উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত বসিরহাট সাব ডিভিশনের সিডি ব্লকের অন্তর্গত সন্দেশখালি ১ ও ২ নম্বর অঞ্চল। অনেকগুলি নদী দ্বারা পরিবেষ্টিত সন্দেশখালি দ্বীপটি সুন্দরবনেরই একটি অংশ যা বঙ্গোপসাগরের প্রবেশদ্বারে অবস্থিত। অঞ্চলটি প্রধানত আদিবাসী অধ্যুষিত, এর মধ্যে ওরাও, সাঁওতাল ও মুন্ডা শ্রেণীর লোকের বসবাস বেশি। অঞ্চলটিতে সত্তর শতাংশ হিন্দু ধর্মের ও তিরিশ শতাংশ মুসলমান ধর্মের লোকজনের বাস। এর দুই দিক থেকে বয়ে চলেছে বিদ্যেধরী, রায়মঙ্গল, কালিন্দী নদী। এটি একটি জলাভূমি অঞ্চল এবং অঞ্চলটি অনেকগুলি আধা শহর (semi urban) যেমন হিঙ্গলগঞ্জ, বাসন্তী, গোসাবা প্রভৃতি দ্বারা পরিবৃত্ত। এলাকার প্রাচীন লোকেরা বলে থাকেন ইংরেজ আমলে ব্রিটিশরা নীল চাষের মাধ্যমে মুনাফা লাভের জন্য ম্যানগ্রোভ বনাঞ্চল পরিষ্কার করে সন্দেশখালি, জেলিয়াখালী, ধামাখালি প্রভৃতি অঞ্চল সৃষ্টি করেছিল।
শান্ত নিরউপদ্রব সন্দেশখালি হঠাৎ অশান্ত হয়ে উঠল কেন?
বর্তমান রাজ্য সরকারের পাহাড় প্রমাণ দুর্নীতির নতুন একটি অধ্যায় হলো রেশন দুর্নীতি। প্রাক্তন খাদ্য মন্ত্রী গ্রেপ্তার হওয়ার পর রেশন দুর্নীতিতে জড়িত শেখ শাহজাহানের নাম উঠে আসে। ED অফিসাররা তার বাড়িতে তল্লাশি চালাতে গেলে, শেখ শাহজাহানের দলবল ED আধিকারিকদের ওপর চড়াও হয় এবং তাদের মারধর করে ও তাদের গাড়ির কাঁচ ভেঙে দেয়। ফলে ED আধিকারিকরা তাদের কাজ না করতে পেরে ফিরে আসে। এবং এখান থেকেই শুরু হয় প্রকৃত ঘটনার সূত্রপাত। এই ঘটনার রেশ ধরেই প্রায় মাসখানেক পর এলাকার সাধারণ মানুষ, যার বেশিরভাগটাই স্থানীয় মহিলা, এর প্রতিবাদ জানায় এবং রাস্তায় নেমে আসে। জাতি ধর্ম নির্বিশেষে গৃহবধূ, কম বয়সি মহিলা, বয়স্ক মহিলা সোচ্চারে তৃণমূল বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান, এবং শাহজাহান আর তার দলবলের গ্রেপ্তারির দাবি জানান। এর মধ্যে সবকিছু ছাপিয়ে উঠে আসে নারী নির্যাতনের এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। সাধারণ মানুষের (মহিলা) রাস্তায় নেমে এমন প্রতিবাদ সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গবাসী দেখেনি। সারা দেশের কাছে এ এখন এক দৃষ্টান্ত স্বরপ। তারা পুলিশ, স্থানীয় নেতা প্রত্যেকের কাছে দোষীদের গ্রেপ্তারের দাবি জানাতে থাকে। কোথাও কোথাও তাদের প্রতিবাদের ফলস্বরুপ শাসকদলের নেতাদের বাড়ি জ্বলতে থাকে, কোথাও কোথাও আবার সেই সব বাড়ি ভেঙেও দেয়া হয়। জনগণের জমিতে তৈরি হওয়া পার্টি অফিস নিমেষে ধূলিসাৎ হয়ে যায়। সাধারণ মহিলাদের এই ব্যাপক প্রতিবাদে সারাদেশ স্তম্ভিত হয়ে যায়।
কিন্তু কেন ও কাদের উপর এই জনরোষ?
