WBJDF-কর্তৃক আয়োজিত “জনতার মতামত, রাজপথে আদালত”-কে দেওয়া আমাদের মতামত

প্রতি,
আহ্বায়ক / সম্পাদক
পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টর্স ফ্রন্ট

সাথী,
যে অভুতপূর্ব আন্দোলন আপনারা গড়ে তুলেছেন এবং দীর্ঘ এক মাস ধরে চালিয়ে নিয়ে যাচ্ছেন, তার জন্য আপনাদের সংগ্রামী অভিনন্দন জানাই। ‘অভয়া’র প্রাতিষ্ঠানিক হত্যা এবং ধর্ষণের বিরুদ্ধে এই আন্দোলন আজ এক বিশাল সামাজিক আন্দোলনের রূপ নিয়েছে। আমরা, আজাদ গণ মোর্চা, একটি গণ রাজনৈতিক সংগঠন, সেই আন্দোলনে যতটা সম্ভব অংশ থাকার চেষ্টা করেছি।

আপনারা আজ (০৮/০৯/২৪) ‘অভয়া ক্লিনিক’ এর সাথে যে ‘জনতার মতামত রাজপথে আদালত’ শীর্ষক কর্মসূচি রেখেছেন এবং যে ৬-টি প্রশ্নের ওপর আপনারা জনগণের মতামত চেয়েছেন, তার পরিপ্রেক্ষিতে আমাদের বক্তব্য আপনাদের জানানোর জন্য এই চিঠি লেখা।

আপনারা প্রশ্ন রেখেছেন –
১) অভয়ার দ্রুত বিচারের জন্য তদন্ত ও বিচারের প্রক্রিয়া কীভাবে এগোনো উচিত? সিবিআই এর দীর্ঘসূত্রিতা ও সুপ্রীম কোর্টের ভূমিকাকে আপনারা কী চোখে দেখছেন?
২) এই ঘটনায় রাজ্য পুলিশের ভূমিকাকে কীভাবে দেখছেন? আমরা ইতিমধ্যেই পুলিশ কমিশনারের পদত্যাগের দাবী করেছি; অভয়ার পরিজনেরা আরো অনেক পুলিশকর্তার ভূমিকাকেও প্রকাশ্যে এনেছেন। এমতাবস্থায় আমরা কী দাবী তুলতে পারি, সেই দিশায় আন্দোলনকেই বা কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারি?
৩) হাসপাতাল-স্বাস্থ্যকেন্দ্র সহ বিভিন্ন কর্মক্ষেত্রে নারী কর্মী সহ সমস্ত কর্মীর নিরাপত্তা কীভাবে সুনিশ্চিত করা যেতে পারে? শুধুমাত্র ধর্ষণের অপরাধীদের শাস্তির মাত্রা বাড়িয়ে দিলেই (যেমনটা অপরাজিতা আইনের মাধ্যমে সরকার করতে চাইছে) কী সমস্যা মিটে যাবে? কীভাবে প্রতিরোধ করা যাবে কর্মক্ষেত্রে যৌন হেনস্থা, ধর্ষণের মত ঘৃণ্য ঘটনাগুলিকে?
৪) শিক্ষাপ্রতিষ্ঠান-স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ সর্বত্র ভয়ের রাজনীতির উল্টোদিকে শিঁরদাঁড়া সোজা রেখে নিজেদের মতামত প্রকাশের জায়গাটুকুকে কীভাবে দৃঢ় করতে পারি আমরা?
৫) অভয়া ক্লিনিক ও আমাদের টেলিমেডিসিন পরিষেবা কে আমরা কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারি?
৬) আমাদের দাবীগুলি পূরণের জন্য আগামীতে কী ধরণের কর্মসূচী আমরা নিতে পারি?

