ওয়াক্‌ফ আইন সংশোধন – সরকারের আসল উদ্দেশ্য কী ?

লেখাটি প্রকাশিত হয় আজাদ গণ মোর্চা-র মুখপত্র মাতৃভূমি পত্রিকার
মে ২০২৫ সংখ্যায়

১৯৯৫ সালের ওয়াক্‌ফ আইন-কে সংস্কার করার অজুহাতে মোদী সরকার গত বছর অগাস্ট মাসে লোকসভাতে ওয়াক্‌ফ (সংশোধন) বিল, ২০২৪ পাস করে। সেই বিল আজ আইনে পরিণত হয়েছে; তার নতুন নাম হয়েছে – ইউনাইটেড ওয়াক্‌ফ ম্যানেজমেন্ট, এমপাওয়ারমেন্ট, এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট, ১৯৯৫ (UWMEED Act 1995)। এই আইনকে ঘিরে প্রতিবাদ আছড়ে পড়েছে দেশজুড়ে। কোথাও কোথাও সেই প্রতিবাদ হিংসাত্মক আকার ধারণ করেছে। আর সেগুলোকে ঘিরে সাম্প্রদায়িকতার আগুনে রাজনীতির রুটি সেঁকতে নেমে পড়েছে বিজেপি-আরএসএস ও তাদের পোষা মিডিয়া। এহেন পরিস্থিতিতে ওয়াকফ আইনের এই সংশোধনীকে ঘিরে বিতর্কের কারণগুলো ঠিক কী কী, মোদী সরকারের মূল উদ্দেশ্যটা ঠিক কী, সেগুলো নিয়ে স্পষ্ট আলোচনার প্রয়োজন আছে, যাতে অর্ণব গোস্বামীদের চীৎকারে ছাপিয়ে সেটা আমজনতার কানে পৌঁছায়।

প্রথমে খুব অল্প কথায় বুঝে নেওয়া যাক ওয়াকফ ব্যাপারটা কী? আর সেটাকে ঘিরে আইনটাই বা কী ছিল যেটার সংশোধনী নিয়ে এত হৈচৈ? – ওয়াক্‌ফ হলো ইসলামী শরিয়তের ভিত্তিতে কোনও সম্পত্তি (সাধারণত জমি বা ভবন) ধর্মীয় বা সমাজকল্যাণমূলক উদ্দেশ্যে স্থায়ীভাবে দান করা। একবার কোনও সম্পত্তিকে ওয়াক্‌ফ ঘোষণা করলে, তা আর বিক্রি, উত্তরাধিকার বা হস্তান্তর করা যায় না। এই সম্পত্তি থেকে প্রাপ্ত আয় ব্যবহার করা হয়: (ক) মসজিদ, মাদ্রাসা পরিচালনায়, (খ) এতিমখানা, হাসপাতাল বা সমাজসেবা মূলক কাজে, (গ) কবরস্থান রক্ষণাবেক্ষণে, (ঘ) শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায়। ব্রিটিশ ভারতে ১৯২৩ সালে প্রথম তৈরি হয় মুসলমান ওয়াক্‌ফ আইন, এবং ওয়াক্‌ফ সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও হিসাব প্রদানের নিয়ম চালু হয়। স্বাধীন ভারতে ১৯৫৪ সালে এটাই ওয়াক্‌ফ আইন নামে নতুন রূপ পায়, এবং রাজ্য ও কেন্দ্রীয় ওয়াক্‌ফ বোর্ড মারফৎ ওয়াক্‌ফ সম্পত্তির দেখাশোনার নিয়ম চালু হয়। তারপরেও অনেক সংশোধনী হয়। শেষ পর্যন্ত ওয়াক্‌ফ-সংক্রান্ত আইনি কাঠামোকে একত্রিত ও শক্তিশালী করতে নতুন ওয়াকফ আইন তৈরি হয় ১৯৯৫ সালে। স্বাভাবিকভাবেই, সেই আইনেরও অনেক খামতি ছিল, যা ধীরে ধীরে আরও স্পষ্টভাবে সামনে আসতে থাকে। আইনের সংশোধনীও হয়। বারবার যে সমস্যাটা সামনে আসতে থাকে সেটা হলো ওয়াক্‌ফ সম্পত্তির ব্যবস্থাপনায় দুর্নীতির অভিযোগ। এছাড়াও, আরেকটা সমস্যা হলো অনেক ওয়াক্‌ফ সম্পত্তির যথাযথ কাগজপত্র ও সার্ভে রিপোর্ট না থাকা।