মহিলাদের সম্মানহানি, শ্লীলতাহানি, গণধর্ষণ প্রভৃতির বিরুদ্ধে দীর্ঘদিনের জমে থাকা অভিযোগ সজোরে বেরিয়ে আসে। মহিলারা জানান রাতে তাদের মিটিং এর নামে ডেকে, তৃণমূল পার্টি অফিসে তাদের সাথে খারাপ আচরণ করা হতো। স্থানীয় ব্যক্তিরা অভিযোগ করেন তারা যেতে না চাইলে তাদের বাড়ির পুরুষদের ধরে মারধর করা হয় অথবা জোর করে আটকে রাখা হয়। এই অত্যাচারের মাথা হিসেবে শিবপ্রসাদ হাজরা, শাহজাহান শেখ, উত্তম সর্দার প্রভৃতির নাম সামনে আসে। এখানে একটি ব্যাপার লক্ষণীয় যে উপরোক্ত নামগুলির কোনোটিই কিন্তু কোনো বিশেষ জাতি বা সম্প্রদায়ভুক্ত লোকজনের অন্তর্ভুক্ত নয়। যদিও কেন্দ্রীয় সরকার প্রথম থেকেই এটিকে একটি ধর্মীয় রং দেওয়ার চেষ্টা করেন। তার উদাহরণ পাওয়া যায় যখন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি তার ভাষণে বলেন যে “mass rape of Bengali Hindu women”, আবার কখনো বলেন যে “এই হিংসার শিকার অল্প বয়সী বিবাহিত হিন্দু নারীরা”। অর্থাৎ কেন্দ্রীয় সরকার এটিকে যতই একটি ধর্মীয় সম্প্রদায়ের রং দিয়ে দাগিয়ে দেবার চেষ্টা করুক, আসলে কিন্তু এটি ছিল মা-বোনেদের স্বতঃস্ফূর্ত জনরোষ, যা আছড়ে পড়েছে পুলিশ আধিকারিকদের সামনেও, বাড়ির মা বোনেরা রেয়াত করেনি পুলিশের হুমকি বা লাঠির শাসনকে।
কিন্তু কে এই শাহজাহান শেখ?
শাহজাহানের জন্ম এক অতি দরিদ্র পরিবারে। ২০০৬ সালে সে সিপিএমের হাত ধরে রাজনীতিতে যোগ দেয়। CPIM নেতা এবং সন্দেশখালির তৎকালীন বাহুবলী মোসলেম শেখের ঘনিষ্ঠ হয়ে ওঠে শাহজাহান। তার হয়ে তোলা আদায়, ভোটে রিগিং করা ইত্যাদির মধ্য দিয়ে শাহজাহান পরিচিতি পেতে শুরু করে। তারপর মাছের ব্যবসা এবং জমির কারবারে হাত লাগায় সে। ২০১৩ সাল অবধি শাহজাহান সিপিএম-এ ছিল। তারপর সে বোঝে যে দাদাগিরি চালাতে গেলে শাসক দলের ছত্রছায়ায় থাকা আবশ্যক। জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে তৃণমূলে যোগ দেয় সে।
সাধারণ মানুষের পেটের ভাত মারতে চায় শাসক দল –
সন্দেশখালি কাণ্ডে অভিযুক্ত উত্তম সর্দার মাছ চাষের জন্য সাধারণ মানুষকে জোর করে জমি দিতে বাধ্য করত। না দিলে উত্তমের দলবল প্রথমে তাকে ভয় দেখাতো, পরে পার্টি অফিসে ডেকে পাঠাতো এবং শুরু হতো নানা ধরনের অত্যাচার। সেই কৃষক তখন বাধ্য হতো জমির কাগজে সই করতে। অবশ্যই সেই কৃষককে জমি বিক্রির যে যে শর্ত শোনানো হতো কার্যক্ষেত্রে গিয়ে দেখা যেত সেই শর্ত একটিও বাস্তবের সঙ্গে মিলছে না, অর্থাৎ কাগজে