আমাদের বইমেলা, আমাদেরই থাকবে

বইমেলায় গণতান্ত্রিক পরিবেশকে অক্ষুণ্ণ রাখবার দাবীতে সোচ্চার হয়েছিলাম আমরা। সোচ্চার হয়েছিলাম কারণ ২০২৪-এর আন্তর্জাতিক কলকাতা বইমেলায় যেভাবে গণতন্ত্রের টুঁটি চেপে ধরেছিলো গিল্ড ও বিধাননগর পুলিশের যৌথ যুগলবন্দী, তা আমাদের পথে নামতে বাধ্য করে, বাধ্য করে নতুন করে ভাবাতে। এর আগের বছরগুলিতেও ক্রমশই কমতে শুরু করেছিলো এই গণতান্ত্রিক আবহ। বইমেলা চত্বরে কোনরকম স্বর যদি উচ্চকণ্ঠে ঘোষিত হয় শাসকের বিরুদ্ধে, সঙ্গে সঙ্গেই তার কপালে জুটেছে পুলিশের লাঠি, গ্রেপ্তারি। এবছর এই অত্যাচার আরও মাত্রা ছাড়িয়েছে। দুই ছাত্রকে গ্রেপ্তার করে দুদিন রেখে দেওয়া হয়েছে পুলিশি হেফাজতে। এর সাথে এবছর যেন একটা নতুন মাত্রা যোগ হতে দেখি আমরা – বইমেলায় গেরুয়াকরণ। কিছু বাচ্চারা তাদের পাঠশালার জন্য প্রচার চালাতে গেলে আক্রমণ করে একটি মৌলবাদী প্রতিষ্ঠান। যেখানে পুলিশ পক্ষ নেয় সেই প্রতিষ্ঠানটির। অথচ তারাই আগে চড়াও হয়েছিলো বাচ্চাদের বিরুদ্ধে। প্যালেস্টাইনের উপর আক্রমণ সংক্রান্ত কোনরকম বক্তব্য রাখতে গেলে আক্রান্ত হন প্রতিবাদীরা। এসব কি আরও কোনো অন্যতর মাত্রাকে চিহ্নিত করে না? আমরা গত ২৪-এ ফেব্রুয়ারি তারিখে কনভেনশন করে সিদ্ধান্ত নিই আমরা সারাবছর এই প্রতিবাদ জারি রাখবো, যাতে বহুবর্ণবিচিত্র আমাদের বইমেলা আমাদেরই থাকে, হাতছাড়া হয়ে তা পুলিশি ব্যবস্থা, বা মৌলবাদী ব্যবস্থায় পরিণত হতে না পারে। আমাদের হারিয়ে যাওয়া জায়গাগুলোকেও পুনরুদ্ধার করতে হবে আমাদের। গানে, কবিতায়, প্রতিবাদে, প্রকৃত বইচর্চার কেন্দ্র হয়ে উঠুক আমাদের বইমেলা। তা যেন সন্ত্রাসের ক্ষেত্র না হয়ে ওঠে। বইমেলা থাকুক এমন এক মিলনস্থল, যেখানে সবাই এসে যাপন করে এক অন্যতর পাঠ, অন্যতর সংস্কৃতি।

আমাদের কনভেনশনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা প্রথমেই ১২-ই মার্চ একটি মিছিল করার সিদ্ধান্ত নিই, কলেজ স্ট্রিট কফি হাউজের সামনে থেকে গিল্ড অফিস পর্যন্ত। এখনও অব্দি এই মঞ্চের কোন অফিসিয়াল বডি নেই। যে যে পত্রিকা সংগঠন, গণ-সংগঠন অথবা ব্যক্তি যারা এই মতামতের সাথে সম ভাবনা প্রকাশ করে, সবার কাছে আহ্বান ১২-ই মার্চের এই মিছিলে আসুন, পা মেলান। আর এই মিছিল কনভেনশনের পর আমাদের প্রথম কর্মসূচী রাজপথে। এই কর্মসূচী হবার পর আমরা সবার সাথে আলাপ আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নিশ্চয় ঠিক করতে পারবো। কনভেনশনের প্রস্তাবনায় যে যে দাবীগুলি ছিল সেগুলো নিয়েই আমরা প্রাথমিকভাবে গিল্ডের কাছে যেতে চাই। এই দাবী পূরণ না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাবো। আমরা জানি, সরকার কিংবা সংশ্লিষ্ট পুরসভার সহযোগিতা ছাড়া কোনও মেলা করাই সম্ভব নয়। আমরা সরকারের সহযোগিতা চাই, মাতব্বরি নয়। আমাদের যাবতীয় বোঝাপড়াটা হোক সরাসরি গিল্ডের সাথে পুলিশের সাথে নয়। আমরা চাই না পুলিশের শাসানি, চাই না ধর্মীয় সাম্প্রদায়িক ঘৃণার পরিবেশ।

