বলিউডের রাষ্ট্রীয় বাস্তব

বলিউড আমাদের কাছে ভালো থাকার অবাস্তব খুশবাই এর নাম। ছোটবেলার হিমে মোড়া বিদেশী পাহাড়ের কোলে শিফন শাড়ির উড়ন্ত আঁচল, আর অন্যায় অবিচারের প্রতিরোধী স্পর্ধা দেখানো প্রতিবাদের মুখ, এই ছিল বলিউডের স্বপ্নের বুনোট। এর মাঝে যেমন রূঢ় বাস্তব থেকে পালিয়ে যাওয়া ছিল, তেমনি ছিল, সিনেমার পর্দায় ঘটে যাওয়া গল্পে কিছুটা  হলেও ছুঁতে না পাওয়া ক্ষমতাকে মিছে মিছে বুড়ো আঙুল দেখানোর জাঁক, দীর্ঘ দিনের অপমান, বঞ্চনা আর হতাশা ভুলে, ভেবে নিতে পারতাম আমরাও পারি রুখে দাঁড়াতে, আমরাও ঠিক যেন হয়ে যেতাম নায়কের প্রতিশোধের প্রতিবাদের অংশীদার।

সত্যিই সিনেমা তার মায়াবী কুহকে আচ্ছন্ন করে দিতে পারে আপামর ভারতের বৃদ্ধ থেকে যুবকদের, স্বপ্নপূরণের কানাগলি, রুপোলি পর্দায় খুল যা সিম সিমের মতোই লোভনীয়। অসাম্য আর শোষণের প্রাত্যহিক রুটিন আচমকাই সিনেমায় বিনা রক্তক্ষয়ে মিটে যেত। বড়লোকের গুমোর ভেঙে মেহনতি মানুষের জয় ঘোষণা করে দেওয়া যেত সিনেমার শেষ দৃশ্যে অনায়াসে।

তবে সে ছিল অন্য এক সময়। ভীড় লাইনে টিকিট কেটে দেখা সিনেমার স্বান্তনা নিয়ে মানুষ ফিরত মালিকের হাতে দৈনিক অপচয়ে।

তারপর হেরে যাওয়া মানুষেরা ক্রমে হারিয়ে গেল রুপোলি পর্দা থেকে। বরং তাদের চোখে ঝিলমিল লাগিয়ে গেল বড়লোকী যাপনের ফানুস আর সোনালী বুদবুদ। রোজ রোজ পেটে গামছা বেঁধে কাজের জোগাড়, আর লাথি খেতে খেতে মূক মানুষের রাতের ঘুমের রসদ, আর পরের দিনের বঞ্চনা, এর থেকে খোয়াবে বুঁদ হয়ে থাকলে অনেকটাই সহনীয় হয় বেঁচে থাকাটাই। সিনেমা যেন ঠিক সেই আফিমের মত। বিশাল এক দেশ, যার বহু ভাষা, বহু জাতি, বহু অভ্যেস ও বহু ধর্ম এবং প্রথা, যার বিবিধ বিচিত্র সত্তাকে হিন্দি ডায়ালগের বোলচালে, চলতি ফিল্মি গানে, একই সুতোয় বেঁধে ফেলা যায়। বাজারের হিন্দি সিনেমা, এবং পর্দায় দেখানো রং এবং ঢঙের বাইরে গভীরতর কিছু তাই সহজেই সিনেমার চিত্রনাট্যের ছকে ফেলে দিলে, দ্রুতবেগে আপামর ভারতীয়দের কাছে সঞ্চারিত হওয়ার সম্ভাবনা থাকেই।

স্বাধীনতার কিছু পরে, নেহেরুবাদী জাতিগঠনের মন্ত্র কিছুটা এভাবেই ছড়িয়ে পড়েছিল। যেরকম ৭০ দশকের সামাজিক রাজনৈতিক ডামাডোলের ওম সিনেমাতেও প্রতিফলিত হয়েছে। তবে বলিউড যাদের পুঁজিনির্ভর, তাদের স্বার্থেই, জনরোষ যাতে কোনপ্রকার সামাজিক আন্দোলনের রূপ না নেয়, তার চেষ্টা জারি ছিল। এবং অনেকটা সাফল্য পেয়েছিল তা। সাংগঠনিক ঘেরাটোপের বাইরে, সুনির্দিষ্ট সামাজিক পরিবর্তনের লক্ষ্যকে গুলিয়ে দিয়েছিল, অমিতাভ বচ্চন রুপী প্রতিবাদী রাগী যুবা নায়ক। একটা গোটা শোষক শ্রেণীর পরজীবী চরিত্র আদৌ স্পষ্ট হয়নি কোন সিনেমাতেই, বরং তারা গুটিকয়েক বদমায়েশের মুখোশে ঢাকা ছিল।

