লেখাটি প্রকাশিত হয় আজাদ গণ মোর্চা-র মুখপত্র মাতৃভূমি পত্রিকার অগাস্ট ২০২৪ সংখ্যায়
২০১৯ সালে সুপ্রিম কোর্ট রামমন্দির সংক্রান্ত রায় ঘোষণা করার পর থেকেই গত কয়েক বছর ধরে জনগণের বিরোধিতা আর প্রতিবাদ সত্ত্বেও অযোধ্যায় জোর করে জমি অধিগ্রহণের কাজ চলছে। অযোধ্যা মাস্টার প্ল্যানের অধীনে বিমানবন্দর তৈরি এবং বিল্ডিং/রাস্তা চওড়া করা সমেত বিভিন্ন প্রকল্পের জন্য সরকার সামান্য ক্ষতিপূরণের বিনিময়ে বা কিছুক্ষেত্রে ক্ষতিপূরণ ছাড়াই জমি অধিগ্রহণ করেছে। এর ফলে বিরাট মাপের উচ্ছেদ যেমন ঘটেছে, তেমনই বারবার লঙ্ঘিত হয়েছে উচ্ছেদ ও পুনর্বাসন সংক্রান্ত আদালতের নির্দেশ। এলাহাবাদ হাইকোর্ট ২০২০ সালে উত্তর প্রদেশ সরকারকে নির্দেশ দিয়েছিল যাতে ২০১৩ সালের জমি অধিগ্রহণ, পুনর্বাসন, ও পুনর্বন্দোবস্ত আইনের নিয়মগুলিকে ঠিকমতো অনুসরণ করা হয়। কিন্তু তাসত্ত্বেও অযোধ্যা-র তিনটে প্রধান রাস্তা, যেগুলো এখন ‘রাম পথ’, ‘রাম জন্মভূমি পথ’ ও ‘ভক্তি পথ’ নামে পরিচিত, সেগুলো তৈরি করা আর রং করার সময় ২০২৩ সালে ৪,০০০ থেকে ৪,৫০০ দোকান ও বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে বা উচ্ছেদ হয়েছে, যাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৪০,০০০ মানুষ।
২০২০ সালের ৫-ই অগাস্ট রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর থেকে এই গোটা প্রক্রিয়াটা শুরু হয়। আন্তর্জাতিক ‘শ্রী রাম’ বিমানবন্দর, আধুনিক রেল স্টেশন, মন্দির কমপ্লেক্স পর্যন্ত বিস্তৃত দুই কিমি. দীর্ঘ এলিভেটেড রাস্তা ইত্যাদি তৈরি করা এবং ধর্মীয় গন্তব্যস্থল হিসাবে শহরের চারপাশের ৮৪ মাইল পরিধিব্যাপী এলাকার উন্নয়নের পরিকল্পনার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী মোদী। আবাসিক, বাণিজ্যিক ও খুচরা ব্যবসার উন্নয়নের জন্য অযোধ্যায় এবং তার আশেপাশে প্রায় ১২০০ একর জমি চিহ্নিত করা হয়েছিল। ২০২১ সালের জুন মাসে রাস্তা চওড়া করার জন্য দোকানপাট ধ্বংস করে উচ্ছেদের প্রথম প্রচেষ্টা চালানো হয়, যার বিরোধিতা করেছিলেন হনুমানগড়ি এলাকার দোকানদার/ব্যবসায়ীরা। তাঁরা অভিযোগ জানিয়েছিলেন যে যাঁদের উচ্ছেদ করা হবে তাঁদের জন্য ক্ষতিপূরণ বা নতুন দোকানপাট তৈরি করার জন্য এলাকা বরাদ্দ করার দায়িত্ব এড়িয়ে যাচ্ছে জেলা প্রশাসন। জেলার অন্য একটা এলাকায়, মাঞ্জা বারহাটা গ্রামে ভগবান রামের মূর্তি স্থাপন করার প্রকল্প স্থগিত হয়ে যায়, কারণ সেখানকার কৃষকরা তাঁদের জমি অধিগ্রহণ করার বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ জানান। ২০২১ সালের এপ্রিল মাসের মধ্যে অযোধ্যা মহাযোজনা ২০৩১ (অযোধ্যা মাষ্টার প্ল্যান ২০৩১) নিয়ে অযোধ্যা উন্নয়ন কর্তৃপক্ষ-র (ADA) কাছে প্রায় ১,০৮৪-টা আপত্তি জমা পড়েছিল। এগুলোর মধ্যে সবথেকে বেশি সংখ্যক আপত্তি (২৫০) ছিল অযোধ্যা বিমানবন্দর প্রকল্পের সাথে সম্পর্কিত, কারণ স্থানীয়রা