আমাদের উত্তর –

ক) আমরা মনে করি, আমাদের দেশের পুলিশ প্রশাসন (কেন্দ্রীয় এবং রাজ্য – উভয় স্তরের) এবং আইন আদালত জনগণকে দাবিয়ে রাখার জন্য শাসকের হাতিয়ার হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। কখনও কখনও যে কোনও ভালো পদক্ষেপ, ভালো জাজমেন্ট হয় না – এমন নয়, কিন্তু সেটার লক্ষ্য হলো শাসকের সেফটি ভাল্‌ভ হিসাবে কাজ করা এবং জনগণের ক্ষোভ যাতে চূড়ান্ত মাত্রায় ফেটে না পড়ে, তা সুনিশ্চিত করা। বিশেষ করে সিবিআই যে কেন্দ্রীয় শাসকের ‘রাজনৈতিক তোতাপাখি’ হিসেবে ব্যবহৃত হয়, তা সুপ্রিম কোর্টও একাধিক সময়ে বলেছেন। আমাদের রাজ্যে সাম্প্রতিক সময়ে প্রচুর মামলার তদন্তভার সিবিআই এর হাতে গেছে – নোবেল চুরি থেকে শুরু করে সারদা, রোজভ্যালি, নারদা, নিয়োগ দূর্নীতি, কয়লা, বালি, গরু-পাচার – কোনওটাই চূড়ান্ত পরিণতিতে পৌঁছায়নি। নীট দূর্নীতি মামলার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য – সিবিআই যেটা করে – Kill time, Kill investigation। গত বছর মনিপুরে দুই জন কুকি মহিলার ওপর যে নৃশংস ঘটনা ঘটেছিল তার প্রেক্ষিতেও সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত মামলা করেছিল। কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে সিবিআই চার্জশিট জমা করলেও এখনো পর্যন্ত সেভাবে কোনো ট্রায়ালই শুরু হয়নি। তাই সুপ্রিম কোর্টেও কতটা বিচার পাওয়া যাবে তা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। ফলে আমাদের মনে হয়, সিবিআই বা সুপ্রিম কোর্টের থেকে খুব ভালো কিছু পাওয়ার আশা না করে, জনগণের শক্তি এবং আকাঙ্খার ওপর নির্ভর করেই আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া উচিত। তথ্য প্রমাণ লোপাটের বিষয়ে যাদের নাম আসছে তাদের এই মামলায় অভিযুক্ত করে গ্রেপ্তার করে তদন্ত চালানো উচিত। স্বাস্থ্য দফতরের যারা যারা সন্দীপ ঘোষের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আন্দোলন ও তদন্ত হওয়া উচিত।

খ) কলকাতা পুলিশের কমিশনারের পাশাপাশি আরও যে সকল পুলিশ অফিসার এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নাম এই ঘটনায় তথ্য প্রমাণ লোপাট, ভয় দেখানো, পরিবারকে প্রভাবিত করার চেষ্টা চালানো, টাকা অফার করা ইত্যাদি ক্ষেত্রে উঠে এসেছে, তাদের প্রত্যেকের পদত্যাগ দাবি করা উচিত এবং এই লক্ষ্যে রাজ্য সরকারকে মেমোরেন্ডাম দিয়ে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া উচিত। যদি রাজ্য সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে পদক্ষেপ না নেন, তাহলে লাগাতার গণ অবস্থান এবং রাজ্য ব্যাপী সাধারণ ধর্মঘট এর পথে যাবার কথা আপনারা ভাবতে পারেন।

