লেনিন-এর ১৫৩-তম জন্মবার্ষিকীতে প্রকাশিত হলো নাদেঝ্দা কনস্তান্তিনোভা ক্রুপ্সকায়া-র লেখা লেনিন-এর জীবনী ‘রেমিনিসেন্সেস অফ লেনিন’-এর প্রথম পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ ‘স্মৃতিতে লেনিন’। ‘সমাজ বিজ্ঞান ও প্রকৃতি পরিচয়’ পত্রিকার উদ্যোগে কসবা চিত্তরঞ্জন হাই স্কুল-এর একটা শ্রেণীকক্ষে এই বই প্রকাশ অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। বিভিন্ন বামপন্থী সংগঠন এবং ছাত্র সংগঠনের কর্মী-সমর্থক-প্রতিনিধিরা এই সভায় অংশগ্রহণ করে এই অনুষ্ঠানকে সফল করে তোলেন। সভা পরিচালনা করেন পরিচয় পত্রিকার সম্পাদক বৈদ্যনাথ সেনগুপ্ত। সভায় বক্তব্য রাখেন অনুবাদক সৌমেন, বামপন্থী গণ আন্দোলনের সংগঠক প্রসূন, ছাত্র সংগঠনের প্রতিনিধি উদ্দীপন, এবং পরিচয় পত্রিকার প্রকাশক ডঃ অমিতাভ চক্রবর্তী। বক্তব্যের মাঝে মাঝে দীপান্বিতার কণ্ঠে ও আত্মদীপের গীটারে পরিবেশিত হয় প্রতিবাদী গণসঙ্গীত – “আমি চাই সাঁওতাল তার ভাষায় বলবে রাষ্ট্রপুঞ্জে”, “ওরা থাকলে তবু কেউ থাকে”, “রুখে দাও ধর্ম নিয়ে রাজনীতি এই দেশটা জুড়ে”। কমরেড লেনিন-কে নিয়ে দীপক চক্রবর্তী-র কণ্ঠে গান পরিবেশনের মাধ্যমে এই অনুষ্ঠান সমাপ্ত হয়।
মূল গ্রন্থ ‘রেমিনিসেন্সেস অফ লেনিন’-এর লেখিকা ক্রুপ্সকায়া ছিলেন বলশেভিক পার্টির একজন প্রতিষ্ঠাতা সদস্য এবং ১৮৯৮ সাল থেকে ১৯২৪ সালে লেনিন-এর মৃত্যু পর্যন্ত তাঁর জীবনসঙ্গীনী। স্বাভাবিকভাবেই, এই গোটা সময়ে তিনি লেনিন-কে, তাঁর জীবনযাপনকে, তাঁর চিন্তাভাবনাকে যতটা কাছ থেকে প্রত্যক্ষ করেছিলেন ততটা আর অন্য কোনো কমরেডের পক্ষেই সম্ভব হয়নি। এছাড়াও, বলশেভিক পার্টির একজন অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে এই বিরাট ঐতিহাসিক অধ্যায়টা জুড়ে ক্রুপ্সকায়া-র নিজস্ব অনুভূতি ও অভিজ্ঞতাও নিঃসন্দেহে যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাঁর এই স্মৃতিচারণা মোট তিনটে পর্যায়ে বিভক্ত – প্রথম পর্যায়ে ১৮৯৩-১৯০৭ সালের অভিজ্ঞতা, দ্বিতীয় পর্যায়ে ১৯০৮-১৯১৭ সাল পর্যন্ত ঘটনাবলী, এবং তৃতীয় বা সর্বশেষ পর্যায়ে ১৯১৮ সাল ও তার পরবর্তী সময়ের কথা। ক্রুপ্সকায়া-র নিজের ভাষায় – “… প্রথম পর্যায়ে যে ঘটনাগুলোর বিবরণ পাওয়া যাবে সেগুলো হলো শ্রমিক শ্রেণীর আন্দোলনের প্রাথমিক পদক্ষেপ, একটা পার্টি গড়ে তোলার প্রচেষ্টা, মূলত জারতন্ত্রের বিরুদ্ধে বিপ্লবের প্রথম ঢেউ আছড়ে পড়া, এবং সেই বিপ্লবের পরাজয়। দ্বিতীয় পর্যায়টা … ছিল প্রথম পর্যায়ের বিপ্লবী লড়াইয়ের একটা মূল্যায়নের সময়, প্রতিক্রিয়ার বিরুদ্ধে লড়াইয়ের একটা সময়, প্রত্যেক ধরনের সুবিধাবাদের বিরুদ্ধে কঠিন লড়াইয়ের একটা সময়, আমাদের কাজকর্মকে বিপ্লবী ধারাকে বজায় রেখে সেগুলোকে