ভূমিকা
ভারতের অভিজাত মহলে আলোচনার এখন একটা বড় বিষয় হলো সাম্প্রতিক জিডিপি বৃদ্ধি। বিশেষত সমাজের একাংশ যারা বিজেপি সম্বন্ধে দোদুল্যমান, তারাও বিজেপির আমলে ভারতের জিডিপি বৃদ্ধি নিয়ে মোহগ্রস্ত এবং উৎফুল্ল। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টার্গেট হলো আগামী পাঁচ বছরের মধ্যে ভারতের জিডিপি হবে ৫ ট্রিলিয়ন ডলার এবং মোট জিডিপির নিরিখে ভারত হবে পৃথিবীর তৃতীয় স্থানাধিকারী দেশ (আমেরিকা যুক্তরাষ্ট্র এবং চীনের পরেই)। সম্প্রতি ২০২৩ সালে ওয়ার্ল্ড ব্যাঙ্কের প্রকাশিত তথ্য অনুযায়ী মোট জিডিপির হিসেবে ভারতের স্থান বিশ্বে পঞ্চম এবং ব্রিটিশ যুক্তরাজ্যকেও ছাড়িয়ে গেছে। উপরন্তু ভারতের জিডিপি বৃদ্ধির হার বিশ্বের প্রধান দেশগুলির মধ্যে সর্বাধিক (ওয়ার্ল্ড ব্যাঙ্কের তথ্য অনুযায়ী ৭%)। এই প্রসঙ্গে তালিকা ১ দেখা যেতে পারে। তথ্যগুলি চমকে দেওয়ার মতো। অনেকে আবার বলছে, ভারতীয় দশক বা ভারতীয় শতাব্দী হয়তো আসতে চলেছে। তাহলে সত্যিই কি ভারতের অর্থনীতির অবস্থা এতটাই ভাল ভাবে এগিয়ে চলেছে? তাহলে সত্যিই কি সবাই বড়লোক হতে চলেছে? কেউকি সত্যিই আর গরিব থাকবে না?
জিডিপি কি?
জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট হলো একটা নির্দিষ্ট সময়কালে (সাধারণত এক বছর) একটি দেশের মধ্যে মোট উৎপাদিত এবং বিক্রি হওয়া পণ্য এবং পরিষেবার আর্থিক মূল্য। সুতরাং এটি একটি দেশের মানুষের আয় কিরকম তার একটা সামগ্রিক সূচকও বলা যেতে পারে। কিন্তু এই পরিমাপের বেশ কিছু সীমাবদ্ধতাও আছে। যেমন যে সমস্ত উৎপাদন ও কেনাবেচা বাজারের মাধ্যমে হচ্ছে, এটা শুধু সেই তথ্যগুলিকে অন্তর্ভুক্ত করতে পারে। দ্বিতীয়ত, এটা থেকে আয়ের বন্টন সম্পর্কে কোনকিছু জানা যায় না। অর্থাৎ জিডিপি বাড়ল মানে, সমাজের সকল স্তরের মানুষের আয় বেড়েছে, তা বলা যায় না। তৃতীয়ত, এখান থেকে কোনও ব্যবস্থার নেতিবাচক প্রভাব, যেমন দূষণ ইত্যাদি বিবেচনা করা যায় না।
ভারতের জিডিপি গণনা নিয়ে কিছু বিতর্ক
বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকেই জিডিপি গণনা পদ্ধতি নিয়ে কিছু বিতর্ক সামনে আসতে থাকে। জিডিপি গণনার জন্য মূলত আইআইপি (Index of Industrial Production) সিরিজ তথ্য ব্যবহার করা হতো। কিন্তু বিজেপি আসার পর ২০১৫ সাল থেকে গ্রহণ করা হচ্ছে এমসিএ ২১ (Ministry of Corporate Affairs) সিরিজ তথ্য। আরও বলা হয় যে এই সিরিজ আরও সঠিক এবং ২০১১-১২ সাল থেকেই শুধু পাওয়া যাবে। পরবর্তী কালে একটি কমিটি গঠন করা হয় যারা ২০১১-১২ সালের আগের বছরগুলিতে দেশের অর্থনীতির অবস্থা এই সিরিজের নিরিখে গণনা করবে। সেই কমিটির রিপোর্টে সামনে আসে যে ইউপিএ র সময়ে জিডিপি বৃদ্ধির হার এনডিএ-র চাইতে বেশি ছিল। ফলে এই রিপোর্ট সরকার বাতিল করে এবং নির্দেশ দেওয়া হয়, বিজেপির তৈরী নীতি আয়োগকে বিষয়টিকে দেখার জন্য। তাদের রিপোর্ট অনুযায়ী এনডিএ/বিজেপির আমলে জিডিপি বৃদ্ধির হার সবচেয়ে বেশী। সুতরাং জিডিপি গণনার মধ্যে যথেষ্ট রাজনৈতিক অভিসন্ধি আছে তা স্পষ্ট।
