জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিলের দাবিতে তীব্র গণআন্দোলন গড়ে তুলুন!

শিক্ষা আমাদের মৌলিক অধিকার – এই অধিকার প্রতিষ্ঠার জন্য শিক্ষার্থী শিক্ষক শিক্ষাকর্মী অভিভাবক এবং সাধারণ জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন।

আগামী ৩-রা ফেব্রুয়ারি জাতীয় শিক্ষানীতি বাতিল এবং শিক্ষার বেসরকারিকরণ ও গৈরিকীকরণের প্রতিবাদে AIFRTE’র ডাকে দিল্লি চলো অভিযান সফল করুন।

বন্ধুগণ,

আজ আমরা এমন একটা সময়ের মধ্যে এসে দাঁড়িয়েছি যখন দেশের সরকারগুলি আমাদের কাছ থেকে জীবনধারণের মৌলিক অধিকারগুলি, যেমন – স্বাস্থ্য, শিক্ষা, মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের অধিকার কেড়ে নিতে চাইছে। জাতীয় শিক্ষানীতি ২০২০-ও সেই লক্ষ্যেই আর একটা পদক্ষেপ। গত ৩০-৩৫ বছর আগে থেকেই শিক্ষার বেসরকারিকরণ অর্থাৎ ফেলো-কড়ি-মাখো-তেল নীতি শুরু হয়ে গিয়েছিল। আজ এই শিক্ষানীতির মাধ্যমে সেটাতে সরকারি সীলমোহর বসিয়ে গরিব, নিম্নমধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের সন্তানদের পুরোপুরি শিক্ষার আওতার বাইরে ফেলে দেবার ব্যবস্থা করা হচ্ছে। ক্লাস ৮/৯ অবধি কোনরকমে পড়াশোনা করে এরপর থেকে এইসব ছেলেমেয়েরা কর্পোরেট পুঁজির চাহিদামতো ডেলিভারি ওয়ার্কার, ওয়‍্যারহাউজের লেবার বা মেইনটেনেন্স স্টাফ হিসেবে সস্তা মজুরের কাজ করবে। আর যে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত এবং ধনীক শ্রেণীর মানুষের খরচ করার বা ঋণ করার সঙ্গতি আছে তারা প্রাইমারি থেকে হায়ার এডুকেশন পর্যন্ত কোটি খানেক টাকা ব্যয় করে সন্তানদের জন্য কর্পোরেট শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষা কিনবে।

বিগত ৫০ বছরের মধ্যে দেশে বেকারত্বের হার সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। এই নয়া শিক্ষানীতি আগামী দিনের যুবক-যুবতীদের সম্মানজনক কর্মসংস্থানের দিশা দেখানোর পরিবর্তে দেশী বিদেশী পুঁজিপতিদের কাছে সস্তা শ্রমের যোগানদারে পরিণত করতে চাইছে। একের পর এক সরকারি স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে, শুধু পশ্চিমবঙ্গেই ৮২০৭-টি সরকারি স্কুল বন্ধ হবে। সেই স্কুল বিল্ডিংগুলো তুলে দেওয়া হবে বেসরকারি ব্যবসায়ীদের হাতে। স্থায়ী পদে শিক্ষক নিয়োগ বিগত ১০ বছর ধরে বন্ধ, পশ্চিমবঙ্গে এইমহূর্তে প্রায় ৫৫ হাজার শিক্ষক পদ খালি পড়ে আছে। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও সরকারি আর্থিক সহায়তা বন্ধ করে স্বাবলম্বী হবার নির্দেশ দেওয়া হয়েছে, যার অর্থ হল হয় ব্যয় সংকোচন করো বা ছাত্র ছাত্রীদের কাছ থেকে ফি বাড়িয়ে টাকা তোলো অথবা দেশী বিদেশী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছে মাথা বন্ধক রেখে গাঁটছড়া বাঁধো। অর্থাৎ কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মোট জাতীয় উৎপাদনের ৬ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ করা দূর অস্ত, খুব তাড়াতাড়ি সরকার পুরো শিক্ষা ব্যবস্থা থেকেই নিজের হাত ধুয়ে ফেলতে চলেছে।

