অন্ধ্রপ্রদেশে ন্যায্য দাবিতে আন্দোলনরত লক্ষাধিক অঙ্গনওয়াড়ি কর্মচারীর পাশে দাঁড়ান!

অন্ধ্রপ্রদেশে ন্যায্য দাবিতে আন্দোলনরত লক্ষাধিক অঙ্গনওয়াড়ি কর্মচারীর পাশে দাঁড়ান!
ধর্মঘট ভাঙতে রাজ্য সরকারের ‘এসমা’ জারি করার স্বৈরতান্ত্রিক সিদ্ধান্তের বিরোধিতা করুন!

গত ১২-ই ডিসেম্বর থেকে অন্ধ্রপ্রদেশের ১ লক্ষ ৫ হাজার অঙ্গনওয়াড়ি কর্মচারী লাগাতার ধর্মঘট চালাচ্ছেন। তারা দাবি করেছেন অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি করে মাসিক ২৬০০০ টাকা করতে হবে, সেই অনুপাতে সহায়িকাদেরও বেতন বৃদ্ধি করতে হবে। বর্তমানে অঙ্গনওয়াড়ি কর্মীরা বেতন পান মাসিক ১১৫০০ টাকা, সহায়িকারা পান ৬৫০০ টাকা মাত্র। তারা আরও দাবি করেছেন যে তাদেরকে স্থায়ী সরকারি কর্মচারী রূপে স্বীকৃতি দিতে হবে, অবসরকালীন ভাতা এবং পিএফ, গ্রাচুইটি চালু করতে হবে, চিকিৎসার সুবিধা এবং ছুটির ব্যবস্থা করতে হবে, ৬২ বছর বয়স পর্যন্ত তাদের চাকরি করার নিয়ম চালু করতে হবে। একই সাথে কেন্দ্র সরকার দ্বারা অঙ্গনওয়াড়ি কর্মীদের হাজিরা নেবার জন্য চালু করা ফেস রিকগনিশন অ্যাপ বাতিল করার দাবি তারা জানাচ্ছেন। বিভিন্ন ট্রেড ইউনিয়নের যৌথ উদ্যোগে গঠিত জয়েন্ট অ্যাকশন কমিটির নেতৃত্বে এই ধর্মঘট আন্দোলন চলছে।

রাজ্য সরকার এই ন্যায্য দাবিগুলিকে মান্যতা দিয়ে তাদের সঙ্গে আলোচনায় বসার পরিবর্তে অনমনীয় মনোভাব দেখিয়ে গত ৬-ই জানুয়ারি থেকে ধর্মঘটী কর্মীদের ওপর ‘এসমা’ জারি করেছে। কিন্তু তাসত্ত্বেও আন্দোলনের তীব্রতা তো কমেইনি, উল্টে আরও বেড়েছে। অঙ্গনওয়াড়ি কর্মীরা লাগাতার অনশন শুরু করেছেন।

আমরা, আজাদ গণ মোর্চা-র পক্ষ থেকে আন্দোলনরত অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রতি আমাদের সমর্থন ও সহমর্মিতা জ্ঞাপন করছি এবং রাজ্য সরকারের স্বৈরতান্ত্রিক আচরণের নিন্দা করছি। প্রসঙ্গত উল্লেখ করা জরুরি যে আমাদের রাজ্যেও অঙ্গনওয়াড়ি কর্মীরা এবং সহায়িকারা অত্যন্ত স্বল্প বেতনে কাজ করতে বাধ্য হন। তাদেরকে স্থায়ী সরকারি কর্মচারীর মর্যাদা দেওয়া হয় না। তাদের বেতন বৃদ্ধির বিষয়টা সম্পূর্ণভাবে সরকারের খেয়ালখুশি এবং মর্জির ওপর নির্ভরশীল। বর্তমান রাজ্য সরকার তাদের জন্য অবসরকালীন ৩ লক্ষ টাকা ভাতা ঘোষণা করে দায় সেরে দিয়েছে। অথচ অধিকাংশ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এখনও অবধি নিজস্ব কোন ভবন নেই, ন্যূনতম কোন পরিকাঠামো নেই। মিড ডে মিল, গর্ভবতী এবং সদ্যপ্রসবা মায়েদের ও শিশুদের জন্য বরাদ্দ অর্থ দিন‌ দিন কমানো হচ্ছে। ফলে না মায়েরা, না শিশুরা, না অঙ্গনওয়াড়ির শিক্ষার্থীরা কেউই সুষম ও পুষ্টিকর খাদ্য পাচ্ছে না। শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন। ফলে আমরা এই রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মচারীদের প্রতিও আহ্বান রাখছি যে আপনারা নিজেদের ন্যায্য দাবিদাওয়া নিয়ে সোচ্চার হোন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়ন এবং বরাদ্দকৃত অর্থ বাড়ানোর দাবিতে সোচ্চার হোন।

সংগ্রামী অভিনন্দন সহ
আজাদ গণ মোর্চা
১৮/০১/২০২৪


কভার ফটো সৌজন্যে – https://thesouthfirst.com/andhrapradesh/almost-55000-andhra-pradesh-preschools-non-functional-for-a-week-as-anganwadi-protests-intensify/ [Retrieved On: 18/01/2024]

Leave a Reply