সম্প্রতি প্রিন্সটন ইউনিভার্সিটির ভিজিটিং অধ্যাপক অশোক মোদীর লেখা বই India is Broken থেকে আরও কিছু তথ্য সামনে এসেছে। যেমন ২০২০ থেকে ২০২২ এই তিন বছর ভারতের জিডিপি বৃদ্ধির গড় হার ছিল ৩.৫%। যা কিনা কোভিডের আগের বছর ২০১৯ এর প্রায় সমান। দ্বিতীয়ত, কোভিডের সময় ভারতের জিডিপি বৃদ্ধির হার শূন্যেরও নিচে নেমে যায়। (অর্থাৎ মোট জিডিপি আগের বছরের থেকে কম)। জিডিপি বৃদ্ধির হার যেহেতু আগের বছরের তুলনায় এই বছর কত শতাংশ বেড়েছে নির্ণয় করে, সুতরাং কোভিড পরবর্তী সময়ে বৃদ্ধির হার বেশি হওয়াটাই স্বাভাবিক, যদিও এই হার কতটা বজায় থাকবে ভবিষ্যতে তা যথেষ্ট সন্দেহজনক। তৃতীয়ত ওনার বই থেকে জানা যায় যে যদি বিইএ (BEA: US Bureau of Economic Affairs) নিয়ম মেনে জিডিপি গণনা করা যায়, তাহলে ভারতের বৃদ্ধির হার হয় মাত্র ৪.৫% (৭% থেকে ২.৫% কম)। প্রধানমন্ত্রী বিশ্বের কর্পোরেটদের সামনে নিজের মাহাত্ম্য জাহির করতে দাবী করেছেন আগামী পাঁচ বছরে ভারতের মোট জিডিপি পাঁচ ট্রিলিয়ন অতিক্রম করে যাবে, কিন্তু তা হতে গেলে জিডিপি বৃদ্ধির হার ১২% এরও বেশি হতে হবে, (বিশেষত যেখানে ডলারের তুলনায় টাকার অবমূল্যায়ন অব্যাহত), সুতরাং এই ধরনের দাবী যে নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে মানুষের মনে মোহ তৈরি করে রাখতে, তা বলাই বাহুল্য।
| স্থান | দেশ | মোট জিডিপি (ট্রিলিয়ন ডলার) | বৃদ্ধির হার | মাথাপিছু গড় জিডিপি (ডলারে) |
| ১ | আমেরিকা যুক্তরাষ্ট্র | ২৫.৪৬৩ | ২.০৬% | ৭৫,২৬৯ |
| ২ | চীন | ১৭.৯৬৩ | ২.৯৯% | ১২,৫৯৮ |
| ৩ | জাপান | ৪.২৩১ | ১.০৩% | ৩৪,১৩৫ |
| ৪ | জার্মানি | ৪.০৭২ | ১.৭৯% | ৪৮,৮৪৫ |
| ৫ | ভারত | ৩.৩৮৫ | ৭% | ২,৩৮৯ |
| ৬ | ব্রিটিশ যুক্তরাষ্ট্র | ৩.০৭১ | ৪.১% | ৪৫,৮৪৫ |
| ৭ | ফ্রান্স | ২.৭৮৩ | ২.৫৬% | ৪৩,০৬১ |
| ৮ | রাশিয়া | ২.২৪০ | -২.০৭% | ১৫,৪৮২ |
| ৯ | কানাডা | ২.১৪০ | ৩.৪% | ৫৫,৪৬৪ |
| ১০ | ইতালি | ২.০১ | ৩.৬৭% | ৩৪,০৪৩ |
জিডিপির বন্টন ও অসাম্য
