বিগত দশ বছরে কেন্দ্রের শাসকদল বিজেপি দেশবাসীর এমন “বিকাশ” ঘটিয়েছে যে নির্বাচনের আগে জনগণের দৃষ্টি ঘোরাতে তাকে বিভিন্ন নোংরা কৌশল অবলম্বন করতে হচ্ছে। বিরোধী দলের নেতাদের পিছনে ED, CBI লাগিয়ে দুর্নীতির অভিযোগে তাদের হয়রান, এমনকি গ্রেপ্তার করা; IT বিভাগকে কাজে লাগিয়ে বিরোধী দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অচল করে দেওয়া ইত্যাদি তো আছেই; তার সাথে জনগণকে ধর্মের নামে বিভাজিত করতে তারা ফের শুরু করেছে CAA-র কাসুন্দি। তাই আবার সময় এসেছে CAA-NPR-NRC-বিরোধী আন্দোলনে জোট বাঁধার।
কয়েক মাস আগেই আধার কার্ডকে কেন্দ্র করে জনগণের মধ্যে একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়। কেন্দ্র সরকারের তরফে বিভিন্ন মানুষের কাছে UIDAI মারফৎ এই মর্মে চিঠি যাচ্ছিল যে, তার আধার নাম্বারটি ব্লক বা অচল করে দেওয়া হয়েছে; কারণ সে কোন আধিকারে বা কিভাবে এই দেশে বসবাস করছে সেটা নাকি সরকারের কাছে পরিষ্কার নয়। অতএব, প্রামাণ্য তথ্য, কাগজ ইত্যাদি নিয়ে UIDAI অফিসে যোগাযোগ করতে হবে। যেহেতু আজকের দিনে প্রায় সমস্ত সরকারি পরিষেবার ক্ষেত্রেই আধার নাম্বার বাধ্যতামূলক হয়েছে, সেহেতু এই জাতীয় ঘটনা স্বাভাবিকভাবেই জনগণকে সন্ত্রস্থ করে। এই ন্যায্য প্রশ্নও উঠতে থাকে যে তাহলে কি সরকার এইভাবে প্রথমে সবকিছুর সাথে আধার লিঙ্ক করাকে বাধ্যতামূলক করে এবং তারপর সেই নাম্বার ইচ্ছামতো অচল করে দিয়ে ঘুরপথে NRC চালু করে দিলো? স্থানীয় স্তরে হৈচৈ শুরু হওয়ায় কিছু মানুষের আধার নাম্বার ফের চালু হয়; কিন্তু সবার নয়। আধার কর্তৃপক্ষ প্রথমে এই চিঠি পাঠানোর বিষয়টা অস্বীকার করলেও পরে স্বীকার করতে বাধ্য হয় যে তারা চিঠি পাঠিয়েছে। তারা সাফাই দেয় যে কারো আধার নাম্বার বাতিল করা হয়নি; কিন্তু কেন এমন চিঠি পাঠানো হলো সেটার কোনো স্পষ্ট উত্তর তারা দেয়নি। আর এই বিভ্রান্তির ঘোলা জলে রাজ্যের সব রাজনৈতিক দলই মাছ ধরতে নেমে পড়ে। তারা যে-যার মতো আশ্বাস দেওয়া শুরু করে, যার সাথে দূর-দূরান্তে আইনের কোনও যোগ নেই। যেমন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন যে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ তিনি নাকি রাজ্যবাসীর জন্য আলাদা কার্ড করে দেবেন! এই ধরনের ভ্রান্ত প্রতিশ্রুতি দেশের রাজনীতিতে খুবই স্বাভাবিক; যে কারণে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অবলীলায় বলতে পারেন “ওটা তো নির্বাচনী জুমলা ছিল”। সিপিএম গত ৫/২/২০২৪ তারিখে সাংবাদিক সম্মেলন করে জানায় যে তারা একটা নতুন CAA চায়। আর কংগ্রেস চুপ; কারণ CAA ২০০৩ আইন বানাবার তারা বড় শরিক। আর এসবের মাঝেই ইলেক্টোরাল বন্ড নিয়ে দেশের রাজনীতি যখন