বাংলার রাজনীতিতে ধর্মীয় মেরুকরণের ক্রমবর্ধমান প্রবণতা প্রসঙ্গে

লেখাটি প্রকাশিত হয় আজাদ গণ মোর্চা-র মুখপত্র মাতৃভূমি পত্রিকার
অগাস্ট ২০২৫ সংখ্যায়

বাংলার রাজনীতিতে সম্প্রতি ধর্মীয় মেরুকরণের একটা প্রবণতা মাথাচাড়া দিয়ে উঠেছে। এই প্রবণতা দেশের বিভিন্ন প্রান্তে বরাবরই ছিল। পশ্চিমবঙ্গেও যে একেবারে ছিলনা তা নয়। দেশভাগের আগে থেকেই এই রাজ্য বিভিন্ন সময়ে হিন্দু-মুসলমান সংঘাত, দাঙ্গা ইত্যাদির সাক্ষী থেকেছে। দেশভাগের পরেও বিক্ষিপ্তভাবে সেইসব হয়েছে। সমসাময়িক রাজনীতিতে তার অল্পবিস্তর প্রভাব পড়লেও, গ্রামবাংলার সাধারণ হিন্দু-মুসলমান জনগণের উপর এতদিন তার কোনও দীর্ঘস্থায়ী প্রভাব পড়তে দেখা যায়নি। শহরের বুকে আপাত প্রগতিশীলতার মুখোশের নিচে সাম্প্রদায়িকতা, উগ্র জাতীয়তাবাদ ইত্যাদি সুপ্ত অবস্থায় থাকলেও, প্রকাশ্যে সংখ্যাগুরুর ধর্মীয় আস্ফালন সেভাবে চোখে পড়েনি, যেভাবে দেশের অন্যান্য বিভিন্ন রাজ্যে পড়েছে। কিন্তু বিগত এক-দেড় দশকের পশ্চিমবঙ্গের দিকে চোখ রাখলে দেখা যাবে যে ধর্মীয় সাম্প্রদায়িকতা এখন আর সুপ্ত অবস্থায় নেই; বরং রীতিমতো শক্তিশালী হয়ে পেশী প্রদর্শন করছে, ধর্মীয় মেরুকরণ ঘটাচ্ছে। আর দিন-আনা-দিন-খাওয়া মেহনতি জনতা থেকে শুরু করে নানান সমস্যায় দীর্ণ মধ্যবিত্ত জনতাও এই মেরুকরণের জোয়ারে গা ভাসাচ্ছে, যা শাসক শ্রেণীর হাতকেই আরও শক্ত করছে। কীভাবে এই প্রবণতা মাথাচাড়া দিয়ে উঠল সেটাই দেখার চেষ্টা করা হবে এই প্রবন্ধে।

পশ্চিমবঙ্গ একটা মজার রাজ্যে পরিণত হয়েছে। এখানে এখন একদিকে সরকারি স্কুলগুলো সব ধীরে ধীরে বন্ধ হয়ে চলেছে, আর অন্যদিকে রাজ্যের যত্রতত্র হনুমান মন্দির গজিয়ে উঠছে! এই রাজ্যে হনুমান মন্দির যে একেবারে ছিলনা তা নয়। কিন্তু যেভাবে রাজ্যের আদিবাসী অধ্যুষিত জেলাগুলোতেও হনুমান মন্দির গজিয়ে উঠেছে তাতে অবাক না হয়ে উপায় নেই। রামনবমী উদযাপনের ক্ষেত্রেও একই কথা বলা চলে। এই উদযাপন আগেও হতো, বাকি আর পাঁচটা উৎসবের মতো। কিন্তু বিগত কয়েক বছরে যেভাবে ডিজে মিউজিক সহযোগে, অস্ত্র প্রদর্শনের সাথে এই রামনবমী উদযাপন হচ্ছে তা রাজ্যের ইতিহাসে আগে কখনও হয়নি, এমনকি হয়তো রামনবমী পালনের ইতিহাসেও বিরল। বিজেপির রামনবমী উদযাপনকে টেক্কা দিতে শুরু হয়েছে তৃণমূলের হনুমান-জয়ন্তী পালন। তবে সেটাতেও খুব একটা সুবিধে