শর্ত অনুযায়ী সে টাকা চাইতে গেলে তাকে তো টাকা দেওয়াই হতো না, উপরন্ত তার কপালে জুটত বেধড়ক মার। ফলস্বরুপ ছোট কৃষক জমি হারিয়ে, না খেতে পেয়ে ভিন রাজ্যের শ্রমিক হতে বাধ্য হতো। এ তো গেল যিনি জমি দিয়েছেন তার অবস্থার কথা। কিন্তু যে কৃষক মনের জোর অটুট রেখে তার জমিটি দেননি তার জমিতে তখন উত্তম ও শাহজাহানের দলবল ঢুকিয়ে দিত নোনা জল। নোনা জলে জমির উর্বরতা নষ্ট হয়ে যেত। কোনও কোনও ক্ষেত্রে সেই নোনা জল ঢুকিয়ে দিয়ে জমি নষ্ট হয়ে গেলে, সেখানে উত্তম ও তার দলবল ভেড়ি বানিয়ে নিত। সন্দেশখালীর এলাকার কর্ণখালি হোক বা পুকুরপাড়া, পাত্রপাড়া অথবা কলোনি পাড়া – যে পাড়াই হোক না কেন সব জায়গার একই অভিযোগ – যার বিরুদ্ধে অভিযোগ পুলিশের কাছে গেলে, বিচারের জন্য তার কাছে ফেরত পাঠানো হতো। পুলিশ যে লাঠি দিয়ে পেটায় সেটাও অনেক সময় শাহজাহানের লোকজনের হাতে দেখা যেত । কেউ “শাসন না মানলে” তাকে ওই লাঠি দিয়েই চরম শাস্তি দেওয়া হতো। শিবু হাজরা যে ৭০০ বিঘা ভেড়ি বানিয়েছে, তা ভাঙ্গা তুষখালী গ্রামের বৈদ্যপাড়া অঞ্চলের কাছাকাছি। সেখানে যে মুসলিম পরিবারগুলি আছে সেই মুসলিম পরিবারের জমি আত্মসাৎ করেই শিবু তার এই সাম্রাজ্য বানিয়ে রেখেছে। এরকম অনেক দৃষ্টান্ত পাওয়া যাবে সন্দেশখালির আনাচে-কানাচে, যেখানে দেখা গেছে আগে যে জমিটি উর্বর কৃষিজমি ছিল বর্তমানে তা ভেড়িতে পরিণত হয়েছে। অঞ্চলটির ভৌগোলিক সীমানা নির্দেশ করে যে এই অঞ্চলের পাশ দিয়ে অনেক খাল বয়ে গেছে। ফলত সেই সব খাল প্রত্যক্ষভাবেই হোক আর পরোক্ষভাবেই হোক এলাকাবাসীর দৈনন্দিন রোজকারের একটি পন্থা হয়ে দাঁড়িয়েছে – মাছ ধরা অন্যান্য জলজ প্রাণী খাল থেকে তুলে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করা ইত্যাদির মাধ্যমে সাধারণ মানুষ জীবিকা নির্বাহ করত। খালগুলিকে ভেড়ির সাথে যুক্ত করার ফলে এলাকাবাসীর সেই জীবিকা নির্বাহের পন্থাও শেষ হয়ে গেছে। শেখ শাহজাহানের আরেক সাকরেদ শিবু হাজরা প্রায় চারশত বিঘা কৃষি জমিকে ভেড়িতে পরিণত করেছে, জমির মালিকরা জমি দিতে না চাইলে জোর করে বাধ্য করা হয়েছে। শাসক দলের প্রত্যক্ষ মদতপুষ্ট শিবু, উত্তম, শাহজাহানেরা পাকা রাস্তা ভেঙে তার তলা দিয়ে পাইপে করে খালের জল ঢুকিয়েছে ভেড়িতে। ফলে বর্ষাকালে খালের জল বর্ষার জলে বাড়ন্ত হলে পাশের এলাকাগুলি প্লাবিত করে সাধারণ মানুষের দুর্দশা আরো অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। জমি হারিয়ে রোজগারের পন্থা খুঁজে না পেয়ে তখন সাধারণ মানুষ পশ্চিমবঙ্গে ছেড়ে চলেছে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে তার পেটের ভাত জোগাড় করতে।
