মজুরি বৃদ্ধির নাটক শেষে জুটমিল শ্রমিকদের ভাগ্যে কি জুটল?

লেখাটি প্রকাশিত হয় আজাদ গণ মোর্চা-র মুখপত্র মাতৃভূমি পত্রিকার এপ্রিল ২০২৪ সংখ্যায়


জুটমিল শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিটা দীর্ঘদিন ধরে বকেয়া পড়ে ছিল। নিয়ম হলো প্রতি তিন বছর পর পর রাজ্য সরকার, মালিকপক্ষ অর্থাৎ ইন্ডিয়ান জুটমিল অ্যাসোসিয়েশন (IJMA) এবং প্রতিষ্ঠিত ট্রেড ইউনিয়নগুলির মধ্যে ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে যৌথ দরকষাকষির মধ্য দিয়ে এই মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করা হবে। ২০১৯ সালে জুট শ্রমিকদের মজুরি বেড়েছিল যৎসামান্য। নিয়ম অনুযায়ী ২০২৩ সালে ফের মজুরি বাড়ার কথা। কিন্তু প্রায় এক বছর ধরে টালবাহানা চলার পর গত ৩ ফেব্রুয়ারি থেকে বর্ধিত মজুরি লাঘু হল।

আইজেএমএ মজুরি বৃদ্ধির পূর্ব শর্ত হিসেবে কিছু প্রস্তাব সামনে এনেছিল। সেই প্রস্তাব না মানা পর্যন্ত তারা মজুরি বৃদ্ধির সিদ্ধান্তে স্বাক্ষর করবেন না বলে জেদ ধরে ছিলেন। এটা সত্যি যে পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন এবং প্রধান শিল্প জুট ইন্ডাস্ট্রি একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এক বৃহৎ পরিবর্তনের সাক্ষী থাকছে। পশ্চিমবঙ্গের ৭০টি জুট মিলের মধ্যে আজ প্রায় ২৫ টি জুট মিল বন্ধ পড়ে আছে। অন্যদিকে ছোট ছোট বিভিন্ন জুট মিল এবং স্পিনিং ইউনিট পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে অসংগঠিত ক্ষেত্রের অংশ হিসেবে গড়ে উঠছে। সংগঠিত ক্ষেত্রের জুট মিলগুলোতে মালিকপক্ষ সবসময়ই কান্নাকাটি করছে যে তাদের যথোপযুক্ত মুনাফা হচ্ছে না। উৎপাদন বাড়ানোর জন্য প্রতিনিয়ত শ্রমিকদের ওপর আরো আরো চাপ সৃষ্টি করা হচ্ছে, আধুনিকীকরণের নামে বিভিন্ন চিনা মেশিন ও যন্ত্রপাতি মিলগুলোতে লাগানো হচ্ছে এবং একেক জন শ্রমিককে একই সাথে অনেকগুলি করে মেশিন অপারেট করতে বাধ্য করা হচ্ছে। বাংলা তাঁতের মতো প্রাচীন ডিপার্টমেন্টগুলোকে বন্ধ করে চায়না মেশিন লাগানো হচ্ছে।

আইজেএমএ দাবি রেখেছিল, মিলগুলোতে আধুনিক মেশিন বসানোর ক্ষেত্রে শ্রমিক, ট্রেড ইউনিয়ন এবং রাজ্য সরকারের কোনো আপত্তি চলবে না, টানা ৮ ঘন্টার শিফট চালু করতে দিতে হবে; মহিলা শ্রমিকদের নাইট শিফটে কাজ করবার অনুমতি দিতে হবে, আধুনিক মেশিন চালানোর জন্য শিক্ষিত এবং আইটিআই প্রশিক্ষিত তরুণ যুবক যুবতীদের শ্রমিক হিসেবে নিয়োগ করা হবে, শ্রমিকদের কাজ কামাই করার প্রবণতাকে কড়া হাতে মোকাবিলা করতে দিতে হবে; উৎপাদন বাড়ানোর জন্য শ্রমিকদের অতি দক্ষ, দক্ষ, অর্ধ দক্ষ এবং অদক্ষ এই চার ভাগে ভাগ করে মজুরি নির্ধারণ করা হবে, যে সব শ্রমিকরা আধুনিক মেশিনের সাথে রপ্ত হতে পারবেন না, তাদেরকে নিজেদের ব্যয়ে কাজ শিখতে হবে ইত্যাদি। অন্যদিকে শ্রমিকরা এবং কিছু ট্রেড ইউনিয়ন দাবি রেখেছিল যে দৈনিক ন্যূনতম মজুরি ৮০০ টাকা করতে হবে; বাড়িভাড়া ভাতা ১২% করতে হবে; ডিএ নির্ধারণের হার বাড়াতে হবে; শেডের মধ্যে কাজের পরিবেশ উন্নত করতে হবে, দূষণ কমানোর ব্যবস্থা করতে হবে; চিপ ক্যান্টিন, পানীয় জল, টয়লেটের উপযুক্ত ব্যবস্থা করতে হবে; ১০ বছর কাজ করবার পর মিলহ্যান্ডসদের স্থায়ী শ্রমিক হিসেবে গণ্য করতে হবে; আধুনিকীকরণের জন্য কোন শ্রমিককে ছাঁটাই করা যাবে না, ইত্যাদি।