গ) ‘অপরাজিতা বিল’ যে রাজ্য সরকারের তরফে একটা গিমিক, এটা মানুষকে বোঝানো দরকার। কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং বিশেষ করে মহিলা কর্মীরা যাতে যৌন‌ হেনস্থা এবং নিপীড়নের শিকার না হন, তার জন্য একদিকে যেমন মানুষের মানসিকতার পরিবর্তনের জন্য ধারাবাহিক প্রচেষ্টা চালানো দরকার, পাশাপাশি যাতে এই রকম ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে মহিলারা তাদের কর্মক্ষেত্রে সংশ্লিষ্ট ফোরামে বিষয়টি জানাতে পারেন এবং তার প্রতিকার করা হয়, সেটি সুনিশ্চিত করবার জন্য আমাদের ধারাবাহিক আন্দোলন এবং সামাজিক প্রয়াস চালানোর প্রয়োজন রয়েছে। ‘অভয়া’-র বিচারের দাবিতে একটা আন্দোলন দিয়ে এই সমস্যার সমাধান হবে না বলে আমাদের মনে হয়। প্রত্যেক নারী ধর্ষণ ও হত্যার বিষয়কে যুক্ত করে আন্দোলন দরকার। সব রকমের মাদক যা যৌন উত্তেজনা বাড়াতে সাহায্য করে এবং পর্ণোগ্রাফি নিষিদ্ধ করা দরকার। নারীদের নিরাপত্তার জন্য কর্মক্ষেত্রে নারীদের নিয়ে তৈরি নিরাপত্তা বাহিনী, শেল্টার বিশ্রামাগার দরকার।

ঘ) সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন করা উচিত এবং প্রত্যেকটি ছাত্র সংগঠনকে সেখানে বিনা বাধায় কাজ করার সুযোগ দিতে হবে। শাসকদলের ছাত্র সংগঠনের দাদাগিরি, যেটা আমরা বিগত বামফ্রন্ট শাসনকালেও দেখেছি (SFI-এর দাদাগিরি এবং একচেটিয়া দাপট ও ক্ষমতা), আজ তৃণমূলের শাসনেও TMCP-র দাদাগিরি দেখছি — সেটা পুরোপুরি বন্ধ করতে হবে। ভয়ের রাজনীতি ও থ্রেট কালচারের বিরুদ্ধে সর্বত্র আন্দোলন দরকার ও দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া দরকার। প্রতিষ্ঠানে কাউকে হুমকি দেওয়া যাবে না এটা সরকারকে সুনিশ্চিত করতে হবে।

ঙ) ‘অভয়া ক্লিনিক’ এবং টেলিমেডিসিন পরিষেবার মধ্য দিয়ে বিকল্প ওপিডি চিকিৎসা দেবার উদ্যোগ ভীষণ প্রশংসনীয়। এটাকে আরও নিয়মিত করার কথা ভাবতে পারেন, এটার আরও ব্যাপক প্রচার প্রয়োজন। হাসপাতালগুলোতে আপনাদের অবস্হান মঞ্চ কে আরও বড় করে, তার একটা অংশ থেকে প্রতিদিন ‘অভয়া ক্লিনিক’ চালিয়ে যাওয়া সম্ভব কিনা, সেটা আপনারা ভাবতে পারেন। এই পরিষেবা চালানোর জন্য আপনারা জনগণের কাছে সহযোগিতা (volunteery service) চাইতে পারেন।

চ) আমাদের মনে হয়, রাত দখল কর্মসূচির পাশাপাশি, তদন্ত, বিচার এবং দোষীদের শাস্তি (পুলিশ কর্তা ও স্বাস্থ্য আধিকারিকদের পদত্যাগ সহ) র দাবিতে গণ অবস্থান গড়ে তোলা এবং আপনাদের আহ্বানে রাজ্য ব্যাপী সাধারণ ধর্মঘট ডাকার কথা পরবর্তী পদক্ষেপ হিসেবে আপনারা বিবেচনায় রাখতে পারেন।

আমরা, আজাদ গণ মোর্চা-র পক্ষ থেকে আপনাদের আন্দোলনে অংশ নেবার পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কিত কিছু দাবি চিহ্নিত করার চেষ্টা করেছি, যেগুলো আমরা জনগণের মধ্যে প্রচারে নিয়ে যাবার চেষ্টা করছি, সেগুলোও আপনাদের নজরে আনলাম –

  • আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসকসহ সমস্ত নারী ধর্ষণ এবং নির্যাতনের ঘটনায় স্বচ্ছ ও দ্রুত তদন্ত করো এবং দোষীদের শাস্তির ব্যবস্থা করো।
  • সরকারী স্বাস্থ্য ব্যবস্থার প্রত্যেক স্তরে দীর্ঘদিন ধরে চলে আসা শাসকদলের নিয়ন্ত্রণ, আধিপত্য ও দূর্নীতিকে বন্ধ করো।
  • সরকারী স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন, বিশেষ করে গ্রামীণ এবং প্রত্যন্ত জেলাগুলোর স্বাস্থ্য পরিষেবার মান উন্নত করতে হবে, পর্যাপ্ত সংখ্যক সরকারী স্বাস্থ্য কেন্দ্র ও আধুনিক হাসপাতাল গড়ে তুলতে হবে।
  • স্বচ্ছ প্রক্রিয়ায় পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক, নার্স নিয়োগ।
  • NEET- UG, NEET- PG পরীক্ষা সহ ডাক্তারী শিক্ষা ব্যবস্থার প্রত্যেকটি স্তরে স্বচ্ছতা আনা।
  • রোগী ভর্তির ক্ষেত্রে দালাল চক্র থেকে শুরু করে ওষুধ জাল, অঙ্গ পাচার – সরকারী হাসপাতালগুলোতে দূর্নীতির যে চক্র চলছে সেগুলো বন্ধ করা।
  • প্রত্যেক এলাকায় গণ কমিটি তৈরি করে তাদের তত্বাবধানে হাসপাতালগুলোর পরিষেবা ঠিকমতো দেওয়া হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা।
  • হাসপাতালগুলোতে চিকিৎসক ও নার্স সহ দিনে আট ঘন্টার বেশি কাউকে ডিউটি না করানো।
  • সরকারী হাসপাতাল থেকে রোগী রেফার করা বন্ধ করা।
  • সমস্ত বেসরকারী হাসপাতালে বাধ্যতামূলকভাবে স্বাস্থ্য সাথীর সমস্ত সুবিধা প্রদান করতে হবে।
  • নাইট শিফটে মহিলাদের কাজ করা বন্ধ না করে, বিশাখা আইন অনুযায়ী হাসপাতাল সহ সমস্ত কর্মক্ষেত্রে মহিলাদের উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করা।
  • জুনিয়র ডাক্তার ও স্বাস্থ্য কর্মীদের ন্যায়সঙ্গত আন্দোলনের পাশে দাঁড়ান।
  • আন্দোলনকারীদের ওপর পুলিশী দমনপীড়ন বন্ধ করো।

আমরা আশা করব, যে জনগণ গত একমাস ধরে নিজেদের সমস্ত রকম অসুবিধাকে পরোয়া না করে বিপুল ভাবে এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন, তারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য পরিষেবা সম্পর্কিত যেসকল সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেই দাবিগুলিও আপনারা আপনাদের দাবির সঙ্গে যুক্ত করবেন। ১৯৮০-র দশকের জুনিয়র ডাক্তার আন্দোলন যেভাবে গণস্বাস্থ্যের প্রশ্নটিকে সামনে এনেছিল, সেই দৃষ্টান্ত আমাদের সামনে রয়েছে।

আমরা সর্বতোভাবে আপনাদের আন্দোলনের সাথে থাকার চেষ্টা চালিয়ে যাব এবং আমরা বিশ্বাস রাখি এই আন্দোলন ‘অভয়া’-র জন্য ন্যায় বিচার ছিনিয়ে আনতে পারবে এবং আগামী দিনের জন্য একটা নির্দশন হয়ে থাকবে।

সংগ্রামী অভিনন্দন সহ

প্রসূন
রাজ্য সম্পাদক
আজাদ গণ মোর্চা
০৮/০৯/২৪

Leave a Reply