CPIML, CPIML(ND), CPIML(RI), PCC-CPIML,
FIR, CBSS, MKP, PDSF, SWCC, BAFRB, SNM,
আজাদ গণ মোর্চা, শ্রমজীবী নারী মঞ্চ,
ফ্যাসিস্ট আরএসএস-বিজেপির বিরুদ্ধে বাংলা,
অখিল হিন্দ ফরোয়ার্ড ব্লক (ক্রান্তিকারী )
বিহার নির্মাণ ও অসংগঠিত শ্রমিক ইউনিয়ন,
জনবাদী লোক মঞ্চ, মার্ক্সবাদী সমন্বয় সমিতি, নাগরিক অধিকার রক্ষা মঞ্চ,
এবং বিভিন্ন গণতান্ত্রিক ব্যক্তিবর্গ-এর সম্মিলিত উদ্যোগ
আহ্বান শোনো, আহ্বান আসে মাঠঘাট বন পেরিয়ে
দুস্তর বাধা প্রস্তর ভেঙ্গে বন্যার মত বেরিয়ে
বিগত কিছু বছর ধরে যেন দ্রুত বদলে যাচ্ছে চেনা দেশটা। বিজেপি-আরএসএস- এর শাসন আদানি-আম্বানির সাথে হাত মিলিয়ে দেশকে এক চরম সংকটের দিকে নিয়ে চলেছে। সাম্রাজ্যবাদ তথা বহুজাতিক সংস্থার স্বার্থে নয়া অর্থনৈতিক নীতি তথা নয়া উদারবাদের নামে লাগামছাড়া বেসরকারিকরণ চলছে। উন্নয়নের নামে কর্পোরেট পুঁজির লুঠের জন্য অবাধে খুলে দেওয়া হচ্ছে জল-জঙ্গল-জমি-খনি-পাহাড়। ব্যাপক জনগণকে জবরদস্তি উচ্ছেদ করে তাদের জমি ও জীবিকা ছিনিয়ে নেওয়া হচ্ছে ও পরিবেশ বাস্ততন্ত্রের ব্যাপক ক্ষতি করা হচ্ছে। রেল-বন্দর-বিমান-শিল্পক্ষেত্র প্রভৃতি সরকারী সম্পত্তি বিক্রি করে দেওয়া হচ্ছে জলের দরে। ব্যাঙ্ক থেকে বছর বছর লক্ষ-কোটি টাকা করে ঋণ নিয়ে শোধ করছে না সরকারী পার্টির ‘বন্ধু’ পুঁজিপতিরা।
শ্রম আইন বদলের নামে মালিকদের সুবিধা দিতে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলছে শ্রমিকদের অর্জিত অধিকার, রচিত হচ্ছে শ্রমিকদের পিষে মারার ব্লুপ্রিন্ট। কৃষি আইনের নামে জনগণের উপর ভয়াবহ নীতি চাপিয়ে দেওয়ার চেষ্টাকে ঐতিহাসিক কৃষক আন্দোলনের জেরে আপাতত আটকে দেওয়া গেলেও কৃষকদের দুর্দশা বাড়িয়েই চলেছে এই সরকার। কৃষি উপকরণের দাম ক্রমাগত বেড়ে চলেছে, ফলে চাষের খরচ বাড়ছে কিন্তু কৃষকরা পাচ্ছে না ফসলের লাভজনক দাম। এতে বহু কৃষক ঋণের চাপে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে ও হচ্ছে। কৃষি সংকটের কারণে গরীব কৃষক ক্ষেতমজুররা সারা বছর কাজ পায় না। তারা কাজের সন্ধানে বাইরে যায়, এবং কোনো কাজ না পেয়ে হতাশ হয়ে ফিরে আসে। বিজেপি শাসনে একদিকে যেমন ধারাবাহিক ১০০ দিনের গ্রামীণ রোজগার যোজনার ব্যয় বরাদ্দ কমেছে তেমনি সাম্প্রতিক কালে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের পারস্পরিক দোষারোপের মাঝে এই কাজ পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধ, বকেয়া মজুরি পাননি বহু মানুষ।