না হওয়ায় সম্প্রতি এই তালিকায় বোধহয় জগন্নাথ দেবও যুক্ত হলেন! এইসব বলা হচ্ছে বলে ধর্মপ্রাণ হিন্দু জনতা এক্ষুণি উত্তেজিত হয়ে উঠে বলবেন – এতে অসুবিধের কি আছে! হিন্দুদের পুজো-আচ্চা, মন্দির নিয়েই আমাদের মতো এই ‘সিকুলার’দের যত সমস্যা! ওইদিকে মাননীয়া যে ২০১২ থেকে ইমাম ভাতা দিয়ে চলেছেন, মুসলিম তোষণ করে চলেছেন সেসব নিয়ে আমাদের কিছু বলার নেই ইত্যাদি ইত্যাদি! ঠিকই। আসলে আমরা, এই ‘সিকুলার’রা কখনও ভাবিনি যে এইসব নিয়েও কখনও বলতে হতে পারে। স্কুলজীবন থেকেই স্কুলে স্কুলে সরস্বতী পুজো হতে দেখে এসেছি; সেটাও আবার মাননীয়ার রাজত্বে নয়, খোদ ‘কমিউনিস্ট’ শাসনে। কখনও মনে প্রশ্ন জাগেনি সেকুলার দেশে এটা কীভাবে সম্ভব! কাউকে তখন অবশ্য হিন্দু-তোষণ নিয়েও বাক্য-ব্যয় করতে দেখিনি। এই পোড়া দেশে গণতন্ত্র হোক বা ধর্মনিরপেক্ষতা (সেকুলারিজম) – সবটাই এরকম মার্কামারা! তা শরীরে কোথায় ক্ষত সৃষ্টি হলে সেটার যদি চিকিৎসা না করা হয় তাহলে একদিন তো ঘা হবেই, পচন ধরবেই। এখন সেই পচনটাই আমরা দেখতে পাচ্ছি। সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে – সেই নিয়ে শিক্ষিত ধর্মপ্রাণ হিন্দু মধ্যবিত্ত জনতার কোনও মাথাব্যাথা নেই। তাদের মাথাব্যাথা ইমাম ভাতা নিয়ে, তাদের আগ্রহ রামনবমী নিয়ে। এই পরিস্থিতি একদিনে তৈরি হয়না। যারা বলেন যে সবটাই ২০১১ সালের ‘পরিবর্তন’-এর পর তৈরি হয়েছে, তারা আবারও হয়তো একটা ‘ঐতিহাসিক ভুল’ করছেন। এর উৎস তো আমরা অবশ্যই সন্ধান করব; তবে তার আগে এর হাল-হকিকতটা দেখে নেওয়া যাক।

বিগত এক দশকের দিকে যদি তাকানো হয় তাহলে দেখা যাবে যে বিভিন্ন রকমের বিষয়কে কেন্দ্র করে ধর্মীয় মেরুকরণকে ক্রমাগত বাড়িয়ে তোলা হয়েছে। পার্ক সার্কাস, রাজাবাজার, মল্লিকবাজার, খিদিরপুর, মোমিনপুর-এর মতো মুসলিম অধ্যুষিত এলাকায় হেলমেট ছাড়া বাইক চালালেও ফাইন হয় না, কিন্তু অন্যান্য হিন্দু এলাকায় ট্রাফিক পুলিস শক্তহাতে ট্রাফিক নিয়ম পালন হচ্ছে কিনা দেখে – আশেপাশে কান পাতলেই এই বিতর্ক আপনি শুনতে পাবেন, যা একেবারেই সাম্প্রতিক সময়ের দান। বিগত এক দশকে বেশ কয়েকবার দুর্গাপুজোর বিসর্জন আর মহরমের তাজিয়া একই সময়ে বের হওয়াকে কেন্দ্র করে শাসকদল তৃণমূল ও প্রধান বিরোধীদল বিজেপি এই দুইয়ের মধ্যে রাজনৈতিক চাপানউতোর চলেছে। ২০১৬ সালে দুই-তিনদিন