লকডাউনের সময় গোটা দেশে কোটি খানেক শিশু অভাবের তাড়নায় শিক্ষা থেকে ড্রপ আউট করেছে। চার বছরের স্নাতক কোর্স চালু হবার ফলশ্রুতিতে গরীব ঘরের ছেলেমেয়েদের উচ্চ মাধ্যমিকের পর ড্রপ আউটের হার কয়েক গুণ বেড়ে যাবে। অষ্টম নবম শ্রেণী থেকে বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা গরীব ঘরের ছেলেমেয়েদের লেখাপড়া ছেড়ে হাতে অল্প কিছু পয়সা পাবার সম্ভাবনায় কাজে ঢুকে যাওয়াকে উৎসাহিত করবে। কৃষকের সন্তান কৃষি কাজ করবে, দর্জির সন্তান সেলাই, মোটর মেকানিকের সন্তান মোটর মেকানিক – পুরাকালের সেই বর্ণভেদ এবং বর্ণ অনুযায়ী শ্রম বিভাজন প্রথাকে ফিরিয়ে আনার প্রচ্ছন্ন লক্ষ্য রয়েছে এই আরএসএস নির্ধারিত শিক্ষানীতিতে। এমনিতেই ইতিহাস ও পাঠক্রমকে বদলে দিয়ে ব্রাহ্মন্যবাদী দর্শনকে শিশু মনে দৃঢ়ভাবে গেঁথে দেওয়ার উদ্যোগ দীর্ঘদিন ধরেই চলছে। বিজ্ঞানমনস্কতা এবং যুক্তিবাদের পরিবর্তে কুসংস্কার আচ্ছন্নতা ও সনাতনী হিন্দু ধর্মমনস্কতার প্রচার চলছে। সবকিছু বেদে আছে এবং আজকের যা যা আধুনিক দর্শনগত ও প্রযুক্তিগত বিকাশ, সবই কয়েক হাজার বছর আগে হিন্দু ধর্ম ও আর্য সভ্যতা করে গেছে – এই জাতীয় অপপ্রচারকে শিশু ও যুবসমাজের মাথায় ঢুকিয়ে দেবার চেষ্টা জারি রয়েছে। মাধ্যমিক স্তরের পাঠক্রম থেকে ডারউইনের তত্ত্ব এবং মেন্ডেল এর পর্যায় সারণী তত্ত্ব বাদ দেওয়া, মুঘল ইতিহাস বাদ দেওয়া, পরিবর্তে যোগ, জ্যোতিষ, শাস্ত্র পড়ানো শুরু করা ইত্যাদি সেই চেষ্টারই অংশ। এক দেশ এক জাতি এক ধর্ম এক ভাষা এক শিক্ষা ব্যবস্থা হিসেবে হিন্দু ধর্ম, হিন্দি ভাষা এবং আরএসএস-এর শিক্ষাক্রমকে সারা দেশের জনগণের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।

আজ বিভিন্ন বিরোধী দল শাসিত রাজ্যগুলিতে যে রাজ্য শিক্ষানীতি গ্রহণ করা হচ্ছে, গেরুয়াকরণের এজেন্ডাটা বাদ দিলে সেগুলো জাতীয় শিক্ষানীতি ২০২০-রই অনুসরণ। পশ্চিমবঙ্গে এই বছর থেকে চার বছরের স্নাতক কোর্স চালু হয়েছে, সরকারি স্কুল বন্ধ করে ক্লাস্টার স্কুল তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে, স্থায়ী পদে শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ পুরোপুরি বন্ধ, ড্রপ আউটের সংখ্যা দিন দিন বাড়ছে। শিক্ষা ক্ষেত্রে বেসরকারী অংশীদারিত্ব বৃদ্ধির জন্য সরকার উৎসাহ দিচ্ছে। উচ্চশিক্ষায় এসসি, এসটি, ওবিসি এবং ইডব্লুএস অংশের ছাত্রছাত্রীদের উপস্থিতির হার ক্রমশ কমছে। অঙ্গনওয়াড়ী কেন্দ্রগুলোকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, নিয়োগ প্রায় বন্ধ, মিড ডে মিলের বরাদ্দ অর্থ দিন দিন কমানো হচ্ছে।

আমরা, অল ইন্ডিয়া ফোরাম ফর রাইট টু এডুকেশন (পশ্চিমবঙ্গ) তাই জাতীয় শিক্ষানীতি ২০২০-র বিরোধিতা করার পাশাপাশি রাজ্য সরকারগুলির জনবিরোধী শিক্ষা নীতিরও বিরোধীতা করছি। আমরা দাবী করছি –

  • জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিল করো। জিডিপি-র ৬ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ করতে হবে।
  • কোনোরকম ভেদাভেদ না করে সমতার ভিত্তিতে সকলের জন্য প্রাথমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষার দায়িত্ব সরকারকে নিতে হবে।
  • শিক্ষা শেষে প্রত্যেক যুবক যুবতীর জন্য মর্যাদাপূর্ণ কাজ ও সম্মানজনক উপার্জনের ব্যবস্থা করতে হবে।
  • পশ্চিমবঙ্গ সহ কোন রাজ্যে কোন সরকারী স্কুল বন্ধ করা চলবে না।
  • অবিলম্বে সমস্ত শূন্য পদে স্থায়ী শিক্ষক নিয়োগ করতে হবে এবং সরকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিকাঠামো ও পড়াশোনার মানোন্নয়ন করতে হবে।
  • এসসি, এসটি, ওবিসি এবং ইডব্লুএস অংশের ছাত্রছাত্রীদের পড়াশোনায় উৎসাহ দিতে হবে এবং তাদের জন্য শিক্ষার সর্বস্তরে প্রয়োজনীয় স্কলারশিপের ব্যবস্থা করতে হবে।
  • সমস্ত ড্রপ আউট হওয়া শিক্ষার্থীকে ক্লাসরুমে ফিরিয়ে আনতে হবে।
  • বৈজ্ঞানিক ও প্রগতিশীল পাঠক্রম চালু করতে হবে।
  • বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং অনলাইন শিক্ষা ব্যবসায়ীদের ওপর সরকারী নিয়ন্ত্রণ ও বিধিনিষেধ আরোপ করতে হবে।

সংগ্রামী অভিনন্দন সহ
অল ইন্ডিয়া ফোরাম ফর রাইট টু এডুকেশন (পশ্চিমবঙ্গ) AIFRTE (WEST BENGAL)

Leave a Reply