এখিন এই খামতিগুলোকে সামনে রেখেই মোদী সরকার নেমে পড়েছে এই আইনকে সংশোধন করতে। সরকারের যুক্তি হলো এই সংশোধনের মাধ্যমে নাকি ওয়াক্‌ফ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি পাবে, ওয়াক্‌ফ সম্পত্তির উন্নয়নমূলক কাজে ব্যবহার নিশ্চিত করা যাবে, বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া সহজ ও শক্তিশালী হবে ইত্যাদি। মজার কথা হলো মোদী সরকারের এই যুক্তিগুলো যেকোনো মন্দির ট্রাস্টের ক্ষেত্রেও প্রযোজ্য। সেখানেও স্বচ্ছতার অভাব আছে, দুর্নীতি আছে, বিরোধ নিষ্পত্তি নিয়ে ঝামেলা আছে। অতএব, এগুলো আসলে অজুহাত। মোদী সরকারের মূল উদ্দেশ্য অন্যকিছু। সেদিকটায় যাওয়ার আগে আসুন দেখে নেওয়া যাক ১৯৯৫ সালের আইনের সাথে এই সংশোধনীর মূল পার্থক্যগুলো কোথায়, যেগুলো বিতর্কের সৃষ্টি করেছে: (১) এতদিন ওয়াক্‌ফ বোর্ড শুধুমাত্র মুসলিম সদস্যদের দ্বারাই গঠিত হতো; এই সংশোধনীতে বোর্ডে অমুসলিম সদস্য রাখা বাধ্যতামূলক, (২) আগে যেকেউ ওয়াক্‌ফ ঘোষণা করতে পারতেন, কোনও বিশেষ শর্ত ছাড়াই; এখন ৫ বছর ইসলাম চর্চার প্রমাণ থাকলে তবেই কেউ ওয়াক্‌ফ করতে পারবেন, (৩) আগে দীর্ঘদিন ব্যবহার হলে একটি সম্পত্তি ওয়াক্‌ফ হিসেবে বিবেচিত হতে পারতো; এখন সেই ধারা সম্পূর্ণভাবে বিলুপ্ত করা হয়েছে, (৪) আগে সম্পত্তির জরিপ পরিচালনার দায়িত্ব ছিল সার্ভে কমিশনারের হাতে; এখন সেই দায়িত্ব দেওয়া হয়েছে জেলা কালেক্টরকে, যিনি রাজ্য প্রশাসনের নিয়ন্ত্রণে, (৫) আগে ওয়াক্‌ফ বোর্ড মালিকানা নির্ধারণে মুখ্য ভূমিকা পালন করতো; এখন সেই ভূমিকাটাও দেওয়া হয়েছে জেলা প্রশাসনের হাতে, (৬) বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে শুধুমাত্র ওয়াক্‌ফ ট্রাইবুনাল ছিল সিদ্ধান্তের ক্ষমতাসম্পন্ন; এখন এখন ট্রাইবুনালের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ করা যাবে, ইত্যাদি।