সমস্ত রকমের পরিস্থিতিতে খাপ খাইয়ে নেওয়ার জন্য লড়াইয়ের একটা সময়।” আর তৃতীয় পর্যায়টা হলো অক্টোবর-বিপ্লব পরবর্তী অধ্যায়, সমাজতান্ত্রিক নির্মাণ শুরু হওয়ার পর্যায়। এই তিনটে পর্যায় নিয়ে তিনটে খণ্ড। লেনিন-কে, লেনিনবাদ-কে, সোভিয়েত সমাজতান্ত্রিক বিপ্লবের গোটা ইতিহাসটাকে বোঝার ক্ষেত্রে ক্রুপ্সকায়া-র এই তিন খণ্ডের স্মৃতিচারণা একটা অত্যন্ত জরুরী পাঠ, যার প্রথম পূর্ণাঙ্গ অখণ্ড বাংলা অনুবাদ হলো এই নব পরিচয় প্রকাশনা-র ‘স্মৃতিতে লেনিন’।


যে কথা উল্লেখ না করলেই নয়! অতীতে এই স্মৃতিচারণা অনুবাদের উদ্যোগ নিয়েছিলেন কমরেড সরোজ দত্ত। তিনি প্রথম খণ্ডটার অনুবাদ করেছিলেন, যেটা ১৯৪৭ সালের ফেব্রুয়ারি মাসে প্রথম প্রকাশিত হয়েছিল ‘লেনিনের স্মৃতি’ নামে। কিন্তু তারপর থেকে বিভিন্ন কারণে এই গুরুত্বপূর্ণ উদ্যোগটাকে আর এগিয়ে নিয়ে যাওয়া যায়নি। দীর্ঘ কয়েক দশক পর আজ সেই অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ হয়েছে। তাই এই কাজ করতে গিয়ে নিজস্ব অনুভূতির কথা জানানোর সময় অনুবাদক সৌমেন প্রথমেই যেমন এই গুরুত্বপূর্ণ কাজটার এতদিন বিলম্ব হওয়া নিয়ে আক্ষেপ প্রকাশ করেন, তেমনই অবশেষে এই উদ্যোগে সামিল হতে পেরে তাঁর গর্ববোধের কথাও জানান। আজকের দিনে দাঁড়িয়ে ‘স্মৃতিতে লেনিন’-এর প্রাসঙ্গিকতার কথা, বিশেষ করে মার্ক্সবাদ থেকে তার বিপ্লবী সত্ত্বাকে ছেঁটে ফেলার প্রবণতার বিরুদ্ধে লড়াইতে এই বইয়ের ভূমিকার কথা আলোচনা করেন তিনি। সৌমেন বলেন লেনিন-এর বিভিন্ন বিখ্যাত লেখাগুলো ঠিক কোন প্রেক্ষাপটে, কোন বিতর্কের সময়ে, কোন তাগিদ থেকে লেখা হয়েছিল সেটা বুঝতে সাহায্য করবে এই বই, যা একইসাথে লেনিনবাদকে বোঝার ক্ষেত্রেও সহায়ক হবে। তাঁর মতে ব্যক্তি ও ব্যক্তিত্ব থেকে আদর্শ বড় – এই বার্তাই খুঁজে পাওয়া যাবে ক্রুপ্সকায়া-র স্মৃতিচারণার ছত্রে ছত্রে। সংশোধনবাদের বিরুদ্ধে লড়াই, প্রথম বিশ্বযুদ্ধের সময় উগ্র জাতীয়তাবাদের পাঁক থেকে আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনকে উদ্ধার করা, জাতিসত্তার আত্মনিয়ন্ত্রণের প্রশ্নে একটা প্রকৃত গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গিকে তুলে ধরা – ইত্যাদি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সন্ধিক্ষণে লেনিন-এর নেতৃত্বে কিভাবে সঠিক রাজনৈতিক লাইন গ্রহণ করা হয়েছিল সেই স্মৃতিচারণা থেকে আজকের কমিউনিস্ট আন্দোলনের অনেক কিছুই শেখার আছে বলে তাঁর অভিমত।
