সামাজিক অনুদান প্রকল্প : ভিত্তি, বাস্তবতা, ভবিষ্যৎ

লেখাটি প্রকাশিত হয় আজাদ গণ মোর্চা-র মুখপত্র মাতৃভূমি পত্রিকার
জানুয়ারি ২০২৫ সংখ্যায়

ভূমিকা:

কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী, খাদ্য সাথী, সবুজ সাথী ইত্যাদি – এই নামগুলো আজ বাংলার ঘরে ঘরে শোনা যায়। শুধু ঘরে নয়, রাস্তাঘাট, বাজার, ট্রামে, বাসে মাঝে মাঝেই কানে আসবে এইসব সামাজিক অনুদান প্রকল্পগুলি নিয়ে বিভিন্ন চর্চা। এই প্রকল্পগুলি আজ বিস্তৃত হয়ে গেছে সমাজের অনেকটা জুড়েই। কিন্তু ভালো করে দেখলে বোঝা যাবে যে এই প্রকল্পগুলির বেশিরভাগই আসলে নির্বাচনী রাজনীতিতে ভোট জেতার একটা উপায় হিসাবেই দেখে আসছেন রাজনৈতিক নেতা-নেত্রীরা। কিন্তু মানুষের জীবনের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক অবস্থার মানোন্নয়ন কি আদৌ হচ্ছে এই প্রকল্পগুলির মাধ্যমে? তবে শুধু পশ্চিমবঙ্গ বলে নয়, বিভিন্ন সামাজিক অনুদান প্রকল্প আমরা দেখতে পাবো ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলিতে, এমনকি আন্তর্জাতিক মহলেও। তাহলে কি এই প্রকল্পগুলি শুধুই ভোট জেতার কৌশলমাত্র – নাকি এর বাইরে কোনও কারণ থাকতে পারে? অর্থনীতিবিদরা অবশ্য অনেক সময় সামাজিক অনুদান প্রকল্পগুলিকে দুটি ভাগে ভাগ করতে পছন্দ করেন – যোগ্য পণ্য (Merit good) এবং (Non-merit good)। যে প্রকল্পগুলি দীর্ঘমেয়াদে মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন করতে পারে, সেগুলি হলো যোগ্য পণ্য। যেমন বিনা পয়সায় প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা, মিড ডে মিল চালু করা ইত্যাদি। অন্যদিকে যে সমস্ত প্রকল্পগুলির সমাজ উন্নয়নে দীর্ঘমেয়াদী প্রভাব নেই এবং প্রধানত ভোট জেতার জন্য বিনামূল্যে বিতরণ করা হয় সেগুলি হলো অযোগ্য পণ্য বা ডোল (Dole) বা রেভরী (Revdis or Freebies), যেমন স্কুল পড়ুয়াদের বিনামূল্যে ল্যাপটপ/ট্যাব/সাইকেল দেওয়া বা মহিলাদের আর্থিক সাহায্য করা ইত্যাদি। প্রকৃতপক্ষে দেখতে গেলে এই দুইয়ের মধ্যে সূক্ষ্ম পার্থক্য করাটা কিন্তু খুব মুশকিল। যেমন কেউ বলতেই পারেন যে স্কুল পড়ুয়াদের ল্যাপটপ/ট্যাব দিলে তারা আসলে আধুনিক শিক্ষার পথে আরও দ্রুত এগিয়ে যেতে পারবে এবং এর দীর্ঘমেয়াদী প্রভাব অবশ্যই ইতিবাচক। তাহলে এই প্রকল্পগুলির ঐতিহাসিক প্রেক্ষাপটটা একটু বুঝে নেওয়া যাক।

প্রেক্ষাপট:

আন্তর্জাতিক স্তর: ইতিহাস ঘাঁটলে আমরা দেখতে পাবো যে বিভিন্ন সময়ে বিভিন্ন ধর্মের প্রবক্তারা গরীব মানুষদের জন্য দান করার কথা বলেছেন। পরবর্তী সময়ে শিল্প বিপ্লব ও পুঁজিবাদী অর্থনীতি প্রসারের সঙ্গে সঙ্গে সমাজ ব্যবস্থার অর্থনৈতিক অসাম্য সকলের সামনে প্রকট হতে থাকে। বিশেষত, প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে এবং সোভিয়েত সামাজিক অর্থনীতি গঠনের সঙ্গে বেশিরভাগ অর্থনীতিবিদের মুক্ত বাজার (Free market) ব্যবস্থার উপর আস্থা  সরে যায়। কেইন্‌স (Keynes) এর অর্থনৈতিক মডেল প্রস্তাব করে অর্থনৈতিক ব্যবস্থায় সরকারি হস্তক্ষেপ। ফলে অনেক ইউরোপীয় দেশ কল্যাণকারী রাষ্ট্র (Welfare state) ব্যবস্থার পথে হাঁটতে থাকে। বাড়তে থাকে সরকারি মদতপুষ্ট বিভিন্ন সামাজিক অনুদান প্রকল্প। এই প্রকল্পগুলির মাধ্যমে ওই সমস্ত দেশে শ্রমিকশ্রেণীর মধ্যে পুঁজিবাদী ব্যবস্থার বিরুদ্ধে জমতে থাকা ক্ষোভ প্রশমনের চেষ্টা চলতে থাকে। এই সামাজিক অনুদান প্রকল্পের মডেল এখন বিশ্বের অনেক দেশেই বিভিন্নভাবে গ্রহণ ও প্রয়োগ করে চলেছে অর্থনৈতিক ভারসাম্য ও অসাম্য নিয়ন্ত্রণ করার জন্য।

জাতীয় স্তর: ১৯৪৭ সালে ব্রিটিশদের সরাসরি শাসন থেকে মুক্তি পাওয়ার পর থেকে ভারত সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক অনুদান প্রকল্প চালু করেছে। বিভিন্ন রাজ্যগুলিও পিছিয়ে থাকেনি এ ব্যাপারে। এক পার্টির শাসনের পরিবর্তে অন্য পার্টির শাসন শুরু হলে প্রকল্পগুলির নাম পরিবর্তন হয়েছে। যত সময় গেছে তত আমরা দেখেছি যে ভোট জেতার উদ্দেশ্যে প্রকল্পগুলিকে সেইভাবে সাজানো হয়েছে। ফলে প্রকল্পগুলি ভোট জেতার চাবিকাঠি হয়ে উঠলেও তা সমাজ পরিবর্তনের কারণ হতে পারেনি। ভারতবর্ষে এই মুহুর্তে প্রায় ৬৫-টি কেন্দ্রীয় অনুমোদিত প্রকল্প আছে যাদের মধ্যে প্রায় ২৬-টি প্রকল্প চালু হয়েছে মোদী সরকারের আমলে। সুতরাং, এই ব্যাপারে কোনও একটা পার্টি অন্য পার্টির থেকে আলাদা, সেটা বলা মুশকিল। ভারতবর্ষে বিভিন্ন সময়ে চালু হওয়া গুরুত্বপূর্ণ কিছু সামাজিক অনুদান প্রকল্পের একটি তালিকা নিচে দেওয়া হলো।

 কেন্দ্র/রাজ্যপার্টিসামাজিক অনুদান প্রকল্পচালু হওয়ার সময়/বছর
১)রাজ্য – তামিলনাড়ুভারতের জাতীয় কংগ্রেসমিড ডে মিল (Mid-day meal)১৯৫৩
২)রাজ্য – মহারাষ্ট্রভারতের জাতীয় কংগ্রেসকর্মসংস্থান গ্যারান্টি প্রকল্প (Employment Guarantee Scheme)১৯৭২
৩)কেন্দ্রইউনাইটেড ফ্রন্ট সরকাররেশন ব্যবস্থা (Targeted Public Distribution System or TPDS)১৯৯৭
৪)কেন্দ্রএনডিএ সরকারসর্ব শিক্ষা অভিযান২০০১-০২
৫)কেন্দ্রইউপিএ সরকারগ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act or MGNREGA)২০০৫
৬)রাজ্য – বিহারজনতা দল ইউনাইটেডমুখ্যমন্ত্রী বালিকা আইকেল প্রকল্প (Mukhyamantri Balika Cycle Yojana)২০০৬
৭)কেন্দ্রইউপিএ সরকারখাদ্য সুরক্ষা আইন (Food Security Act)২০১৩
8)রাজ্য – পশ্চিমবঙ্গতৃণমূল কংগ্রেসকন্যাশ্রী (Kanyashree) প্রকল্প২০১৩
৯)কেন্দ্রএনডিএ সরকারজন ধন প্রকল্প (Jan Dhan Yojna)২০১৪
১০)রাজ্য – দিল্লিআম আদমি পার্টিবিদ্যুৎ ভর্তুকি (Subsidised Electricity)২০১৫
১১)রাজ্য – তামিলনাড়ুএ আই ডি এম কেবিবাহ সহায়তা প্রকল্প (Marriage Assistance Scheme)২০১৬
১২)রাজ্য – ওড়িশাবিজু জনতা দলকালিয়া – কৃষক সহায়তা (Krishak Assistance for Livelihood and Income Augmentation or KALIA)২০১৮

