২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রাক্কালে দেশের রাজনীতি সরগরম হয়ে ওঠে ইলেক্টোরাল বন্ড নিয়ে। সাম্প্রতিক অতীতে যেসমস্ত দুর্নীতির সাক্ষী আমরা থেকেছি তার সবকটাকে ছাপিয়ে গেছে এই ইলেক্টোরাল বন্ড দুর্নীতি। যদিও সংসদীয় রাজনৈতিক দলগুলোর প্রায় সবকটাই কমবেশি এই বন্ড-দুর্নীতির অংশীদার হওয়ায় তারা কেউই এটা নিয়ে বিশেষ চীৎকার-চেঁচামেচি করছে না। তবে আমজনতাকে অবশ্যই জেনে নিতে হবে এই বন্ড কেলেঙ্কারির খুঁটিনাটি।
কি এই ইলেক্টোরাল বন্ড? ২০১৭ সালের ১-লা ফেব্রুয়ারি তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এই ইলেক্টোরাল বন্ডের ঘোষণা করেছিলেন। এটা হলো এক ধরনের বিশেষ কারেন্সি কাগজ, যেটা ব্যবহার করে যেকোনো ব্যক্তি বা কর্পোরেট সংস্থা যেকোনো রাজনৈতিক দলকে যেকোনো অঙ্কের টাকা অনুদান দিতে পারে, গোটা লেনদেনের বিষয়টাকে গোপনে রেখে। কিভাবে? সেই ব্যক্তি বা কর্পোরেট সংস্থাকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-তে (SBI) গিয়ে টাকার বিনিময়ে বন্ড কিনতে হবে; ১ হাজার টাকা থেকে শুরু করে ১ কোটি টাকা পর্যন্ত দামের ডিনোমিনেশানের ইলেক্টোরাল বন্ড কেনা যায়, যেখানে কতগুলো বন্ড কেনা যাবে তার কোনো উর্ধ্বসীমা নেই; কেনার পর সেই বন্ডটা বা বন্ডগুলো দিয়ে আসতে হবে নিজের পছন্দের রাজনৈতিক দলকে; আর সেই রাজনৈতিক দলগুলো বন্ড কেনার বা ইস্যু করার দিন থেকে শুরু করে ১৫ দিনের মধ্যে SBI-তে গিয়ে বন্ড ভাঙ্গিয়ে সম পরিমাণ টাকা তুলে আনতে পারবে। এরকম একটা ব্যবস্থা চালুর স্বপক্ষে বিজেপি সরকারের যুক্তি ছিল যে এই ধরনের একটা “স্বচ্ছ” ব্যবস্থা নগদ কালো টাকার লেনদেনের প্রবণতাকে খর্ব করবে এবং যেহেতু বন্ডের কাগজের উপরে শুধুমাত্র দুটো তথ্যই থাকবে – বন্ডের টাকার পরিমাণ আর বন্ড ইস্যু হওয়ার তারিখ – সেহেতু অনুদানকারীদের পরিচয় গোপন থাকবে, ফলে তাঁদেরকে কোনো প্রকার রাজনৈতিক হিংসার শিকার হতে হবে না।
যাইহোক, পরবর্তীকালে কিছু সাংবাদিকের তথ্যানুসন্ধানের প্রচেষ্টার মধ্যে দিয়ে জানা যায় যে বিজেপি সরকার মিথ্যে কথা বলেছে; কারণ বাস্তবে বন্ডের কাগজের উপর খোদাই করা থাকে একটা ইউনিক আলফানিউমেরিক কোড, যেটা খালি চোখে দেখা যায় না, কিন্তু আল্ট্রা ভায়োলেট বা অতিবেগুনী রশ্মির নিচে রাখলে দেখা যাবে। এই খবর প্রকাশ্যে আসার পর সরকার ও SBI উভয়েই এই কোডের অস্তিত্বের কথা স্বীকার করে নেয়। তারা এটাকে স্রেফ একটা “নিরাপত্তামূলক কোড” বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও বোঝা যায় যে এই কোডের মাধ্যমেই জানা যেতে পারে কোন ব্যক্তি বা কর্পোরেট সংস্থা ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে কোন রাজনৈতিক দলকে কত টাকা অনুদান দিয়েছে। বিশেষ করে শাসক দল বিজেপি-র লেনদেন সম্বন্ধে জানাটা বাকিদের পক্ষে অসুবিধেজনক হলেও, বিরোধী দলের ক্ষেত্রে সব তথ্য বিজেপি সহজেই জেনে নিতে পারে SBI-এর উপর চাপ সৃষ্টি করে, এবং সেইমতো বিভিন্ন ব্যক্তি বা কর্পোরেটের বিরুদ্ধে বিজেপি ব্যবস্থাও নিতে পারে! অর্থাৎ আমজনতার চোখের আড়ালে থাকা চূড়ান্ত অসাংবিধানিক এই ব্যবস্থাকে হাতিয়ার বানিয়ে বিজেপি সর্বদাই বিরোধীদের থেকে একধাপ এগিয়ে থাকবে! এমনকি এই বন্ড চালু করার আগে RBI-কে যখন এই ব্যবস্থাটার প্রস্তাব দিয়ে মতামত চেয়ে মাত্র পাঁচ দিনের সময় দেওয়া হয়, তখন RBI পর্যন্ত এই জঘন্য প্রস্তাবের বিরোধিতা করে। কিন্তু RBI-এর সেই বিরোধিতাকে আস্তাকুঁড়ে ছুঁড়ে ফেলে, ফ্যাসিবাদী কায়দায় রাজ্যসভা ও বিধানসভায় কৌশলে বিল পাশ করিয়ে নিয়ে এই প্রকল্প চালু করা হয়।