বলিউডি সিনেমা সমাজ পরিবর্তনের নয়, স্থিতাবস্থা বজায় রাখার কল মাত্র। যখন পরিস্থিতি ঘোলাটে হয়েছে, ঠিক সুনিপুণ দক্ষতায় গোলপোস্ট সরিয়ে দেওয়া হয়েছে। পরে আশির দশক থেকে, দুনিয়ায় কাঠামোর রদবদলে নায়ক তার রাগী পোশাক ছেড়ে দিলো। নব্বই দশকের উদারবাদকে নতুন অবতার নিতে হোল সিনেমার পর্দায়।

কখনও সে উঠতি পুঁজিবাদী, কখনও বিদেশে থাকা দুধ মধু খাওয়া ভারতীয় সংস্কারী যুবক। কখনও বা সে বিদেশ ফেরত সমাজ সংস্কারক। যদিও তার সংস্কার গ্রামে টিমটিমে বাল্ব জ্বালানোতেই থেমে যায়। যা ছিল রাষ্ট্রের দায়, উদ্যোগী নায়কের দায়িত্ব হলো তা। সরকার ক্রমশই গুটিয়ে নিচ্ছিল সমাজকল্যাণের ভূমিকা, সে তার আমলা দিয়ে লাভের খোঁজে আসা বেসরকারি উদ্যোগকে স্বাগত জানাতে রাজি, কিন্তু তার জিম্মায় থাকা মানবসম্পদ, তাকে ঠেলে দিচ্ছিল ধীরে ধীরে খুঁটে খাবার প্রতিযোগিতায়।

খুব যদি মন দিয়ে মিলিয়ে দেখা যায়, ২০০০ এবং তার পরবর্তী সময়ে সরকারি উদ্যোগ বেচে দেওয়া হচ্ছিল, শ্রম আইন লঘু করা শুরু হয়েছিল। সামাজিক সুরক্ষা বলয় ক্রমেই ঢিলে হতে হতে শূন্যে ঠেকছিল।

দেশের বাজারে হুহু করে বিদেশী পুঁজি আসতে শুরু করল বটে, তাঁরা স্থায়ী কর্মসংস্থানের পরিবর্তে, সস্তা শ্রম নিল, বিনিময়ে আপাত সাদা কলার কিন্তু অস্থায়ী কর্মী সৃষ্টি করল। যাদের শ্রমের বাস্তবতা আমাদের দেশের কোথাও প্রতিফলিত হয় না, ধুঁকতে থাকা কৃষিক্ষেত্র থেকে উজিয়ে আসা পরিযায়ী মানুষেরা এই নব্য মধ্যবিত্তের জন্য ইমারত ওঠানোর কাজে লেগে গেল। কৃষিক্ষেত্রে ভর্তুকি তুলে নেওয়া ইত্যাদি সরকারি সাহায্য তুলে নেওয়ার পেছনে, পরিযায়ী শ্রমের যোগান তৈরি করার বাধ্যবাধকতা ছিল যেমন, তেমনি, মূল বুনিয়াদি অর্থনীতি থেকে সরে, সার্ভিস যোগানের অর্থনীতির ওপর জোর দেওয়া ছিল আরেকটা কারণ। ততদিনে দুনিয়াজুড়ে নিও লিব্যারাল নীতি লাগু হয়ে গেছে। ভারত ব্যতিক্রম নয়। সনাতনী সামন্তসমাজের প্রথা, জীবনচর্যা, যৌথ পারিবারিক কাঠামো নতুন যুগে তীব্র ধাক্কা খাবার আগেই তাকে সইয়ে নিতে ভরসা হলো সেই বলিউড।

প্রচারে এলো ভারতের সনাতন সংস্কার, তার অবধ্য আত্মার কথা। বলা হল ঘরের ছেলে মেয়ে যেমনই হোক, তাঁরা তাঁদের ভারতীয় শিকড় বাকর মোটেই অস্বীকার করবে না ইত্যাদি ইত্যাদি।

আমরা দেখলাম এক অদ্ভুত হাঁসজারু সমাজ।

বুর্জোয়া পরিবর্তনের সাথে নবজাগরণ পাশাপাশি ঘটে। ঐতিহাসিক তথ্য তাই বলে। এখানে নবজাগরণের বদলে হলো পুনর্জাগরণ। চকচকে অট্টালিকার পাশে ততোধিক মলিন বস্তি। দামী গাড়ির সাথে একই গলিতে হাতে টানা ঠেলা।

