লেখাটি প্রকাশিত হয় আজাদ গণ মোর্চা-র মুখপত্র মাতৃভূমি পত্রিকার জানুয়ারি ২০২৬ সংখ্যায়
কেন্দ্রীয় সরকার ২১ নভেম্বর ২০২৫ নতুন শ্রম আইনের বিঞ্জপ্তি জারি করে চারটি শ্রম কোডের কথা ঘোষণা করে। বিগত ১৯৩০ সাল থেকে ১৯৫০ সালের মধ্যে বিভিন্ন সময়ে একাধিক শ্রম বিল পাশ করেছে এদেশের বিভিন্ন সরকার, এই শ্রম বিলের সংখ্যা বাড়তে বাড়তে ২৯-এ দাঁড়িয়েছিল। ফলে এক এক রাজ্যে এক এক বেতন কাঠামো বা একই সংস্থায় কাজ করে রাজ্য ভিত্তিক শ্রমের পরিমাণ ও পারিশ্রমিক আলাদা – এইরকম কিছু সমস্যা দেখা যায়। এর জেরে বিভিন্ন রাজ্যের শিল্প সংস্থাকে নানা অসুবিধার সম্মুখীন হতে হতো। তাই নাকি এই শ্রম কোডের অবতারণা!
নতুন শ্রম কোড কী?
যে চারটি নতুন শ্রম কোডের কথা বলা হয়েছে, সেগুলো হলো – বেতন বিধি ২০১৯ (Code on Wages 2019), শিল্প সম্পর্ক বিধি ২০২০ (Industrial Relations Code 2020), সামাজিক সুরক্ষা বিধি (Code on Social Security 2019) এবং পেশাগত কাজের শর্তাবলী বিধি ২০২০ (OSHWC Code 2020)। পুরনো ২৯-টি শ্রম আইন বাতিল হয়ে এই নতুন নিয়মগুলি চালু হলে ভারতের শ্রম ব্যবস্থায় নাকি বিরাট পরিবর্তন আসবে! কেন্দ্রীয় সরকারের মতে, এর ফলে ‘আত্মনির্ভর ভারত’ গড়ার কাজ অনেকটা ত্বরান্বিত হবে!

স্বাধীনতার পর থেকে চলে আসা বহু পুরনো ও জটিল আইনগুলি বর্তমান অর্থনীতির সঙ্গে মানানসই নয়। নতুন শ্রম কোডগুলি নাকি সেই সমস্যা দূর করে এক স্বচ্ছ ও সুরক্ষিত পরিবেশ রচনা করবে, কর্মীদের জন্য নতুন নিয়ম তৈরি করবে বলে কেন্দ্র সরকারের দাবি। যার ফলে নাকি কর্মীদের জন্য গ্রাচুইটি, ন্যূনতম মজুরি এবং কর্ম ক্ষেত্রে সমান বেতন ও নিরাপত্তার মত সুবিধা বৃদ্ধি পাবে। যদিও এর কিছু প্রভাব বেতন কাঠামোতেও পড়বে। শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষার মতো সুবিধা বাড়লেও, ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলির পরিচালনা খরচ বিপুল হারে বাড়বে। এতে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে উৎপাদন ব্যাহত হবার আশঙ্কা রয়েছে।
নতুন শ্রম কোডে শ্রমিকরা কীভাবে উপকৃত হবেন বলে সরকারের দাবি?
নিয়োগের প্রমাণ হিসেবে অ্যাপয়েন্টমেন্ট লেটার আগে বাধ্যতামূলক ছিল না। কিন্তু নতুন শ্রম কোড প্রণয়নের ফলে অ্যাপয়েন্টমেন্ট লেটার বাধ্যতামূলক করা হয়েছে। ফলে চাকরির ক্ষেত্রে নিরাপত্তা ও স্বচ্ছতা বাড়বে বলে মনে করা হচ্ছে।
গিগ ও প্ল্যাটফর্ম কর্মী সহ (যেমন অনলাইন ডেলিভারি পার্টনার) সকল কর্মী সামাজিক সুরক্ষা, পি এফ (PF) ও ইএসআইসি (ESIC)-র সুবিধা পাবেন। আইন অনুযায়ী সকল কর্মীর ন্যূনতম মজুরি পাবার অধিকার সুনিশ্চিত করা হয়েছে। সময় মত বেতন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে যা কর্মীদের আর্থিক দুশ্চিন্তা কমাবে। ৪০ বছরের বেশি বয়সী সকল কর্মীর জন্য বছরে ১ বার বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করানো নিয়োগকর্তাদের জন্য বাধ্যতামূলক। মহিলারা এখন রাতের শিফটে এবং সমস্ত ধরনের কাজে (খনি সহ) যোগ দিতে পারবেন। পূর্বের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। তবে তাদের সম্মতি ও নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।
মহিলা কর্মীদের দিকে দৃষ্টি রেখে লিঙ্গ বৈষম্য আইনত নিষিদ্ধ করা হয়েছে এবং সমান কাজের জন্য সমান বেতন নিশ্চিত করা হয়েছে। ‘অভিযোগ প্রতিকার কমিটি’তে মহিলাদের প্রতিনিধিত্ব বাধ্যতামূলক করা হয়েছে। মহিলা কর্মীদের পরিবারের সংজ্ঞায় শ্বশুর, শাশুড়ি-কেও অন্তর্ভুক্ত করা হয়েছে। বিড়ি ও ক্রাশার শ্রমিকদের দিনে কাজের সময় ৮-১২ ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং সপ্তাহে ৪৮ ঘণ্টা ফিক্সড করা হয়েছে। ওভারটাইমের জন্য দ্বিগুণ মজুরি দিতে হবে।
দশজনের বেশি থাকা বাগানগুলোতেও এখন শ্রম কোড প্রযোজ্য হবে। শ্রমিক ও তাদের পরিবারের জন্য ইএসআইসি সুবিধা নিশ্চিত করা হয়েছে। সাংবাদিক, ডাবিং আর্টিস্ট এবং স্টান্টের কর্মীরাও এখন পূর্ণাঙ্গ আইনি সুবিধা পাবেন ও নিয়োগপত্র পাবেন।
কিন্তু সত্যিই কি এই শ্রম কোড শ্রমিক শ্রেণীর পক্ষে সহায়ক হবে?
২১ নভেম্বর এই শ্রম কোড ঘোষণা হওয়ার পর থেকেই দেশের বড় বড় শ্রমিক সংগঠনগুলি একে ‘শ্রমিকদের সঙ্গে প্রতারণা ও প্রতারণামূলক সংস্কার’ বলে অভিহিত করেছে। এই শ্রম কোড বাস্তবে শিল্প মালিকদের হাতে আরও বেশি ক্ষমতা তুলে দিচ্ছে। এর ফলে কর্মসংস্থান আরও অনিশ্চিত হবে, কমবে শ্রমিকদের নিরাপত্তা। একইসঙ্গে কৃষকদেরও সংবিধান স্বীকৃত যে অধিকার তা খর্ব করা হয়েছে। এই শ্রম কোডের ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের মাধ্যমে কর্মীদের যখন তখন ধর্মঘট প্রতিরোধ করা হবে অর্থাৎ বলা যায় এই শ্রম কোডের মাধ্যমে শ্রমিকদের/ কর্মীদের যে ধর্মঘট হরতাল করার অধিকার গত ৫০ বছর আন্দোলনের ফলে তারা লাভ করেছিল তা বস্তুত কেড়ে নেওয়া হলো।

