নীলকণ্ঠ মণ্ডল
সিভিল ইঞ্জিনিয়ারিং, তৃতীয় বর্ষের ছাত্র
“স্টুডেন্ট্স সুইসাইড্স: অ্যান এপিডেমিক স্যুইপিং ইন্ডিয়া” নামক সম্প্রতি প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী ভারতের শিক্ষার্থী-আত্মহত্যার হার দেশের জনসংখ্যা বৃদ্ধির হারকেও ছাপিয়ে গিয়েছে। শিক্ষার্থী-আত্মহত্যার ঘটনা নথিভুক্ত হওয়ার ক্ষেত্রে যথেষ্ট খামতি থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে যে বার্ষিক ৪ শতাংশ হারে এই ধরনের ঘটনা বেড়ে চলেছে, শুধুমাত্র নথিভুক্ত পরিসংখ্যান অনুযায়ী। ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি (IIT) এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (NIT) এর মতো দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে দেশের মেধাবী ছাত্রছাত্রীরা প্রযুক্তির বিষয়ে শিক্ষালাভ করে থাকে, সেখানে এই প্রবণতা বিগত কিছু বছরে একটা ভয়ানক আকার ধারণ করেছে। এগুলোর প্রতিটাই হলো ইন্সটিটিউট অফ ন্যাশনাল ইম্পরটেন্স (INI) বা জাতীয় গুরুত্বসম্পন্ন প্রতিষ্ঠান তকমা প্রাপ্ত। কিন্তু অ্যাকাডেমিক উজ্জ্বলতার মুখোশের আড়ালে একটা উদ্বেগজনক প্রবণতাও রয়েছে, আর সেটা হলো – প্রচণ্ড মানসিক চাপ, মানসিক সমস্যা এবং অন্যান্য আর্থ-সামাজিক বিষয়গুলির কারণে শিক্ষার্থীদের আত্মহত্যা করার সংখ্যা বৃদ্ধি।
একের পর এক ট্র্যাজেডি –
গত দেড় বছরে একের পর এক ট্র্যাজেডির সাক্ষ্য থেকেছে IIT, NIT-এর মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তার মধ্যে থেকে কিছু ঘটনার উল্লেখ করা হলো –
- সৌরভ সেন, NIT ত্রিচি (৯/১/২০২২): দ্বিতীয় বর্ষের কম্পিউটার সায়েন্স ছাত্র সৌরভ সেন তার হোস্টেল রুমে আত্মহত্যা করে। ঢাকার বাসিন্দা সৌরভ আইসিসিআর স্কলারশিপ প্রাপক ছিল। অভিযোগ রয়েছে যে একটা পরীক্ষার সময় কোনও এক প্রফেসর তাকে সাহায্য চাইতে দেখে, এবং তাকে ফেল করিয়ে দেওয়ার হুমকি দেন। এর ফলে সৌরভ মানসিকভাবে ভেঙে পড়ে এবং এই কাণ্ড ঘটায়।
- সৌমায়া দেবী, NIT ত্রিচি (১৭/০৪/২০২২): দ্বিতীয় বর্ষের ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী সৌমায়া দেবী-কে তার হোস্টেল রুমে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশের সন্দেহ যে প্রেমের সমস্যার কারণে সৌমায়া আত্মহত্যা করেছিল।
- উদ্দেশ্য আহিরওয়ার, MANIT ভোপাল (৩০/০৭/২০২২): মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্র উদ্দেশ্য আহিরওয়ারকে ক্যাম্পাসের মধ্যে একটা গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। যদিও কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি, তবুও এটাকে একটা আত্মহত্যা মামলা বলেই সন্দেহ করা হচ্ছে।
- চেন্নুপাতি ইয়াশবন্ত, NIT কালিকট (৫/১২/২০২২): দ্বিতীয় বর্ষের কম্পিউটার সায়েন্সের ছাত্র ইয়াশবন্ত ব্যক্তিগত এবং আর্থিক সমস্যার কারণে আত্মহত্যা করে।
- স্টিফেন সানি, IIT মাদ্রাজ (১৪/০২/২০২৩): এম.এস দ্বিতীয় বর্ষের ছাত্র স্টিফেন সানি হোস্টেলে নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তার সুইসাইড নোটে লেখা ছিল “মামলা করবেন না”(Don’t Procecute)। এই ঘটনার ফলে স্নাতকোত্তরদের উপর কতটা চাপ দেওয়া হয় তা নিয়ে প্রশ্ন উঠেছে।