জমি বেচে আসা গরীব গুর্বো দের রাতের ঠাঁই দোকানের সিঁড়িতে হলে, নাইটক্লাবে অবোধ অসভ্য উল্লাস। শ্রেণীর ফারাক এতটাই, যে মনে হয় যেন আঁধারে থাকা মানুষদের বাঁচা মরা কোনটাই দাগ কাটবে না কখনোই, কারণ তাঁরা অদৃশ্য এক ভারতে আছেন। যাদের খতিয়ান ইচ্ছে করেই ভুলিয়ে দেওয়া হয়েছে।

এই বিপরীতের সহাবস্থান মাঝে মাঝে চোখে আঙুল তুললেও সহনীয় হয়েই গেল। সেই বলিউডের মায়া ঘেরা মলমে।

এখন আবার কিছুটা গল্পের প্লটে বদল ঘটেছে। দেশপ্রেম চিরকাল এক অতি প্রচারিত খুড়োর কল। আগে দেশপ্রেম বলতে একসাথে জয় জওয়ান, জয় কিষান বোঝাতো। কয়েক দশক বাদে এখন শুধুই অতিনাটকীয় বীরগাথা। পাকিস্তান খুব খারাপ। চীন খুব খারাপ। একমাত্র দেশ রক্ষাকারী বেতনভুক(!) সৈন্যদের ওপরেই টিকে রয়েছে সারা দেশ, এই চেনা বয়ান থেকে একটু সরে, হিন্দুরা যেহেতু ঘোর বিপদে, এবং এই বিপদ ভঞ্জনে ইতিহাসের কিছু ব্যক্তিত্বকে তুলে নিয়ে এসে অতিমানবিক কিছু ঐতিহাসিক বিকৃতি এলো চিত্রনাট্যে। রানা প্রতাপ, শিবাজী কে নেই এই লিস্টে?

বহুমুখী ফলায় গেঁথে দেওয়া হলো হিন্দুদের গৌরবের মিথ্যে গল্প। পাঠ্যবই, সোস্যাল মিডিয়া, কিংবা বলিউডের রোমহর্ষক সিনেমাতে।

শ্রেণীবিভাজনের রক্তাক্ত লড়াই যেন কখনোই ব্যাপক না হয়, উপচে ছড়িয়ে না পড়ে বৃহত্তর সমাজে, এই সাবধানতার সাথে আরেক উদ্দেশ্যও জড়িয়ে আছে যে। উদারবাদী অর্থনীতি, সর্বজনীন কল্যাণ বা উন্নয়ন কোনটাই নিশ্চিত করতে পারে না। তার লক্ষ্য যেন তেন প্রকারেন, প্রাকৃতিক সম্পদ থেকে মানব সম্পদ যতটা পারা যায় নিংড়ে নিয়ে উদ্বৃত্তের পাহাড়ের চূড়োয় পৌঁছান। লক্ষ কোটি মানুষের ছিবড়ে হওয়া লাশ, যুদ্ধ সন্ত্রাসে ছিন্ন বিচ্ছিন্ন শিশুদের দেহ, উচ্ছেদ হয়ে যাওয়া সর্বস্বান্ত মানুষদের মিছিল বা বন্ধ্যা প্রকৃতি, এসমস্ত কিছুই তার কাছে বাধা নয়। ভারতে বিগত এক দশকে, যা যা সামাজিক অপরাধ, এই রাষ্ট্র করেছে, বা তার মদতে সম্ভব হয়েছে, তা ভুলিয়ে দেওয়ার জন্য আরেকরকম নেশার আমদানি তাকে করতেই হতো। ধর্মের নেশা, এই উপমহাদেশের বদ্ধ সমাজে, বড়ই ফলপ্রসূ। বহু জাতপাতের এই দেশে, অস্পৃশ্যতার বাতাবরণে, লিঙ্গহিংসার আতুরঘরে সলতে পাকানোই ছিল। দরকার ছিল একটুকু আগুন। একে অর্থনৈতিক অসমতাকে জনগণ একে অপরকে ছিঁড়ে খুবলে নিয়েই সমাধান করতে চায়, ভুলশিক্ষা আর দ্বেষে তাদের চোখে ঠুলি পড়ানো থাকে। শত্রু তাদের কাছে জানপ্রাণের মালিক, পাশের শোষিত মানুষ তাদের জাতশত্রু।

আগুনের জন্য রাষ্ট্রকে খুব বেশি কসরৎ করতে হয়নি। বিভাজন করে শান্তি প্রতিষ্ঠা তার শ্রেণী পরিচিতি। হিংসা দিয়ে শ্মশানের শান্তি আনা তার বিশেষ দক্ষতা। আর আমরা বুঝি ইতিহাস বদলে দিয়েই, সামাজিক বুননকে সহজে বদলে দেওয়া যায়। অতীত মানুষকে সামনের দিনে টিকে থাকার প্রেরণা দেয়, অতীতের ভুল বর্তমানে শুধরে নিয়েই মানুষ বেঁচে থাকতে পারে।

