আসন্ন লোকসভা নির্বাচন – কিছু কথা

এবারের লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। প্রতিদ্বন্দ্বী সব দল রাস্তায় নেমে পড়েছে। শাসক দল বিজেপি দেশে পুরোদস্তুর ফ্যাসিবাদ কায়েম ও হিন্দু রাষ্ট্র ঘোষণার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে। সর্বস্তরে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, লোকের কর্মহীনতা, আয় ও সঞ্চয়হীনতা, ব্যাপক দুর্নীতি, করের বোঝা, খুচরা ব্যবসার সর্বনাশ, শিক্ষাহীনতা, দেশের জনগণকে প্রতিদিন বিভিন্ন কার্ড ও লিংকের নামে দৌড় করানো, নির্বাচনী বন্ডের নাম করে পিছনের দরজা দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করা, এনআরসি-এনপিআর-সিএএ’র নামে গরীব মানুষকে অধিকারহীন জনতায় পরিণত করার চক্রান্ত, সংসদীয় বিরোধী দলগুলোর পিছনে ইডি, সিবিআই লেলিয়ে দেওয়া ও বিরোধী নেতাদের গ্রেফতার করা, ইত্যাদি অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়ে হিন্দুত্বের একমাত্র ও অদ্বিতীয় চ্যাম্পিয়ন নরেন্দ্র মোদী দেশময় দৌড়ে বেড়াচ্ছেন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবার স্বপ্নে। তার রাজবেশ ও রাজদণ্ড ধারণ, নিজেই নিজেকে ঈশ্বরের বরপুত্র ঘোষণা করা, রামের প্রাণ প্রতিষ্ঠা (!) করা প্রভৃতির মধ্যে দিয়ে নিজের এক সুপারম্যান ইমেজ তৈরি করে চলেছেন। ভোট পাওয়ার লক্ষ্যে নিজের নাম করে প্রতিশ্রুতি পূরণের গ্যারান্টি দিচ্ছেন, সেই গ্যারান্টি নিয়ে জনগণের সন্দেহ দূর করবার জন্য গ্যারান্টির আবার গ্যারান্টি বিলিয়ে চলেছেন। ক্ষমতার মদগর্বে গর্বিত এক মধ্যযুগীয় সামন্ত প্রভুকে কে প্রশ্ন করবেন যে ২০১৪ এবং ২০১৯ সালে জনগণের জন্য যেসব গ্যারান্টিগুলি বিলিয়ে ছিলেন, সেগুলির কি হলো! একটাও তো পূরণ হয়নি! কার ঘাড়ে কটা মাথা আছে! এই সামন্ততান্ত্রিক দেশে ধর্মের নামে,জাতের নামে, বর্ণের নামে ভোট করিয়ে সামন্তপ্রভুরাই তো এত বছর দেশ শাসন করে গেছে।

এবার আবার কিছু সংসদীয় বিরোধী দল একজোট হয়েছে মোদীর বিরুদ্ধে। সেই জোটের নাম হয়েছে ‘ইন্ডিয়া’! সেই জোট আদৌ আছে কি নেই, দীর্ঘদিন ধরে এই ধন্দে থাকার পর দেখা গেল উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খন্ড, দিল্লি, পাঞ্জাব, তামিলনাড়ুতে তা সত্যিই জোটে পৌঁছাতে পেরেছে। বাংলা ও কেরালা অবশ্যই ব্যতিক্রম। কারণ বাংলা ও কেরালায় যে দুটি দল ক্ষমতায় আছে, তৃণমূল ও সিপিএম, তারা আদ্যপান্ত ফ্যাসিস্ট। ফ্যাসিবাদ চায় একচেটিয়া ক্ষমতা। তা অন্য ফ্যাসিস্টদের সাথে ক্ষমতা ভাগাভাগি করতে রাজি নয়।

