টিবি রোগের ওষুধের আকাল, রোগীদের জীবন বিপন্ন

ড: অমিতাভ চক্রবর্তী

লেখাটি প্রকাশিত হয় আজাদ গণ মোর্চা-র মুখপত্র মাতৃভূমি পত্রিকার অগাস্ট ২০২৪ সংখ্যায়

ভারতে প্রতিদিন ১৪০০ রোগী টিবি রোগে মারা যাচ্ছেন।২০২৫ সাল নাগাদ টিবি নির্মূল করার কথা বলেছে কেন্দ্র সরকার। ন্যাশনাল টিবি কন্ট্রোল প্রোগ্রামের থেকে পাওয়া যক্ষ্মা রোগের ওষুধ নিঃশেষ পশ্চিমবঙ্গে। মে মাস নাগাদ অবস্থা এতটাই সংকটে পৌছয় যে স্বাস্থ্য দপ্তর দুমাস এবং ৪ মাসের কোর্সের ওষুধ কেনার জন্য তার কয়েক সপ্তাহ আগে টেন্ডার দেয়। রাজ্যের অর্থে ২৬ লক্ষ পাতা (স্ট্রিপ) ওষুধ কেনা হয়েছে। অন্তত কয়েক কোটি টাকা খরচ হয়েছে তাতে। যক্ষ্মা নোটিফায়েড ডিজিজ। অর্থাৎ নতুন রোগী চিহ্নিত হলেই জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচির ওয়েবসাইটে জানাতে হবে। রোগীকে নিখরচায় ওষুধ-পথ্য দিতে হবে কেন্দ্রকে। জানুয়ারিতে কেন্দ্র ঘোষণা করেছিল, ২০২৬ সালের মধ্যে ‘টিবি মুক্ত’ ভারত গড়া হবে। কিন্তু সেই কর্মসূচি কতটা সফল হবে, তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল।

যে চারটি ওষুধের আকাল সেগুলি হলো –

  • রিফামপিসিন
  • ই থামবুটল
  • আইএনএইচ
  • পাইরাজিনামাইড

এর মধ্যে প্রথম দুটি ওষুধ দুমাস এবং পরের দুটি চার মাস রোগীকে খেতে হয়। জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের নিয়ম অনুযায়ী, রোগ চিহ্নিত হলেই ‘নিক্ষয়’ পোর্টালে রোগীর নাম নথিভুক্ত করা হয়। রোগীর ওষুধ ও পথ্য কেন্দ্রীয় সরকার দেশে সরবরাহ করে। পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশে চার ওষুধের এহেন তীব্র সঙ্কটে প্রমাদ গুনছে যক্ষারোগী ও তাদের পরিবার।

রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, কেন্দ্র যে যক্ষ্মার ওষুধ সরবরাহ করতে পারবে না, তার আগাম কোনও বার্তা রাজ্যকে দেওয়া হয়নি। ওষুধের ভাঁড়ার যখন একেবারে তলানিতে তখনই স্বাস্থ্যমন্ত্রক তাদের ‘অপারগতা’র বিষয়টি খোলসা করে। স্বাস্থ্য দফতরের এক কর্তা জানান, ১৮ মার্চ দিল্লি আচমকাই চিঠি দিয়ে জানায়, ‘অবাঞ্ছিত এবং বাহ্যিক’ কিছু কারণে যক্ষ্মার ওষুধ আপাতত সরবরাহ করা যাচ্ছে না। রাজ্যের স্বাস্থ্য দফতর যেন স্থানীয় খোলা বাজার থেকে ‘লোকাল পারচেজ়’ করে নেয়। সরকার কিনতে না পারলে আপাতত রোগীদের বাইরে থেকে ওষুধ কিনে নেওয়ার পরামর্শও দেওয়া হয় ওই কেন্দ্রীয়-বার্তায়। সঙ্গে সান্ত্বনা ছিল— প্রেসক্রিপশন দেখালে সরকার ওই ওষুধ কেনার খরচ মিটিয়ে দেবে।

যক্ষ্মার চিকিৎসায় এখন ২ ধরনের ওষুধ ব্যবহৃত হয়। প্রথম দু’মাস খাওয়ানো হয় ‘৪ এফডিসি’। দ্বিতীয় পর্যায়ে চার মাস ধরে খাওয়ানো হয়, ‘৩ এফডিসি’। স্বাস্থ্য কর্তাদের অভিযোগ, মার্চে কেন্দ্র জানিয়েছিল, তারা ‘৩ এফডিসি’ আর সরবরাহ করতে পারবে না। আবার এপ্রিলের শেষে ভার্চুয়াল বৈঠকে তারা স্পষ্ট করে দেয়, ‘৪ এফডিসি’ ওষুধও আর দিতে পারবে না তারা। কেন্দ্র ওষুধ কিনতে প্রথমে ২ লক্ষ এবং পরে ৭ লক্ষ ৬৩ হাজার টাকা রাজ্যকে দিয়েছিল। তার পরেই তারা হাত গুটিয়ে নেয়।খোলা বাজারেও ওষুধ মেলে নামমাত্র। তার উপর বেশি টাকার কেনাকাটা করতে হলে কোটেশন ও দরপত্র ডাকতে হয়। অভিযোগ, এই ডামাডোলে অসংখ্য রোগী ওষুধ পাচ্ছেন না।

এই রোগের ওষুধ নিয়মিত না খেলে ওষুধ রেজিস্ট্যান্ট হয়ে যায়। ফলে ওই রোগীর ক্ষেত্রে ওই ওষুধগুলো পরে সরবরাহ নিয়মিত হলেও আর কাজ করবে না। এর বিকল্প ওষুধ অর্থাৎ মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট টিবির যে সব ওষুধ রয়েছে সেই সব ওষুধেরও অনেকগুলিই বর্তমানে অমিল হয়ে যাচ্ছে। ফলে ওই সব রোগীর ক্ষেত্রে যখন কোনও ওষুধ আবিষ্কার হয়নি সেই পুরনো দিনের মতোই মৃত্যুর দিন গোনা ছাড়া আর গত্যন্তর থাকবে না।

মোদি সরকারের চূড়ান্ত জনবিরোধী ওষুধ নীতি কেবল দেশি-বিদেশি কর্পোরেট মালিকের মুনাফাই সুনিশ্চিত করছে। দ্রুত বিদেশ থেকে ওষুধের কাঁচামাল আমদানি করতে হবে, জনমুখী ভেষজ নীতি তৈরি করতে হবে এবং দেশীয় ওষুধ শিল্পগুলিকে পুনরায় চালু করে সেখানে থেকেই টিবির ওষুধ তৈরি করতে হবে। জনস্বাস্স্থ্য কর্মীদের এব্যাপারে এগিয়ে আসতে হবে।


কভার ফটো সৌজন্যে – https://www.tbonline.info/posts/print/india-tb-patients-activists-protest-shortage-medic/ [Retrieved On: 11/12/2024]

Leave a Reply