স্বাভাবিকভাবেই, এই ইলেক্টোরাল বন্ডে “স্বচ্ছতা”-র বদলে পাওয়া যায় একরাশ ধোঁয়াশা। সাম্প্রতিক সময়ে দেশের মধ্যে সর্ববৃহৎ এক দুর্নীতিতে পরিণত হয় এই প্রকল্প। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ২৭,০০০ কোটি টাকা খরচ করে, যা ছিল সমগ্র নির্বাচনী খরচের প্রায় ৪৫%। পৃথিবীর সবথেকে খরচাবহুল নির্বাচন ছিল এটা। এই নির্বাচনের আগে SBI-এর উপর চাপ সৃষ্টি করে মেয়াদ শেষ হয়ে যাওয়া বন্ডকে ভাঙ্গানোর বেআইনি ব্যবস্থাও করে কেন্দ্রের বিজেপি সরকার। ইলেক্টোরাল বন্ডের প্রথম রাউন্ডের সংগ্রহে দেখা যায় যে ৯৫% বন্ডই কেনা হয়েছে শাসক দল বিজেপি-র জন্য। তথ্য বলছে ২০১৭-১৮ থেকে ২০২১-২২ এই চার বছরের সময়সীমার মধ্যে ভারতের রাজনৈতিক দলগুলোতে ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে অনুদান বৃদ্ধি পেয়েছে ৭৪৩%। সময়ের সাথে দেখা গেল যে বন্ডের প্রায় ৯৫%-ই কেনা হয়েছে ১ কোটি টাকার ডিনোমিনেশানে। যেখানে দেশের ৮০% জনগণ যাঁদেরকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে, তাঁরা যে ১ কোটি টাকার ডিনোমিনেশানে ইলেক্টোরাল বন্ড কেনেননি, সেকথা বলাই বাহুল্য। অর্থাৎ এই বন্ডের ধোঁয়াশার আড়ালে আসলে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে বড় বড় পুঁজিপতি আর রাজনৈতিক দলগুলোর মধ্যে। বদলে এই পুঁজিপতিদের পাইয়ে দেওয়া হয়েছে বিভিন্ন প্রকল্প, তাদের স্বার্থ অনুযায়ী আনা হয়েছে কৃষি বিল, লেবার কোড, জাতীয় শিক্ষানীতি ২০২০ ইত্যাদি একাধিক জন-বিরোধী নীতির।
এমন নয় যে এই ইলেক্টোরাল বন্ড চালু হওয়ার আগে রাজনৈতিক দলগুলো কর্পোরেট অনুদান পেত না। কিন্তু সেক্ষেত্রে অনুদানের কিছু উর্ধ্বসীমা, কিছু নিয়মকানুন মেনে চলতে হতো, এবং সেই কর্পোরেট সংস্থাগুলোকেও নিজেদের আর্থিক হিসেবের খাতায় সেগুলো উল্লেখ করতে হতো। কিন্তু ইলেক্টোরাল বন্ডের ঘোষণার সাথে সাথে এই জাতীয় বিধিনিষেধ ও নিয়মগুলোকেও শিথিল করে দেওয়া হয়, যাতে কর্পোরেট সংস্থাগুলো এই ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে সম্পূর্ণ গোপনীয়তা অবলম্বন করে অবাধে অনুদান করে যেতে পারে, এবং সেইমতো দেশের বুনিয়াদি ক্ষেত্রে বিভিন্ন নীতি প্রণয়নে নিজেদের প্রভাব খাটাতে পারে। বন সংরক্ষণ আইনের সংযোজন ঘটিয়ে তাকে আরও শিথিল করে দিয়ে দেশের বনাঞ্চলের ২৮%-কে উচ্ছেদ করার রাস্তা পরিষ্কার করে দেওয়া হয়েছে। খনি ও খনিজ আইন ২০২৩-এর মাধ্যমে পুরনো আইনের সংযোজন ঘটিয়ে এমন অনেক পারমাণবিক খনিজ সম্পদ উত্তোলন ও নিলামের অনুমতি দেওয়া হয়েছে বেসরকারি পুঁজিপতিদের, যা আগে শুধুমাত্র সরকারি সংস্থার হাতেই থাকতো। আর এসবের মাঝে, “গণতন্ত্রের জননী” তথা “বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রে” বসবাসকারী জনগণের কোনো অধিকারই ছিল না এই কথা জানার যে রাজনৈতিক দলগুলো ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে কত টাকা অনুদান পাচ্ছে!
