পাঞ্জাবের কৃষক আন্দোলনের বর্তমান পর্যায়

লেখাটি প্রকাশিত হয় আজাদ গণ মোর্চা-র মুখপত্র মাতৃভূমি পত্রিকার এপ্রিল ২০২৪ সংখ্যায়


২০২০- ২১ সালে প্রায় এক বছর সাড়ে চার মাস কৃষক বিক্ষোভ চলার পর কেন্দ্রীয় সরকার বিক্ষোভরত কৃষকদের যৌথ মঞ্চ সংযুক্ত কিষাণ মোর্চা (এসকেএম) কে লিখিতভাবে প্রতিশ্রুতি দিয়েছিল যে তাদের দাবি-দাওয়া তারা পূরণ করবে, অর্থাৎ তিনটি কৃষি আইন তারা প্রত্যাহার করবে, তারা (কেন্দ্রীয় সরকার) কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) দেবার জন্য কমিটি গঠন করবে, আন্দোলনরত কৃষকদের ওপর থেকে সমস্ত মামলা প্রত্যাহার করবে এবং লখিমপুর খেরী হত্যাকান্ডের জন্য তারা কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু দু’বছর অপেক্ষা করার পর কৃষকরা দেখলেন যে কেন্দ্রীয় সরকার তাদের সাথে ছলনা করেছে। তারা কোনো দাবিই পূরণ করেনি। কৃষক আন্দোলন চলার সময় মোদি সরকারের মন্ত্রী অজয় মিশ্র নিজে গাড়ি চাপা দিয়ে বিক্ষোভরত চারজন কৃষক ও একজন সাংবাদিককে হত্যা করেছিল। বিক্ষোভরত কৃষকদের দাবি ছিল এই অজয় মিশ্রকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে হবে এবং তার বিরুদ্ধে হত্যার মামলা দায়ের করতে হবে। কিন্তু ঘটনার পর আড়াই বছর কেটে গেলেও অজয় মিশ্র আজও মোদির মন্ত্রিসভায় স্বপদে বহাল আছে এবং পুলিশ তার বিরুদ্ধে কোন মামলাই রুজু করেনি। আর কৃষকদের অন্য দাবিগুলো পূরণ করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কোনো উচ্চবাচ্যই করছে না। এসব দেখে পাঞ্জাবের কৃষকরা আবার আন্দোলন শুরু করেন।

২০২০ সালে কৃষকদের আন্দোলন পরিচালনা করার জন্য বিভিন্ন মতাদর্শের ও রাজনীতির কৃষক সংগঠনগুলি একত্রিত হয়ে কৃষকদের যৌথ মঞ্চ সংযুক্ত কিষাণ মোর্চা গঠন করেন। এসকেএম কোনো রাজনৈতিক দলের নেতাদের তাদের মঞ্চে উঠতে দেননি এবং সমস্ত রাজনৈতিক উদ্দেশ্য তারা দূরে সরিয়ে রাখেন। তার ফলে পাঞ্জাব সহ উত্তর ভারতের কৃষকদের তারা তাদের পতাকার তলে সংগঠিত করতে সক্ষম হন। কিন্তু এসকেএম-এর মধ্যের কিছু সংগঠন পাঞ্জাবের বিধানসভা নির্বাচনে অংশ নেন। কিছু সংগঠন আবার সমান্তরাল এসকেএম তৈরি করেন এবং ‘চলো দিল্লি’র ডাক দেন। কিছু সংগঠন আবার মোদী বিরোধী ইন্ডিয়া জোটের অংশ হন।

এবারের আন্দোলনের একটা উল্লেখযোগ্য দিক হলো কৃষকদের মঞ্চ এসকেএম শ্রমিকদের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নসমূহের (সিটিইউ) সাথে জোট বাঁধেন। শ্রমিকদের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের সাথে মিলিতভাবে গত বছর ২৪ আগস্ট দিল্লির তালকোটরা স্টেডিয়ামে জিবি মিটিং করে কৃষকরা পুনরায় আন্দোলনের সিদ্ধান্ত নেন। সমান্তরাল এসকেএম গত ১৩ ফেব্রুয়ারি দিল্লি চলোর সিদ্ধান্ত নেন। পুরনো এসকেএম গত ১৬ ফেব্রুয়ারি দেশজোড়া গ্রামীণ বন্‌ধ ও শিল্প ধর্মঘটের সিদ্ধান্ত নেন। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের সাথে যৌথভাবে এসকেএম একটা দাবিপত্র ঘোষণা করে। এটি এক অনন্য সাধারণ ও ন্যায়সঙ্গত দাবিপত্র। আমরা দাবিগুলো এখানে তুলে দিলাম –