ব্যাপী বিসর্জনের সময়কে রাজ্য প্রশাসনের তরফে কিছুটা এদিক-ওদিক করে মহরমের তাজিয়ার জন্য জায়গা তৈরি করে দেওয়া হলে বিজেপি স্বভাবসিদ্ধ ঢঙে সেটাকে ‘হিন্দুদের প্রতি অবিচার’ বলে প্রচার করে, এবং এই বিবাদ কলকাতা হাইকোর্ট অবধি গড়ায়। কোর্ট আবার প্রশাসনের এই পদক্ষেপকে ‘সংখ্যালঘু তোষণ’ বলে রাজ্য সরকারকে বকাবকি করে। স্বাভাবিকভাবেই, বিজেপি তাদের প্রচারে আরও বল পায়। বাম ও কংগ্রেস বেশি গভীরে যায় না; মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ব্যর্থ – এইটুকু বলে নিজেদের দায় সারে। এইসব নিয়ে উত্তর চব্বিশ পরগণার নৈহাটির হাজিনগর, মালদার চাঁচল, হুগলীর চন্দননগর, পশ্চিম মেদিনীপুর এর খড়গপুর, বর্ধমান ও বীরভূম জেলার কয়েক জায়গায় দুই সম্প্রদায়ের মধ্যে স্বল্প মাত্রায় সাম্প্রদায়িক সঙ্ঘর্ষ বাধে; কিছু মানুষ আহত হয়, কিছু ভাংচুরের ঘটনা ঘটে। তবে বাংলার বিজেপি পরিষ্কার বুঝে যায় যে প্রতি বছর এই সময়টার সুযোগ তাদের নিতে হবে। তাই খেয়াল করলে দেখা যাবে যে বিগত কয়েক বছর ধরে অত্যন্ত পরিকল্পনামাফিকভাবে বাংলাদেশে হিন্দু মন্দিরে দুর্গা প্রতিমা ভাংচুরের কিছু ছবি প্রতিবছর দুর্গাপুজোর এই সময়টায় এপার বাংলায় সোশাল মিডিয়াতে ভাইরাল করে দিয়ে গুজব ছড়ানোর মাধ্যমে দাঙ্গা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। শেষ পর্যন্ত দাঙ্গা হোক না হোক, এতে ধর্মীয় মেরুকরণ যে ঘটছে সেকথা বলাই বাহুল্য। তবে বিজেপি এটাও বুঝেছে যে দুর্গাপুজোর বিসর্জনে অস্ত্রের ঝনঝনানি দেখানোর মতো অবস্থায় বাঙালি হিন্দুসমাজ এখনও যেতে পারেনি। অতএব বিজেপিকে শেষমেশ সেই রামের শরণাপন্ন হতে হয়েছে। তাই মহরমের অনুকরণে ২০১৭ থেকে রামনবমী উদযাপনকে ঘিরে অস্ত্র আর প্রেশীশক্তির প্রদর্শন শুরু হয়েছে রাজ্যে। নাহ্‌, এই রাম বাঙালি কবি কৃত্তিবাসের রাম নয়, যে সীতাকে হারিয়ে বিলাপ করে বলে – “সীতা বিনা আমি যেন মণিহারা ফণী”, এই রাম উত্তর ভারতীয়, সীতার অগ্নিপরীক্ষা নেওয়া, সীতাকে পাতালে পাঠানো ‘মর্যাদা পুরুষোত্তম’ রাম। আর এই রামের সঙ্গী হলো ভীষণ রাগী গেরুয়া রঙের এক হনুমান, যার ছবি এখন পতাকা থেকে শুরু করে গাড়ীর পিছনের উইন্ডশিল্ড – সর্বত্র বিদ্যমান; চোখ খোলা রাখলে আমাদের রাজ্যেই তার ভুড়িভুড়ি উদাহরণ পাবেন।