রাজ্য স্তর: আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে বিভিন্ন সামাজিক অনুদান প্রকল্প দীর্ঘদিন ধরে চলে আসছে। আজ তৃণমূল সরকার যেসমস্ত সরকারি সামাজিক অনুদান প্রকল্পগুলি চালাচ্ছে তার অনেকগুলোই আসলে শুরু হয়েছিল সিপিএম এর শাসনকালে। কিন্তু দেশ ও রাজ্যজুড়ে এই প্রকল্পগুলির মুখ্য উদ্দেশ্য হয়ে গেছে ভোট জেতা। ফলে প্রকল্পের সংখ্যা বেড়ে চলেছে এবং নতুন প্রকল্প চালুর জন্য দাবিও বেড়ে চলেছে। কিন্তু এতগুলো প্রকল্প চালু রাখার মতো পর্যাপ্ত অর্থনৈতিক রসদ কি আছে সরকারি দপ্তরে? এই প্রশ্ন খতিয়ে দেখলে দেখা যাবে যে সরকারি টাকায় কখনও এতগুলো প্রকল্প চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাহলে রাস্তা কী? হয় এই প্রকল্পগুলির টাকা মেটানো। উপরন্তু, পশ্চিম মেদিনীপুর ও উত্তরবঙ্গের একটি গবেষণা থেকে দেখা যাচ্ছে যে এই প্রকল্পগুলি ওখানকার সামাজিক ব্যাধি যেমন নারী ও শিশু পাচার বা বেকারত্বের কোনও সমাধান দিতে পারছে না।

অর্থনীতি ও বাজেটে প্রভাব:

প্রথমত, অল্প কিছু প্রকল্পকে যদি ধরাও হয় যে মানবসম্পদ তৈরিতে কাজে লাগছে, তাহলেও এটা বলা যেতে পারে যে বেশিরভাগ সামাজিক অনুদান প্রকল্প যেগুলি চলছে তা কখনই দীর্ঘমেয়াদী সূত্রে দেশের অর্থনৈতিক উন্নতি করছে না। এগুলি দেশের জন্য কোনও দীর্ঘমেয়াদী সম্পদ (long term asset) তৈরি করছে না বা কর্মসংস্থানের পথ প্রশস্ত করছে না, বরং মানুষের ভিক্ষা নেওয়ার মানসিকতা তৈরি করে দিচ্ছে, আর এটাই চাইছে পপুলিস্ট রাজনীতিবিদরা। একটি গবেষণাপত্র থেকে দেখা যাচ্ছে যে সামাজিক অনুদান প্রকল্পের খরচ ও রাজ্যের আর্থিক ঘাটতির মধ্যে সুস্পষ্ট পারপরিক সম্পর্ক বিদ্যমান। অথচ অনুদান প্রকল্পের খরচের সাথে বেকারত্ব হ্রাসের সম্পর্ক নেই। দ্বিতীয়ত, যত দিন যাচ্ছে, সরকার প্রত্যক্ষ (Direct) ট্যাক্স এর পরিবর্তে পরোক্ষ (Indirect) ট্যাক্স আদায় করার দিকে বেশি ঝুঁকছে, প্রচুর কর্পোরেটদের ট্যাক্স ছাড় দেওয়া হচ্ছে। বিশেষত, ১৯৯১ সাল থেকে বিশ্বায়নের জন্য দেশের বাজার খোলার পর থেকে মুক্ত বাজার গঠন ও বেসরকারিকরণের কাজ চলছে পুরোদমে। ফলে সরকারি ভাণ্ডার কমতে শুরু করেছে, অন্যদিকে সামাজিক অনুদান প্রকল্পের খরচা বেড়ে চলেছে। বিভিন্ন সামাজিক অনুদান প্রকল্পে কেন্দ্র ও রাজ্যের মোট খরচ ২০২০-২১ সালে ৬৫.২৪ লক্ষ কোটি টাকা থেকে বেড়ে ২০২১-২২ সালে হয়েছে ৭১.৬১ লক্ষ কোটি – অর্থাৎ প্রায় ১০% হারে বৃদ্ধি। এই অবস্থায় পপুলিস্ট নেতারা ভোট জেতার জন্য যে বিভিন্ন প্রকল্পের বুলি আউড়ে চলেছে তা যদি পুরোদস্তুর বাস্তবায়িত করতে হয় তাহলে এক বিশাল ঘাটতি বাজেট (Deficit budget) তৈরি হবে, যা মেটাতে সরকারকে নির্ভর করতে হবে বিভিন্ন অর্থনৈতিক সংস্থার লোন এর উপর। পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলিকে তাদের উপার্জনের একটা বড় অংশ দিয়ে দিতে হচ্ছে বিভিন্ন লোন এর কিস্তি মেটানোর জন্য এবং এই অংশ ক্রমশ বেড়ে চলেছে। এই ঘটনা এই ব্যবস্থার অস্থিরতা (volatility / instability) আরও বাড়িয়ে দিচ্ছে। শ্রীলঙ্কার সাম্প্রতিক অর্থনৈতিক সংকট এটার একটা প্রকৃষ্ট উদাহরণ।