সরগরম তখন বিজেপি CAA ২০১৯ আইনের মাধ্যমে নাগরিকত্বের আবেদন জানানোর নিয়ম নিয়ে হাজির। রাজ্য বিজেপির বক্তব্য অ-মুসলিম জনতার চিন্তার কিছু নেই; বিশেষ করে এই CAA-এর মাধ্যমে রাজ্যের মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্ব নিশ্চিত করবে বিজেপি, অতএব তারা যেন বিজেপিকে ভোট দেয়। এই হলো অবস্থা! অমিত শাহ নিজেই বলেছিলেন “আপনারা ক্রোনোলজিটা (ঘটনার কালানুক্রম) বুঝে নিন”। অতএব, আসুন আরও একবার “ক্রোনোলজি”টা বুঝে নেওয়া যাক।
প্রথমে আসা যাক সংবিধান অনুযায়ী নাগরিকত্বের প্রশ্নে। দেশের সংবিধানের ৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান প্রবর্তনের সময়ে যাঁরা ভারতবর্ষের অধিবাসী ছিলেন তাঁরা এবং – ক) যাঁরা ভারতে জন্মেছিলেন ছিলেন তাঁরা, বা খ) যাঁদের বাবা অথবা মায়ের যেকোনো একজন ভারতে জন্মেছিলেন তাঁরা, বা গ) একজন সাধারণ নাগরিক হিসেবে যাঁরা ভারতে লাগাতার পাঁচ বছর ধরে বসবাস করছিলেন তাঁরা সকলেই ভারতের নাগরিক। এছাড়াও, সংবিধানের ৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী যাঁরা তৎকালীন পাকিস্তান, অর্থাৎ এখনকার পাকিস্তান ও বাংলাদেশ থেকে স্থানান্তরিত হয়ে ভারতে এসেছেন তাঁদের ভারতীয় নাগরিক হিসেবে গণ্য করা হবে, যদি – ক) তিনি বা তাঁর অভিভাবক বা তাঁর দাদু-দিদা-ঠাকুর্দা-ঠাকুমা কেউ ১৯৩৫ সালের নির্ধারিত অবিভক্ত ভারতের সীমানার মধ্যে জন্মগ্রহণ করে থাকেন, এবং খ) তিনি ১৯-এ জুলাই ১৯৪৮ সালের আগে ভারতে স্থানান্তরিত হয়েছেন, অথবা এই তারিখের পরে স্থানান্তরিত হয়েছেন, কিন্তু ভারতের সংবিধান প্রবর্তনের আগে ভারত সরকার কর্তৃক নিয়োজিত কোনো আধিকারিকের কাছে আবেদনের ভিত্তিতে তিনি ভারতের নাগরিক হিসেবে নথিভুক্ত হয়েছেন। এই নির্দেশিকা অনুযায়ীই তৈরি হয় ‘নাগরিকত্ব আইন ১৯৫৫’ এবং ১৯৫৬ সালের নিয়মাবলী, যেখানে সব জায়গায় বর্তমান পাকিস্তান ও বাংলাদেশ থেকে আগত মানুষদের “ভারতীয় নাগরিক” বলেই গণ্য করা হয়েছে, তাঁদের বলা হয়েছে “স্থানান্তরিত মানুষ”; কোথাও তাঁদেরকে “অনুপ্রবেশকারী”, “ঘুসপেটিয়া”, বা “বিদেশী” বলা হয়নি; যে কারণে স্বাধীনতার পর থেকে ভারতবাসীর অন্যান্য অনেক বিষয় নিয়ে সমস্যা থাকলেও নাগরিকত্ব নিয়ে কোনো সমস্যা ছিল না।
সমস্যার সূত্রপাত হয় ১৯৮৫ সালের আসাম চুক্তি এবং পরে এই চুক্তি ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের সাথে সংযুক্ত হওয়ার পর থেকে। এই আইন পুরোপুরি অসাংবিধানিক। এরপর নাগরিকত্ব (সংশোধন) আইন ১৯৮৬ বা CAA ১৯৮৬ আইন জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বাতিল করে। এটাও ছিল অসাংবিধানিক। এভাবে সমস্যা গুরুতর আকার ধারণ করে যখন প্রথম বিজেপি সরকার, অর্থাৎ অটল বিহারী