মন্দির মসজিদ বিসংবাদ এবং ধর্মীয় উপাসনাস্থল আইন

পৃথু ব্যানার্জী


লেখাটি প্রকাশিত হয় আজাদ গণ মোর্চা-র মুখপত্র মাতৃভূমি পত্রিকার
জানুয়ারি ২০২৫ সংখ্যায়
সূচনা :

“মসজিদ কে নিচে ক্যায়া হে” ভারতের বর্তমান পরিস্থিতির উপযুক্ত থিম গান হতে পারে। দেশের বিভিন্ন আদালতে প্রায় প্রতিদিনই নতুন কোনও মসজিদকে নিয়ে নতুন একটা পিটিশন দাখিল হচ্ছে, আর সেখান থেকে নতুন একটা সমীক্ষার আদেশ আসছে। এমুহূর্তে দেশ জুড়ে প্রায় ১৮-টা এইরকম মামলার শুনানি চলছে [১]! ব্যাপারটা বেগতিক হয়ে যাচ্ছে বুঝে, সুপ্রিম কোর্টকে আলাদা করে নির্দেশিকা দিতে হয়েছে যে আপাতত দেশের কোন কোর্টে এই বিষয়ে নতুন কোনও মামলা রুজু করা যাবে না। উপরন্তু নতুন কোনও সমীক্ষার নির্দেশও দেওয়ানী আদালত এখন দিতে পারবে না [২]।

সুপ্রিম কোর্টের এই রায়ের সূত্র ধরে ১৯৯১ সালে প্রণীত ‘উপাসনার স্থান (Places of Worship)’ আইনটি চর্চায় এসে পড়েছে। বস্তুত এখন এই আইনকে বুড়ো আঙুল দেখানোর চেষ্টাই বিভিন্ন ভাবে করা হচ্ছে। তাই আসুন এই আইনের ব্যাপারে সংক্ষেপে আগে একটু জেনে নিই।

আইনের ইতিহাস :

নব্বইয়ের দশকে রাম-মন্দিরের প্রবল হাওয়ার মধ্যে নরসিমা রাও এর সরকার উপাসনার স্থান সংক্রান্ত এই আইনটি আনে। এই আইনে বলা হয় যে ভারতের যেকোনো উপাসনা স্থানের চরিত্র ১৫-ই আগস্ট, ১৯৪৭ সালে যা ছিল, তার কোনও পরিবর্তন আর করা যাবে না। অর্থাৎ ১৫-ই আগস্ট, ১৯৪৭ সালে কোন স্থান মন্দির, মসজিদ, দরগা, গুম্ফা, বিহার, স্তূপ ইত্যাদি যেভাবেই থাকুক, তার আর কোনও বদল হবে না।

উল্লেখ্য যে, স্থান চরিত্র নির্ধারণের জন্য ১৫-ই আগস্ট, ১৯৪৭ এই দিনটিকে বেছে নেওয়া হয় কারণ এই দিনেই স্বাধীন ধর্মনিরপেক্ষ ভারতের জন্ম হয়। তাই ‘উপাসনার স্থান’ আইনে এই দিনটাকেই উল্লেখ করা হয় ধর্মনিরপেক্ষতার আদর্শটাকে আরও একবার মনে করিয়ে দেওয়ার জন্য।

তবে আরও একটা উল্লেখযোগ্য বিষয় হলো – বাবরি মসজিদকে এই আইনের আওতার বাইরে রাখা হয়। তার কারণ দেখানো হয় যে ওই বিষয়টা তখন বিচারাধীন। যদিও বাবরি মসজিদ তখনও অক্ষত। প্রশ্ন তোলাই যায় যে – বাবরি মসজিদ যদি ধ্বংস না হতো এবং বাবরি মসজিদকে নিয়ে বিচারাধীন মামলায় যদি নিচে রাম জমভূমির অস্তিত্ব প্রমাণিত হতো – তাহলে কী সেই মসজিদের উপাসনা স্থানের চরিত্র বদলে দেওয়া হতো? যদি বদলানো না হতো, তাহলে তাকে এই আইনের আওতার বাইরে রাখার মানে হয় না; আবার, যদি বদলানো হতো, তাহলে এই আইনটারই কোনও প্রাসঙ্গিকতা থাকে না। তাই একথা বললে অত্যুক্তি হয় না যে, বাবরি মসজিদ ধ্বংসের এক বছর আগেই রাষ্ট্র এই আইনে যেন প্রচ্ছন্নভাবে স্বীকার করে নিয়েছিল যে অদূর ভবিষ্যতে একটা অনভিপ্রেত ঘটনা ঘটতে চলেছে, যার দায় রাষ্ট্র নেবে না। আজ বাবরি মসজিদও নেই। এই জটিল প্রশ্নগুলোরও কোনও অবকাশ নেই। আইন ব্যবস্থার উপর আস্থা অটুট রাখতে দেখাতে চাওয়া হয় যে এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাবরির মত ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে তা সুনিশ্চিত করা [৩]; কিন্তু দেশের সাম্প্রতিক ঘটনাবলী এই আইনের ফাঁকফোকর গুলোকে আরও স্পষ্ট করে তুলে ধরছে।

