগুলিতে সস্তার মজুর হিসেবে নিয়ে গিয়েছিল। সাঁওতাল, হো, কোল, মুন্ডা প্রভৃতি সম্প্রদায়ের আদিবাসীরা নিজেদের জমি ও জনগণের মাঝ থেকে উৎখাত হয়ে শখানেক বছর ধরে পৃথকভাবে থাকছে এবং এই অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের মানুষের সংস্পর্শে থাকছে। যার ফলে এদের ভাষা ও সংস্কৃতিতে অনেক বদল এসেছে এবং হিন্দুয়ানীর ছোঁয়াচ লেগেছে। এদের বর্তমান প্রজন্ম আদিবাসী-বাঙালি-হিন্দি-নেপালি ভাষার সংমিশ্রণে গঠিত এক নতুন ভাষা সাদরী ভাষায় কথা বলে ও সারনা ধর্ম পালন করে। (সারনা ধর্ম আদিবাসী দেবদেবীর পাশাপাশি হিন্দু দেবদেবীকেও স্বীকৃতি দেয়)। উত্তরবঙ্গের কোনো আদিবাসী সম্প্রদায়ের ভাষার নিজস্ব লিপি নেই। উঁচু উঁচু পাহাড় ও জঙ্গলের মধ্যে চা বাগানগুলির কুলি বস্তিতে থাকার জন্য এদের সংস্কৃতি কিছুটা টিকে আছে। না হলে এতদিনে বড় জাতিগুলি এদের গিলে নিতো।

তৃণমূল শাসনে সারা বাংলায় লুম্পেনীকরণ অনেক বেড়েছে। ফলে মাঝে মাঝেই আদিবাসী সম্প্রদায়গুলির মহিলাদের ধর্ষণের ঘটনার কথা সংবাদমাধ্যমে আসে। আদিবাসী বিক্ষোভগুলি পুলিশী অত্যাচারের মুখে পড়ে। সম্প্রতি ঝাড়গ্রাম জেলায় এক লোধা নাবালককে এক তৃণমূলী নেতা পিটিয়ে খুন করে খাবার চুরি করার অপরাধে। বলা বাহুল্য অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। বাংলার পুলিশ, জেল অফিসার ও কারারক্ষীদের মধ্যে বাংলার উচ্চবর্ণ ব্রাহ্মণ কায়স্থ অনুপাতে অনেক কম থাকে। বদলে নিম্ন বর্ণের লোকজনের প্রাধান্য এই চাকরিগুলিতে বেশি থাকে। কিন্তু তাতে ব্রাহ্মণ্যবাদের প্রভাব কিছু কম হয় না। এটা আমার নিজস্ব অভিজ্ঞতা যে যেসব রাজনৈতিক বন্দীরা উচ্চবর্ণ থেকে আসে, পুলিশ কর্মী ও কারারক্ষীরা তাদের সম্মান দিয়ে ‘আপনি’ বলে সম্বোধন করে, আর আদিবাসীদের বলে ‘তুই’। কোন আলাপ আলোচনায় আমাদের জন্য চেয়ারের বন্দোবস্ত থাকলেও আদিবাসীদের তারা মাটিতে বসিয়ে রাখে। জঙ্গলমহলের আদিবাসী বিদ্রোহ যতদিন শক্তিশালী ছিল, ঠেলায় পড়ে সরকারি আধিকারিকরা আদিবাসীদের লোক দেখানো সম্মান করতো। এখন আর সে সবের বালাই নেই। ঝাড়গ্রাম জেলায় লোধাশূলি বলে একটা জায়গা আছে। সেখানে ইংরেজরা ১০০ লোধাকে শূলে চড়িয়েছিল। লোধাদের অপরাধ ছিল তারা আদিম যাযাবর সমাজে বাস করে। তাদের কোন ব্যক্তি মালিকানা নেই, ব্যক্তি সম্পত্তি বোধ নেই। ইংরেজরা তাদের ক্রিমিনাল ট্রাইব বলতো। আজ খাতায়-কলমে ক্রিমিনাল ট্রাইব বলা হয় না কিন্তু বাঙালি মননে আজো তাদের ক্রিমিনাল ট্রাইব হিসেবেই দেখা হয়। আমফান ঝড়ে সুন্দরবন বিধ্বস্ত হওয়ার পর যখন ত্রাণকার্যে আমরা সুন্দরবন গিয়েছিলাম, তখন জঙ্গলের মধ্যে মধ্যে আদিবাসী পাড়া দেখলাম। আদিবাসীদের পাড়াগুলিতে যাবার কোনো রাস্তা নেই, কোনো পানীয় জলের নলকূপ নেই, কোনো আলো নেই, কোনো স্কুল নেই। সেখানে কেউ ত্রাণ নিয়ে যায় না। যদিও আরএসএস-এর হোল টাইমার প্রচারকরা সেখানে একল স্কুল চালায়।

আদিবাসীরা বলে – “এটা আমাদের দেশ। ওপারে তোদের দেশ। আমরা তোদের দেশের কাছে দাবি করবো কেন আমাদের আলো, জল, স্কুল, রাস্তাঘাট দে!” ঠিকই বলেছে তারা। এটাই আমাদের দায়িত্ব ও কর্তব্য আদিবাসীদের সমান চোখে দেখার সমমর্যাদা দেবার। হিন্দুত্ববাদী ফ্যাসিস্টরা আদিবাসীদের বন্ধু সাজার যতই নাটক করুক না কেন, কখনই নিম্নবর্ণের মানুষজন বা আদিবাসীদের নিজেদের সমমর্যাদা দেবে না।


কভার ফটো সৌজন্যে – https://janchowk.com/beech-bahas/why-are-adivasis-not-hindus/ [Retrieved On: 09/02/2024]

Leave a Reply