দেশজুড়ে জনগণের ওপর শাসকের নামানো অত্যাচার ও আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হোন!

বিগত দুই মাস ধরে ইজরায়েল প্যালেস্টাইনের সাধারণ জনগণের ওপর নির্বিচারে বোমা ফেলে নারী শিশু বৃদ্ধ বৃদ্ধা সহ প্রায় ১৫ হাজার মানুষকে হত্যা করেছে। ১৯৪৮ সালে ইজরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই আরব দুনিয়ায় মার্কিন দখলদারী কায়েম করার স্বার্থে ইজরায়েল মার্কিন সামরিক ঘাঁটি ও একটা গুন্ডা রাষ্ট্র হিসেবে কাজ করে চলেছে। যে আরব জনগণ ছিল প্যালেস্টাইনের সংখ্যাগরিষ্ঠ অংশ, তাদেরকে নিজেদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করে প্রায় পুরো প্যালেস্টাইন দেশটাকেই ইজরায়েল দখল করে নিয়েছে। প্যালেস্টিনীয় জনগণের স্হান হয়েছে আশেপাশের দেশের উদ্বাস্ত শিবিরগুলোতে। প্যালেস্তিনীয় জনগণ যতবার নিজেদের দেশের মাটি ফিরে পাবার জন্য সংগ্রাম করার চেষ্টা করেছে, প্রতিবার মার্কিন মদতে বলিয়ান ইজরায়েলী সরকার ও সেনাবাহিনী সেই সংগ্রামকে রক্তের বন্যায় ঢুবিয়ে দিয়েছে এবং হাজারে হাজারে মানুষকে হত্যা করেছে। তবে এত অত্যাচার সত্ত্বেও প্যালেস্টাইনের সাধারণ মানুষ তাদের স্বাধীনতার লড়াই জারি রেখেছেন এবং সারা বিশ্বের অসংখ্য গণতান্ত্রিক ও প্রগতিশীল মানুষ তাদের সমর্থনে পথে নেমেছেন এবং গণহত্যাকারী, যুদ্ধ অপরাধী ইজরায়েলের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।

আমরা, গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি (এপিডিআর) এর পক্ষ থেকে আপনাদের কাছে আহ্বান রাখছি –

  • প্যালেস্তিনীয় জনগণের স্বাধীনতা সংগ্রামের পক্ষে দাঁড়ান
  • ইজরায়েল কর্তৃক নির্বিচারে নারী শিশু বৃদ্ধ বৃদ্ধা অসুস্থ মানুষকে হত্যার বিরুদ্ধে সরব হোন
  • মার্কিন মদতপুষ্ট গুন্ডা রাষ্ট্র ইজরায়েলের আরব দুনিয়ায় সামরিক আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হোন।

আমাদের দেশের হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট শাসকেরা নিজেদের মুসলিম বিদ্বেষী অবস্হানের কারণে আজ ইজরায়েলকে সমর্থন দিচ্ছে। অন্যদিকে দেশের মধ্যে একের পর এক আইন পরিবর্তন করে, মুসলিম বিদ্বেষী জিগির তুলে, ধর্মের নামে বিভাজন ঘটিয়ে, মন্দির মসজিদ বিবাদ খাড়া করে সারা দেশজুড়ে ফ্যাসিবাদী উন্মত্ততার প্রসার ঘটাচ্ছে এবং জনগণের জীবন, জীবিকা, অধিকারের ওপর একের পর এক আক্রমণ নামিয়ে আনছে।