আমরা সকলেই সত্তর দশকের ইন্দিরা স্বৈরাচার ও কংগ্রেসের ফ্যাসিবাদী সন্ত্রাসের কথা জানি। সত্তর দশকে প্রতিবাদী জনগণের রক্তগঙ্গা বইয়ে দেবার ইতিহাস আমরা কখনো ভুলিনি। আশির দশকে দিল্লি, ভাগলপুর, হাসিমপুরায় শিখ ও মুসলিম বিরোধী গণহত্যার রক্তের দাগ কংগ্রেস কখনোই নিজেদের হাত থেকে তুলতে পারবে না। তবে কংগ্রেসের সে জমানা গেছে। এককালে লগ্নিপুজিঁর সবচেয়ে প্রত্যক্ষ সন্ত্রাসমূলক শাসন সবচেয়ে ভালোভাবে চালিয়ে নিয়ে গেছে। এখন তা আরও উগ্রভাবে চালাচ্ছে বিজেপি। এই হিন্দুত্ব ফ্যাসিস্টরাই এখন কর্পোরেটদের চোখের মনি। এখন যে হিসাব সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে নির্বাচনী বন্ডের নামে কোটি কোটি টাকা ফাটকা ব্যবসায়ীরা বিজেপিকে ঢেলে দিয়েছে।

দীর্ঘদিন ধরেই কংগ্রেস দল রক্তাল্পতায় ভুগছে। কংগ্রেসের কোন সর্বভারতীয় মুখই ছিল না। এখন দেখা যাচ্ছে ধাক্কা খেতে খেতে কংগ্রেসের নবীন মুখ রাহুল গান্ধী অনেক পোক্ত হয়েছেন। ভালো বক্তব্য রাখতে শিখেছেন। মিটিং মিছিলে যথেষ্ট লোকও জড়ো করতে পারছেন। কর্পোরেটদের ও মিডিয়ার নজরও নিজেদের দিকে কিছু ঘোরাতে পারছেন। উদারতাবাদী প্রতিবাদী বুদ্ধিজীবীরাও রাহুলের মধ্যে গণতন্ত্রের আশা (পড়ুন মরিচীকা!) খুঁজে পাচ্ছেন। রাহুল হিন্দু ভোট পাওয়ার আশায় বিজেপির সাথে হিন্দুত্বের কম্পিটিশন করছেন। এককথায় রাহুল গান্ধী নরম হিন্দুত্বের প্রতিনিধিত্ব করছেন। যদিও আর্থিক নীতি থেকে কৃষি নীতি, শিক্ষানীতি থেকে শ্রম নীতি, আভ্যন্তরীণ স্বরাষ্ট্র নীতি থেকে বিদেশ নীতি, কমিশনের বিনিময়ে কর্পোরেটদের নির্লজ্জ দালালি, দমনমূলক আইন কানুনের যথেচ্ছ প্রয়োগ, জনগণের কন্ঠরোধ ও দমনপীড়ন – এরকম প্রত্যেকটা বিষয়ে ধরে ধরে দেখলে বিজেপি বা কংগ্রেস, তৃণমূল বা সিপিএম সহ ভারতের প্রত্যেকটা সংসদীয় দল, যারা কোনো না কোনো সময় কেন্দ্রে অথবা কোন রাজ্যে ক্ষমতায় থেকেছে বা আছে; তারা প্রত্যেকেটার মধ্যে গুণগত কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায় না। পরিমাণগত বা সন্ত্রাসের মাত্রাগত পার্থক্য অবশ্যই আছে। তাই প্রতিবাদী জনগণ হিন্দুত্ব ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শাসক শ্রেণীর অন্যান্য ফ্যাসিস্ট দলগুলি থেকে বিশেষ কোনো সুবিধা পাচ্ছে না।