শেষ পর্যন্ত চুক্তি যা হলো –

১) সব শ্রমিকদের বেসিকে প্রতিদিন ৫ টাকা করে বৃদ্ধি।

২) হাজিরা ভাতা – ১৫ দিনের মধ্যে ১২ দিন কাজ করলে ২০ টাকা দৈনিক উৎসাহ ভাতা। ১২ দিনের কম কাজ – করলে হাজিরা ভাতা পাওয়া যাবে না।

৩) ওয়েজ বোর্ডে থাকা শ্রমিকরা ১৫ দিনের মধ্যে ১২ দিন কাজ করলে দৈনিক ১ টাকা করে উৎসাহ ভাতা পাবেন।

৪) ঘর ভাড়া ভাতা ৫% থেকে বেড়ে ৭.৫% হয়েছে।

৫) ফিটমেন্ট ভাতা: সেমিস্কিল ৫ টাকা, স্কিল ১০ টাকা এবং হাইস্কিল ১৫ টাকা।

৬) এন্ট্রি লেভেল ৩৭০ থেকে বেড়ে ৪৮৫ টাকা হয়েছে। এর নীচে যে সব শ্রমিকরা আছেন তারা ন্যূনতম এই টাকা পাবেন। এটা হল আনস্কিলড বিভাগ।

৭) ১৫ বছর কাজ যারা করেছেন তারা স্পেশাল বদলী এবং ২০ বছর যাদের সার্ভিস হয়েছে তারা সবাই স্থায়ী হবেন।

৮) মহিলা শ্রমিকদের অবসরের বয়স ৫৫ বছর থেকে ৫৮ বছর করা হচ্ছে।

৯) মিলগুলোতে নতুন মেশিন বসিয়ে আধুনিকীকরণ করা হবে।

১০) মালিকরা চাইলে টানা ৮ ঘন্টার শিফট চালু করতে পারে।

১১) স্টেট প্রোডাকটিভিটি কাউন্সিল ৬ মাসের মধ্যে শ্রমিকদের অতি দক্ষ, দক্ষ, অর্ধ দক্ষ এবং অদক্ষ এই চার ভাগে ভাগ করে আলাদা আলাদা মজুরির সুপারিশ করবে।

১২) ডিএ পুরানো হারে নির্ধারিত হবে।

১৩) উপযুক্ত সুরক্ষা নিশ্চিত করে মহিলা শ্রমিকদের নাইট শিফটে কাজ দেওয়া হবে।

১৪) শ্রমিক কোয়ার্টার নির্মাণ করা হবে এবং পুরানো কোয়ার্টারগুলো রিপেয়ার করা হবে, কারখানা শেডের মধ্যে ক্যান্টিন, টয়লেট ও পানীয় জলের ব্যবস্থা করা হবে।

১৫) শ্রমিকদের কাজ কামাই করার প্রবণতাকে রুখতে কড়া হাতে মোকাবিলা করা হবে।

১৬) শিক্ষিত তরুণ প্রজন্মকে মিলের কাজে আকর্ষণ করতে এন্ট্রি লেভেল মজুরি বেশ কিছুটা বাড়ানো হল।

১৭) নতুন মেশিন বসানোর ফলে যারা কাজ করতে পারবেন না, তাদেরকে কোম্পানির খরচে তিন সপ্তাহ ট্রেনিং দেওয়া হবে, তারপরেও যদি তারা কাজ রপ্ত না করতে পারেন, তাহলে নিজেদের খরচে প্রশিক্ষণ নিয়ে সার্টিফিকেট আনতে পারলে কাজ পাবেন।

মজুরি কি বাড়ল?