ধর্মীয় মেরুকরণের এই প্রবণতা বৃদ্ধির ক্ষেত্রে ২০১৬ সালটা একটা সন্ধিক্ষণ বলা যায়। বিসর্জন-মহরম বিতর্ক শেষ হতে না হতেই ডিসেম্বর মাসে হাওড়া-র তেহট্ট হাই স্কুলে হজরত মহম্মদ এর জন্মদিন, অর্থাৎ নবী দিবস উদযাপন করার অনুমতি না দেওয়া এবং ফলস্বরূপ কয়েকদিন পর সরস্বতী পুজো করতে বাধা দেওয়াকে ঘিরেও দুই সম্প্রদায়ের মধ্যে বিরোধ বাঁধে। এই বিরোধের মধ্যে উপস্থিত থাকা দুই সম্প্রদায়ের মানুষকেই পুলিশী নির্যাতনের শিকার হতে হয়। যদিও সোশাল মিডিয়াতে যে ন্যারেটিভটা ভাইরাল হয় সেটা হলো – মমতার বাংলায় স্কুলে সরস্বতী পুজো করতে চেয়ে পুলিশের কাছে মার খেতে হচ্ছে ছাত্রছাত্রীদের! বিজেপি তাদের মতো করে প্রচার চালিয়ে ধর্মীয় মেরুকরণের চেষ্টা করে, আর সিপিএম একই বুলি – অর্থাৎ তাদের জমানায় এসব কিছু হতো না – ইত্যাদি আউরে তৃণমূলকে কোণঠাসা করতে গিয়ে বিজেপি-র ন্যারেটিভকেই শক্তিশালী করে তোলে। একইভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ছোটখাটো ঘটনাকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে একটা চাপা উত্তেজনার পরিবেশ চলতে থাকে। কখনও মালদার কালিয়াচকে, কখনও বীরভূমের ইলামবাজারে, কখনও হাওড়ার ধূলাগড়ে, কখনও উত্তর চব্বিশ পরগণার বাদুরিয়া, বসিরহাটে সেগুলো দাঙ্গার আকার নেয়। বিজেপি-আরএসএস এর কাছে এগুলো যেন ছিল সুবর্ণ সুযোগ। এতদিন এরাজ্যে আরএসএস-এর প্রভাব ছিল মূলত পশ্চিমবঙ্গের উত্তর ও পশ্চিমের কিছু পিছিয়ে থাকা এলাকায়, এবং দক্ষিণে সুন্দরবনের কিছু এলাকায়। কিন্তু ধর্মীয় মেরুকরণ, দাঙ্গা, বিজেপির প্রচার-অপপ্রচার মিলিয়ে এখন তারা শহর-গ্রাম সর্বত্র অধিকাংশ বাঙালির মনে সুপ্ত থাকা সাম্প্রদায়িকতা আর উগ্র জাতীয়তাবাদকেও জাগিয়ে তুলতে পেরেছে। ‘জাতপাত-না-মানা’, অথচ খবরের কাগজে পাত্র-পাত্রী বিজ্ঞাপনের মাধ্যমে ব্রাক্ষণ পাত্র বা ফর্সা পাত্রী খোঁজা ‘প্রগতিশীল’ বাঙালি মননে সুপ্ত থাকা প্রতিক্রিয়াশীল চিন্তাভাবনা এবং সেটাকে উস্কে দেওয়ার ক্ষেত্রে আরএসএস-এর এই সাফল্য – কোনওটাকেই অস্বীকার করার জায়গা নেই।