অনেক আগেই বিমানবন্দর সাইটের কাছে জমি কিনেছিলেন এবং তাঁদের মধ্যে কেউ কেউ এই এলাকায় নিজেদের বাড়িও তৈরি করেছিলেন। মন্দির চত্বরের আশেপাশের দোকানদার ও ব্যবসায়ীরা তখনও প্রশাসনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তাসত্ত্বেও, অযোধ্যা জেলা প্রশাসন নয়া ঘাটে ১৩ কিমি. দীর্ঘ রাম পথ প্রসারিত করার প্রকল্পের জন্য ২০২২ সালের ৪-ঠা ডিসেম্বর সেখানকার দোকানগুলো ভেঙে ফেলা শুরু করে। ২০২২ সাল শেষ হওয়ার মধ্যে প্রায় ৪৫০-টা দোকান আর ৩০-টা মন্দির ভেঙে ফেলা হয়েছিল। অভিযোগ ছিল যে, দোকানদার/ব্যবসায়ীদের নিজেদের দোকান ভেঙে ফেলার জন্য ২০২২ সালের ১৫-ই ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়ার যে প্রতিশ্রুতি প্রশাসন দিয়েছিল সেটা থেকে তারা পিছিয়ে গেছে। আরও দাবি করা হয় যে প্রতিশ্রুতিমতো ২০ মিটার পর্যন্ত রাস্তা চওড়া করার কথা থাকলেও, বাস্তবে সেই সীমা অতিক্রম করে যাওয়া হয়। বেশিরভাগ মানুষই কোনওরকম ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগ জানিয়েছেন; আর যারা পেয়েছেন তারা দাবি করেছেন যে ক্ষতিপূরণের পরিমাণ ছিল একেবারেই অপর্যাপ্ত। জাতপাতের ভিত্তিতে ক্ষতিপূরণ দেওয়ারও অভিযোগ উঠেছে। ব্রাক্ষ্মণ পাড়াগুলোকে যেখানে যথাযথভাবে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, সেখানে অন্যান্য বর্ণের লোকেদের অতি-সামান্য ক্ষতিপূরণের বিনিময়ে নিজেদের জমি ছেড়ে দিতে হয়েছে, বা এখনও তাঁরা ক্ষতিপূরণের অপেক্ষায় রয়েছেন।
রাম মন্দিরের ‘আবির্ভাব’ গোটা শহরটাকে একটা নতুন রূপ দিয়েছে; রাস্তা তৈরি করা, রাস্তা চওড়া করা, নিষ্কাশন ব্যবস্থার সংস্কার করা, রেলস্টেশন, বিমানবন্দর ইত্যাদির মধ্যে দিয়ে। নতুন মন্দির শহরে এই পরিবর্তনগুলোর কারণে হোটেল মালিক ও শীর্ষস্থানীয় কর্পোরেট হাউসগুলো যেমন এখানে বিনিয়োগ করছে, তেমনই এখানে সম্পত্তির দাম আর রিয়েল এস্টেট লেনদেনের পরিমাণও পাল্লা দিয়ে বাড়ছে। অযোধ্যায় যেসব কোম্পানি রিয়েল এস্টেট, হোটেল, পর্যটন ইত্যাদি ক্ষেত্রে বিনিয়োগ করেছে তাদের শেয়ারের দাম চড়চড় করে বেড়েছে। এই স্টকগুলো ২০% থেকে ৫০%-এরও বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে, যা গড় পরিমাণের চেয়ে অনেকটাই বেশি। কর্পোরেটরা অযোধ্যায় বিপুল পরিমাণে জমি কিনছে। কৃষকদেরকে সঙ্কটের মধ্যে ফেলে; তাঁদের বাধ্য করা হচ্ছে যে ন্যূনতম দামে নিজেদের সামান্য সম্পত্তি বিক্রি করা ছাড়া তাঁদের কাছে আর কোনও বিকল্প নেই। এই প্রকল্পে প্রশাসন এবং জমি মাফিয়াদের আঁতাত স্পষ্ট ভাবেই সামনে আসছে। সম্প্রতি স্থানীয় বিজেপি নেতা এবং আদানি গোষ্ঠীর মধ্যে জমির লেনদেনের বিষয়ে একটা তদন্ত প্রকাশ্যে এসেছে। রাম মন্দির ট্রাস্টের জমি ঘুরপথে আদানীর হাতে তুলে দেওয়া হচ্ছে। বিজেপি নেতাদের সাথে যুক্ত একটা সংস্থা বিশাল মুনাফার জন্য সরয়ু নদীর কাছে পরিবেশগতভাবে সংবেদনশীল একটা জমি প্রথমে রাম মন্দির ট্রাস্ট-এর থেকে কিনে, তারপর সেটাকে আদানীর কাছে বিক্রি করে দিয়েছে। বিজেপি নেতা এবং রাম মন্দির ট্রাস্টের মধ্যে জমি বিনিময়ের এটি প্রথম ঘটনা নয়। অযোধ্যার বিজেপি মেয়র ঋষিকেশ উপাধ্যায়ের ভাগ্নে দীপ নারায়ণ ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ৮৯০ বর্গমিটার সম্পত্তি কিনেছিলেন এবং মে মাসে ২.