আইনের অন্তঃসার :

ভারত এক বৈচিত্র্যময় দেশ, এবং যে কোনও প্রাচীন সভ্যতার মতোই ভারতের ইতিহাস অনেকরকম পরিবর্তনের সাক্ষী। সাক্ষী অনেক অনভিপ্রেত ঘটনারও। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিকারের কাজ করে, প্রতিশোধের নয়। আজ যদি কোনও গোষ্ঠী তাদের স্বাভাবিক ধর্মপালনে বাধার সম্মুখীন হয়, তাহলে রাষ্ট্রের দায় থাকে তার বিহিত করার। কিন্তু ভারতে সংখ্যাগুরু হিন্দুর সেরকম কোন সমস্যা নেই। মসজিদের সমীক্ষা বরং রাষ্ট্র ব্যবস্থাকে ব্যবহার করে প্রতিশোধ নেওয়ার ছুতো, ঠিক যেমনটা বাবরি মসজিদের ক্ষেত্রে করা হয়েছে।

উদাহরণ হিসেবে বিশ্বের অনেক ঘটনার কথা বলা যায়, তবে অপেক্ষাকৃত অনেকটাই নতুন তৈরি হওয়া দেশ কানাডার একটা ঘটনা দেখা যেতে পারে। কানাডাতে স্থানীয় আদিবাসীদের জমি জোর করে, তাঁদের ওপর অমানুষিক অত্যাচার করে হাতিয়ে নেওয়া হয়। আজ সেই জমিতেই গড়ে উঠেছে বর্তমান শহর ব্যবস্থা – গির্জা, স্কুল, হাসপাতাল ইত্যাদি। আজ কানাডা রাষ্ট্র আগের এই অত্যাচারের দায় যেন নতমস্তকে স্বীকার করে, সেই দাবি নিয়ে অনেকেই সোচ্চার। কিন্তু তাই বলে প্রতিশোধের জন্য গির্জা বা স্কুল ভেঙ্গে আদিবাসীদের আগের অবস্থায় ফেরত দেওয়ার মত বালখিল্য দাবি কখনওই ওঠেনি [৪]।

ভারতের ক্ষেত্রেও কিছু অনুরূপ উদাহরণ দেওয়া যেতে পারে। প্রাচীন ভারতে শ্রমণদের উপর ব্রাক্ষ্মণদের যে আক্রমণ নেমে এসেছিল তাতে ছাড় পায়নি বৌদ্ধ স্তূপ, বিহার, বা জৈনদের উপাসনাস্থলও। অত্যাচারী ব্রাক্ষণ শাসক পুশ্যমিত্র শুঙ্গ-র নিপীড়ন ও স্তূপ-মঠ ধ্বংসের কথা অনেকেই জানেন, যার প্রমাণও পাওয়া যায় সাঁচী-র মতো গুরুত্বপূর্ণ বৌদ্ধ কেন্দ্রে এবং শতধারা ও দেউরকোঠার-এর মতো আশেপাশের এলাকায়। চীনা পরিব্রাজক ফা-হিয়েন (পঞ্চম শতক) এবং হিউয়েন সাং (সপ্তম শতক) এর বিবরণীতেও উঠে এসেছে শ্রমণদের উপাসনাস্থলে ব্রাক্ষ্মণদের ধ্বংসলীলা চালানোর ঘটনা। ঐতিহাসিক ডি এন ঝা বলেছেন, “… আজ শুধুমাত্র উত্তরপ্রদেশের সুলতানপুর জেলাতেই কম করে ৪৯-টা বৌদ্ধ কেন্দ্র পাওয়া যাবে যা অগ্নি-সংযোগের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়েছিল” [৫]। বাংলায় খ্রিস্টীয় সপ্তম শতকে শৈব ব্রাক্ষ্মণ শশাঙ্ক-র রাজত্বে বৌদ্ধদের উপর অত্যাচার, গয়া-তে বোধিবৃক্ষ কেটে ফেলা – ইত্যাদি কারও অজানা নয়। তালিকা অনেক লম্বা। শ্রমণদের বর্তমান প্রতিনিধিরা যদি মনে করেন যে এগুলো নিয়ে অনুরূপ পিটিশন দাখিল করবেন তাহলে বর্তমান ভারতের অনেক মন্দিরের অস্তিত্বও মুছে দিতে হবে।

