সলিমুল্লাহ খান / স্নিগ্ধেন্দু ভট্টাচার্য
বাংলাদেশের একজন রাজনৈতিক বিশ্লেষক, বুদ্ধিজীবী,তথা বাংলাদেশ লিবারেল আর্ট্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সলিমুল্লাহ খান-এর সাথে সাংবাদিক স্নিগ্ধেন্দু ভট্টাচার্য-র কথোপকথন। বাংলাদেশের গণ-অভ্যুত্থানের প্রভাব এবং ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ এই সাক্ষাৎকারটা গত ২২-এ অগাস্ট ২০২৪ তারিখে Outlook পত্রিকায় প্রকাশিত হয়।
ভাষান্তর – মুশফিক ও সৌমেন
প্র: গত দেড় মাসের [জুলাই-অগাস্ট] ঘটনাপ্রবাহকে আপনি কীভাবে বর্ণনা করবেন?
উ: জুলাই-অগাস্ট মাসের ঘটনাগুলো ছিল একটা অত্যাচারী, শোষক ও নৃশংস সরকারের বিরুদ্ধে জনগণের দ্রোহের উৎসব। নব্য-ঔপনিবেশিক শাসনের পাশবিক শক্তির মাধ্যমে এই সরকার এতদিন দেশের সার্বভৌম জনগণের ইচ্ছাকে দমিত করে রেখেছিল।
এই ঘটনাপ্রবাহকে সবথেকে ভালোভাবে বর্ণনা করতে গেলে বলতে হয় এটা আসলে ছিল – ইতিহাসে প্রত্যাবর্তন, যেমনটা Alain Badiou বলেছিলেন। ইতিহাস বলতে আমি বলতে চাইছি সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচারের আদি নৈতিকতা যা দেশের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মূর্ত হয়ে উঠেছিল। এই ঘটনাগুলো ছিল স্বাধীনতা ও মানবিক মর্যাদার অধিকারকে, বা এক কথায় বললে সত্যের স্বাধীনতার অধিকারকে জনগণ কর্তৃক পুনঃপ্রতিষ্ঠার পথে প্রত্যাবর্তন।
শাসকের পতনের আগে গত দেড় মাসে যে দমন-পীড়ন দেখা গেছে, তা ছিল বিরোধী দলের যেকারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, ট্রেড ইউনিয়নের অধিকারকে খর্ব করা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, জোর করে গুম করা এবং সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর মতো কঠোর আইনের প্রয়োগ – ইত্যাদির দেড় দশক দীর্ঘ রেকর্ডের একটা ঘনীভূত অভিব্যক্তি মাত্র।
জুলাই-অগাস্ট বিপ্লব ভবিষ্যতে সমস্ত দখলদারদের জন্য একটা ঐতিহাসিক নিদর্শন রেখে যেতে পারে, যদি তারা এটা শিখতে চায় যে: সার্বভৌম জনগণের স্বাধীনতার অধিকারের বিরুদ্ধে যেকোনো প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য। ঐক্যবদ্ধ জনগণকে কখনো পরাজিত করা যায় না।
প্র: অন্তর্বর্তী সরকার সম্পর্কে আপনার ধারণা এবং প্রত্যাশা কী?