৫ কোটি টাকার বিনিময়ে রাম জন্মভূমি ট্রাস্টের কাছে বিক্রি করেছিলেন। জমি নিয়ে দূর্নীতি এবং জুলুমবাজি এখানে সুপরিচিত ঘটনা।
গরীব স্থানীয় জনগণ, যাঁরা অযোধ্যা শহরের উন্নয়ন হলে, তাদেরও কিছুটা অর্থনৈতিক উন্নতি হবে বলে ভেবেছিলেন, তাঁরা এখন হতাশ। সত্যপ্রকাশ গুপ্ত, যাঁর রাস্তার ধারে একটা ছোট দোকান ছিল, তিনি জানিয়েছেন, “আমি পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য ছিলাম। দোকান ভেঙে দেওয়ার পর থেকে, এটা আবার তৈরি করার জন্য আমাদের কাছে কোনও রকম সংস্থান ছিল না। আমরা ভাড়া ঘরে থাকছিলাম। ১০ মাস ধরে আমার কাছে এই দোকানটাও ছিল না, আমি একটা ই-রিক্সা চালিয়েছি এবং এই কদিন হলো এই দোকানটুকু করতে পেরেছি।” সত্যপ্রকাশের তিন সন্তান স্কুল-কলেজে পড়ে। তবে বড় ছেলেকে তার এম.এ পড়া বন্ধ করতে হয়েছে, কারণ “কলেজের ফি পূরণ করার মতো টাকা তার ছিল না।” এহেন আগ্রাসনের কোনও বর্ণ বা ধর্ম হয় না। “উন্নয়ন”-এর জন্য ধ্বংসের মধ্যে অযোধ্যা মহাযোজনা প্রকল্প থেমে থাকেনি। জনগণকে তাঁদের জীবিকা থেকে সম্পূর্ণভাবে উপড়ে ফেলাটাকে নিশ্চিত করা হয়েছে। মাংস বিক্রতা, তথা তানজিমুল কুরাইশ ইউনিয়নের সাথে সংশ্লিষ্ট একজন সক্রিয় কর্মী মহম্মদ ইরফান-এর কথা অনুযায়ী, খাদ্য নিরাপত্তা ও ড্রাগ প্রশাসন বিভাগ খোলা জায়গায় তাজা কাটা-মাংস বিক্রি নিষিদ্ধ করার মর্মে নোটিশ পাঠিয়েছে। তিনি জানিয়েছেন, “আমাদের বলা হয়েছে যে এটা একটা পবিত্র শহর হওয়ায় রাস্তায় খোলা অবস্থায় মাংস কাটবেন না, বরং প্যাকেটজাত হিমায়িত মাংস বিক্রি করতে হবে। এখনও পর্যন্ত মাংস বিক্রি বা খাওয়ার উপর কোনও নিষেধাজ্ঞা নেই, তবে শেষ পর্যন্ত কী হবে তা আমরা জানি না। ২২-এ জানুয়ারীর পরে এগুলো সব স্পষ্টভাবে বোঝা যাবে।”
সংক্ষেপে, এই “উন্নয়ন মডেল” সম্পদ সৃষ্টির জন্যই হোক বা ধর্মের জন্যই হোক, বাস্তবে এটা জনগণকে তাদের শিকড়, বাড়িঘর, জীবিকা থেকে উচ্ছেদের প্রকল্প হয়ে উঠেছে। এই কঠিন সময়ে জনগণের পক্ষে খেয়ে পরে বেঁচে থাকাটাই এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ধনীদের জন্য রামরাজ্যে থাকবে ঝাঁ-চকচকে শপিং মল আর উঁচু উঁচু বিল্ডিং, যা মেগাসিটির সমৃদ্ধি প্রদর্শন করবে। ছোট গৃহস্থ ও দোকানদারদের জন্য সেখানে কোনও জায়গা থাকবে না।
কভার ফটো সৌজন্যে – https://scroll.in/article/1060122/did-ram-say-kick-out-the-poor-the-discontent-of-the-displaced-in-new-ayodhya [Retrieved On: 30/08/2024]