দুর্নীতি ও অবক্ষয়:

ভোটের রাজনীতিতে এই সামাজিক অনুদান প্রকল্পের নামে ভিক্ষার রাজনীতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যুক্ত হয়ে গেছে দুর্নীতির বটগাছ। প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা সাধারণ মানুষের কাছ থেকে প্রচুর টাকা তুলে চলেছে। আর সাধারণ মানুষ বিনামূল্যে কিছু পাওয়ার বিনিময়ে এই দুর্নীতির চক্রকে মেনেও চলেছে। তবে এটা অবশ্যই বোঝা দরকার যে এই অনুদানগুলি কোনো নেতা বা কর্মী নিজের পকেট থেকে দিচ্ছে না, বরং এগুলো আসছে সরকারি কোষাগার থেকেই, যা কিনা সাধারণ মানুষেরই টাকা। কিন্তু মানুষকে বোঝানো হচ্ছে যেন তারা এটাকে ভিক্ষা হিসাবেই গ্রহণ করে। ফলে মানুষের যে মৌলিক অধিকার বোধ সেটা হারিয়ে যেতে চলেছে – যা এক সামাজিক অবক্ষয়ের পথ প্রশস্ত করে চলেছে।

উপসংহার:

ঐতিহাসিক প্রেক্ষাপটের আলোচনা থেকে এটা বোঝা যাচ্ছে যে পুঁজিবাদী ব্যবস্থায় সামাজিক অনুদান প্রকল্প প্রবর্তনের প্রধান কারণ হলো এই ব্যবস্থার মধ্যেকার যে অন্তর্নিহিত অসাম্য, যা শ্রমজীবী মানুষের মনের মধ্যে দীর্ঘমেয়াদি ক্ষোভ সৃষ্টি করে চলেছে, তার থেকে কিছুটা নিস্তার পাওয়া এবং এই বাজার কেন্দ্রিক ব্যবস্থাকে ভেঙে পড়ার হাত থেকে রক্ষা করা। তর্কের খাতিরে ধরে নেওয়া যেতে পারে যে কিছু সামাজিক প্রকল্পের (যেমন বিনামূল্যে প্রাথমিক শিক্ষা বা মিড ডে মিল) দীর্ঘমেয়াদি মানবসম্পদ উন্নয়নের উপর ইতিবাচক প্রভাব আছে। কিন্তু ভালো করে দেখলে বোঝা যাবে যে কোনো রাষ্ট্রব্যবস্থা যদি সত্যি জনদরদী হয় তাহলে সেগুলি অনুদান প্রকল্প হিসাবে না দেখে মানুষের মৌলিক অধিকার হিসাবে প্রতিষ্ঠিত করবে, যা সরকার সাধারণ মানুষকে আইনত দিতে বাধ্য থাকবে। অপরদিকে এটাও বোঝার ব্যাপার আছে যে এই ব্যবস্থায় অনেক মানুষ আছে যাদের অস্তিত্ব অনেকটা নির্ভর করে আছে এই সামাজিক প্রকল্পগুলি থেকে প্রাপ্ত সাহায্যের উপর। এই LPG এর যুগে, বেকারত্বের যুগে, মজদুর হয়ে অস্থায়ী কাজ করে খাবার যুগে, অন্ন-বস্ত্র-বাসস্থান যোগাতে সাধারণ মানুষকে প্রতিনিয়ত যে পরিমাণে সংগ্রাম করে যেতে হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে এই অনুদান প্রকল্পগুলি অবশ্যই এক সাময়িক স্বস্তি ও খুব উপশমের চাবিকাঠি। কিন্তু সাধারণ মানুষের জীবনের দীর্ঘমেয়াদী পরিবর্তন আনতে গেলে দরকার মানুষের মৌলিক অধিকারের দাবিতে আরো জোরদার আন্দোলন তৈরি করা যা ভবিষ্যতে সমাজ ব্যবস্থার পরিবর্তনের পথের এক দিশারী হতে পারে।


কভার ফটো সৌজন্যে – https://www.thestatesman.com/opinion/perils-of-dole-1503255325.html [Retrieved On: 24/04/2025]

Leave a Reply