উ: সংজ্ঞা অনুসারে অন্তর্বর্তী সরকার হলো একটা অস্থায়ী শাসন যার উদ্দেশ্য হলো একটা জনসমর্থিত নির্বাচিত সরকারে রূপান্তরকে সহজতর করা। আমি আশা করি যে সীমিত সম্পদ, কর্মী এবং অন্তর্বর্তীকালীন শাসনের অভিজ্ঞতার মাধ্যমে সবথেকে ভালো ভাবেই এই রূপান্তর সম্পন্ন হবে। তবে, পর্দার আড়ালে লালিতপালিত হতে থাকা অবাঞ্ছিত উচ্চাকাঙ্ক্ষার বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে। এই পরিস্থিতিকে আমরা কীভাবে দেখছি সেটা বর্ণনা করা যেতে পারে Antonio Gramsci-র সেই সুপরিচিত বাকধারার মাধ্যমে, যার মানে হলো – ইচ্ছার আশাবাদ এবং বুদ্ধির হতাশাবাদ।
আসুন আমরা আবার আশাবাদী হয়ে উঠি। যেমনটা হিস্পানিক স্লোগানে বলা হয়: el pueblo unido jamás será vencido, অর্থাৎ ঐক্যবদ্ধ জনগণ কখনই পরাজিত হবে না।
বাংলাদেশে রাজনৈতিক দলগুলো বরাবরের মতোই দীর্ঘদিন ধরে স্বৈরাচারের বিরুদ্ধে কার্যকর বিরোধী দল গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। তাদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও, নজিরবিহীন স্বৈরাচারী শাসনকে উচ্ছেদ করার কাজে তারা এককভাবেও সফল হয়নি বা সেই কাজে নিজেদের মধ্যেও একত্রিত হতে পারেনি। এইবারের এই আন্দোলন ছিল ছাত্রযুবার অগ্রণী অংশের একটা দীর্ঘ-প্রত্যাশিত (কিন্তু ঘটনাচক্রে আসলে অপ্রত্যাশিত) বিস্ফোরণ, যা অবশেষে নেতৃত্বের শ্যূন্যস্থান পূরণ করেছে।
যেমনটা এখন সকলেই জানেন যে, আন্দোলন শুরু হয়েছিল সরকারি চাকরিতে সংরক্ষণের একটা অন্যায্য আইনের বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে। কিন্তু নিরস্ত্র জনসাধারণের উপর প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র মারফৎ হামলা চালানো, জোর করে অপহরণ করা, ছাত্রনেতা সহ সকলের উপর নির্যাতন, এবং মানবতাবিরোধী অন্যান্য অসংখ্য অপরাধের মাধ্যমে ক্ষমতাসীন শাসকদল যে নিপীড়ন নামিয়ে এনেছিল তার প্রতিরোধে এই আন্দোলন পরিণত হয়েছিল এক সুবিশাল অভ্যুত্থানে।
অন্তর্বর্তী শাসন শুধুমাত্র প্রশাসনিক নিরবিচ্ছিন্নতা বজায় রাখার একটা ব্যবস্থা, ক্ষয়িষ্ণু শাসনের গোধূলিলগ্নে সমগ্র পরিস্থিতির একটা যুক্তিযুক্ত পরিণাম। এর মৌলিক কাজগুলোকে সবচেয়ে ভালোভাবে বুঝতে গেলে সম্ভবত এটাকে একটা দ্বি-স্তরীয় উদ্যোগ হিসাবে দেখা দরকার – প্রথমত, ধ্বংসাবশেষ পরিষ্কার করা, এবং দ্বিতীয়ত, একটা নতুন ঘর তৈরি করা।
প্রথম কাজ হলো নাগরিক অধিকার পুনরুদ্ধার করা এবং স্বৈরাচারী শাসনের অবশিষ্টাংশের অবসান ঘটানো। ঘর-পরিষ্কার করার এই উদ্যোগের একটা জরুরী অংশ হলো সংকটের সাথে লড়াইরত অর্থনীতির সেই উন্মুক্ত শিরাগুলোকে বন্ধ করা, যেখান থেকে এখনও রক্তক্ষরণ হয়ে চলেছে, এবং ধ্বংসাত্মকভাবে লুন্ঠনের শিকার সেই অর্থনীতির পুনরুদ্ধার ও উন্নয়ন। এটা নিজেই একটা কঠিন কাজ।
দ্বিতীয়টা হলো একটা যুক্তিসঙ্গত সময়সীমার মধ্যে অবাধ ও ন্যায্য উপায়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারে রূপান্তর ঘটানো। উভয় কাজের জন্যই প্রয়োজন অন্যায়ভাবে সংশোধিত ও বিকৃত সংবিধানের কিছু অংশকে পুনরায় নতুন করে লেখা।
প্র: বাংলাদেশের এই ঘটনাপ্রবাহের পিছনে ভারতের ভূমিকাকে আপনি কীভাবে দেখেন?
