লেখাটি প্রকাশিত হয় আজাদ গণ মোর্চা-র মুখপত্র মাতৃভূমি পত্রিকার
জানুয়ারি ২০২৫ সংখ্যায়
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি) — বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান যা দেশের সেরা মেধাবীদের তৈরির করার জন্য পরিচিত। কিন্তু একাডেমিক উজ্জ্বলতার মুখোশের আড়ালে একটি উদ্বেগজনক প্রবণতাও রয়েছে – প্রচণ্ড মানসিক চাপ, শিক্ষাক্ষেত্রে অনিয়মিত এবং অপর্যাপ্ত বরাদ্দ এবং অন্যান্য আর্থ সামাজিক বিষয়, যার মধ্যে অন্যতম হলো জাতিগত বৈষম্য ও নিপীড়ন, শ্রেণীবৈষম্য থেকে উৎপন্ন হওয়া অর্থনৈতিক বৈষম্য এবং সাম্প্রদায়িক অত্যাচার, ইত্যাদি কারণে শিক্ষার্থীদের আত্মহত্যা করার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
আমি সবসময় লেখক হতে চেয়েছি। বিজ্ঞান লেখক, কার্ল সাগানের মতো। অবশেষে এই একমাত্র চিঠি যা আমি লিখে উঠতে পারলাম।
– রোহিত ভেমুলা
২০১৬ সালের ১৭ জানুয়ারি রোহিত ভেমুলার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল হায়দরাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটির হোস্টেলে। দেশদ্রোহের অভিযোগ তুলে, তৎকালীন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীর চিঠির পরিপ্রেক্ষিতে রোহিত-সহ দলিত শ্রেণির ৪ পড়ুয়াকে সাসপেন্ড ও হোস্টেলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রায় ৪ মাস হোস্টেলের বাইরে তাঁবু খাটিয়ে থাকার পরে আত্মহত্যা করেন রোহিত ভেমুলা। হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং আরএসএস এর ছাত্র শাখা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)-র এক নেতার বিরুদ্ধে অভিযোগ ছিল রোহিতকে হেনস্থা করার। স্পষ্টতই জাতিগত বৈষম্য ও শোষণের কারণে ক্রমাগত যন্ত্রণাদগ্ধ হয়ে মৃত্যুর পথ বেছে নিতে বাধ্য হয় রোহিত। গোটা দেশে জন্ম নেয় এক ব্যাপক আন্দোলনের। তার এক বছরের মাথায় আবার আরেকটি আত্মহত্যার ঘটনা ঘটে দিল্লীর জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে। ২৭ বছর বয়সী মুথুকৃষ্ণন জীবানন্দম নামের ওই ছাত্র এমফিল পিএইচডি ভর্তির ক্ষেত্রে জাতিগত বৈষম্য নিয়ে বারবার প্রশ্ন তুলেছিলেন সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় শিক্ষাব্যবস্থায় চূড়ান্ত ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতির আধিপত্য মৃত্যুমুখে ঠেলে দিচ্ছে দলিত ছাত্র ছাত্রী ও গবেষকদের। যার মধ্যে অন্যতম ২০১৯ সালে মে মাসে টপিওয়ালা ন্যাশনাল মেডিক্যাল কলেজে পায়েল তাদভি’র আত্মহত্যা। যার অন্যতম কারণ ছিল সিনিয়রদের হাতে চূড়ান্ত জাতিবিদ্বেষী নিগ্রহ।
২০২৪ সালে ২৮ বছর বয়সী আইআইটি কানপুরে গবেষণারত প্রগতি খারিয়া-কে তার হোস্টেলের ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ২০২৩ সালে এক স্নাতকোত্তর ছাত্রের মৃতদেহ উদ্ধার হয় আইআইটি হায়দরাবাদের হোস্টেলে। সুইসাইড নোটে কারণ হিসেবে পাওয়া যায় আর্থিক অনটনের কথা।