মোট জিডিপির হিসাবে ভারতের স্থান বিশ্বে পঞ্চম। কিন্তু ভারতের জনসংখ্যাও বিশ্বে সর্বাধিক। সুতরাং দেখা যাক, মাথা পিছু গড় জিডিপির হিসাবে ভারতের অবস্থা ঠিক কি রকম। দেখা যাচ্ছে, মাথাপিছু গড় জিডিপি হিসেবে ভারতের অবস্থান, প্রধান অর্থনীতিগুলির মধ্যে সর্বনিম্ন। প্রকৃতপক্ষে, মাথাপিছু আয় হিসেবে ২০২২ এ ভারতের স্থান ছিল ১৪৯-তম (১৯৪-টি দেশের মধ্যে)। এখানেই শেষ নয়। অক্সফ্যাম এর ২০২১ রিপোর্ট অনুযায়ী ভারতের প্রথম ১% মানুষ প্রায় মোট সম্পদের ৪১%-এর মালিক, আর সর্বনিম্ন ৫০% মানুষ মাত্র ৩% সম্পদের মালিক। এবং এই আর্থিক বন্টনের অসাম্য ক্রমাগত বেড়ে চলেছে, বিশেষত ১৯৯১ সালের আর্থিক সংস্কারের পর থেকে। অর্থাৎ এটা পরিষ্কার জিডিপি বৃদ্ধির ফলে আয় বেড়েছে মূলত কর্পোরেট আর বড়লোকদের। আর শ্রমজীবী এবং মেহনতী মানুষদের ভাগ্যে সিকিটুকু জুটছে কিনা সন্দেহ। উপরন্তু ক্রমাগত দ্রব্যমূল্যবৃদ্ধির কারনে খরচা বেড়ে চলেছে বহুগুণ।
কর্মহীন অগ্রগতি
ভারতের অর্থনৈতিক অগ্রগতিকে অধ্যাপক অশোক মোদী বর্ণনা করেছেন কর্মহীন অগ্রগতি বলে। ভারতের বর্তমান কর্মসংস্থানের স্বরূপ এবার তবে একটু বুঝে নেওয়া যাক। প্রথমতঃ, ভারতের শিল্প ক্ষেত্রে কর্মসংস্থান আজ কার্যত স্থবির। বেশির ভাগ দেশ, যেগুলি উন্নত দেশ বলে বিবেচিত হয়, একটা সময়ে তারাও শিল্পক্ষেত্রে জনসংখ্যার একটা বড় অংশকে কর্মসংস্থান দিত। পূর্ব, দক্ষিন-পূর্ব এশিয়ার বেশিরভাগ দেশগুলির অর্থনৈতিক অগ্রগতি ঘটেছে শিল্পক্ষেত্রের হাত ধরে। যদিও এদের বেশিরভাগটাই নির্ভর করত শিল্পসামগ্রী রপ্তানির ওপর। কিন্তু ভারতের অর্থনীতি আজ শিল্পকে পাশ কাটিয়ে প্রবেশ করেছে পরিষেবা ক্ষেত্রে যেখানে সংগঠিত কর্মসংস্থান অনেক কম। বেশির ভাগ মানুষকে নির্ভর করতে হচ্ছে অসংগঠিত পরিষেবা ক্ষেত্রের ওপর যেখানে কাজের নিশ্চয়তা নেই। ঠিকা এবং অস্থায়ী কর্মসংস্থান, ভারতের অর্থনীতির এক প্রধান চরিত্র, যা ক্রমে আরো প্রকট হয়ে উঠেছে।
দ্বিতীয়ত, ভারতের প্রায় ১০% মানুষ সংগঠিত ক্ষেত্রে কাজ করেন, আর ৯০% মানুষ অসংগঠিত ক্ষেত্রে, অথচ মোট জিডিপির বেশিরভাগই আসছে সংগঠিত ক্ষেত্র থেকে। এটা স্পষ্ট যে, জিডিপি বৃদ্ধির ফলে আয়ের বৃদ্ধি ঘটেছে প্রধানত সমাজের এক ক্ষুদ্র অংশেরই (বড়লোক এবং মধ্যবিত্তের একাংশ)। এই বৃদ্ধি বেশির ভাগ সাধারণ মানুষের জীবনে কোন সুপ্রভাব আনতে ব্যর্থ।
তৃতীয়ত, অর্থনীতির আরেকটি গুণগত মাপকাঠি হলো, বেকারত্ব। কিন্তু দেখা যাচ্ছে ভারতের বেকারত্ব এখন চার দশকের মধ্যে সর্বাধিক। উপরন্তু দেশে শিক্ষিত বেকারের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। আইএলও (ILO: International Labor Organization) এর হিসেবে ভারতে শিক্ষিত বেকারের অংশ যা ২০০০ সালে ছিল ৩৫.২%, তা ২০২২ সালে বেড়ে হয়েছে ৬৫.৭%। দেশে যে হারে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, সেই হারে কর্মসংস্থান বৃদ্ধি হচ্ছে না, ফলে গত এক দশকে ভারতে প্রকৃত কোন নুতন কোন কর্মসংস্থান সৃষ্টি হয় নি। অর্থাৎ, ভারতের জিডিপি বাড়ছে ঠিকই, কিন্তু সাধারন মানুষের কাছে তা কর্মহীন অগ্রগতি ছাড়া আর কিছু নয়।