উ: ২০২৪ সালের জুলাই-অগাস্টের বিপ্লব শুধুমাত্র শেখ হাসিনার আওয়ামী লীগ শাসনের বিরুদ্ধে ছিল না, বরং একইসাথে ১৯৭২ সাল থেকে ভারতের সমস্ত শাসকদের প্রতিনিধিত্ব করে আসা ভারতীয় বুর্জোয়াদের প্রোটো-ঔপনিবেশিক নীতির বিরুদ্ধেও পরিচালিত ছিল। এহেন নীতির একটা উদাহরণ হলো বাংলাদেশের প্রায় ৫৪-টা বা তারও বেশি আন্তর্জাতিক নদীগুলোর ভারত কর্তৃক একচেটিয়া নিয়ন্ত্রণ।
বছরের পর বছর ধরে, বাংলাদেশের উত্তরাঞ্চলের তিস্তা নদীর পানির ন্যায্য অংশ দিতে অস্বীকার করাকে স্বাভাবিকভাবেই বন্ধুত্বপূর্ণ আচরণ হিসাবে মনে করা হয়নি। ভারতের নদী-সংযোগ প্রকল্পের হুমকি আসলে বাংলাদেশের কাছে মৃত্যুঘণ্টার সামিল। বাংলাদেশের সবচেয়ে দরিদ্র কৃষক, মুসলমান, হিন্দু এবং খ্রিস্টানদের (অভিবাসী শ্রমিকদের) সাথে যে অবমাননাকর আচরণ করা হয়েছে – যেমন কিছু ভারতীয় নেতা এবং সংগঠন তাদের “termites” বা উইপোকা বলে অভিহিত করেছে – সেগুলোও নজর এড়িয়ে যায়নি।
অর্ধশতাব্দীরও বেশি সময় আগে বাংলাদেশ তার মুক্তিযুদ্ধের সময় ভারতের কাছ থেকে অমূল্য সাহায্য পেয়েছিল। কিন্তু তার পরিবর্তে quid pro quo হিসাবে তাকে অনেক বেশি মূল্য চোকাতে হয়েছে। শুধু তাই নয়, এই অর্ধশত বছরে বাংলাদেশ সেই ঋণের শতগুণ পরিশোধ করেছে, কোনো কৃতজ্ঞতা ছাড়াই। এইভাবে একটা সার্বভৌম প্রতিবেশী রাষ্ট্রের ধীরে ধীরে “সহযোগী মিত্র”-তে হ্রাসপ্রাপ্ত হওয়া, অর্থাৎ প্রায় একটা করদ রাজ্যে পরিণত হওয়াটা একেবারেই কোনও মনোরম দৃশ্য নয়। সর্বোপরি কোনও বন্ধুত্বপূর্ণ ভবিষ্যতের ইঙ্গিতও সেটা দেয় না। ২০২৪ সালের হাসিনা-বিরোধী বিপ্লবও তাই ভারত-বিরোধী যুদ্ধে রূপ নিয়েছে। এবং তার যথেষ্ট যুক্তিসঙ্গত কিছু কারণও রয়েছে।
নয়াদিল্লীর সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি সর্বদাই প্রভুর মতো ছিল; এবং এখনও সেটা দেওয়া-নেওয়ার ভিত্তিতে পারস্পরিক সম্মানের একটা ভালো প্রতিবেশী সম্পর্কে পরিবর্তিত হতে পারেনি। মেক্সিকান প্রেসিডেন্ট Porfirio Diaz এর ১৯১০ সালের সেই উক্তিকে উদ্ধৃত করে বলা চলে – “ভারতের এত কাছে এবং ঈশ্বরের কাছ থেকে এত দূরে”।
প্র: বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে নয়াদিল্লী কীভাবে দেখছে – সেটা আপনি কীভাবে বর্ণনা করবেন?