আর ঠিক সেই কারণেই, নিজের অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও এই ‘উপাসনার স্থান’ আইনটা গুরুত্বপূর্ণ, যার উদ্দেশ্য হলো ভারতে উপাসনার স্থানগুলোকে অক্ষুণ্ণ রাখা। এই আইন ইতিহাসকে অস্বীকার করে না, বরং ঐতিহাসিক বর্বরতার পুনরাবৃত্তিকে আটকাতে চেষ্টা করে।

অয্যোধ্যা ২.০ মাস্টারপ্ল্যান :

অযোধ্যার রামমন্দির উপাসনার স্থান এই আইনে এক ব্যতিক্রম। তখন ভাবা হয়ছিল যে এরপর দেশ মন্দির-মসজিদ বিবাদে জড়িয়ে না থেকে, দেশের বুনিয়াদী বিষয়ে মনোযোগ দেবে। স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামো, এই ইস্যুগুলো আলোচনায় প্রাধান্য পাবে। এমনকি আরএসএস প্রধান মোহন ভাগবত স্বয়ং বলেছিলেন নতুন মন্দির-মসজিদ বিবাদে আর না জড়াতে [৬]।

তবে ভবি ভুলবার নয়। দেশের সাম্প্রদায়িক শক্তি রক্তের স্বাদ পেয়েছে, আর এর সাথে হাত ধরাধরি করে এসেছে ক্ষমতার স্বাদ। তাই তারা সর্বৈব ভাবে চায় হিন্দু-মুসলিম বিবাদের জিগির বাঁচিয়ে রাখতে। এতে বাদ যাচ্ছে না আজমের শরিফ দরগার মতো স্থানও, যার নিচে একটা শিব মন্দিরের উপস্থিতির জিগির তুলে সেখানে সমীক্ষার দাবি জানিয়ে আদালতে পিটিশন করেছে ‘হিন্দু সেনা’ নামে এক কট্টর দক্ষিণপন্থী সংগঠন। অথচ, এই দরগা গোটা দক্ষিণ এশিয়ার মধ্যে সুফিবাদের একটা প্রধান কেন্দ্র তো বটেই, পাশাপাশি কয়েক শতাব্দী ধরে এই দরগা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ভারতীয় জনগণের আধ্যাত্মিক মেলবন্ধনের একটা সাক্ষী হয়ে আছে। অতীতে, ২০০৭ সালে এই দরগায় বিস্ফোরণ ঘটিয়ে হিন্দু-মুসলিম বিভাজন ঘটানোর একটা বড় প্রচেষ্টা চালানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত এই বিস্ফোরণের সাথে হিন্দুত্বপন্থী সন্ত্রাসবাদীদের যোগসূত্র সামনে চলে আসে, এবং ২০১৮ সালে এই মামলায় দুইজন আরএসএস প্রচারকের যাবজ্জীবন কারাদণ্ড হয়।

আগেই বলা হয়েছে যে ভারতের ইতিহাসে সব ধর্মের উপাসনা স্থান, অন্য প্রায় সব ধর্মের দ্বারাই আক্রান্ত হয়েছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন কেউই সে তালিকার বাইরে নেই [৭]। কিন্তু বর্তমান বিভেদকামী শক্তির লক্ষ্য শুধুমাত্র মসজিদের ওপর, কারণ তারা জানে এই বিভাজনের রাজনীতির আড়ালে অধিকারের প্রশ্নগুলোকে সহজে চাপা দিয়ে দেওয়া যায়। এটা ব্রিটিশ শাসকরা বুঝেছিল এবং তাদের শাসনের শেষ দিন পর্যন্ত এর সুবিধা নিয়েছে। তাই আজ যখন ভারতে ধনবৈষম্য ব্রিটিশ আমলের থেকেও খারাপ [৮], তখন নজর ঘোরাতে ভরসা সেই ব্রিটিশ আমলের বিভাজনের রাজনীতি।