বন সংরক্ষণ আইনে’ সংশোধনের নামে ‘বন অধিকার আইন’ (২০০৬) অনুসারে আদিবাসী বনজীবিদের বনরক্ষা ও বনসম্পদ ব্যবহারে গ্রামসভার অধিকার সহ ন্যূনতম যেসব অধিকার দেওয়া হয়েছিল তা কার্যত ছিনিয়ে নিয়ে ব্রিটিশ জমানার কানুন ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তথ্যের অধিকার আইন ইত্যাদিকে বাস্তবত তুলে দেওয়ার মধ্যে দিয়ে মেহনতি মানুষের আর সাধারণ নাগরিকের পক্ষে যেটুকু ছিটেফোঁটা অধিকার অর্জিত হয়েছিল, সেটুকুকেও কেড়ে নিতে নেমেছে মোদী-সরকার। এনআরসি-সিএএ-এনপিআর আইন লাগু করার চেষ্টা জনগণের জীবনে যে হুকুটি নিয়ে আসছিল, তা আপাতত কিছুটা থমকালেও সমান নাগরিক সংহিতা ইত্যাদি আইন নিয়ে এসে সংখ্যালঘু বিভিন্ন জনগোষ্ঠীর উপর জোর করে হিন্দু আইন চাপিয়ে গোষ্ঠীবিবাদ ও সংঘাতের ক্ষেত্র সৃষ্টি করার ষড়যন্ত্র চলছে। অন্যদিকে বেশ কিছুদিন ধরেই গোরক্ষার নামে গোহত্যা, গো-ব্যবসায়ের অভিযোগ এনে সংখ্যালঘুদের উপর দমনপীড়ন চলছে। চেষ্টা করা হচ্ছে মুসলিমদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করার। চেষ্টা করা হচ্ছে রাম মন্দির প্রতিষ্ঠার নামে ব্যাপক উন্মাদনা তৈরি করে দেশব্যাপী সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করার।
বিজেপি-আরএসএস-এর শাসনে দেশের মেহনতী মানুষের জীবন এক অভূতপূর্ব সংকটের মধ্যে প্রবেশ করেছে। সামাজিক-অর্থনৈতিকভাবে চরম বেকারত্ব, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মাত্রাছাড়া মূল্যবৃদ্ধি, অর্থনৈতিক-সামাজিক বৈষম্যের বৃদ্ধি, ক্ষুধার সূচকে সারা দুনিয়ায় মধ্যে ১১২ নম্বরে থাকা ভারতের স্থান দেখিয়ে দিচ্ছে দেশের মানুষের প্রকৃত অবস্থা। একদিকে দেশের বেকারত্বের মাপকাঠি বিগত ৪০ বছরের মধ্যে চরমে উঠেছে, অন্যদিকে স্থায়ী কাজের অধিকার তুলে দিয়ে সরকারী- বেসরকারী শ্রমক্ষেত্রে কার্যত ঠিকা প্রথাকেই মান্যতা দেওয়া হচ্ছে। মালিকদের স্বার্থে দৈনিক ৮ ঘন্টা কাজের অধিকার, কর্মক্ষেত্রে শ্রমিকদের সুরক্ষা, সংগঠিত প্রতিবাদ করার অধিকারের উপর আক্রমণ সহ বিভিন্ন বদল নিয়ে এসে চারটি নতুন শ্রমকোড চালু করে দেশের শ্রমিক আন্দোলনকে একেবারে ধ্বংস করার পরিকল্পনা হচ্ছে। বিজেপির শাসনকালে দেশজুড়ে একদিকে কৃষিতে সাম্রাজ্যবাদী আগ্রাসন ও দালাল নিয়ন্ত্রিত কৃষিপণ্য ব্যবস্থা দৃঢ় হচ্ছে, এবং অন্যদিকে পেট্রোপণ্যে সরকারী ভর্তুকির ক্রমহ্রাস হচ্ছে। এই দুই-এর ফলে সাধারণ ভোগ্যপণ্যের মূল্য আকাশছোঁয়া হয়ে পড়েছে।
নয়া শিক্ষানীতি ২০২০ লাগু করে উচ্চশিক্ষা থেকে প্রাথমিক- সর্বস্তরের শিক্ষাক্ষেত্রে বেসরকারীকরণের সাথে সাথে গেরুয়াকরণের প্রচেষ্টা বহুগুণে বাড়িয়ে তোলা হচ্ছে। কলেজ, বিশ্ববিদ্যালয়ের সমস্ত স্বশাসনের অধিকার ভেঙে দিয়ে আমলাতান্ত্রিক কেন্দ্রীয় নিয়ন্ত্রণের পথ সুগম করা হচ্ছে।