উ: বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে নয়াদিল্লীর বক্তব্য হলো – বাংলাদেশ সংখ্যালঘু হিন্দু জনসংখ্যার জন্য নরকে পরিণত হয়েছে। এটা অত্যন্ত অগভীর দূরদৃষ্টিহীন একটা মনোভাব, সাথে একটা প্ররোচনামূলক কৌশলও বটে। বাংলাদেশে আজ যা বিরাজ করছে তা হলো ভারত বিরোধী মনোভাব; এটাকে হিন্দু-বিরোধী বা সংখ্যালঘু-বিরোধী আবেগ হিসাবে দেখা উচিত নয়। সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্খাকে হাওয়া দেওয়ার জন্য ডানপন্থী মিডিয়া ইচ্ছাকৃতভাবে একটা উন্মাদনা তৈরি করার চেষ্টা করছে। বেসামরিক বা সামরিক যেকোনো রকমের দুঃসাহসিক কাজই, ভারতের নিজস্ব রটনাকে ধ্বংস করবে। Ergo, caveat emptor।
বাংলাদেশে সকল সম্প্রদায়ের মধ্যে সংহতি চমৎকার, উদারপন্থী এবং প্রকৃতপক্ষে উপমহাদেশে অনুকরণীয়। বাংলাদেশে হিন্দুদের বাঁচানোর জন্য জনাব নরেন্দ্র মোদির এক্স-হ্যান্ডেলের দাবি শুধু দুর্ভাগ্যজনক এবং অদূরদর্শীই নয়, বরং তার প্রতিবেশী বাংলাদেশে, যা নেহাৎ ক্ষুদ্র কোনও দেশ নয় এবং যেখানে ১৮ কোটি মানুষ বাস করে, সেখানে তার দলের প্রতিক্রিয়াশীল এজেন্ডা – সেই তথাকথিত হিন্দুত্ববাদকে প্রচার করার একটা অযৌক্তিক প্রচেষ্টার দিকেই ইঙ্গিত করে। একটা পৌরাণিক অখন্ড হিন্দুস্তানের স্বপ্ন দেখাটা সত্যিই দুর্ভাগ্যজনক।
সর্বোপরি, হিন্দুস্তান শুধু একটা দেশ নয়, বরং অনেক ভাষা, ধর্ম ও জাতির একটি মহাদেশের মতো। এটা কখনো সামগ্রিকভাবে অবিভক্ত হিসাবে ছিল না। নথিভুক্ত ইতিহাস জুড়ে শুধুমাত্র বিভিন্ন সমস্যার পরিবর্তন ঘটেছে। এটা দুঃখজনক এবং বিপর্যয়কর যে এই উপমহাদেশের সবথেকে বড় রাষ্ট্রের প্রধান ব্যক্তিরা আজ এমন অজ্ঞতা দেখাচ্ছে। বাংলাদেশের ছাত্র আন্দোলন যা আজ একটা জাতীয় বিপ্লব হিসাবে ছড়িয়ে পড়েছে সেটা শ্রীলঙ্কা, তিউনিসিয়া, ইরানের সাম্প্রতিকতম অভিজ্ঞতা থেকে অনুপ্রেরণা সংগ্রহ করেছে এবং তাছাড়াও বাংলাদেশের পূর্বেকার ১৯৬৯ এবং ১৯৯০ সালের জাতীয় বিপ্লবের অনুপ্রেরণা তো রয়েছেই।
দক্ষিণ এশিয়ায় একটা অযৌক্তিক ভারতীয় আধিপত্য এবং অনুচিত হস্তক্ষেপকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করাটা ঢাকা-র ক্ষেত্রে মৌলিক কোনও প্রচেষ্টা নয়। ১৯৮০-এর দশকে শ্রীলঙ্কায় নিজের দুঃসাহসিক অভিযান থেকে ভারতের শিক্ষা নেওয়া উচিত ছিল। কলম্বো, কাঠমান্ডু, থিম্পু এবং মালেতেও আজ একই সুরের কথা শোনা যাচ্ছে, রাওয়ালপিন্ডি-তে তো যাচ্ছেই। যাদের কান আছে তারা ইচ্ছা করলেই শুনতে পাবেন। “কৃষ্ণের ইচ্ছা” আসলে কোনও সুবিবেচিত বিকল্প নয়, এটা প্রায়শই পাল্টা সমস্যা হয়ে ফিরে আসে।
প্র: কৃষ্ণের ইচ্ছা বলতে আপনি কী বোঝাতে চান?