লেনিন অনন্য ছিলেন তাঁর সহজাত গতিশীল মানসিকতার জন্য। আজ যিনি লেনিন-এর ঘনিষ্ঠ সহযোগী, কালকেই আদর্শের লড়াইতে শত কষ্ট হলেও তাঁর সাথে বিচ্ছেদ করতে হয়েছে লেনিন-কে। বন্ধুত্ব রক্ষা করতে গিয়ে আপোষের পথ তিনি কখনো বেছে নেননি। আবার আজ যিনি চরম বিরোধী, কালকেই জনগণের স্বার্থে, বিপ্লবের স্বার্থে তাঁর সাথে বন্ধুত্ব স্থাপন করতে বিন্দুমাত্র ইতস্তত করেননি তিনি। বিভিন্ন উদাহরণ সমেত লেনিন-এর এই গতিশীলতাকে আরও সুন্দর করে ব্যাখ্যা করেন বক্তা প্রসূন। একজন প্রকৃত কমিউনিস্টের মতো লেনিন কখনো নিজের মতামতকে প্রকাশ করতে পিছপা হননি, এবং কোনোরকম ধোঁয়াশা ছাড়া স্পষ্টভাবে তিনি নিজের মতামত প্রকাশ করতেন। আমাদের কমিউনিস্ট আন্দোলনের নেতৃত্বে এই জাতীয় লেনিনীয় চরিত্রগুলোর যথেষ্ট অভাব আছে বলে মনে করেন প্রসূন, এবং সেই কারণে তাঁর মতে ‘স্মৃতিতে লেনিন’ একটা শিক্ষণীয় পাঠ। তিনি আরও বলেন যে সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি-র (বলশেভিক) ইতিহাস নিয়ে বহুল প্রচলিত বইটার তুলনায় অনেক প্রাণবন্ত ক্রুপ্সকায়া-র এই বই। এরপর এক ছাত্র সংগঠনের প্রতিনিধি উদ্দীপন বক্তব্য রাখেন প্রথম বিশ্বযুদ্ধের উগ্র জাতীয়তাবাদী পরিস্থিতিতে লেনিন-এর রাজনৈতিক লাইনের যথার্থতা নিয়ে। কিভাবে বিশ্বের সাম্রাজ্যবাদী দেশগুলোর কমিউনিস্ট পার্টিগুলো যখন নিজ নিজ দেশের জাতীয়তাবাদী ভাবধারার শিকার হচ্ছে এবং রাশিয়ার মাটিতে, এমনকি বলশেভিক পার্টির মধ্যেও একটা দোলাচলের সৃষ্টি হচ্ছে, সেই পরিস্থিতিতে লেনিন কিভাবে মতাদর্শগত লড়াই চালাচ্ছেন ও এই সাম্রাজ্যবাদকে পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায় হিসাবে বর্ণনা করছেন – ইত্যাদি আলোচনা করেন তিনি। পরিশেষে ডঃ অমিতাভ চক্রবর্তী-র তথ্যবহুল আলোচনায় উঠে আসে লেনিনবাদী রাজনীতির বিপ্লবী শিক্ষার বিভিন্ন দিক। তিন খণ্ডের স্মৃতিচারণার পাশাপাশি পরিশিষ্ট হিসাবে ক্রুপ্সকায়া-র যে আরেকটা গুরুত্বপূর্ণ লেখা এই বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে – “লেনিন কিভাবে মার্ক্স-কে অধ্যয়ন করেছিলেন” – সেটার প্রয়োজনীয়তার কথাও ব্যাখ্যা করেন তিনি।
আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলন ও ভারতীয় বিপ্লবের জন্য যাঁরা শহীদ হয়েছেন সেই অসংখ্য বিপ্লবীর স্মরণে উৎসর্গ করা হয়েছে ক্রুপ্সকায়া-র স্মৃতিচারণার এই পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ ‘স্মৃতিতে লেনিন’। লেনিন-এর “হোয়াট ইস টু বি ডান?” লেখাটার এক লাইনের মূল্যায়নে ক্রুপ্সকায়া লিখেছিলেন – “যাঁরা শুধু কথায় লেনিনবাদ ছেড়ে কাজকর্মে লেনিনবাদী হতে চান, তাঁদের সকলেরই এই লেখাটা পড়া উচিত।” ক্রুপ্সকায়া-র এই স্মৃতিচারণা প্রসঙ্গেও ঠিক একই কথা প্রযোজ্য।
আগ্রহী পাঠকেরা এই বই সংগ্রহ করুন, পড়ুন।
‘স্মৃতিতে লেনিন’ সংগ্রহ করতে চাইলে যোগাযোগ করুন এই নাম্বারে – 9073483962.
মুদ্রিত মূল্য – ৩০০ টাকা।

One thought on “লেনিন-এর ১৫৩-তম জন্মবার্ষিকীতে ‘স্মৃতিতে লেনিন’ বই প্রকাশ অনুষ্ঠান ও আলোচনা”