এবার আমরা বাংলার দিকে তাকাই। এখানে নরম উদারপন্থী বুদ্ধিজীবীরা ফ্যাসিস্ট বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মমতার শাসনে ‘গণতন্ত্র’ খুঁজে পান! কেউ কেউ অবশ্য আরো বেশি কিছুও পান! কার্যক্ষেত্রে তীব্র মুসলিম বিদ্বেষী প্রচারটা বাদ দিলে মমতা আর মোদীর মধ্যে কোন পার্থক্য খুঁজে পাওয়া যায় না। মাত্র একটা রাজ্যে ক্ষমতায় থাকা তৃণমূলের নাম নির্বাচনী বন্ড কেলেঙ্কারীতে দ্বিতীয় স্হানে আছে। তৃণমূলের নির্লজ্জ কর্পোরেট দালালি, জনগণের গলা টিপে ধরা, প্রতিবাদীদের পিছনে পুলিশ লেলিয়ে দিয়ে সন্ত্রাস চালানো দেখলে আমাদের মাঝে মাঝে ধন্দে পড়ে যেতে হয় যে বাংলার জনগণের ওপর কে বেশী অত্যাচার চালাচ্ছে – সারা দেশে মুসলিম বিদ্বেষের জিগির তোলা ও হিন্দু-হিন্দি-হিন্দুস্তানের স্বপ্ন বাস্তবায়িত করা ঘোষিত ফ্যাসিস্ট বিজেপি, নাকি এই চুনোপুটি ফ্যাসিস্ট তৃণমূল! তৃণমূলের শাসন মানে অভিষেক ব্যানার্জী, পার্থ চ্যাটার্জী, শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মন্ডলদের মতো লুম্পেনদের সন্ত্রাসী শাসন। এদের ওপর তিতিবিরক্ত হয়ে বাংলার জনগণের একটা বড় অংশ আজ বিজেপির হিন্দুত্ব ফ্যাসিবাদের পাতা ফাঁদে পা দিয়ে ফেলেছে। ভোটের সময় দুই দলের মধ্যে দলবদল দেখে বোঝা মুশকিল কে কখন হিন্দুত্ব ফ্যাসিবাদী হচ্ছেন, আর কে কখন ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের গণতন্ত্রের নির্ভীক যোদ্ধা হচ্ছেন!

বাংলার আর্থিক অবস্থা বাকি ভারতের থেকে ভালো তো নয়ই , বরং আরো খারাপ। কোন শিল্প নেই, কারুর হাতে কাজ নেই। বেকার যুবকরা বাংলার গ্রামে থাকে না। তারা কাজের খোঁজে ভিন্ রাজ্যে কিম্বা আরবে পাড়ি দেয়। উচ্চ শিক্ষিত যুবকরা সব ইউরোপ আমেরিকার উন্নত দেশে। অধিকাংশ জনগণ প্রায় নিঃস্ব। সিপিএম আমলে শহরগুলোতে পাড়ায় পাড়ায় প্রমোটার ও সিন্ডিকেটের দেখা মিলতো। এখন জমি বাড়ির ব্যবসাও আর ছোট কেউ করে না। সেগুলো বৃহৎ লুম্পেন পুঁজিতে পরিণত হয়েছে। হয়তো বা বকলমে তৃণমূল নেতাদের টাকা সেখানে খাটছে। পশ্চিমবাংলায় দূর্নীতি এখন শিল্প।

এখন প্রশ্ন হল গরীব মেহনতি মানুষের তাহলে দিন চলছে কি করে? সরকারি একগুচ্ছ ভাতার উপর নির্ভরশীল হয়ে এক অংশের মানুষের কোনো রকমে সংসার চলছে। এবং স্টুডেন্টস ক্রেডিট কার্ড বা অন্য কোনো উপায়ে ধার করে। এভাবে ভাতা পাওয়ার জন্য মান-সম্মান খুইয়ে শাসক দলের নেতাদের পিছনে লাইন দিয়ে ভিক্ষাজীবি হয়ে কোনো রকমে সংসারটা চলে যাচ্ছে। এইরকম লোকের কোন রাজনৈতিক মত বা নিজস্ব চিন্তা ভাবনা থাকলেও তার কোন দাম নেই। তাকে বেঁচে থাকার জন্য সব সময় শাসক দলের মতে মত দিয়ে চলতে হয়। শাসক যখন সিপিএম, তখন ব্যক্তিবিশেষ সিপিএম; শাসক যখন তৃণমূল, তখন ব্যক্তিটি তৃণমূল; শাসক যখন বিজেপি, তখন ব্যক্তিটি বিজেপি। এই হচ্ছে বাংলার অবস্থা। এখানে বর্তমানে বিপ্লবী বলে কিছু নেই, বিকল্প বলে কিছু নেই, মায় গণতান্ত্রিক বলেও কিছু নেই। চারদিক অন্ধকার। বহু দূরে পাঞ্জাবের অনমনীয় কৃষক আন্দোলনের খবর এসে পৌঁছালেও, ঐ অবধিই। লোকে সিঙ্গুর নন্দীগ্রাম লালগড় আন্দোলনের উত্তাল দিনগুলোর কথাই ভুলে গেছে।