ফলস্বরূপ, দেশের উচ্চশিক্ষা এবং গবেষণা সংকটে পড়ছে, শুধু আর্থিক বরাদ্দের অভাবে নয়, ভ্রান্ত যুক্তি আর ইতিহাস বিকৃতির ধাক্কায় দিশেহারা হচ্ছে নতুন প্রজন্ম। স্বাস্থ্যক্ষেত্রে বরাদ্দ কমিয়ে দিয়ে সরকারী চিকিৎসা ব্যবস্থাকে পঙ্গু করে তোলা হচ্ছে, ফের সর্বস্তরে বিমা ব্যবস্থা চালু করে বেসরকারি স্বাস্থ্যক্ষেত্রের বাড়বাড়ন্তকে তোল্লাই দেওয়া হচ্ছে। সব মিলিয়ে মানুষ নাজেহাল, অথচ এই প্রশ্নগুলো দেশের রাজনীতিতে আদৌ প্রাসঙ্গিক হয়ে উঠতে দেওয়া হচ্ছে না। ভোট-রাজনীতির ময়দানে মন্দির- মসজিদ বিতর্ক, জাতপাত কিংবা নেতার মুখ-ই প্রধান জায়গা দখল করে রেখেছে।
এই সঙ্কটময় পরিস্থিতি থেকে জনগণের মুখ ফেরানোর জন্যই সরকারের প্রত্যক্ষ মদতে বাড়িয়ে তোলা হচ্ছে ধর্মীয় হানাহানির জিগির। আরএসএস-এর ষড়যন্ত্রে জাতিতে-সম্প্রদায়ে সচেতন ভাবে বিভেদ বাড়ানো হচ্ছে, সাম্প্রতিক মণিপুরের ঘটনা যার জাজ্বল্যমান প্রমাণ। মুসলিমদের দাঁড় করানো হচ্ছে সামাজিক শত্রু হিসাবে। ক্রমবর্ধমান সংকটের মুখে পড়ছে নারী সমাজ, দলিত সমাজ, কাশ্মীর সহ অন্যান্য অবদমিত জাতিসত্তার মানুষেরা। বিলকিস বানোর অপরাধীদের মুক্তি থেকে কাঠুয়া, হাথরাস, মণিপুরে যেভাবে ধর্ষণ সংস্কৃতিকে তোল্লাই দেওয়া হচ্ছে, তা ফ্যাসিস্টদের পিতৃতান্ত্রিক রূপগুলোকে স্পষ্ট করে দিচ্ছে।
দেশের গণতান্ত্রিক পরিসর তথা যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে দুর্বল করে কেন্দ্রীভূত পুলিশি রাষ্ট্র গড়ে তোলার জন্য আরএসএস-বিজেপি সদাসচেষ্ট। বিভিন্ন আইন করে রাজ্য সরকার তথা স্বশাসিত সংস্থাগুলোর ক্ষমতাকে ক্রমশ সঙ্কুচিত করে সমস্ত কিছু কেন্দ্র সরকারের আমলাতন্ত্রের অধীনে আনা হচ্ছে। নাগরিকদের তোলা যেকোনো প্রশ্ন অথবা প্রতিবাদকে ‘দেশদ্রোহ’ বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, কুখ্যাত ইউএপিএ আইনে এনআইএ-র সরাসরি হস্তক্ষেপে প্রতিবাদীদের যথেচ্ছ গ্রেফতার করা হচ্ছে। মেহনতী মানুষের জীবন-জীবিকার সংগ্রাম তথা অধিকার আন্দোলনের ওপর নামিয়ে আনা হচ্ছে রাষ্ট্রীয় দমন-পীড়ন। সরকারী পক্ষের হয়ে প্রচার চালায় না, এরকম সব মিডিয়ার ওপর ঝুলছে খাঁড়া, এমনকি শাসকশ্রেণীর অন্যান্য দলের নেতাদেরও সিবিআই-ইডি দিয়ে গ্রেপ্তার করিয়ে চেষ্টা করা হচ্ছে তাদেরকে বিজেপির পক্ষে আনার।
তথাকথিত ‘বিজেপি বিরোধী’ দল বা রাজ্য সরকারগুলোও বিজেপি-র নীতির কার্যকরী বিরোধিতা করছে না। পশ্চিমবঙ্গের কথাই ধরা যাক। তৃণমূলের আকাশছোঁয়া দুর্নীতি, পার্টিবাজি এবং স্বৈরাচারী শাসন পরোক্ষভাবে এখানে বিজেপির পায়ের তলায় মাটি যোগাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখে ইউএপিএ আইনের বিরোধিতা করলেও কাজে এই কালাকানুন জারি করা হচ্ছে এ’রাজ্যেও। আন্তর্জাতিক টেন্ডার ডাকা হচ্ছে দেশি বিদেশি বড় পুজিপতিদের হাতে তাজপুরের বন্দর, দেওচা-পাঁচামির কয়লাখনি তুলে দেওয়ার জন্য, আম্বানির সাথে একসাথে মঞ্চে দাঁড়িয়ে শিল্পনীতি ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী। অবশ্য আদানি-আম্বানি সহ বড় পুঁজিপ্রীতির এই দৌড়ে অন্যান্য দলগুলোও কম যায় না। রাজস্থান-ছত্তিশগড়ের কংগ্রেস সরকার সেখানকার বিদ্যুৎব্যবস্থা ও খনি জলের দরে তুলে দিচ্ছে আদানি-জিন্দালদের হাতে। কেরালার সিপিআইএম সরকার আদানিদের হাতে দিচ্ছে সমুদ্রবন্দর, তুতিকোরিনে বেদান্তের জন্য চালু রাখছে বিতর্কিত তামার প্ল্যান্ট। এ বলে আমায় দেখ, তো ও বলে আমায়! এই দলগুলির জনবিরোধী আপোষকামী চরিত্র বাস্তবত বিজেপি-আরএসএসকে দেশের জনমানসে ভুলভাবে এক নৈতিকতা প্রদান করছে। এই সমস্ত দলের উদ্যোগে প্রকৃত কোনো ফ্যাসিবাদ, বা নয়া উদারবাদ বিরোধী লড়াই দেশজুড়ে আদৌ গড়ে ওঠা সম্ভব নয়।
কিন্তু আশার কথা হল যে দেশের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা সাধারণ মানুষের লড়াই-আন্দোলনগুলি নানা ভাবে নানা স্তরে চ্যালেঞ্জ জানাচ্ছে বিজেপি-আরএসএস-এর ফ্যাসিবাদী হামলাকে, বিবিধ নয়া উদারবাদী আগ্রাসনকে। দেশজোড়া সিএএ- এনআরসি-এনপিআর বিরোধী আন্দোলন, পাঞ্জাব-হরিয়ানা-উত্তর প্রদেশের কৃষক আন্দোলন দেখিয়ে দিয়েছে যে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের সামনে অতি বড় ফ্যাসিস্ট শাসকও নতজানু হতে বাধ্য হয়। পাথালগড়ি আন্দোলন সহ লুগুবুরু- নিয়মগিরি-অযোধ্যা পাহাড়ের আদিবাসী জনতার লড়াই জল-জঙ্গল-জমি লুঠের বিরুদ্ধে নতুন প্রতিস্পর্ধা তৈরি করছে। সমস্ত মালিকী হামলার সামনে দাঁড়িয়েও দেশের বিভিন্ন প্রান্তে ছোট আকারে হলেও সংগঠিত-অসংগঠিত শ্রমিকেরা নিজেদের অধিকার নিয়ে সোচ্চার হচ্ছেন। ছাত্রছাত্রীরা নিজেদের অধিকার রক্ষায় সোচ্চার হচ্ছেন কলেজ-ইউনিভার্সিটিতে। দেশজুড়ে ফ্যাসিবাদ এবং নয়া উদারবাদ বিরোধী প্রকৃত লড়াই গড়ে তুলতে গেলে এই আন্দোলন সংগ্রামগুলিই আমাদের পাথেয়। এই সমস্ত লড়াই থেকে শিক্ষা নিয়ে শ্রমজীবী সহ সমস্ত সাধারণ মানুষকে একজোট করতেই ‘জনচেতনা যাত্রা’। বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গের উদ্যোগে এই যাত্রা কর্পোরেট রাজের বিরুদ্ধে প্রতিরোধকে আরও শক্তিশালী করার জন্য, নয়া উদারবাদ আর ফ্যাসিবাদের বিরুদ্ধে মেহনতী জনগণের আন্দোলন-সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে, নতুন সমাজ গড়ার সংগ্রামের সংকল্প নিয়ে হাজির হতে চায়। শুধু ভোটের হারজিত দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে এই লড়াই জেতা যাবে না। দেশ থেকে ফ্যাসিবাদ আর নয়া উদারবাদের আগ্রাসনের শিকড় উপড়ে ফেলার জন্য মেহনতী মানুষের প্রতিবাদ- প্রতিরোধকে সংগঠিত করতে হবে আপোষহীনভাবে, এক নির্ণায়ক লড়াইয়ের দিশায়। এই যাত্রা আপামর জনগণের কাছে সেই আহ্বান রাখছে।
জনচেতনা যাত্রার কিছু ছবি –