১) সরকারকে কৃষকদের থেকে সব ধরনের শস্য কেনার ও ন্যূনতম সহায়ক মূল্য দেওয়ার নিশ্চয়তা দিতে হবে। ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) ধার্য হবে শস্য চাষের মোট উৎপাদন ব্যয় প্লাস অতিরিক্ত ফিফটি পার্সেন্ট – এই দামে।

২) চাষের খরচ যাতে কমে তার জন্য সরকারকে সারে ভর্তুকি আবার চালু করতে হবে।

৩) ঋণের বোঝা থেকে যাতে গরীব ও মধ্য চাষিরা মুক্তি পায়, তার জন্য সরকারকে সমস্ত কৃষি ঋণ সম্পূর্ণ মুকুৰ করতে হবে।

৪) সরকারি গণ বণ্টন ব্যবস্থা বা রেশন ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে হবে।

৫) প্রাকৃতিক দুর্যোগে যাতে কৃষকরা ক্ষতিগ্রস্ত না হন, তার জন্য সরকারকে উপযুক্ত শস্য বীমা চালু করতে হবে।

৬) বিদ্যুতের মূল্য বাড়ানো চলবে না। কোন প্রিপেইড মিটার চালু করা চলবে না। গ্রামাঞ্চলের সমস্ত বাড়ি ও দোকানগুলিকে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি-তে দিতে হবে।

৭) তিনটি কৃষি আইন ও চারটি শ্রম কোড বাতিল করতে হবে।

৮) শ্রমিকদের ন্যূনতম মজুরি মাসে ২৬ হাজার টাকা করতে হবে।

৯) রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলির, যেমন প্রতিরক্ষা, রেল, বিদ্যুৎ, কয়লা, তেল, ডাক, পরিবহন, টেলি যোগাযোগ, বিমানবন্দর, জাহাজবন্দর, ডক, ব্যাঙ্ক, বীমা, শিক্ষা, স্বাস্থ্য, বীজ প্রভৃতির কোন বেসরকারিকরণ করা চলবে না।

১০) কাজ পাওয়ার অধিকারকে মানুষের মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করতে হবে।

১১) চুক্তির ভিত্তিতে নিয়োগ চলবে না।

১২) স্থায়ী চাকরিকে বহাল রাখতে হবে।

১৩) এমজিনারেগা (MGNRGA) কে আরও শক্তিশালী করতে হবে। মাথাপিছু বছরে ২০০ দিন কাজ দিতে হবে। এই কাজে মাথাপিছু ন্যূনতম দৈনিক মজুরি ৬০০ টাকা করতে হবে।

১৪) সরকারি বেসরকারি সমস্ত চাকরিতে পেনশন স্কিম চালু করতে হবে।

১৫) কনস্ট্রাকশন ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ড-কে দৃষ্টান্ত করে সমস্ত অসংগঠিত শ্রমিকদের জন্য ওয়েলফেয়ার বোর্ড চালু করতে হবে।

১৬) সব ধরনের জমি অধিগ্রহণের ক্ষেত্রে ল্যান্ড অ্যাকুইজিশন, রিহ্যাবিলিয়েশন এন্ড রিসেটেলমেন্ট অ্যাক্ট ২০১৩ (এল এ আর আর অ্যাক্ট ২০১৩) অনুযায়ী ক্ষতিপূরণ দিতে হবে এবং এই আইনের ব্যবহারকে জনগণের কাছে স্বচ্ছ করতে হবে।