২০১৪ তে এমটেক ছাত্রদের সর্বশেষ স্টাইপেন্ড বৃদ্ধি হয়েছিল, ৮০০০ থেকে ১২৪০০ টাকা! সেসময় পিএইচডি স্কলারদের স্টাইপেন্ড শতাংশের দিক থেকে দেখলে সবচেয়ে বেশি বেড়েছিল; প্রায় ৬০% এর কাছাকাছি। ১৬০০০ (এসআরএফদের ১৮০০০ টাকা) থেকে বেড়ে হয়েছিল ২৫০০০ টাকা (এসআরএফদের ২৮০০০ টাকা)। তারপর আরও দুবার পিএইচডি স্কলারদের স্টাইপেন্ড বৃদ্ধি হয়, কিন্তু এমটেক ছাত্রদের স্টাইপেন্ড সেই দুয়োরানিই রয়ে গেছে (১২৪০০ তেই অপরিবর্তিত), অথচ আইআইটিগুলো এই সময়ে সেমেস্টার ফি বাড়িয়েছে প্রায় ৫০%। ২০১৫ তে আইআইটি তে সেমেস্টার ফি ছিল ৩০০০০ টাকা আর এখন সেটা বেড়ে হয়েছে ৪৫০০০ টাকা। ভর্তির সময় ফি কিছুটা বেশি নেওয়া হয় – সেটা ছিল ৩৭০০০ টাকা, এখন সেটা হয়েছে ৬০০০০ টাকা।
উচ্চশিক্ষায় বরাদ্দ কমিয়ে, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ও ইন্সটিটিউটগুলোতে ফি বাড়িয়ে এই প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাওয়ার জন্য অধিকাংশ কৃতিত্ব অবশ্যই বিজেপি সরকারের প্রাপ্য এবং তারই ফলশ্রুতি এই আত্মহত্যা। এই রাষ্ট্রীয় হত্যার পেছনে শিক্ষাকে পণ্যে পরিণত করার ভূমিকা সর্বাধিক।
ভারতীয় শিক্ষাব্যবস্থাকে আজও যদি আমরা ভালো করে দেখি সেখানে পর্যাপ্ত পরিমাণে সামন্ততন্ত্র বিদ্যমান। যেখানে আজও ছাত্র ছাত্রীদের ওপর অমানুষিক এক ধরনের ভয়ের রাজনীতি কায়েম করা হয়, যেখানে তাদের প্রতি মুহূর্তে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া হয়। এক ভয়ংকর নার্সিসিস্টিক পরিবেশ বিরাজমান ভারতীয় শিক্ষাজগতে। গবেষণার ক্ষেত্রে প্রতি মুহূর্তে কারখানার ন্যায় মাইক্রো ম্যানেজমেন্টের সংস্কৃতি চালানো, কর্পোরেট কর্ম সংস্কৃতির বাতাবরণ তৈরি করা, যেখানে ছাত্র-শিক্ষক সম্পর্ক পরিণত হচ্ছে শ্রমিক মালিক সম্পর্কে। তাকে অমানবিক চাপ দিয়ে দৈনিক ১৪-১৫ ঘণ্টার শ্রম আদায় করে তারপরেও জোটে চূড়ান্ত অসহযোগিতা। পেপার পাবলিকেশন হোক বা গবেষণার ফান্ড – ছাত্রছাত্রীদের প্রতি মুহূর্তে বোঝানো যে তাকে যেন দয়া করা হচ্ছে। আর প্রত্যেকটি অপ্রীতিকর পরিস্থিতির জন্য তাকেই দায়ী করা, একধরনের একাডেমিক গ্যাসলাইটিং এর মাধ্যমে; গ্যাসলাইটিং অর্থাৎ একধরনের কথোপকথন, যার দ্বারা কাউকে ম্যানিপুলেট করার মাধ্যমে তাদের নিজেদের বাস্তবতা নিয়ে প্রশ্ন তোলা যায়। প্রলম্বিত সময় ধরে সেই ছাত্র বা ছাত্রীর গবেষণাকে আটকে রাখা যাতে সে হতাশাগ্রস্ত হয়ে পড়ে দিনের পর দিন। এখানে মনে রাখতে হবে, আমাদের দেশে বেশিরভাগ গবেষণার ছাত্রছাত্রীরা কিন্তু সাধারণ মধ্যবিত্ত থেকে দরিদ্র পরিবারের ছেলেমেয়ে যাদের অনেকের কাছে এই গবেষণাটা একটা উপার্জনও। এই ক্ষেত্রে অন্যতম বড় বিষয় হলো ফেলোশিপ বা বৃত্তি। যা প্রায়শই ভারতের নানান কেন্দ্রীয় সংস্থাগুলোয় দেখা যায় মাসের পর মাস এমনকি অনেকের বছরের পর বছর ধরে বন্ধ। যা প্রকারান্তরে একধরনের প্রবল বেকারত্বের ও অনিশ্চয়তার জ্বালা তৈরি করে। সংসার চালানো যেখানে দায় হয়ে ওঠে, সেখানে তখন পড়াশুনা আরও কঠিনতর হয়ে ওঠে। ২০১৪ পরবর্তী সময়ে গবেষণা ও শিক্ষা খাতে বরাদ্দ অর্থের পরিমাণ হ্রাস পেয়েছে, এবং শুধু তাই নয়, গবেষণার বিষয় সরকারের মনমতো হতে হচ্ছে, ফান্ড পেতে হলে।