সঙ্ঘ পরিবারের অসংখ্য সংগঠন ২০১৩ সাল থেকে এই রাজ্যে সক্রিয়ভাবে কাজ করে চলেছে। সাংবাদিক স্নিগ্ধেন্দু ভট্টাচার্য তাঁর ‘মিশন বেঙ্গল: এ স্যাফ্রন এক্সপেরিমেন্ট’ বইতে বিশদে এই সংগঠনগুলোর কাজকর্ম সম্বন্ধে আলোচনা করেছেন। বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, দূর্গা বাহিনী, হিন্দু জাগরণ মঞ্চ, বনবাসী কল্যাণ আশ্রম, রাষ্ট্র সেবিকা সমিতি-র মতো জাতীয় স্তরের সংগঠনের পাশাপাশি সেগুলোর সাথে একসাথে কাজ করে চলেছে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সঙ্ঘ, বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সঙ্ঘ, বাস্তুহারা সহায়তা সমিতি, বিবেকানন্দ বিদ্যা বিকাশ পরিষদ, শ্রী হরি সৎসঙ্গ সমিতি ইত্যাদি রাজ্য স্তরের সংগঠন। মানবাধিকার রক্ষা মঞ্চ, সচেতন নাগরিক মঞ্চ, বঙ্গীয় জাতীয়তাবাদী পরিষদ – ইত্যাদি নাম নিয়ে ২০১৩ সাল থেকে অসংখ্য নতুন নতুন সামাজিক ও তথাকথিত ‘অরাজনৈতিক’ সংগঠন রাজ্যজুড়ে গজিয়ে উঠেছে, যেগুলো নিরন্তর হিন্দুত্বর প্রচার চালিয়ে যাচ্ছে। ‘একল’ অভিযানের নামে অসংখ্য স্কুল, সংস্কার কেন্দ্র, এনজিও তৈরি হয়েছে রাজ্যে; আরএসএস-এর শিক্ষামূলক সংগঠন বিদ্যা ভারতী-র অধীনে বিবেকানন্দ বিদ্যা বিকাশ পরিষদ বিভিন্ন নামে একাধিক স্কুল চলছে রাজ্যে, যেমন – সারদা শিশু তীর্থ, সারদা শিশু মন্দির, সরস্বতী শিশু তীর্থ – যেগুলোর মাধ্যমে কথাকারদের ভাড়া করে রামায়ণ, মহাভারত, ভগবৎ কথা শোনানো হচ্ছে; ভজন-কীর্তনের আয়োজন করা হচ্ছে; দেশীয় সংস্কৃতির নামে অবাধে নিঃশব্দে আরএসএস-এর মতাদর্শ প্রচার করে চলা হচ্ছে; হেডগেওয়ার, গোলওয়ালকার, এবং দীনদয়াল উপাধ্যায়দের মহাপুরুষের মর্যাদা দিয়ে বাচ্চাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। মালদা জেলার ৩০০-টা আদিবাসী-অধ্যুষিত গ্রামের মধ্যে ২১০-টাতেই (২০১৯ সালের শুরুতে) এই একল স্কুল আছে। ২০১৯ সালের জুন মাস পর্যন্ত হিসাবে পশ্চিমবঙ্গে একল বিদ্যালয়ের সংখ্যা ছিল ৩,৫৬৭-টা, যেখানে শিক্ষার্থীর মোট সংখ্যা ছিল ৮৭,৮৬১। একল স্কুলের এই সংখ্যাটাই ২০১৬ ও ২০১৩ সালে যথাক্রমে ছিল ২,৯৩৬ ও ২,২৮১। বর্তমানে, ৩১-এ মার্চ ২০২৪ তারিখ পর্যন্ত রাজ্যে একল স্কুলের সংখ্যা ৪,৪৩১। সুতরাং, একেবারে তৃণমূল স্তরে সঙ্ঘ পরিবারের প্রভাব কীভাবে বৃদ্ধি পাচ্ছে তার একটা ধারণা এই পরিসংখ্যান থেকে পাওয়া যায়। সরকারি স্কুল বন্ধ করে দিয়ে এইভাবে আরএসএস-ঘনিষ্ঠ এনজিও-র মাধ্যমে গ্রামীণ এলাকায় শিক্ষাদানের এই মডেলটাকেই আরও পোক্ত আকার দেওয়া হয়েছে জাতীয় শিক্ষানীতি ২০২০-তে।