তাহলে করণীয় কি? যারা সব বুঝছে, ব্যাখ্যা করতে পারছে, যারা জনগণের মধ্যে অগ্রণী, তারা কি হাত গুটিয়ে চুপচাপ বসে থাকবে? একদিকে অর্থনৈতিক অবস্থায় সংখ্যাগরিষ্ঠ জনগণ বিপর্যস্ত, অথচ সামাজিক আন্দোলন নেই – এমন অবস্থায় করণীয় কি? পাঞ্জাবের দিকে তাকাই। সেখানে প্রতিকূলতার মধ্যেও কৃষকরা লড়ছে, শ্রমিক শ্রেণীর সাথে জোট বাধার চেষ্টা করছে। এই প্রয়োগ থেকেই শিক্ষা নিতে হবে। বিকল্প না থাকলে ভোট বয়কটের প্রচার হাস্যকর হয়ে ওঠে। বরং ভোটের আবহে রাজনৈতিক পরিমণ্ডলে আমরা আমাদের বক্তব্য যতদূর সাধ্য তুলে ধরবো। ভুলভাল প্রচারকে নস্যাৎ করেই আমরা সঠিক যুক্তি তুলে ধরব। জনগণের দুর্দশার কারণগুলিকে ব্যাখ্যা করব। তার সমাধানের রাস্তা কি হতে পারে – সেই প্রচার করব এবং জনগণকে সংগঠিত করার চেষ্টা করব।

সব পেটে পর্যাপ্ত ভাত চাই, সবার জন্য উপযুক্ত কাজ চাই, সকলের জন্য বিনামূল্যে শিক্ষা চাই, সবার জন্য বিনামূল্যে চিকিৎসার অধিকার চাই, সবার জন্য পর্যাপ্ত বস্ত্র ও বাসস্থান চাই, জনগণের সবকিছুর দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে, জনগণের রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা চাই, মিটিং মিছিল বিক্ষোভ প্রদর্শনের অধিকার চাই, রাজনৈতিক মতাদর্শের কারণে কাউকে নির্যাতন করা যাবে না, সকল রাজনৈতিক বন্দীর মুক্তি চাই, সমস্ত জনবিরোধী আইন কানুন বাতিল করতে হবে, জনগণের প্রতিটা পাই পয়সার হিসাব চাই। জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি যদি জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ করে তাহলে তাকে ফিরিয়ে আনার অধিকার (রাইট টু রিকল) চাই। প্রকৃত গণতান্ত্রিক ও বৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থা চাই। সংখ্যালঘু জাতি ও ধর্মীয় গোষ্ঠী, নারী ও শিশুদের পক্ষে আইন কানুন ও প্রচার চাই। বিভিন্ন জাতির ভাষা শিক্ষা সংস্কৃতির স্বাধীকার চাই। বর্ণগত কারণে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জন্য সর্বক্ষেত্রে সংরক্ষণ চাই। এনআরসি-এনপিআর-সিএএ’র ফাঁদে ফেলে দেশের মানুষদের বেনাগরিক করা চলবে না। এই দেশে বসবাসকারী সকল মানুষের জন্য নিঃশর্ত নাগরিকত্ব চাই। এসব বিষয়গুলিকে জোরেসোরে এই সময় প্রচার করা ও জনগণের আন্দোলন সংগঠিত করার চেষ্টা চালিয়ে যেতে হবে। এছাড়াও পাঞ্জাবের কৃষক আন্দোলনের মধ্য দিয়ে যে সকল ন্যায়সঙ্গত দাবীগুলো উঠে এসেছে আমরা তার স্বপক্ষেও প্রচার করব। সচেতন জনগণকে রাস্তায় নামাতে পারলে, তবেই জনগণের জন্য বিকল্প গণতন্ত্র প্রস্ফুটিত হতে পারবে।


কভার ফটো সৌজন্যে – https://www.indiatoday.in/diu/story/setting-the-stage-first-phase-of-indias-18th-lok-sabha-elections-unfolds-2519640-2024-03-26 [Retrieved On: 30/03/2024]

Leave a Reply