উ: এটা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর-এর সর্বশেষ বই ‘India Way’-এর একটা অধ্যায়ের শিরোনামকে ইঙ্গিত করে বলা, যেখানে লেখক পার্শ্ববর্তী ছোট প্রতিবেশী দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে ভারতীয় হস্তক্ষেপের কর্তৃত্বপূর্ণ নীতির সমর্থনে মহাভারতকে ব্যবহার করেছেন।
প্র: যুক্তরাষ্ট্র ও চীনের ভূমিকাকে আপনি কীভাবে দেখেন?
উ: বাংলাদেশের “দ্বিতীয় স্বাধীনতা” বলে বর্তমানের এই যে ঘটনাপ্রবাহকে বিশেষিত করা হচ্ছে সেটা উপমহাদেশের বাইরেও ব্যাপক সমর্থন পেয়েছে। এবং তার কারণও রয়েছে। সাম্প্রতিক অতীতে বাংলাদেশের নয়া-ঔপনিবেশিক শাসনব্যবস্থা এবং তাদের অর্থনৈতিক নীতিগুলো পশ্চিমাদের আনুগত্যকে প্রায় শতভাগ অন্তর্ভুক্ত করেছে। আপাতদৃষ্টিতে সেই সম্পর্কটা আজ প্রশ্নবিদ্ধ নয়। দীর্ঘমেয়াদে, বিভিন্ন শক্তির ভারসাম্য ঘটনাপ্রবাহকে কোথায় নিয়ে যাবে সেটা নিশ্চিত নয়। সাবেক সরকারের সাম্প্রতিক অত্যাচারের কারণে যে সমস্যাগুলো আরও বেড়েছে, সেগুলো সমাধানের জন্য প্রয়োজন বিচক্ষণ ও দক্ষ নীতি এবং কার্যকরী নিয়ন্ত্রক সংস্থা।
চীনের স্বর উল্লেখযোগ্য হলেও এই অস্থির সময়ে সেটা লক্ষণীয়ভাবে মৃদু। স্বাধীনতা-পরবর্তী সময়ে বাংলাদেশের প্রতি ভারতের অবমাননাকর ও দায়িত্বজ্ঞানহীন আচরণ বাংলাদেশকে চীনের দিকে ঠেলে দিয়েছে। এতে কারো অবাক হওয়া উচিত নয়। এটা একটা বিপজ্জনক পথ, যেখানে আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং ভবিষ্যত শাসন ব্যবস্থাকে সাবধানে চলতে হবে, আমাদের গণপ্রজাতন্ত্রী চীনের কাছাকাছি থাকতে হবে, বিশেষ করে যেখানে পশ্চিমা বিশ্বের একটা অভিপ্রায় হলো আমাদের দেশকে পশ্চিমা সামরিক জোটের ভারত-অনুপ্রাণিত চীন-বিরোধী মোর্চার কক্ষপথে টেনে নিয়ে যাওয়া। আমাদের ছোট দেশের কাছে সেটা হবে যন্ত্রণাহীন মৃত্যুর মতোই ভয়ঙ্কর, যার বোঝা বহন করার সামর্থ্য আমাদের নেই।
প্র: শৈল্পিক মূল্য এবং ঐতিহাসিক গুরুত্ব আছে এমন মূর্তি ও ভাস্কর্যের উচ্ছৃঙ্খল ধ্বংসের খবর (শুধুমাত্র শেখ মুজিবের নয়) ধর্মনিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করার ধর্মীয় মৌলবাদী প্রচেষ্টা সম্পর্কে অনেককে উদ্বিগ্ন করেছে, বিশেষ করে অতীতের মূর্তিপূজা বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে। এই বিষয়ে আপনার পর্যবেক্ষণ কী?