স্নাতক পড়ুয়াদের অবস্থা তথৈবচ। ২০২৪ সালে আইআইটি গুয়াহাটিতে আত্মহত্যা করে কম্পিউটার সায়েন্সের তৃতীয় বর্ষের ছাত্র বিমলেশ কুমার। এই নিয়ে এটি ছিল এই সালে সেখানে চার নম্বর ঘটনা। বিমলেশ সহ আরো ৬০ জন ছাত্রকে কম উপস্থিতির কারণ দেখিয়ে ফেইল করানো হয়। যেখানে তার পর্যাপ্ত অসুস্থতাজনিত কারণ ছিল অনুপস্থিতির। আইআইটি বা এনআইটি র মত শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় অমানবিক চাপ, আকাশ ছোঁয়া ফিস, প্রতি মুহূর্তে মানসিক নির্যাতন, ক্রমহ্রাসমান সহানুভূতি, এক অসুস্থ প্রতিযোগিতার পরিবেশ, যেখানে শিক্ষাকে পণ্যে পরিণত করেছে রাষ্ট্র, আর সেই বাজারে ছাত্রছাত্রীদের পারস্পরিক সহানুভূতির পরিবেশ সম্পূর্ণরূপে ধ্বংসের মুখে। ভয়ংকর এক মানসিক সংকটের সম্মুখীন হতে হচ্ছে যেখানে হোস্টেলে পাশের ঘরের বন্ধু গলায় দড়ি দিলেও কোনো অনুভূতির জায়গাগুলো ক্রমেই ছোট হয়ে পড়ছে। নামেই কিছু কাউন্সেলিং সেন্টার রয়েছে, যেগুলো প্রকারান্তরে প্রতিষ্ঠানের হয়েই কাজ করে।
অন্যতম কারণ হিসেবে যেগুলো উঠে আসে তার মধ্যে অন্যতম হলো –
১) অসহ্য একাডেমিক চাপ। কঠোর শিক্ষাক্রম, উচ্চ প্রত্যাশা এবং সেই শিক্ষাক্রমকে কারখানার মালিক শ্রমিক মডেলে এক্সিকিউট করার চেষ্টা। অনেকেই এই চাপে ভেঙে পড়েন, বিশেষত অকৃতকার্য হওয়া বিষয়ে ব্যাকলগ থাকে যাদের। এটেনডেন্স নিয়ে চূড়ান্ত চাপ সৃষ্টি যার ফলশ্রুতিতে আত্মহত্যার ঘটনা দেখেছি আমরা। আর এই কাঠামোকে গড়ে তুলতে অন্যতম দায় শিক্ষাজগতের নার্সিসিস্টিক চরিত্রের।
২) মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে স্টিগমা তৈরি করা। মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলার ব্যাপারে নিরুৎসাহিত করা, সচেতনতার অভাব ও সর্বোপরি সহানুভূতির অভাব। প্রবল মানসিক সংকট যা কিনা খাদের ধারে ঠেলে দিচ্ছে। ভিক্টিম ব্লেমিং কে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়ে চলছে এক বীভৎস একাডেমিক গ্যাসলাইটিং। কাউন্সেলিং সেন্টার থাকলেও ছাত্রছাত্রীরা যেতে পারছেন না সবসময়, পর্যাপ্ত মানসিক নিরাপত্তার অভাবে।
৩) সামাজিক অর্থনৈতিক কারণের ভূমিকা অন্যতম। সুবিধা বঞ্চিত অঞ্চল থেকে যাঁরা আসেন, প্রবল শ্রেণী বৈষম্য থেকে তৈরি হওয়া আর্থিক বৈষম্যের কারণে শিক্ষা ঋণ শোধ না করতে পারার অনিশ্চয়তা, স্কলারশীপের টাকা সময়মতো না আসা এক বিরাট আর্থিক চাপের মুখে ফেলে দিচ্ছে। শিক্ষার ক্রমবর্ধমান বেসরকারিকরণের ফলে এই অবস্থা আরো সঙ্গীন হচ্ছে প্রতিদিন।
৪) বৈষম্য ও সামাজিক বিচ্ছিন্নতা যেমন জাতিগত বা লিঙ্গগত কারণে বৈষম্যের শিকার হতে হওয়া। মহাভারতে দ্রোণাচার্যদের হাতে একলব্য থেকে আজকের রোহিত ভেমুলা বা পায়েল তাদভী, চিত্রটা সেই এক। ব্রাহ্মণ্যবাদী ও পিতৃতান্ত্রিক শোষণ বাধ্য করছে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে।
