লেখাটি প্রকাশিত হয় আজাদ গণ মোর্চা-র মুখপত্র মাতৃভূমি পত্রিকার
জানুয়ারি ২০২৫ সংখ্যায়
গত সেপ্টেম্বর মাসের ১০ তারিখ নাইট শিফটে কাজ করবার সময় বাউড়িয়া জুট মিলের ফিনিশার ডিপার্টমেন্টের মিলহ্যান্ডস শেখ নাসির (বয়স প্রায় ৩৫ বছর) দুর্ঘটনার মধ্যে পড়েন। তিনি বাউড়িয়া জুট মিলে বিগত পাঁচ বছর ধরে কাজ করছিলেন। তার আগে তিনি জরির কাজ করতেন। বাড়িতে তিনিই একমাত্র রোজগার করতেন। নাসির আখড়াওয়ালা হিসেবে কাজ করতেন। মেশিনে সুতো আটকে গেলে পাইপের মাধ্যমে হাওয়া দিয়ে জ্যাম পরিষ্কার করা ছিল তার কাজ। সেই দিন মেশিন চলন্ত অবস্থায় হাওয়া মারতে গেলে পাইপ সহ তার হাত মেশিন টেনে নেয়। যতক্ষণে মেশিন বন্ধ করা যায়, তারমধ্যে কনুই পর্যন্ত তার হাত মেশিনে ঢুকে গিয়েছিল। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে নার্সিংহোম এ ভর্তি করা হয়। অপারেশন করে কনুই অবধি বাদ দেওয়া হয়, তার পাঁজরেরও বেশ কয়েকটি হাড় ভেঙেছিল। এতটাই বিভৎসতা ছিল এই দুর্ঘটনার যে পরের দিন মেশিন খুলে তার হাতের আঙুল এবং হাড়ের টুকরো, চামড়া, মাংস বের করতে হয়। মিল কর্তৃপক্ষ এবং ইউনিয়নগুলো নাসিরের দুর্ঘটনার পর হাসপাতালে ভর্তি করে দেবার পর তার কোন খোঁজও নেয়নি। শ্রমিকরা নিজেরা চাঁদা তুলে কিছু টাকা একত্রিত করে বুড়িখালি ভাসা পাড়ায় তার বাড়িতে যায়, পরিবারের হাতে সেই টাকা দিয়ে আসে। কয়েকদিন নার্সিংহোম এ ভর্তি থাকার পর ২০ তারিখ সকালে নাসির মারা যান। মিলে এই খবর পৌঁছানোর পর নাসির যে শিফটে কাজ করতেন, সেই শিফটের শ্রমিকদের তখন ইভনিং ডিউটি চলছিল, তারা তিনটি ডিপার্টমেন্টের কাজ বন্ধ করে দেন। দাবি ওঠে মিল কর্তৃপক্ষকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। ঠিক হয় পরদিন পোস্ট মর্টেম এর পর নাসিরের মৃতদেহ মিলে আনা হবে এবং সব ডিপার্টমেন্টের কাজ বন্ধ করে দেওয়া হবে।
২১ তারিখ সকাল থেকে মিলের তিনটি প্রতিষ্ঠিত ইউনিয়ন তৃণমূল, সিপিএম এবং – কংগ্রেস মাঠে নেমে পড়ে। ইতিমধ্যে মিল কর্তৃপক্ষ বলে ক্ষতিপূরণ যা দেবার ই এস আই দেবে, মিল কর্তৃপক্ষ নাসিরের পরিবারকে ৩ লাখ টাকা দেবে। শ্রমিকরা ১০ লাখ টাকার দাবিতে অনড় থাকেন। ইউনিয়নগুলো ম্যানেজমেন্টের সাথে আলোচনায় বসে। তারা মিটিং করে এসে জানায় যে ম্যানেজমেন্ট ৩ লাখ টাকা দেবে, আর নাসিরের ছেলের এখন ১৪ বছর বয়স – ১৮ বছর হলে তাকে কাজে নেবে। শ্রমিকরা আপত্তি করলে বিশেষ করে