উল্টো দিকে, সেই অতীতকে যদি কেউ হানাহানির কথনে বদলে দেয়, মানুষের এত বছরের এগিয়ে আসা, বিবর্তনের দিকচিহ্ন ও বদলে যায়।

আসলে সেই কবে থেকেই রাষ্ট্র যুদ্ধ জারি রেখেছে তার জনগণের ওপর। বন্দুকের নল কখনও মাথার পেছনে টের না পাওয়া গেলেও আমরা জানি, তিনি নজরে রেখেছেন। নির্দিষ্ট করে দেওয়া সীমারেখা লঙ্ঘন করা যাবে না কোনমতেই। যারা করেছেন, এখনো করার কথা ভাবেন তাদের ধীরে সরিয়ে দেওয়া হচ্ছে আমাদের নিত্য খবর থেকে, তাদের কবরের কোন নাম নেই, তাদের চিৎকার আমাদের কানে পৌঁছাতে পারে না, তাদের নখ দাঁত উপড়ে, বোঝাই করে দেওয়া হয় আন্ডা সেলে।

যাদের নিঃশব্দ মৃত্যু আমাদের কাছে লুকিয়ে রাখতে এত কথা, এত অর্থব্যয়, এত অস্ত্র, এত উচ্ছেদ, তাদের কথা ছাপিয়ে যেতে, রাষ্ট্র তার বলিউডের নামে মায়াবী প্রচারযন্ত্র চালু রেখে চলেছে তো বটেই সমান্তরালে আগুনে পুড়িয়ে, বুলডোজারে গুড়িয়ে দেওয়ার পরিকল্পনাও কাজে এসেছে।

রাষ্ট্র ঘুঁটি সাজিয়েই চলেছে বুনিয়াদে। বরাদ্দ পাঠ্যকে প্রশ্ন করা, কৌতূহলী হওয়া, যুক্তির ক্রম বুঝতে চাওয়া তাদের কাছে বিপজ্জনক। যাদের যাত্রা তলিয়ে ভেবে শুরু হয়, তাঁরা আসলে ভবিষ্যতের রাষ্ট্রদ্রোহী। আর বাকিদের জন্য অপরাধের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই, কারণ রাষ্ট্র অপরাধ করে না।

ফুলে কে নিয়ে সিনেমা বানালে, হাথরাসের ধর্ষণ নিয়ে সিস্টেমের পচন দেখাতে গেলে, রাষ্ট্র হঠাৎ করেই সক্রিয় হয়ে ওঠে। তার বকলমে রাখা গুণ্ডা, পোষা শিক্ষিত(?) বিদ্বজন জাতপাতের অস্তিত্ব অস্বীকার করে বসেন, ধর্ষনের অপরাধীদের( বিচারাধীন) পেছনে গুলি করে মেরে লাশ ঝুলিয়ে দেওয়ার নিদানে দামামা রোল ওঠে।

আর সিনেমা হিসেবেই পাতে দেওয়ার অযোগ্য ছাবা, এনিম্যাল, পুষ্পা, কবির সিং ইত্যাদি, যাদের সিনেমাটিক বক্তব্য মিথ্যে, ঘৃণা, নারীবিদ্বেষ আর বিকৃতির ওপর দাঁড়িয়ে , তাদের জন্য এই পোড়া দেশে লোকে ভিড়ে কুল পায় না। বহুকাল আগে শুনেছিলাম, জনগণকে দোষ দিয়ে লাভ নেই, তাদের কাছে যা সুলভে পাওয়া যায়, তাই শেষ কথা। তাদের সংস্কৃতি বদ, তাঁরা অশিক্ষিত, দাঙ্গাবাজ, লুম্পেন সুবিধাবাদী।

রাষ্ট্র তাদের কাছে বিকল্প ভাবনা পৌঁছে দেওয়ার পরিসর বন্ধ করে দিয়েছে বহুদিন হলো। তাদের কাছে সোজা পৌঁছে যায় উস্কানি, খবরের বদলে সরকারি প্রোপাগান্ডা।

তবু পরশপাথর খোঁজার মত খ্যাপামি ছাড়তে নেই। কে না জানে, যা কিছু এক সময় অলঙ্ঘ ছিল, অতল সমুদ্রে বিলীন হয়ে গেছে, ক্ষয়াটে কাঠামো আজ শুধুই দীর্ঘ নিশ্বাস ফেলে।


কভার ফটো সৌজন্যে – https://scroll.in/article/1080734/how-indian-school-teachers-are-trying-to-battle-bollywoods-hindutva-history-deluge [Retrieved On: 06/05/2025]

Leave a Reply