বাজপেয়ী সরকার আরও একবার নাগরিকত্ব আইনকে সংশোধন করে নিয়ে আসে CAA ২০০৩ আইন, যেখানে নাগরিকত্বের বিষয়ে ভারতের সংবিধানের দেওয়া রক্ষাকবচ এবং নাগরিকত্ব আইন ১৯৫৫-এর মূল সারমমর্কে পুরোপুরি উপেক্ষা করা হয়; দেশভাগের রূপকারদের নোংরা রাজনীতির বাইরে থাকা কয়েক’শ বছর ধরে দেশে বসবাসরত মানুষের স্বাভাবিক নাগরিকত্ব, জন্মসূত্রে নাগরিকত্ব এবং বর্তমান পাকিস্তান ও বাংলাদেশ থেকে আগত মানুষদের নাগরিকত্ব ইত্যাদি সবকিছুকেই অস্বীকার করা হয়। ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স (NRC) তৈরি করার বিধান দেওয়া হয় এই আইনে – অর্থাৎ দেশের ১০০ শতাংশ মানুষকে ব্যক্তিগত লিগাসি ডেটা দিয়ে নতুন করে নাগরিকত্ব অর্জনের পথে ঠেলে দেওয়া হয়। বলা হয় যে যাঁরা এই NRC-তে স্থান পাবেন না তাঁরা ঘোষিত হবেন “অবৈধ অনুপ্রবেশকারী” হিসেবে; বঞ্চিত হবেন ভোটাধিকার, সম্পত্তির অধিকার সহ নাগরিকদের জন্য সংবিধান প্রদত্ত সমস্ত রকমের অধিকার থেকে। এইভাবে সেই সময় কংগ্রেস, সিপিএম, তৃণমূল কংগ্রেস ও অন্যান্য রাজনৈতিক দলের সমর্থন সমেত বিজেপি সরকার পূর্ববঙ্গ থেকে স্থানান্তরিত হয়ে আসা কোটি কোটি মানুষের অস্তিত্বকে বিপন্ন করে। তাই খেয়াল করলে দেখবেন সংসদীয় রাজনৈতিক দলগুলো বর্তমান বিজেপির শাসনে নিয়ে আসা CAA ২০১৯ আইন নিয়ে অনেক হৈচৈ করলেও, CAA ১৯৮৫, ১৯৮৬, ২০০৩ নিয়ে তারা একটা কথাও বলে না। কারণ অতীতে এগুলো তারা সবাই মিলেই করেছিল।
২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে NRC নিয়ে হৈচৈ শুরু হয়। দেশের মধ্যে এই NRC প্রক্রিয়ায় প্রথম ও এখনও পর্যন্ত একমাত্র বাস্তবায়ন ঘটানো হয় বিজেপি শাসনাধীন আসাম রাজ্যে। বিতর্কিত আসাম চুক্তি অনুযায়ী ২৪/০৩/১৯৭১ এর মাঝরাতের পরে যাঁরা আসাম রাজ্যে প্রবেশ করেছেন তাঁদের এই তালিকা থেকে বাদ পড়ার কথা ছিল। কিন্তু ঘটনাচক্রে দেখা যায় যে ৩০/০৭/২০১৮ তারিখে প্রকাশিত খসড়া NRC-তে বাদ পরেছেন প্রায় ৪০ লক্ষেরও বেশি জনগণ। এই “অবৈধ অনুপ্রবেশকারী”দের বন্দী করার জন্য ডিটেনশান সেন্টার তৈরি করতে কেন্দ্র থেকে কোটি কোটি টাকা বরাদ্দ করা হতে থাকে, যা নাৎসি জার্মানির কনসেন্ট্রেশান ক্যাম্পের কথা মনে করিয়ে দেয়। এমনকি বিজেপি দলের নির্বাচিত জনপ্রতিনিধিরা এই “অবৈধ অনুপ্রবেশকারী”দের গুলি করে মেরে ফেলার কথাও বলেন! একটা অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়। শেষ পর্যন্ত ৩১/০৮/২০১৯ তারিখে আসাম NRC-এর চূড়ান্ত তালিকা প্রকাশ পেলে দেখা যায় যে সেখানে নাম নেই ১৯ লক্ষ ৬ হাজার ৬৫৭ জন মানুষের। তাঁরা সবাই তখন বেনাগরিক; নাগরিকত্ব ফেরত পেতে চাইলে তাঁদের ‘ফরেনার্স ট্রাইবুনাল’ নামে বিশেষ আদালতের কাছে উপযুক্ত কাগজপত্র সমেত আবেদন