- দর্শন সোলাঙ্কি, IIT বম্বে (১৪/০২/২০২৩): কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম বর্ষের ছাত্র দর্শন সোলাঙ্কি হোস্টেলের সাত তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। অভিযোগ উঠেছে যে জাতিভিত্তিক বৈষম্যের শিকার হয়ে সে এই চরম পদক্ষেপ নেয়।
- দেবমাল্য রয় কর্মকার, NIT রাউরকেলা (০৪/০৯/২০২৩): ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র দেবমাল্য রায় কর্মকারের ঝুলন্ত দেহ উদ্ধার হয় হস্টেলের ঘর থেকে। এখনও পর্যন্ত কোনো কারণ জানানো না হলেও এটাকে আত্মহত্যা হিসেবে গণ্য করা হচ্ছে।
- কোজ বুকার, NIT শিলচর (১৫/০৯/২০২৩): কোজ বুকার ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র ছিল। পড়াশোনার চাপের কারণে সে আত্মহত্যা করে। তার বেশ কয়েকটি ব্যাকলগ ছিল বলে জানা গেছে।
- শ্রেয়া, NIT কুরুক্ষেত্র (২৪/০৩/২০২৪): শ্রেয়া মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল। হোস্টেল বিল্ডিংয়ের পঞ্চম তলা থেকে ঝাঁপ মেরে শ্রেয়া আত্মহত্যা করে। আশঙ্কা করা হয়েছে যে পরীক্ষায় পুনরায় বসার জন্য সে চিন্তিত ছিল এবং মানসিক চাপ সইতে না পেরে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেয়।
- অর্পণ ঘোষ, NIT দুর্গাপুর (২৮/০৪/২০২৪): হোস্টেলের ঘরের মধ্যে পড়াশোনার চাপে আত্মহত্যা করে অর্পণ ঘোষ নামে দ্বিতীয় বর্ষের এক ছাত্র।
- যোগীশ্বরনাথ মোথুকুরু, NIT কালিকট (০৬/০৫/২০২৪): যোগীশ্বরনাথ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র ছিল। সে তার পরিবারের কাছে একটা বার্তা পাঠানোর পর হোস্টেলের সাত তলার ঘর থেকে ঝাঁপ দিয়েছিল। পরে বাড়ি থেকে ফোন পেয়ে কর্তৃপক্ষ ক্যাম্পাসের নিরাপত্তারক্ষীদের খবর দিলে তার লাশ পাওয়া যায়।
- কেশর প্রাণ ডেকা, NIT শিলচর (০৬/০৫/২০২৪): মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র কেশর হোস্টেল ওয়াশরুমে আত্মহত্যা করে।
- শ্রেয়াংশ গুপ্তা, NIT ভোপাল (১৭/০৫/২০২৪): মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম বর্ষের ছাত্র শ্রেয়াংশ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
- হরমানজিৎ সিং, NIT জলন্ধর (২০/০৫/২০২৪): দ্বিতীয় বর্ষের কম্পিউটার সায়েন্সের ছাত্র হরমনজিৎ তার পিজিতে আত্মহত্যা করে।
- দিব্যাংশু গৌতম, VNIT নাগপুর (৩০/০৫/২০২৪): চতুর্থ বর্ষের কম্পিউটার সায়েন্সের ছাত্র দিব্যাংশু তার হোস্টেল রুমে আত্মহত্যা করে। অ্যাকাডেমিক এবং আর্থিক চাপের কারণে সে এই চরম পদক্ষেপ নেয় বলে জানা যায়।
কিছু অন্তর্নিহিত কারণ –
এই দুঃখজনক ঘটনাগুলো শিক্ষার্থীদের মধ্যে কিছু সাধারণ সমস্যার ইঙ্গিত দেয়। যেমন –
- অ্যাকাডেমিক চাপ: একদিকে কঠোর শিক্ষাক্রম এবং অন্যদিকে উচ্চ প্রত্যাশা – দুটোই শিক্ষার্থীদের উপর প্রচণ্ড মানসিক চাপ সৃষ্টি করে। অনেকেই এই চাপে ভেঙে পড়েন, বিশেষ করে যাদের ব্যাকলগ থাকে বা কিছু নির্দিষ্ট কোর্সে যারা সমস্যার সম্মুখীন হন।