আইআইটি, এনআইটি সহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার সংখ্যা বৃদ্ধির বিষয়টি জরুরি পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দেয় বারবার। এই বিষয়ে নানান পদক্ষেপ নেওয়ার সুযোগ এখনও রয়েছে যা এই মৃত্যুমিছিলকে রোধ করতে পারে।
মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা – মানসিক স্বাস্থ্য সহায়তা আরো সহজলভ্য হওয়া, হেল্পলাইন, পিয়ার সাপোর্ট সিস্টেম তৈরি করা, সহায়তা চাইতে উৎসাহের পরিবেশ তৈরি করা অত্যন্ত প্রয়োজনীয়। এই বিষয়ে সহমর্মিতা, সহানুভূতি ইত্যাদি বিষয়ে সচেতনতা তৈরি করা। গ্যাস লাইটিং, মানসিক অত্যাচার সম্পর্কে অবহিত করা। মনে রাখতে হবে এই সমস্ত আত্মহত্যাগুলির পেছনে অন্যতম দায়ী শিক্ষা জগতের নার্সিসিস্টিক চরিত্র।
একাডেমিক নীতি পর্যালোচনা করা, ছাত্রছাত্রীদের ওপর চাপ কমানো। শিক্ষাঙ্গনকে কারখানা না ভাবা। সহযোগিতার বাতাবরণ তৈরি করা। ছাত্র শিক্ষক সম্পর্ক প্রতিযোগিতার নয়, সহযোগিতার হতে হবে। ব্যাকলগ ও একাডেমিক ব্যর্থতা সংক্রান্ত নীতিগুলিতে প্রয়োজন আমূল সংস্কারের। তবেই এই ভয়ের পরিবেশ থেকে মুক্তি পাওয়া সম্ভব।
বৈষম্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতেই হবে। কঠোর বৈষম্যবিরোধী নীতি নিয়ে একটি ইনক্লুসিভ পরিবেশ তৈরি করতে হবে যেখানে প্রত্যেক শিক্ষার্থীকে তার পটভূমির কথা না বিবেচনা করেই মূল্যবান মনে করা হয়, ও সে তার প্রাপ্য সম্মান পায়। বিশেষত জাতিগত বৈষম্যের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক দণ্ডনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
আর্থিক সহায়তা ও সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের জন্য আরো শক্তিশালী ও উপযোগী আর্থিক সহায়তার ব্যবস্থা করতে করতে হবে। সম্পদ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি উল্লেখযোগ্য ভাবে প্রয়োজন, কারণ শিক্ষা আমাদের মৌলিক অধিকার, শিক্ষা পণ্য হতে পারেনা। এ বিষয়ে অত্যন্ত প্রয়োজনীয় হলো ফিজ নিয়ন্ত্রণ ও হ্রাস। ফি বৃদ্ধিকে কঠোর হাতে আটকানো দরকার।
এই তরুণদের দুর্ভাগ্যজনক ও মর্মান্তিক পরিণতি, এই অবিরত মৃত্যুমিছিল আমাদের সমাজে শিক্ষা ব্যবস্থা, সার্বিক মানসিক স্বাস্থ্যের শোচনীয় অবস্থাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আজ প্রত্যেকের ভাবার সময় এসেছে এই দায় রাষ্ট্র, প্রশাসক, অনুষদ থেকে শুরু করে পিতামাতা, সহপাঠী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, প্রতিষ্ঠান, কাউন্সেলিং ব্যবস্থা- সবার। আমাদের সবাইকে এগিয়ে আসতেই হবে এই সামাজিক মানসিক শোষণ ও মানসিক সংকটকে প্রতিহত করতে। একসাথে কাজ করলে তবেই আমরা ভবিষ্যতে এই হৃদয়বিদারক ঘটনাগুলোকে রুখতে পারবো এই আশা রাখি।
কভার ফটো সৌজন্যে – https://article-14.com/post/pressure-to-succeed-at-india-s-educational-institutes-is-driving-what-the-supreme-court-calls-a-suicide-epidemic–68182f8eb02dd [Retrieved On: 24/05/2025]