জানাতে হবে; আর উপযুক্ত কাগজপত্র না থাকলেই তাঁরা বন্দী হবেন ডিটেনশান সেন্টারে। ইতিমধ্যেই বহু মানুষ এই ডিটেনশান সেন্টারে বন্দী থাকা অবস্থায় মারা গেছেন, যাঁদের মধ্যে আছেন হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী সবাই। এইরকম একটা ভয়াবহ পরিস্থিতিতে ২০/১১/২০১৯ তারিখে গৃহমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেন যে সারা দেশে NRC চালু করা হবে।
তবে আসাম NRC-এর তালিকা সামনে আসার পর দেখা যায় যে বাদ পড়া ১৯ লক্ষ জনগণের মধ্যে সিংহভাগই – প্রায় ১২ লক্ষই – হলেন হিন্দু! স্বাভাবিকভাবেই, সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনতার সামনে হিন্দুত্বের ধ্বজাধারী বিজেপি দল নিজের মুখ রক্ষার্থে এবং একইসাথে সাম্প্রদায়িক বিভাজন ছড়াতে নিয়ে আসে CAA ২০১৯ বিল, যা ১১/১২/২০১৯ তারিখে সংসদে আইন হিসেবে পাশ হয়। দেশে ধর্মনিরপেক্ষতার যেটুকু অন্তত খাতায়-কলমে সংবিধানের মধ্যে টিকে আছে সেটাকেও ধূলিসাৎ করে এই আইনে বলা হয় যে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি বা খ্রিস্টান ধর্মাবলম্বী (সংক্ষেপে অ-মুসলিম), যাঁরা বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে শরণার্থী হিসেবে এদেশে এসেছেন, তাঁরা এই আইনের মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। বিজেপি প্রচার শুরু করে যে NRC-তে বাদ পড়লেও কেউ যদি অ-মুসলিম হয় তাহলে চিন্তার কিছু নেই। এই প্রেক্ষিতেই অমিত শাহ বলেছিলেন “আপনি ক্রোনোলজিটা (ঘটনার কালানুক্রম) বুঝে নিন”; অর্থাৎ বিজেপির বক্তব্য প্রথমে CAA-এর মাধ্যমে এই তিন দেশ থেকে আগত শরণার্থীদের (মূলত হিন্দু) নাগরিকত্ব দেওয়া হবে, তারপর সমগ্র দেশের জন্য তৈরি হবে NRC, যার মাধ্যমে “ঘুসপেটিয়া”দের (মূলত মুসলমান) শায়েস্তা করা হবে। কিন্তু বিজেপি যেটা স্পষ্ট করে বলছে না সেটা হলো এই CAA-এর আওতায় নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে আবেদনকারীদের প্রথমে নিজেদেরকে শরণার্থী হিসেবে ঘোষণা করতে হবে, আবেদনকারী যে ওই তিন দেশে ধর্মীয় কারণে নিপীড়িত হয়েছেন তার প্রমাণ দিতে হবে; অর্থাৎ এটা কোনো নিঃশর্ত নাগরিকত্ব নয়। এভাবে কেউ নাগরিকত্ব পাবেন কি পাবেন না সেটা পরের কথা; মূল বিষয়টা হলো এই ধরনের আবেদনের মানেই হলো প্রথমেই নিজেকে “বিদেশী” হিসেবে স্বীকার করে নেওয়া; অথচ এদিকে আপনি ভোটার কার্ড, আধার কার্ড সমেত একজন সাধারণ নাগরিক হিসেবে বহাল তবিয়তে দিন যাপন করছেন, এমনকি ভোট দিয়ে সেইসব জনপ্রতিনিধিদের নির্বাচিতও করছেন যাঁরা আপনাকে এই “ক্রোনোলজির” পাঠ পড়াচ্ছে এবং বলছে CAA ২০১৯ কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, বরং নাগরিকত্ব দেওয়ার আইন!