এই শ্রম কোডে বলা হয়েছে, কর্মীরা চাইলে ধর্মঘট করতে পারবেন তবে নতুন নিয়ম অনুযায়ী কর্মচারীদের ধর্মঘটের আগে নোটিশ দিতে হবে। একমাত্র তবেই ধর্মঘটের অনুমতি দেওয়া হবে, অর্থাৎ শ্রমিকরা যে বিভিন্ন দাবির জন্য ধর্মঘট করবেন সেক্ষেত্রেও তাদের অধিকার থাকবে না, অনুমতি সাপেক্ষে শ্রমিকরা ধর্মঘট করবেন – যা এক কথায় হাস্যকর।
আমরা কী মনে করি?
আমরা মনে করি এই শ্রমবিধি অনুযায়ী কর্পোরেট সংস্থাগুলি আরও সহজেই কর্মী ছাঁটাই করতে পারবে। আগে যেসব সংস্থায় ১০০ জন কর্মী থাকলে ছাঁটাইয়ের আগে সরকারের অনুমতির দরকার হতো, এখন তা বাড়িয়ে ৩০০ করা হয়েছে। তাতে শ্রমিকদের ভবিষ্যৎ আরো ঝুঁকির মুখে পড়বে। একই সঙ্গে কাজের শিফট বাড়ানোর সুবিধা রাখা হয়েছে। মহিলাদের রাতের শিফটে কাজের কথা বলা হলেও, মহিলা নিরাপত্তার দিকটি নিয়ে যথেষ্ট উদ্বেগ আছে বলে আমরা মনে করছি।
নতুন নিয়মে হরতাল, লকআউট, সাসপেনশন অফ ওয়ার্ক, ছাঁটাই এর মত সমস্যা কমবে বলে সরকারি ঘোষণায় বলা হলেও, আমরা মনে করি এই শ্রম কোড শ্রমিকের সাংবিধানিক অধিকারের ওপর এক বড় আঘাত, যা দিনে ১২ ঘন্টা কাজের দানবীয় নীতিকে আইনসম্মত বলে ঘোষণা করেছে এবং ইউনিয়ন, হরতাল করার যে সাংবিধানিক অধিকার তাকেও খর্ব করা হয়েছে।

এই শ্রম কোড যে শুধু শ্রমিকদের অধিকার খর্ব করেছে, তা নয়, শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগও আরো অনিশ্চিত হয়ে পড়বে এবং শ্রমিকদের নিরাপত্তা হ্রাস পাবে। যেমন শ্রম কোডে এক বছরের চাকরির পর গ্র্যাচুইটির যোগ্যতা এবং বেতন প্রদানের সময়সীমা নির্ধারণ করেছে – যা শ্রমিকদের জীবন ও কর্মক্ষেত্রে বড় পরিবর্তন নিয়ে আসবে বলে দাবি কেন্দ্রীয় সরকারের! সরকারের উদ্যোগের ফলে মালিকপক্ষের জন্য কমপ্লায়েন্সের বোঝা কমবে, কারণ এর ফলে এখন একাধিক রেজিস্ট্রেশনের বদলে একটি মাত্র লাইসেন্স জমা দিলেই হবে।
আজাদ গণ মোর্চার পক্ষ থেকে আমরা এই শ্রম কোডের তীব্র বিরোধিতা করছি। আসুন সবাই মিলে কেন্দ্র সরকারের এই কৃষক /শ্রমিক/ সব শ্রমজীবী মানুষদের অধিকার হরণ করে নেওয়া জনবিরোধী নীতির তীব্র বিরোধিতা করি।
কভার ফটো সৌজন্যে – https://www.thehindu.com/news/national/protests-erupt-against-labour-codes-privatisation-push/article70326404.ece [Retrieved On: 02/06/2026]