একইভাবে রাজ্যের প্রান্তে প্রান্তে মন্দির, বিশেষ করে হনুমান মন্দির তৈরির পুরোভাগে আছে বজরং দল। ২০১৫ থেকে ২০১৯ সালের মধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় ১০০-টারও বেশি মন্দির তৈরি করা হয়েছে। এটা সবথেকে বেশি লক্ষ্য করা গিয়েছিল ২০১৯ সালের ফেব্রুয়ারি আর এপ্রিল মাসের মধ্যে, লোকসভা নির্বাচনের প্রাক্কালে। ২০১৯ সালের এপ্রিল মাসে বাংলার ২৩-টা জেলার প্রতিটায় অন্তত একটা করে মন্দির উদ্বোধন হয়েছে। বনবাসী কল্যাণ আশ্রমের ছত্রছায়ায় রাজ্যজুড়ে গজিয়ে উঠেছে অসংখ্য সংস্কার কেন্দ্র, এবং পাশাপাশি আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য ছাত্রাবাস, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার কর্মসূচী। ২০১৮ সালের মধ্যে শুধুমাত্র দক্ষিণবঙ্গেই এই ধরনের সংস্কার কেন্দ্রের সংখ্যা ছিল ৫০০-র বেশি। বাংলায় সাম্রাজ্য বিস্তার করার জন্য রাম ও হনুমানের পাশাপাশি শিব আর কৃষ্ণের দিকেও নজর দিতে হয়েছে বিশ্ব হিন্দু পরিষদকে। জন্মাষ্টমী, ঝুলন, দোলযাত্রা, শিবরাত্রিকে লক্ষ্য করে তারা জনসংযোগ বাড়িয়ে চলেছে। ছাত্র সংগঠন এবিভিপি-র দিকে তাকালে দেখা যাবে যে ২০১৯ সালের মধ্যেই তারা এই রাজ্যের ৪০০-টারও বেশি কলেজে খাতা খুলে ফেলেছে। পাঁচ বছর আগে এই রাজ্যে তাদের এর পাঁচ ভাগ উপস্থিতিও চোখে পড়ত না। আরএসএস-এর শিক্ষক সঙ্ঘ – অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ-ও এই রাজ্যে পিছিয়ে নেই। হাই স্কুলের শিক্ষকদের জন্য ‘বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সঙ্ঘ’, প্রাইমারি স্কুলের শিক্ষকদের জন্য ‘বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সঙ্ঘ’ এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর গবেষকদের জন্য ‘জাতীয়তাবাদী অধ্যাপক ও গবেষক সঙ্ঘ’ – মহাসঙ্ঘের এই তিনটে সংগঠনেই বিগত এক দশকে সদস্য সংখ্যা লাফিয়ে বৃদ্ধি পেয়েছে। ভারতীয় সংস্কৃতির নামে আরএসএস-এর মতাদর্শকে তারা স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে বদ্ধপরিকর। এলাকায় এলাকায় ধর্মীয় মেরুকরণের পথ প্রশস্ত করার কাজে আর যে দুটো সংগঠনের ভূমিকা উল্লেখ করতেই হয় সেদুটা হলো – হিন্দু জাগরণ মঞ্চ, এবং তাদের যুব সংগঠন হিন্দু যুবা বাহিনী। গো-হত্যার বিরোধিতা থেকে শুরু করে ‘লাভ জিহাদ’-এর প্রচার, বিসর্জন-মহরমকে ঘিরে গোলমাল পাকানো থেকে শুরু করে যেকোনো ছোটখাটো বিষয়কে হিন্দু ধর্ম অবমাননার মোড়কে পরিবেশন করে জনতাকে উস্কানোর কাজে বিগত কয়েক বছরে তারা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে।