পরিশেষে ন্যাশনাল পপুলেশান রেজিস্টার (NPR) নিয়েও দু’চারকথা বলা প্রয়োজন। এটা হলো দেশের সাধারণভাবে বসবাসকারী অধিবাসীদের একটা তালিকা। যদি আপনি কোনো জায়গায় বিগত ৬ মাস ধরে থাকেন এবং আগামী ৬ মাস থাকবেন ঠিক থাকে, তাহলে আপনাকে সেই জায়গার সাধারণভাবে বসবাসকারী অধিবাসী হিসেবে গণ্য করা হবে। NPR তালিকা প্রথম ২০১০ সালে করা হয় এবং ২০১৫ সালে এটাকে আধারের সাথে যুক্ত করা হয়। ২০২০ সালের ১-লা এপ্রিল থেকে গোটা দেশে NPR শুরু হওয়ার কথা ছিল; কিন্তু গোটা দেশে তীব্র আন্দোলনের ধাক্কায় সরকার তখন পিছু হঠতে বাধ্য হয়। এটা কিন্তু সেন্সাস বা জনগণনা নয়; বরং এই NPR-ই হলো NRC-এর প্রথম ধাপ। বিজেপি এখানেও নির্লজ্জ মিথ্যাচার চালায়। ২৪/১২/২০১৯ তারিখে গৃহমন্ত্রী অমিত শাহ সংসদে জানিয়েছিলেন যে NPR এবং NRC-এর মধ্যে কোনো সম্পর্ক নেই। এদিকে NPR-এর যে সরকারী ম্যানুয়াল প্রকাশিত হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে এই প্রক্রিয়ার মাধ্যমে সংগৃহীত তথ্যের মাধ্যমেই NRC তৈরি করা হবে।
সমগ্র দেশজুড়ে NRC হলে কারা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন? – ক) মহিলারা, আসাম NRC-এর ক্ষেত্রে দেখা গেছে যে যাঁদের নাম বাদ গেছে তাঁদের মধ্যে ধর্ম নির্বিশেষে ৭০%-ই হলেন মহিলা, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই মহিলাদের নামে সম্পত্তির কাগজ থাকে না, স্কুল কলেজে কম পাঠানো হয়, বিয়ের পর পদবি ও ঠিকানা পাল্টে যায়; খ) ধর্ম নির্বিশেষে গরিব মানুষ, যাঁদের একটা বিপুল অংশ হলেন দলিত ও ওবিসি, যাঁদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র থাকে না; গ) আদিবাসী, যাঁদের মধ্যে জমির মালিকানা সংক্রান্ত ধারণা নতুন, ফলে বেশিরভাগ আদিবাসী জনগণের কাছে জমির দলিল বা অন্যান্য লিগাসি ডকুমেন্ট নেই। এছাড়াও, সমস্যায় পড়বেন যাযাবর সম্প্রদায়ের মানুষ, যাঁরা রাস্তায় বসবাদ করেন, অনাথ শিশু, এলজিবিটি মানুষ, যাঁদের বার্থ সার্টিফিকেট নেই, পরিযায়ী শ্রমিক, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এবং আরও অনেকে। সব মিলিয়ে দেশের ৮০-৯২% মানুষই এই প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত হবেন। আর লাভ হবে একশ্রেণীর উকিল ও দালালবাহিনীর, যারা লোকজনকে কাগজপত্র করে দেওয়ার নাম করে তাদের থেকে লক্ষ লক্ষ টাকা ঘুষ খাবে। এছাড়া, সার্বিকভাবে লাভবান হবে আম্বানী-আদানি-টাটা-বিড়লার মতো বড় পুঁজিপতিরা, কারণ তারা পাবে সস্তা শ্রমিকের অফুরন্ত জোগান – নাগরিকত্ব ও সাথে সমস্ত নাগরিক অধিকার হারানো সেইসব জনগণকে, যাঁরা যেকোনো মজুরিতে বা হয়তো কিছুক্ষেত্রে মজুরি ছাড়াই কাজ করতে রাজি হবে! যাঁরা এটাকে অতিকথা ভাবছেন তাঁদের মনে করিয়ে দেওয়া দরকার যে হিটলারের শাসনে জার্মানিতে এভাবেই সিমেন্স, থাইসেন, ক্রুপের মতো বিভিন্ন বড় বড় কোম্পানিকে দাস শ্রমিক জোগান দেওয়া হয়েছিল। এই প্রসঙ্গে গত ১৩/১২/২০২৩ তারিখে দেওয়া গৌহাটি হাইকোর্টের একটা রায়ের দিকে দৃষ্টি আকর্ষণ করার প্রয়োজন আছে; যেখানে স্পষ্টই বলা হয় যে “বিদেশী” হিসেবে ঘোষিত হলে একজন সাধারণ নাগরিকের মতো তার আর কোনো নাগরিক অধিকার থাকবে না; তার থেকে ভোটার কার্ড, আধার কার্ড নিয়ে নেওয়া হবে; ভোটার লিস্ট থেকে তার নাম বাদ দিয়ে দেওয়া হবে; তার মালিকানায় কোনো জমি থাকলে সেটাও বাজেয়াপ্ত করে নেওয়া হবে!
আলোচনা শুরু হয়েছিল আধার কার্ড অচল করে দেওয়া নিয়ে। মনে রাখতে হবে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং দেশজোড়া NRC তৈরির জন্য ফ্যাসিবাদী বিজেপি সরকারের নতুন কৌশল। ইলেক্টোরাল বন্ডকে ঘিরে দুর্নীতিকে ধামাচাপা দিতে বিজেপি সরকার CAA আইনে নাগরিকত্বের আবেদন জানানোর নিয়মাবলী প্রকাশ করেছে গত ১১-ই মার্চ তারিখে, যে কাজ এই সরকার গত চার বছর ধরে বিভিন্ন অজুহাতে পিছিয়ে এসেছে এবং ধর্মীয় বিভাজনের চিরাচরিত রাজনীতির নিয়ম মেনে আসন্ন লোকসভা নির্বাচনের ঠিক আগে এই নিয়মাবলী প্রকাশ করেছে জনগণকে বিভ্রান্ত করতে। এদিকে CAA ২০১৯ আইনকে চ্যালেঞ্জ জানিয়ে বিগত চার বছরে এর বিরুদ্ধে ২০০-এরও বেশি পিটিশন দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টে, যেগুলোর শুনানি বর্তমানে চলছে; সেটাও যে কেন এতকাল ধরে ফেলে রাখা হয়েছে তার কারণও আমজনতার জানাবোঝার উর্দ্ধে। তাই সুপ্রিম কোর্টের ভরসাতে বসে থাকাও নয়, সংসদীয় রাজনৈতিক দলের নেতামন্ত্রীদের মিথ্যে প্রতিশ্রুতিতেও ভোলা নয়, বরং দেশবাসীর সামনে এখন একটাই রাস্তা, আর সেটা হলো – CAA ১৯৮৬, ২০০৩, ২০১৯ বাতিলের দাবিতে সোচ্চার হওয়া; NPR-NRC তৈরির প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করা। এই সঙ্কট থেকে উদ্ধার পেতে লড়াই ছাড়া আর অন্য কোনো উপায় নেই।
লেখাটি প্রকাশিত হয় আজাদ গণ মোর্চা-র মুখপত্র মাতৃভূমি পত্রিকার এপ্রিল ২০২৪ সংখ্যায়
কভার ফটো সৌজন্যে – https://www.hindustantimes.com/india-news/caa-rules-to-be-notified-much-before-lok-sabha-polls-reports-101704260144868.html [Retrieved On: 12/06/2024]