প্রথম কথা, শ্রমিকদের মজুরি বাড়ার কথা ছিল ২০২৩ থেকে। বাড়ল ফেব্রুয়ারি ২০২৪-এ। এই এক বছরের কোনো বকেয়া শ্রমিকরা পাবেন না। দ্বিতীয়ত, দেখা যাচ্ছে যে কোন শ্রমিকের দৈনিক মজুরি বেড়েছে ২৩ টাকা, আবার কারুর বেড়েছে দৈনিক ৩ টাকা। যদি ধরে নিই যে গড়ে দৈনিক ২০ টাকা মজুরি বেড়েছে, সেটাও খুবই কম বর্তমান বাজার দরের তুলনায়। তৃতীয়ত, এখন শ্রমিকদের সামনে নতুন গাজর ঝোলানো হয়েছে যে ৬ মাসের মধ্যে শ্রমিকদের দক্ষতা অনুযায়ী স্তর বিভাজন সম্পূর্ণ হয়ে যাবে, তখন আবার মজুরি বাড়বে। চতুর্থত, কনজিউমার প্রাইস ইনডেক্স (সিপিআই) অনুযায়ী শ্রমিকদের বছরে চারবার ডিএ ঘোষণা হয়। প্রতি বেসিস পয়েন্টে ১.৯০ টাকা। এর হিসাব যে কিভাবে হয়, আমাদের সাধারণ বুদ্ধিতে ঢোকে না। কারণ সরকারী পরিসংখ্যান অনুযায়ী সিপিআই তো প্রত্যেক মাসেই বাড়ছে, কিন্তু শ্রমিকদের ডিএ মাঝে মাঝেই কমে যায়। ফেব্রুয়ারি কোয়ার্টারে ডিএ বেড়েছে দৈনিক মাত্র ৫৩ পয়সা। পঞ্চমত, নতুন ফিট হওয়া শ্রমিকদের মজুরি বেশ কিছুটা বেড়েছে ঠিকই, কিন্তু সিনিয়রিটি বেসিসে তারা তো কাজই পায় না। যখন সিনিয়ররা ছুটি করে তখন তাদের কাজ হয়। ষষ্ঠত, হাজিরা ভাতা, উৎসাহ ভাতা এগুলো বেশিরভাগ শ্রমিকের ক্ষেত্রেই প্রযোজ্য হবে না। কারণ সপ্তাহে টানা ৬ দিন ডিউটি করার ধকল অনেকেই নিতে পারেন না, অনেকে আবার সপ্তাহে ৬ দিন কাজও পান না। সপ্তমত, ২০ বছর কাজ করবার পর স্থায়ী হবার গল্প, গল্পই থেকে যাবার সম্ভাবনা। কারণ মালিকরা চাইছে নতুন শিক্ষিত লোক ঢোকাতে এবং পুরানো লোকেদের আস্তে আস্তে ফেজ আউট করে দিতে, যেমনটা বাংলা তাঁতের লোকেদের করছে। ফলে টানা ২০ বছর মিলে কাজ করবার সৌভাগ্য কজন শ্রমিকের হবে, সন্দেহ আছে।

তাহলে কি হবে?

বাম ডান রাম তৃণ সবমিলিয়ে ২৬-টা ট্রেড ইউনিয়ন চুক্তিপত্রে সই করেছে। শ্রমিকরা উঠতে বসতে এখন ইউনিয়ন এবং নেতাদের গালাগালি করে। যদিও বেশির ভাগ সময়েই আড়ালে। সামনে গালাগালি করলে কোপে পড়ার ভয়ও আছে। প্রায় সব মিলেই শ্রমিকরা ক্ষোভে ফুঁসছে, কোথাও কোথাও ক্ষোভের সাময়িক বিস্ফোরণও হচ্ছে। কিন্তু কাজ হারানোর ভয়, লক আউটের ভয় সবসময় শ্রমিকদের তাড়া করছে। যেকারণেই হয়ত মজুরি বৃদ্ধির দাবিতে কোন ধর্মঘট হয়নি, লাগাতার আন্দোলনও হয়নি। তবে শ্রমিকরা এখন এটা খুব পরিষ্কার ভাবে বোঝে যে ট্রেড ইউনিয়ন এখন আর শ্রমিকদের সংগঠন নয়, ওগুলো মালিকদের দালাল পক্ষ। আন্দোলনে নামার ক্ষেত্রে শ্রমিকদের একটা বড় প্রতিবন্ধকতা থেকে যাচ্ছে জীবিকা হারানোর ভয় এবং এমন কোন সংগঠিত শক্তিকে তারা দেখতে পাচ্ছেন না যারা শেষ অবধি তাদের এবং তাদের পরিবারগুলোর পাশে দাঁড়াবেন। শ্রমিকদের এই বিশ্বাস অর্জন করবার জন্য এবং তাদের লড়াইয়ের শেষ অবধি পাশে থাকার শক্তিকে বিকশিত করবার জন্য আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। তবেই আবার জুটমিল শ্রমিকদের আন্দোলনের নতুন ঢেউ আমরা দেখতে পাবো।


কভার ফটো সৌজন্যে – https://www.millenniumpost.in/exclusive-news/pursuit-of-lost-prestige-562501?infinitescroll=1 [Retrieved On: 28/07/2024]

Leave a Reply