তবে একথা মাথায় রাখতে হবে দাবীগুলো গিল্ড বা রাজ্য সরকারের কাছে রাখাই শেষ কথা নয়। আমরা যেহেতু স্লোগান তুলেছি এই বইমেলা আমাদের, তাই আন্দোলনের মধ্যে দিয়ে যেমন দাবী ছিনিয়ে আনতে হবে, দাবী আদায় না হলে ক্রমাগত আন্দোলন চালিয়ে যেতে হবে, ঠিক তেমনই বইমেলা পরিসরে গড়ে তুলতে হবে ছোট পত্রিকা গোষ্ঠীগুলির স্ব-উদ্যোগ, গণতান্ত্রিক মানুষদের প্রতিবাদের ক্ষেত্র তৈরি করতে হতে হবে উদ্যোগী। মাথায় রাখতে হবে বইমেলা শুধু আর পাঁচটা মেলার মতো মানুষের বিনোদনেই থেমে যায় না, বইমেলা আসলে হয়ে উঠে মুক্ত চিন্তার চর্চা কেন্দ্র। তাই এই পরিসরকে মুক্ত রাখতে, আর এই পরিসরকে আরও ব্যাপ্ত করতে দায় আমাদের নিতে হবে ভবিষ্যতে।

আমাদের দাবী –

১) বইমেলায় কারো মত প্রকাশের অধিকারে পুলিশি হস্তক্ষেপ করা চলবে না।
২) এবারের বইমেলায় প্রতিবাদী ছাত্রদের বিরুদ্ধে সাজানো মামলা প্রত্যাহার করতে হবে এবং এ ব্যাপারে গিল্ডকে উদ্যোগী হতে হবে।
৩) বইমেলায় বিভিন্ন প্রান্তে খালি জায়গা আরও অনেকটা বাড়াতে হবে।
৪) স্টল বা টেবিল না পাওয়া বা না নেওয়া লেখক-কবি, শিল্পী, ক্ষুদ্র প্রকাশকদের মেলায় ঘুরে ঘুরে নিজের বই/শিল্পকর্ম প্রচার করতে দিতে হবে।
৫) টাকা আদান প্রদানের জন্য একটা সরকারি ব্যাংক থাকতেই পারে, কিন্তু দেদার ব্যাংক এবং বড় বড় ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে স্টল দেওয়া বন্ধ করতে হবে।
৬) মেলায় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলি ও সরকারি বড় বড় স্টলগুলির মাইক বাজানো, লটারি, কুইজ, অন্ত্যক্ষরী… ইত্যাদি বন্ধ করতে হবে।
৭) মুক্তমঞ্চগুলিতে রাখা বক্তব্যে/বই প্রকাশে খবরদারি/নজরদারি চলবে না।
৮) ছোট স্টলের ভাড়া অনেকটা কমাতে হবে।
৯) লিটিল ম্যাগাজিনের টেবিলের জন্য কোন ভাড়া নেওয়া চলবে না।
১০) মেলার আয়-ব্যয়ের হিসাব প্রকাশ্যে দিতে হবে।
১১) স্টল বা টেবিল নেওয়ার জন্য মুচলেকা নেওয়ার বিধি বাতিল করতে হবে।

সব‍্যসাচী দেব, কৃষ্ণা বন্দ‍্যোপাধ‍্যায়, APDR, আয়নানগর, ঈক্ষণ,
কথা, ক্রমরূপান্তর, লিটিল ম‍্যাগাজিন সমন্বয় মঞ্চ, মাতৃভূমি,
ন হন‍্যতে, নারীচেতনা, অপ্রচলিত, বিকল্প, প্রতিভাষ‍্য, ডিলিজেন্ট,
সমাজবিজ্ঞান ও প্রকৃতি পরিচয়, ISU, র‍্যাডিকাল প্রকাশনা,
মতাদর্শে অগ্রণী, গণবিজ্ঞান কথা, সাংস্কৃতিক সমসময়, দোআঁশ,
অহল‍্যা, আমরা এক সচেতন প্রয়াস, অনীক এবং

অন‍্যান‍্য গণতন্ত্রপ্রেমী মানুষ ও বন্ধুরা কর্তৃক প্রকাশিত ও প্রচারিত।

Leave a Reply