তৃণমূল ইউনিয়নের সেক্রেটারি হাফিজুল (বাপি), যে আবার উলুবেড়িয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর (যে ওয়ার্ডের মধ্যে বাউড়িয়া জুট মিল অবস্থিত), তার চেলা চামুন্ডারা শ্রমিকদের হুমকি দিতে থাকে যে, যারা এই সিদ্ধান্ত মানবে না এবং কাজ বন্ধ করার চেষ্টা করবে তাদেরকে আর মিলের গেটে কোনো দিন ঢুকতে দেওয়া হবে না। সিপিএম ইউনিয়নের নেতা জাকির শ্রমিকদের বোঝাতে থাকে যে একলপ্তে টাকা পেলে, সেটা খরচ হয়ে যাবে। তার থেকে যদি নাসিরের ছেলে কাজ পায়, তাহলে ওর পরিবারটা চলবে। অন্যদিকে নাসিরের পোস্ট মর্টেম করতে ইচ্ছাকৃত ভাবে দেরি করে সন্ধ্যা করে দেওয়া হয়। তারপর আর তার মৃতদেহ মিলে না এনে, তার বাড়ি ঘুরে গোরস্থানে নিয়ে চলে যায়। ফলে যে সকল শ্রমিকরা তাকে শেষ দেখা দেখবে বলে অপেক্ষা করছিল, তারা ডিউটিতে ঢুকে যায়, কাজ বন্ধ করার পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। পরে জানা যায় যে ক্ষতিপূরণের অঙ্কটা কমে ২ লাখে দাঁড়িয়েছে। শ্রমিকদের বক্তব্য বাকি ১ লাখ তিনটে ইউনিয়নের নেতারা ভাগ করে নিয়েছে।
নাগরিক মঞ্চের এক সমীক্ষা অনুযায়ী মিলগুলোতে চায়না মেশিন শুরু হবার পর থেকে শ্রমিকদের মধ্যে হ্যান্ড এবং ফিঙ্গার ইনজুরি (হাত ও আঙুলের চোট) র প্রবণতা মারাত্মকভাবে বেড়ে গেছে। বাউড়িয়া মিলেও একেক জন শ্রমিককে গড়ে তিন থেকে ছয়টা মেশিন একসাথে অপারেট করতে হচ্ছে। বাংলা তাঁত তুলে দিয়ে সেখানকার বয়স্ক শ্রমিকদের পাঠানো হচ্ছে অন্য ডিপার্টমেন্টগুলোতে চায়না মেশিন চালাতে! মালিক সবসময় কান্নাকাটি করছে লস হচ্ছে বলে। কখনও পাঁচ দিন মিল চালাচ্ছে, কখনও পাঁচ ঘন্টার শিফট চালাচ্ছে। কিন্তু তারাই আবার নতুন একটা শেড বানাচ্ছে, শুধু চায়না মেশিন বসিয়ে। এবং সেখানে শুধু কনট্রাক্টের লোক নিয়োগ করা হবে। স্বাভাবিকভাবেই এতে ইউনিয়নের পোয়াবারো। যার যেরকম শক্তি, সেই অনুযায়ী গেট পাস বিলি হবে। কয়েক লক্ষ টাকা করে ইউনিয়নের নেতাদের কামাই হবে।
তৃণমূলের সন্ত্রাস ও হুমকিকে তোয়াক্কা না করে শ্রমিকরা যদি জোট বাঁধতে পারে এবং নিজেদের ইউনিয়নে সংগঠিত হতে পারে, তাহলেই মালিকের সাথে সঠিক দরকষাকষি করা সম্ভব এবং ম্যানেজমেন্টের স্বেচ্ছাচারিতাকে রুখে দেওয়া সম্ভব।
কভার ফটো সৌজন্যে – https://www.millenniumpost.in/exclusive-news/pursuit-of-lost-prestige-562501?infinitescroll=1 [Retrieved On: 11/03/2025]