তবে দীর্ঘ পাঁচ বছরের আইনি লড়াইয়ের পর গত ১৫-ই ফেব্রুয়ারি ২০২৪ তারিখে সুপ্রিম কোর্ট পর্যন্ত জানাতে বাধ্য হয় যে এই প্রকল্প অসাংবিধানিক, এবং SBI যেন এই বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য প্রকাশ্যে আনে; যদিও সম্পূর্ণ তথ্য প্রকাশের আগে অবধি দেশের জনগণকে SBI-এর অজস্র নাটকের সম্মুখীন হতে হয়। বিজেপি-ও তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করে যায় জনগণের দৃষ্টিকে বন্ড দুর্নীতি থেকে কখনও CAA-এর দিকে, তো কখনও কেজরিওয়াল-এর গ্রেপ্তারির দিকে ঘুরিয়ে দিতে। কিন্তু যেসমস্ত সংবাদমাধ্যম এখনও শাসক দলের কাছে নিজেদের বিকিয়ে দেয়নি তাদের দৌলতে আমরা শেষ পর্যন্ত জানতে পারি যে ২০১৯ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের জানুয়ারি মাসের মধ্যে কেনা ১২,৭৬৯ কোটি টাকার ইলেক্টোরাল বন্ডের মধ্যে ৬০৬০ কোটি টাকাই (৪৭.৫%) পেয়েছে বিজেপি। আর এই বিষয়ে সবাইকে অবাক করে দিয়ে গোটা ভারতের মধ্যে বিজেপি-র পরেই দ্বিতীয় স্থান দখল করেছে আমাদের “মা-মাটি-মানুষ” এর তৃণমূল সরকার। ১৬০৯ কোটি টাকার অনুদান পেয়ে এই আঞ্চলিক দল ১৪২২ কোটি টাকা পাওয়া জাতীয় দল কংগ্রেসকেও টেক্কা দিয়ে দিয়েছে! আর এই খেলায় কিছু বামপন্থী দল বাদ দিয়ে মোটামুটি সমস্ত দলই সামিল ছিল; তাই আসন্ন লোকসভা নির্বাচনের আগে তারা কেউই এই বিষয়ে বিশেষ হৈ-হল্লা করতে আগ্রহী নয়! এমনকি বামপন্থী দলগুলোও খুব একটা সরব হতে পারছে না, কারণ ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে না নিলেও, এমন নয় যে তারা কর্পোরেট অনুদান নেয় না!