অতএব, এক ঝলক তাকালেও স্পষ্ট বোঝা যায় যে মোদী সরকারের উদ্দেশ্য হলো মুসলিম ধর্মীয় সম্পত্তির উপর মুসলিম সম্প্রদায়ের নিয়ন্ত্রণ কমিয়ে সরকারের নিয়ন্ত্রণ বাড়ানো। বোর্ডে অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তি, বিভিন্ন বিষয় পরিচালনা ও নিষ্পত্তির দায়িত্ব যথাক্রমে জেলা প্রশাসন ও হাইকোর্টের হাতে তুলে দেওয়া ইত্যাদি সেদিকেই ইঙ্গিত করে। বিমুদ্রাকরণ করে সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে দেওয়ার দাবি বা ৩৭০-ধারা বিলোপ করে কাশ্মীরে সব ঠিক হয়ে গেছে দাবি করাটা যতটা হাস্যকর ছিল, তেমনই এইসমস্ত সংশোধনী এনে ওয়াক্‌ফ-সংক্রান্ত দুর্নীতি মোকাবিলাটাও ঠিক ততটাই হাস্যকর দাবি। যে কেন্দ্রীয় শাসকদল নির্বাচনে একজন মুসলিম প্রার্থীকে দাঁড় করাতে পারে না, সে এখন মসুলিম সম্প্রদায়ের “ভালো” করার জন্য সংস্কার করছে – এহেন দাবি একমাত্র অন্ধভক্ত হলেই হজম করা সম্ভব। মোদী সরকার নিজেও ভালো করে জানে যে জনগণের চোখে ধুলো দেওয়ার জন্য এই ধরনের কিছু অজুহাত দরকার; বাকিটা তো অর্ণব গোস্বামী আর ময়ুখরঞ্জনরা টিভির পর্দায় গলাবাজি করে বুঝে নেবে। এইসব বিষয় নিয়ে সামান্য চর্চা করলেই দেখা যাবে যে সরকার থেকে শুরু করে বিভিন্ন বেসরকারি সংস্থা নিজেরাই অনেক ওয়াক্‌ফ জমি দখল করে রেখেছে, অত্যন্ত কম ভাড়া দিয়ে বা কোনও ভাড়া না দিয়েই। অনেক ওয়াকফ সম্পত্তি যে এখনও যথাযথভাবে নথিভুক্ত নয়, সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কাছে বারবার অনুরোধের পরেও, তার দায়টাও রাষ্ট্রের; আর এই খামতিগুলোকেই এখন ব্যবহার করা হচ্ছে মুসলিম-বিরোধী একটা বাতাবরণ তৈরি করতে। বেশি দূর যাওয়ার দরকার নেই। গত ২০২৩-২৪ বছরে ওয়াক্‌ফ বোর্ডের পিছনে সরকারি খরচের কথাই ধরা যাক। বাজেট বরাদ্দ যেখানে ছিল ১৭ কোটি টাকা, সেখানে খরচ করা হয়েছে মাত্র ৮ কোটি, অর্থাৎ অর্ধেকেরও কম। এছাড়া, ক্ষমতার কেন্দ্রীভবনের মাধ্যমে দুর্নীতি যে কমে না, বরং বাড়ে, এবং সাথে দুর্নীতিরও কেন্দ্রীভবন হয়, তার অজস্র সাম্প্রতিক উদাহরণ আছে, যেমন – নিট-দুর্নীতি ও ন্যাশনাল টেস্টিং এজেন্সি।

বাস্তব হলো, এসব দুর্নীতি নিয়ে সরকারের বিন্দুমাত্র মাথাব্যাথা নেই। আমরা কয়েকমাস আগেই দেখেছি যে কীভাবে ধর্মীয় উপাসনাস্থল আইন-এর (Places of Worship Act) ফাঁকফোকর কে কাজে লাগিয়ে মসজিদ দখলের নোংরা খেলায় মেতেছিল কেন্দ্রীয় শাসকদল। আর এখন তাদের মূল উদ্দেশ্য হলো ওয়াক্‌ফ সম্পত্তির উপর নিয়ন্ত্রণ কায়েম করা, যাতে সেগুলোকে ধীরে ধীরে কর্পোরেট বন্ধুদের হাতে তুলে দেওয়া যায়। ওয়াক্‌ফ বোর্ড দেশের মধ্যে ৮.৭ লক্ষটা সম্পত্তির মালিক, জমির হিসেবে যার মোট পরিমাণ ৯.৪ লক্ষ একর এবং যার মোট আনুমানিক মূল্য হলো ১.২ লক্ষ কোটি টাকা। এগুলোর মধ্যে ৪০,০০০-এরও বেশি সংখ্যক সম্পত্তি নিয়ে বিরোধ আছে। সরকার আর তার সাঙ্গপাঙ্গরা এখন কত আর মসজিদের নিচ থেকে শিবলিঙ্গ বা মন্দিরের ধ্বংসাবশেষ বের করবে! তাদেরও নতুন পন্থা চাই। ওয়াক্‌ফ বোর্ডের ক্ষমতা খর্ব করে, জেলা প্রশাসন, হাইকোর্ট ইত্যাদিকে হাতিয়ার বানিয়ে যদি আইনি ভাবেই কাজটা করা যায় তাহলে তো ঝামেলা মিটেই গেল। এই সংশোধনী সেরকমই একটা প্রচেষ্টা। আর এটা যে কোনও অনুমান নয় সেটা অন্যান্য ক্ষেত্রে একটু চোখ-কান খোলা রাখলেই টের পাওয়া যায়। যেভাবে পরিবেশ-সংক্রান্ত, খনন-সংক্রান্ত আইনকে শিথিল করে, দেশের জল-জঙ্গল-জমিকে অবাধে কর্পোরেটদের হাতে তুলে দেওয়া হচ্ছে তাতে মূল প্যাটার্নটা পরিষ্কার।