১৭) বন আইনকে লাগু করতে হবে। ইত্যাদি ইত্যাদি।

উপরোক্ত দাবিগুলি নিয়ে কৃষকরা দিল্লি চলোর ডাক দেন। নির্দিষ্ট দিনের আগে থেকেই কেন্দ্রের ফ্যাসিস্ট বিজেপি সরকার দিল্লি শহরে ঢোকার সমস্ত রাস্তায় কাঁটাতারের বেড়া ও কংক্রিটের ব্যারিকেড দেয় এবং রাস্তায় লোহার গজাল পুঁতে দেয়। পুলিশ গাড়ী থামিয়ে তল্লাশি ও চিরুনি তল্লাশি চালিয়ে কৃষকদের গ্রেপ্তার করতে থাকে। শান্তিপূর্ণভাবে বিক্ষোভরত কৃষকদের উপর যে বর্বর দমনপীড়ন চালানো হয়, তার তুলনা একমাত্র ব্রিটিশ ভারতে পাওয়া যায়। কৃষকদের উপর জলকামান, কাঁদানে গ্যাসের সেল ও ছররা বন্দুক দিয়ে গুলি চালানো হয়। ড্রোন থেকে কাঁদানে গ্যাসের সেল ছোঁড়া হয় এবং নির্মম লাঠিচার্জ করা হয়। এতে দুজন কৃষক শহীদ হন। একজন বৃদ্ধ কৃষক জ্ঞান সিং (৭৯ বছর) হার্ট ফেল করে মারা যান এবং আরেকজন যুবক শুভকরণ সিং (২১ বছর) গুলিতে শহীদ হন। প্রসঙ্গত উল্লেখ্য যে দুবারের কৃষক আন্দোলনে এখনও পর্যন্ত ৭৫০ জন কৃষক শহীদ হয়েছেন এবং মোদি সরকারের ১০ বছরের শাসনকালে (২০১৪-২০২৪) এক লক্ষ কৃষক নানা কারণে মারা গেছেন। এতে দমে না গিয়ে কৃষকরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

২০১৪ সালে যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় আসেন, তখন তিনি কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। মোদির অন্যান্য জনদরদী প্রতিশ্রুতির মতো এটাও ভুয়ো প্রতিশ্রুতিতে পরিণত হয়েছে। ভারতের কৃষি ও কৃষক দীর্ঘদিন ধরেই সংকটের মধ্যে আছে। শুধু কিছু ডোল দেওয়া ছাড়া কোন সরকারই এর কোন স্থায়ী সমাধান করতে চায় না। প্রথমবার কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার স্বামীনাথন কমিশন গঠন করেছিল। তিনিই সরকারকে কৃষকদের থেকে ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) দিয়ে ফসল কেনার সুপারিশ করেছিলেন, যা ইউপিএ সরকার মানতে অস্বীকার করে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের সময় নরেন্দ্র মোদী নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে তিনি ক্ষমতায় এলে কৃষকদের পক্ষে স্বামীনাথন কমিশনের সুপারিশগুলি কার্যকর করবেন। আজ বাস্তবে আমরা দেখতে পাচ্ছি যে এটাও মোদির ভুয়ো প্রতিশ্রুতিই ছিল।

তাই সংগ্রামী কৃষকরা এবার দাবি তুলেছেন যে ভারতের সব অঞ্চলে সমস্ত ধরনের ফসলের উপর সরকারকে ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা করতে হবে এবং তা কার্যকর করবার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের দেশে এখনো পর্যন্ত ২৩ ধরনের ফসলের উপর সরকার ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা করেছে, যার মধ্যে কেবল তিনটি ফসলের (গম, ধান ও আখ) জন্য উপযুক্ত ব্যবস্থা আছে। বাকিগুলো স্রেফ ঘোষণাই সার!

আমরা কৃষকদের দাবিগুলিকে সম্পূর্ণ ন্যায়সঙ্গত বলে মনে করি এবং ভারতের কৃষকদের দুর্দশার জন্য শুধুমাত্র মোদি সরকার নয়, তার আগে সমস্ত কেন্দ্রীয় সরকারগুলিকেও দায়ী বলে মনে করি। এমনকি বিভিন্ন রাজ্যে ক্ষমতায় থাকা রাজ্য সরকারগুলিও এই দায় এড়াতে পারে না। আমরা আশা রাখি যে বিক্ষোভরত কৃষকরা তাদের সমস্ত দাবিদাওয়া পূরণ না হওয়া অবধি মোদি সরকার হোক বা অন্য যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, তাদের আন্দোলন চালিয়ে যাবেন। বিজেপি বিরোধী যে সংসদীয় দলগুলি নির্বাচনে লড়ছে, তাদের প্রধান দল কংগ্রেসের নির্বাচনী ঘোষণাপত্রে কৃষকদের সব দাবি মানার প্রতিশ্রুতি পাওয়া যাচ্ছে না!


কভার ফটো সৌজন্যে – https://www.thehindu.com/news/national/farmers-protest-live-updates-february-14-2024/article67844008.ece [Retrieved On: 13/06/2024]

Leave a Reply