কোন দল কত অনুদান পেয়েছে সেটার থেকেও আরও গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সামনে এসেছে তার মধ্যে অন্যতম হলো কর্পোরেট অনুদানের বদলে কেন্দ্র বা রাজ্য সরকার কর্তৃক তাদের স্বার্থ রক্ষাকারী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা। বহুজাতিক খনন সংস্থা বেদান্ত – মধ্য ভারতে আদিবাসী সম্প্রদায়ের জল-জঙ্গল-জমি লুঠের এক অন্যতম কারিগর – বিগত পাঁচ বছরে বিভিন্ন রাজনৈতিক দলকে ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে ৪৫৭ কোটি টাকা অনুদান দিয়েছে, আর তার বদলে পেয়েছে গোয়া, ওড়িশা, ছত্তিসগড়-এর মতো রাজ্যে খনিজ সম্পদ খননের অনুমতি। মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড-এর মতো কোম্পানি ১৪০ কোটি টাকা অনুদানের বিনিময়ে তার ১০০-গুণ অর্থাৎ ১৪০০০ কোটি টাকার টানেল-প্রোজেক্টের বরাত পেয়েছে। একইভাবে, ৩৭৭ কোটি টাকা অনুদানের বদলে কয়লা খননের বরাত পায় হলদিয়া এনার্জি লিমিটেড। তবে শাসকদল বিজেপি-র সীমাহীন নির্লজ্জতার আসল পরিচয় পেতে গেলে আরেকটা বিষয়ের দিকে নজর দিতে হবে। বন্ড-সংক্রান্ত সমস্ত তথ্য বিশ্লেষণ করে এমন অসংখ্য কর্পোরেট সংস্থার হদিশ পাওয়া গেছে যারা শুরুর দিকে নিজে থেকে বন্ড না কিনলেও, হঠাৎ করে সেইসব সংস্থাকে লক্ষ্য করে সরকার তাদের পিছনে ED, CBI লেলিয়ে দিয়ে বিভিন্ন তদন্ত শুরু করলে তারা বন্ড কেনা শুরু করে, যাতে তাদের বিরুদ্ধে শুরু হওয়া তদন্ত বন্ধ হয়ে যায়! অর্থাৎ গোদা বাংলায় বললে ED, CBI-কে হাতিয়ার বানিয়ে ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে এক প্রকার অবাধ তোলাবাজি চালিয়েছে “চৌকিদার”, “না খায়ুঙ্গা, না খানে দুঙ্গা” ইত্যাদি বাতেলা দেওয়া বিজেপি সরকার।
অসাংবিধানিক ঘোষণা হলেও এতদিন ধরে এই বন্ডের মাধ্যমে পাওয়া টাকা এই ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও ঢালাও ব্যবহৃত হচ্ছে ও হবে। এটাকে আটকানোর কোনও উপায়ই সুপ্রিম কোর্ট বলে দিতে পারবে না। বরং, এই প্রশ্ন করাই যায় যে এই বন্ডকে অসাংবিধানিক ঘোষণা করতে এত দেরি হলো কেন? পাঁচ বছর আগে থেকেই এগুলো নিয়ে বিভিন্ন RTI অ্যাক্টিভিস্ট ও সাংবাদিকরা প্রশ্ন তুললেও, মোদী সরকার যে এই বন্ড প্রকল্পকে ঘিরে RBI, ইলেকশান কমিশন থেকে শুরু করে সংসদে বিরোধী পক্ষ সকলকেই একের পর এক মিথ্যে বলে চলেছে সেটা স্পষ্ট করে দেখিয়ে দেওয়ার পরেও কেন পাঁচ বছর অপেক্ষা করতে হলো? কেন ২০২৪ এর নির্বাচনের ঠিক আগে আগে পর্যন্ত এই বিষয়টা গড়াতে দেওয়া হলো? সুপ্রিম কোর্টের এই রায় কি তাহলে আসলে শাক দিয়ে মাছ ঢাকার একটা চেষ্টা? সাম্প্রতিক অতীতে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় শাসক দল বিজেপির স্বার্থ অনুযায়ী রায় দিয়ে সুপ্রিম কোর্ট বারেবারে বিতর্কের সম্মুখীন হয়েছে। গণতন্ত্রের এক স্তম্ভ এই বিচারব্যবস্থা থেকে আমজনতার আস্থা উঠে যেতে বসেছে। এমন অবস্থায় ইলেক্টোরাল বন্ড ইস্যুতে এই রায় দিয়ে সুপ্রিম কোর্ট কি তাহলে সেই আস্থা কিছুটা উদ্ধারের চেষ্টা করল মাত্র? আশা করা যায় এই সমস্ত প্রশ্নের উত্তর অদূর ভবিষ্যতেই খুঁজে পাওয়া যাবে।
লেখাটি প্রকাশিত হয় আজাদ গণ মোর্চা-র মুখপত্র মাতৃভূমি পত্রিকার এপ্রিল ২০২৪ সংখ্যায়
কভার ফটো সৌজন্যে – https://www.livelaw.in/articles/a-fillip-to-democracy-supreme-courts-electoral-bonds-case-verdict-249803 [Retrieved On: 14/05/2024]