উ: ভারতের দক্ষিণপন্থী মিডিয়ার প্রচারের এই হলো আরেকটা উদাহরণ। মূর্তিপূজা বিরোধী আন্দোলন বলে বাংলাদেশে কিছু নেই। এটা আনুষঙ্গিক গুরুত্বসম্পন্ন একটা ঐতিহাসিক প্রবণতা এবং এটা সর্বদাই ছিল। আমি এটাকে সবথেকে ভালোভাবে একটা উপ-ঘটনা হিসাবেই বিবেচনা করি, স্রোতের গাদের মতো। যাই হোক না কেন, বাংলাদেশের জনগণ মূলত কৃষক শ্রেণীর।
ঐতিহাসিকভাবে সংরক্ষিত বস্তু এবং জাতীয় ঐতিহ্যের দর্শনীয় স্থানগুলোর অবাঞ্ছিত ধ্বংস নিঃসন্দেহে অযৌক্তিক। কিন্তু সেগুলো হলো আকস্মিক, কোল্যাটারাল ড্যামেজ। মাও সে তুং-এর বিশ্ববিখ্যাত সেই কথা – বিপ্লব কোনও নৈশভোজ নয়। যুক্তিপূর্ণ হলে বিপ্লব আসলে আবেগপ্রবণ ঘটনা। লোহা গরম হলে বা খড় শুকিয়ে গেলে অতিরঞ্জন হওয়া অস্বাভাবিক কিছু নয়।
ইতিহাস সর্বদা সাক্ষ্য দেয় যে দমিত-পীড়িত শক্তি, তাদের ধারণ করে থাকা ভঙ্গুর বোতল থেকে একবার মুক্তি পেলে, আনন্দোৎসবের উচ্ছ্বাসে প্রায়শই ধ্বংসাত্মক হয়ে ওঠে। তবে শেষ পর্যন্ত তারা শান্ত হয়। একথা নিশ্চিতভাবে বলা যায় যে, স্বাধীনতার জন্য ছাত্র আন্দোলন এবং যে ঐক্যবদ্ধ জাতীয় ফ্রন্টকে তারা সামনে রেখেছিল, সেটাকে তথাকথিত ‘মৌলবাদের’ সাথে বিভ্রান্ত করে দিলে চলবে না। এই বাকধারাটা ইসলামের প্রতি পশ্চিমা উদ্বেগের ফসল, এবং তার পরিপ্রেক্ষিতে মুসলমানদের সম্পর্কে ভারতীয়দের ভুল ধারণা। একমাত্র সময়ই পারে এই রোগের সেরা প্রতিষেধক হয়ে উঠতে।
অবশ্যই এই গণ-আন্দোলনের বিভিন্ন প্রান্তে অগণিত প্রবণতা বর্তমান, যেগুলো ইসলামী ‘র্যাডিকালিজম’ দ্বারা প্রভাবিত। যদিও, সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে প্রতিরোধে আমাদের যে জনপ্রিয় সংস্কৃতি বর্তমান তার সাম্প্রতিক অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে, বাইরে থেকে যেকোনো কিছু চাপিয়ে দেওয়াটা বিপরীত ফলদায়ক হতে পারে। ইন্দো-পাশ্চাত্যের, বিশেষ করে কিছু ভারতীয় অংশের এই দুর্ভাগ্যজনক উদ্বেগের সম্ভাব্য কারণ হলো বাংলাদেশের অভ্যন্তরে কী ঘটছে সেই সম্পর্কে তাদের প্রাথমিক জ্ঞানের অভাব। কদর্যতাটা আসলে দর্শকের চোখেই, এক্ষেত্রে যেটা খচিত রয়েছে সাম্প্রদায়িক পাণ্ডুরোগে আক্রান্ত হিন্দুত্ববাদীদের চোখে।
প্রাচীন অত্যাচারের ধ্বংসাবশেষের বিরুদ্ধে ভাঙচুর, আর যাই হোক না কেন, বিপ্লবের ইতিহাসে অস্বাভাবিক কিছু নয়, এবং অবশ্যই ফিলিস্তিনিজমের টাউট কোর্টের সাথে সমতুল্য নয়। সব জাতির মধ্যেই ফিলিস্তিনি আছে। মুসোলিনির মূর্তি ধ্বংসের ফলে কি ইতালিতে শিল্পের সমাপ্তি হয়েছিল? ঢাকা-র বিগত শাসনামল বাংলাদেশের শিল্প-সাহিত্যকে ফ্যাসিবাদী যুগের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল। সার্বভৌম জনগণ কিন্তু আরও ভালো কিছু পাওয়ার যোগ্য ছিলেন।
মূল সাক্ষাৎকার এবং কভার ফটো সৌজন্যে – https://www.outlookindia.com/international/a-revolution-against-indias-proto-colonial-policies [Retrieved On: 26/10/2024]