- মানসিক স্বাস্থ্য সমস্যার স্টিগমা: অনেক ক্যাম্পাসে মানসিক স্বাস্থ্য সহায়তার অভাব রয়েছে। শিক্ষার্থীরা প্রায়ই মানসিক স্বাস্থ্য সমস্যার জন্য সহায়তা চাইতে লজ্জা পায়, যা বিচ্ছিন্নতা এবং হতাশার অনুভূতি তৈরি করে।
- সামাজিক-অর্থনৈতিক কারণ: আর্থিক সমস্যা শিক্ষার্থীদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে, বিশেষ করে সেইসব শিক্ষার্থী যারা সুবিধাবঞ্চিত সামাজিক পটভূমি থেকে উঠে আসে। স্কলারশিপ হারানোর বা শিক্ষাঋণ পরিশোধ করতে অক্ষম হওয়ার ভয়ে শিক্ষার্থীরা হতাশার অন্ধকারে ডুবে যায়।
- বৈষম্য এবং সামাজিক বিচ্ছিন্নতা: জাতি, ধর্ম বা সামাজিক-অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে বৈষম্য শিক্ষার্থীদের মনে চাপ সৃষ্টি করে, পরিণামে তারা নিজেরা নিজেদের অবহেলিত বা অযোগ্য মনে করে।
সম্ভাব্য সমাধান –
IIT এবং NIT-র শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার সংখ্যা বৃদ্ধির বিষয়টা জরুরি ভিত্তিতে পর্যালোচনা করা প্রয়োজন। যেসমস্ত বিষয়গুলোর দিকে নজর দেওয়া উচিত বলে মনে হয় সেগুলো হলো –
- মানসিক স্বাস্থ্য-সংক্রান্ত বিষয়ে সহায়তা বৃদ্ধি: আরও সহজলভ্য পরামর্শ সেবা, হেল্পলাইন এবং পিয়ার সাপোর্ট সিস্টেম স্থাপন করা দরকার। সহায়তা চাওয়ার সংস্কৃতিকে উৎসাহিত করা প্রয়োজন, যা মানসিক স্বাস্থ্য সংক্রান্ত স্টিগমাকে নির্মূল করবে।
- অ্যাকাডেমিক নীতি পর্যালোচনা: শিক্ষার্থীদের উপর চাপ পুনর্বিবেচনা করা দরকার, বিশেষ করে ব্যাকলগ এবং অ্যাকাডেমিক ব্যর্থতার পরিণতি মোকাবিলা করার জন্য। নীতিগুলো এমনভাবে সংস্কার করা উচিত যা ছাত্রদের শাস্তি দেওয়ার পরিবর্তে তাদের সাহায্যার্থে এগিয়ে আসে।
- বৈষম্যের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ: কঠোর বৈষম্যবিরোধী নীতি প্রয়োগ করা দরকার এবং একটি ইনক্লিউসিভ পরিবেশ তৈরি করা প্রয়োজন, যেখানে প্রতিটা শিক্ষার্থীর সামাজিক পটভূমির কথা যেন বিবেচনা করা হয়।
- আর্থিক সহায়তা এবং সচেতনতা বৃদ্ধি: আর্থিকভাবে দুর্বল শ্রেণির শিক্ষার্থীদের জন্য আরও শক্তিশালী আর্থিক সহায়তা এবং সমর্থন প্রদান করা দরকার। উপলব্ধ সহায়তার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন, যাতে কোনো শিক্ষার্থী আর্থিক বোঝায় আটকে না থাকে।
ভারতের প্রধান শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তরুণ শিক্ষার্থীদের এই মৃত্যু অত্যন্ত দুঃখজনক। শিক্ষার্থীরা যে বিভিন্ন রকমের চাপের সম্মুখীন হয়ে শিক্ষালাভ করছে তার দুর্ভাগ্যজনক ছবিই ফুটে ওঠে এই ঘটনাগুলো থেকে। আরও সহায়ক এবং পারস্পরিক জানাবোঝার একটা পরিবেশ তৈরি করতে সমস্ত স্টেকহোল্ডারদের – প্রশাসক, অনুষদ, পিতামাতা এবং শিক্ষার্থীদের নিজেদেরও – একসাথে কাজ করতে হবে। তবেই আমরা ভবিষ্যতে এই ধরনের হৃদয়বিদারক ঘটনা রোধ করতে পারব বলে আশা করতে পারি।
কভার ফটো সৌজন্যে – https://newspaperdesign.in/2024/07/24/visual-storytelling-how-indian-newspapers-illustrated-the-union-budget-2024/ [Retrieved On: 25/09/2024]