এতটা পর্যন্ত তাও বোঝা যায়। কিন্তু সেই খেলাতে যখন সুপ্রিম কোর্ট-ও জড়িয়ে পড়ে তখন বুঝতে হয় যে দেশের অবস্থা সত্যিই অত্যন্ত শোচনীয়। বর্তমানে “মসজিদ কে নিচে ক্যায়া হে” দেখার জন্য এই যে পিটিশনের হিড়িক পড়েছে তার রাস্তা করে দিয়েছেন খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি (সম্প্রতি প্রাক্তন) ডি ওয়াই চন্দ্রচূড়, জ্ঞানবাপী মসজিদে “নন-ইনভেসিভ” সার্ভে-র অনুমতি দিয়ে। ‘উপাসনার স্থান’ আইনে যখন স্পষ্টই বলা আছে যে, উপাসনা স্থানের চরিত্র ১৫ই আগস্ট, ১৯৪৭ সালে যা ছিল, তার কোনও পরিবর্তন আর করা যাবে না, তাহলে এই সার্ভে-র লক্ষ্যটা কী? অন্যদিকে ভক্তকুলের আর একটা কুযুক্তি হলো – ১৫-ই আগস্ট, ১৯৪৭ সালে উপাসনা স্থানের চরিত্র কেমন ছিল তার পুনর্মূল্যায়ন করা। সম্প্রীতির স্বাভাবিক সহাবস্থানে অনেক মসজিদের পাশেই হিন্দুদের পূজার ব্যবস্থা রয়েছে। আর সেটাকে ছুতো হিসেবে ধরে পুরো মসজিদকেই তারা মন্দির করে ফেলতে চায়। অর্থাৎ আইনের মূল নির্যাসকে খর্ব করে, কথার প্যাঁচে আইন দিয়েই আইনকে কুপোকাত করার একটা চক্রান্ত চলছে, আর সেই চক্রান্তে অংশ নিচ্ছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মতো কর্তাব্যক্তিরা। প্রসঙ্গত উল্লেখ্য যে, কেন্দ্র সরকারকে এহেন পরিষেবা দিয়ে বিচারপতি চন্দ্রচূড় ইতিমধ্যেই জাতীয় মানবাধিকার কমিশনের সভাপতি পদের প্রাইজ-পোস্টিং পেয়ে গেছেন; যেমনটা রাম জন্মভূমি মামলায় বিতর্কিত রায় দিয়ে তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-ও পেয়েছিলেন!

করণীয় কী?

ক্ষমতায় থাকার সুবাদে, বিচার ব্যবস্থার অলিন্দে সাম্প্রদায়িক গোষ্ঠীর প্রতিনিধিত্ব এখন অনেক বেড়েছে [৯]। এমনকি হাইকোর্টের বহাল থাকা বিচারপতিকেও উস্কানিমূলক ভাষণ দিতে শোনা যাচ্ছে [১০]। সুপ্রিম কোর্টের ভূমিকাও একদমই আশাব্যাঞ্জক নয়। আইনের ফাঁকফোকর কাজে লাগিয়ে স্বার্থসিদ্ধির চেষ্টা যে সর্বান্তঃকরণে চলছে তা আর বলার অপেক্ষা রাখেনা। তাই সুপ্রিম কোর্টকে এখানে সদর্থক ভূমিকা নিতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়ে স্পষ্ট রায় দিয়ে এই আগুন নিয়ে খেলা বন্ধ করে দিতে হবে।

সম্বলের জামে মসজিদে সমীক্ষা সংক্রান্ত হিংসায় পাঁচজন মারা গেছেন [১১], এ যেন বাবরি নাটকেরই পুনরাভিনয়। এমতবস্থায় দেশের জনগণকে সজাগ থাকতে হবে। সচেষ্ট ভূমিকা নিতে হবে যাতে দেশের জনগণের জীবন, জীবিকা, অধিকার ইত্যাদি বিষয়গুলোই রাজনীতিতে অগ্রাধিকার পায়। প্রয়োজনে গণ আন্দোলনের মাধ্যমে ন্যায়াদালতের ওপর চাপ বাড়াতে হবে যাতে মন্দির মসজিদ ভুলে আমরা সহনাগরিকরা এক সম্প্রীতির আবহে এক সাথে বাঁচতে পারি।


কভার ফটো সৌজন্যে – https://scroll.in/latest/1075916/uttar-pradesh-court-ordered-survey-of-mosque-in-sambhal-sparks-tensions [Retrieved On: 23/02/2025]

Leave a Reply