সন্দেশখালিতে পরিবেশও আজ বিপন্ন –
নোনা জল অধ্যুষিত অঞ্চল এমনিতেই মাটিকে লবণাক্ত করে তোলে, ফলে সন্দেশখালি অঞ্চলের গ্রামগুলির মাটি এমনিতেই তাদের স্বাভাবিক চরিত্র হারিয়ে ফেলেছে। কৃষি জমিতে নোনা জল ঢোকানোর ফলে একদিকে সাধারণ কৃষি কাজ যেমন বিপন্ন হয়েছে অপরদিকে তেমনি সেই লবণাক্ত মাটিতে বাগদা চিংড়ি চাষ করার ফলে এবং তার রমরমা বৃদ্ধির ফলে মাটির তলায় শুরু হয়েছে রসায়নিক দূষণ। কৃষিকাজ হারানো এই অঞ্চলের মানুষের যেমন পেটে টান পড়েছে তেমনভাবেই কৃষিকাজ হারানো অপারদর্শী চাষীকে করতে হয়েছে চিংড়ির ফলন, ফলে খাদ্য সংকট বেড়েই চলেছে।
সন্দেশখালি নিয়ে রাজনীতি ও আমাদের করণীয়?
সন্দেশখালির ঘটনা নিয়ে শাসক ও বিরোধীগোষ্ঠী যেভাবে রাজনীতি করার বাসনায় মাঠে নেমে পড়েছে তাতে একটা জিনিস সবাই ভুলে যাচ্ছে যে সারা পশ্চিমবঙ্গই আজ সন্দেশখালি। কিন্তু অন্যান্য অঞ্চলের সঙ্গে সন্দেশখালির তফাত হল শাহজাহান শেখকে ইডি অফিসাররা ধরতে ব্যর্থ হবার কিছুদিন পর থেকে অঞ্চলের সাধারণ মহিলারা যেভাবে শাসক দলের বিরুদ্ধে লাঠি, বাঁশ নিয়ে থানা অবরোধ করে, রাস্তা অবরোধ করে, শাসকদলের নেতা সহ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধাচারণ করে অসাধু ব্যবসায়ী, মূলত শাসক দলের নেতাদের বাড়ি পোল্ট্রি ভেঙে দিয়ে পার্টি অফিস ভাঙচুর করে যে প্রতিবাদ ও প্রতিরোধ দেখিয়েছেন তা এক কথায় নজিরবিহীন। সাধারণ মা-বোনেরা রাজ্য সরকারের কাজে বিরোধিতা করে এই প্রশ্নই তুলে দিয়ে গেছেন যে নারীদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলার দিন শেষ হয়ে এসেছে। শাসকের মুখের উপর জবাব দেবার জন্য সেখানকার জনগণকে কুর্নিশ জানাই। আমাদের করণীয় হলো সাধারণ মানুষের এই যে প্রতিবাদ ও প্রতিরোধের আগুন, সেটিকে জ্বালিয়ে রাখা এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়তে যে কোন মূল্যে যে যেরকম অবস্থাতেই থাকুক না কেন প্রতিবাদ ও প্রতিরোধ চালিয়ে যাওয়া।
লেখাটি প্রকাশিত হয় আজাদ গণ মোর্চা-র মুখপত্র মাতৃভূমি পত্রিকার এপ্রিল ২০২৪ সংখ্যায়
কভার ফটো সৌজন্যে – https://theprint.in/opinion/sandeshkhali-protest-is-not-tmc-vs-bjp-its-the-arrival-of-sc-st-women-to-the-mainstream/1982821/ [Retrieved On: 17/04/2024]