ভারতের সংবিধানের ২৫ ও ২৬ নং অনুচ্ছেদ ধর্মীয় স্বাধীনতার অধিকার দেয় এবং ধর্মীয় সম্প্রদায়সমূহের নিজস্ব বিষয় পরিচালনার অধিকার নিশ্চিত করে। তাই সেদিক দিয়ে এই প্রচেষ্টা অসাংবিধানিকও বটে। তবে সেই বাধাকে এড়াতে মোদী সরকার ওয়াক্‌ফ-কে ধর্মীয় বিষয় হিসেবে বিবেচনা করছে না, বিবেচনা করছে কেবল সম্পত্তি নিয়ন্ত্রণের একটা বিষয় হিসেবে। হিন্দু মন্দির ও তার সম্পত্তির কথা উঠলেই তখন আবার সেটা ধর্মীয় ব্যাপার! যখন যেমনটা সুবিধে হয় আর কী। এমনিতেই যদি তুলনা টানা যায় তাহলে দেখা যাবে যে ওয়াক্‌ফ সম্পত্তির ব্যবস্থাপনা যেখানে সংখ্যালঘু মন্ত্রকের অধীনে থাকা রাজ্য ও কেন্দ্রীয় ওয়াক্‌ফ বোর্ড কর্তৃক হয়ে থাকে, সেখানে হিন্দু মন্দিরগুলো পরিচালিত হয় রাজ্য-ভিত্তিক আইন ও স্বায়ত্তশাসিত ট্রাস্টের মাধ্যমে। বিশেষ করে তিরুপতি-র বালাজি মন্দির, সির্দি সাইবাবা-র মন্দির, বৈষ্ণো দেবী মন্দির ইত্যাদি বিখ্যাত মন্দিরগুলো ও তাদের সম্পত্তি সবটাই পরিচালিত হয় কিছু স্বায়ত্তশাসিত বোর্ডের মাধ্যমে। শুধুমাত্র ২০২৩-২৪ সালেই তিরুমালা তিরুপতি দেবস্থানম-এর বার্ষিক বাজেট ছিল ৩,১০০ কোটির বেশি। ভারতীয় মন্দিরগুলোর কাছে টাকা, সোনা, জমি ও রিয়েল এস্টেট মিলিয়ে মোট যে সম্পত্তি আছে তা প্রায় ১২০ বিলিয়ন (১ বিলিয়ন = ১০,০০০ লাখ) ইউএস ডলারের সমান। এই মন্দির ট্রাস্টগুলোর অধিকাংশই অডিট বা তথ্যের অধিকারের আওতায় আসেনা; জনগণ বা সরকার কারও কাছেই জবাবদিহি করতে হয় না। ওয়াক্‌ফ আইনে অন্তত সেই বাধ্যবাধকতাগুলো ইতিমধ্যেই আছে। সুতরাং, স্বচ্ছতা যদি সত্যিই মোদী সরকারের অগ্রাধিকার হতো তাহলে তিনি সেই কাজ মন্দিরগুলোর ক্ষেত্রে ইতিমধ্যেই বাস্তবায়িত করে ফেলতেন! সত্যি বলতে, এই সরকারের স্বচ্ছতা-প্রেমের নমুনা আমরা ইলেক্টোরাল বন্ড ইস্যুতেই স্পষ্টভাবে দেখেছি।

অতএব, ওয়াক্‌ফ সংশোধনী আইন আসলে মুসলিম সম্প্রদায়ের উপর চলমান একের পর এক আক্রমণের ধারাবাহিকতা ছাড়া আর কিছুই নয়। কখনও সিএএ-এনআরসি-এনপিআর, কখনও অভিন্ন দেওয়ানী বিধি, কখনও ধর্মীয় উপাসনাস্থল আইন – সাম্প্রতিক অতীতে আমরা এরকম একের পর এক আক্রমণ দেখেছি, যাতে নতুন করে যুক্ত হলো এই ওয়াক্‌ফ ইস্যু। মোদী সরকার এভাবেই নিজের শাসনকালের সার্বিক অপদার্থতা ঢাকতে, জনগণকে বিভাজিত করতে, ধর্মীয় উস্কানি দিয়ে যাবে, পোষা সংবাদমাধ্যমকে সহায় করে। আর বিরোধী দলগুলোর ভূমিকা ওই লোকসভা ও বিধানসভায় নাটুকে বিতর্কের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এই স্বৈরাচারী প্রবণতা থেকে পুরোপুরি মুক্তি কেবলমাত্র রাস্তায় নেমে গণ-আন্দোলনের মধ্যে দিয়েই মিলতে পারে।


কভার ফটো সৌজন্যে – https://www.newindianexpress.com/nation/2025/Apr/08/contentious-waqf-amendment-act-comes-into-force [Retrieved On: 01/06/2025]

Leave a Reply