জিডিপির স্বার্থে পরিবেশ ধ্বংস
ভারতে কর্পোরেটদের অগ্রগতি আজ লাগামছাড়া। সরকার তাদের ক্রমাগত বিভিন্ন ছাড় দিয়ে চলেছে, আর তারা অবাধে লুঠ করে চলেছে দেশের প্রাকৃতিক সম্পদ। ওয়ার্ল্ড ব্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী ভারতে পরিবেশ ধ্বংসের মূল্য মোট জিডিপির ৫%-এরও বেশি। আর আজ এটা প্রতিষ্ঠিত যে পরিবেশ ধ্বংসের কুফল বড়লোকদের চাইতে গরীবদের ওপর অনেক বেশী। উদাহরণ স্বরূপ বলা যেতে পারে যে পরিবেশ দূষণ ও তার ক্ষতির কারনে শিশুমৃত্যুর হার গরীবদের মধ্যে বেশি। সুতরাং এটা বলা যেতে পারে যে এই তথাকথিত অর্থনৈতিক অগ্রগতি সামগ্রিকভাবে মানব জাতির কাছে অভিশাপ হয়ে উঠছে।
উপসংহার
জিডিপির দোহাই দিয়ে ভারত ১৯৯১ সাল থেকে গ্রহণ করেছে উদারনৈতিক অর্থনীতি বা উন্মুক্ত বাজারের মডেল যাতে বিশ্বের কর্পোরেটদের পক্ষে ভারতের বাজারে কেনাবেচা সহজতর হয়। পরবর্তী কালে ইউপিএ এবং এনডিএ দুই সরকারই ধীরে ধীরে আনতে থাকে কর্পোরেটদের ব্যবসার সুবিধা করার পলিসিগুলি। বিজেপি সরকারের সাম্প্রতিক কৃষি সম্পর্কিত পলিসিগুলি তার এক প্রকৃষ্ট উদাহরণ। অপরদিকে শ্রমজীবী মানুষদের দমিয়ে রাখতে চালু হয়েছে নুতন লেবার কোডগুলি। সম্প্রতি ইলেক্টোরাল বন্ডের তথ্য সামনে আসার পর আজ সরকার ও কর্পোরেটদের বন্ধুত্ব সবার সামনে পরিস্কার। পরিশেষে এটা অবশ্যই বলা যেতে পারে যে, ভারতের জিডিপি নিঃসন্দেহে বেড়েছে এবং মোট জিডিপির নিরিখে ভারত আজ বিশ্বের প্রধান দেশগুলির অন্যতম। কিন্তু এই জিডিপির বৃদ্ধির হার ঠিক কতটা তা নিশ্চিত করে বলা সম্ভব নয়, কারণ জিডিপি গণনার অনেকটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং সম্ভবত অতিরঞ্জিত। দ্বিতীয়ত জিডিপি বৃদ্ধির ফলে আর বেড়েছে মূলত কর্পোরেট মালিকশ্রেণী, বড়লোক এবং মধ্যবিত্তের একাংশের। গরিব ও মেহনতি মানুষের ভাগ্যে জুটেছে শুধুই অনিশ্চয়তা। এর সঙ্গে রয়েছে পরিবেশের বিনাশ। উৎপাদন পদ্ধতি এবং উৎপাদন সম্পর্কের বদল না হলে এই ব্যবস্থায় জিডিপি বৃদ্ধি সাধারন মানুষের সামনে মালিকপক্ষের তৈরী করা মরীচিকা ছাড়া অন্যকিছু হতে পারে না।
লেখাটি প্রকাশিত হয় আজাদ গণ মোর্চা-র মুখপত্র মাতৃভূমি পত্রিকার এপ্রিল ২০২৪ সংখ্যায়
কভার ফটো সৌজন্যে – https://www.statista.com/chart/31991/per-adult-pre-tax-national-income-shares-india/ [Retrieved On: 31/05/2024]

One thought on “ভারতের জিডিপি বৃদ্ধি: মিথ বনাম বাস্তবতা”