সিপিএম জমানায় যে সঙ্ঘ পরিবারের কোনও চিহ্ন এই রাজ্যে ছিলনা তা নয়। এই রাজ্যে হিন্দু দক্ষিণপন্থী মতাদর্শ ও রাজনীতির শিকড় অনেক পুরনো ও গভীর। সিপিএম-এর রাজত্বে স্বৈরাচারের রূপটা ছিল অন্যরকম। সরাসরি ধর্মের ভিত্তিতে সেখানে খুব একটা সঙ্ঘর্ষ বাঁধত না; বরং সঙ্ঘর্ষ বাঁধত রাজনৈতিক হিংসার ভিত্তিতে। সেই প্রবণতা তৃণমূল সরকারের জমানাতেও বর্তমান। তবে সেটার সাথে এখন যুক্ত হয়েছে ধর্মীয় মেরুকরণের নতুন প্রবণতা, যার মূল কাণ্ডারি বিজেপি-আরএসএস। ‘বিকাশ’-এর মিথ্যে গালগল্প দিয়ে যে বেশিদিন লোকজনকে বিভ্রান্ত করা যাবে না সেকথা বুঝে বিজেপি-কেও তার পুরনো রাস্তা ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে শীঘ্রই ফিরতে হয়েছে। তৃণমূল সরকারও একটা নির্দ্দিষ্ট মাত্রা পর্যন্ত এই ধর্মীয় মেরুকরণ চায়। সরকারের সমস্ত স্তরে দুর্নীতি এবং অসংখ্য ন্যায্য বিষয়ে জনতার ক্ষোভ যাতে বড়সড় গণ-আন্দোলনের দিকে না যায়, তার জন্য এহেন ধর্মীয় মেরুকরণ আসলে শাসক দলকেই সাহায্য করে, মূল বিষয় থেকে জনগণের দৃষ্টিকে সরিয়ে রাখতে। আর মূলধারার বাম সমর্থকরা বাইরে যতই প্রগতিশীলতা দেখাক, উঁচু জাতির জাত্যাভিমান আর পুরুষতান্ত্রিক মনোভাব যে তাদের অধিকাংশের রন্ধ্রে রন্ধ্রে মিশে রয়েছে, সেটা এই অন্ধকার সময়ে অনেকটাই পরিষ্কার। “আগে রাম, পরে বাম” স্লোগানটা এমনি এমনি হিট হয়নি! আসলে, তফাৎ শুধু ফুটকিতেই। তাই তারা এখন সর্বশক্তি নিয়োগ করেছে টিভি পর্দার ডিবেটে এবং সোশ্যাল মিডিয়ায়। এই সংসদীয় রাজনৈতিক দলগুলো থেকে তাই পাওয়ার কিছুই নেই। আর এখানেই রয়েছে একটা প্রকৃত ফ্যাসিবাদ-বিরোধী বিপ্লবী শক্তির বিকাশের সুযোগ; যে শক্তি ধর্মীয় মেরুকরণের রাজনীতির এই বিভ্রান্তি থেকে জনগণকে প্রগতিশীল ধর্মনিরপেক্ষ রাজনীতির প্রাঙ্গণে বের করে আনবে, ভাতা-র রাজনীতি থেকে জনগণকে তাদের অধিকার আদায়ের লড়াইতে রাস্তার গণ-আন্দোলনে টেনে বের করে আনবে।


কভার ফটো সৌজন্যে – https://www.thehindu.com/news/national/west-bengal/ram-navami-processions-sweep-bengal-trinamool-competes-with-bjp-in-organising-processions/article69420209.ece [Retrieved On: 07/09/2025]

Leave a Reply