প্রচলিত শ্রম আইনগুলোকে তুলে দিয়ে চারটি লেবার কোড প্রচলনের মধ্য দিয়ে আমাদের দেশের শ্রমিকদের দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত অধিকারগুলো কেড়ে নেবার চেষ্টা করছে কেন্দ্র সরকার। জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করে গরীব, নিম্নবিত্ত পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ কেড়ে নিয়ে তাদের মুনাফালোভী কর্পোরেটদের সস্তা মজুরে পরিণত করার ব্যবস্হা চলছে। শিক্ষা ক্ষেত্র থেকে সরকার পুরোপুরি হাত উঠিয়ে নেবার পরিকল্পনা করেছে। ভারতীয় ন্যায় সংহিতা বিল, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিল এবং ভারতীয় সাক্ষ্য বিল – এই তিনটি নতুন আইন সংসদে পেশ করা হয়েছে। আইনবিধির সংস্কৃতকরণ, হিন্দুকরণ এবং প্রতিবাদী কন্ঠস্বরকে কঠোর হাতে দমনের জন্য আইনকে আরও কড়া করা এর উদ্দেশ্য। সাথে সাথে রাজ্য সরকারগুলোর হাত থেকে নিজের নিজের রাজ্যে প্রয়োজনমত আইন সংশোধন করার ক্ষমতা কেড়ে নিয়ে এখন থেকে সারা দেশে একই আইন একইভাবে প্রয়োগ করার ব্যবস্হা করা হচ্ছে এই নতুন আইনগুলোর মাধ্যমে। অর্থাৎ কেন্দ্র সরকারের হাতে থাকবে অপরিসীম ক্ষমতা এবং তাকে কেউ প্রশ্ন করতে পারবে না।

আমাদের রাজ্যেও একই অবস্থা। মুখে কেন্দ্রীয় শিক্ষানীতির বিরোধীতা করলেও এই রাজ্যে ৮২০৭ টা সরকারী স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছে, ৫৫ হাজার শিক্ষকের পদ ফাঁকা, নিয়োগ হচ্ছে না। তার ওপর নতুন এক খেলা শুরু হয়েছে, বাড়িতে বাড়িতে নাকি বিদ্যুতের স্মার্ট মিটার বসানো হবে, তাতে মোবাইল ফোনের মত নিয়মিত রিচার্জ করতে হবে। ট্রেনের টিকিটের দামের মত বিদ্যুতের দামও ওঠা নামা করবে, দিনের যে সময় বিদ্যুতের চাহিদা বেশি থাকবে, সেই সময় দাম বেশি হবে। রিচার্জের টাকা ফুরিয়ে গেলে আপনা আপনি বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে। অর্থনৈতিক দূরাবস্থায় ধুঁকতে থাকা সাধারণ মানুষের ওপর আরও অর্থনৈতিক বোঝা চাপানোর ব্যবস্হা করছে রাজ্য সরকার, যার লক্ষ্য গোয়েঙ্কা বিড়লাদের মত কর্পোরেটদের মুনাফা বাড়ানো।

এদিকে রাজ্যের প্রধান দুটি শিল্প, চা ও পাট শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের মজুরি বাড়ানোর দিকে সরকারের কোন নজর নেই। জুট মিল শ্রমিকদের মজুরি বৃদ্ধির প্রশ্নটা আজ প্রায় দুই বছর ধরে ঝুলে আছে। অন্য দিকে মিল মালিকরা আধুনিকীকরণের নামে মিলের বিভিন্ন বিভাগ বন্ধ করে নতুন নতুন মেশিন বসাচ্ছে, ফলে বহু শ্রমিক কাজ হারাচ্ছেন। উৎপাদিত দ্রব্যের চাহিদা নেই বলে মালিকরা উৎপাদন কমাচ্ছে, ফলে অনেক শ্রমিক নিয়মিত কাজ পাচ্ছেন না। এইসব নিয়ে রাজ্য সরকারের ভাবার সময় নেই, তারা মেলা খেলা নিয়ে মেতে আছে আর সামান্য কিছু দান খয়রাতি করে ভাবছে মানুষের ভোট কিনে নেবে।

আমরা এই সকল দূর্নীতি অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি।

সংগ্রামী অভিনন্দন সহ
এপিডিআর উলুবেড়িয়া শাখা
বন্দনা দাস এবং শেখ মুজিবর রহমান কর্তৃক প্রকাশিত
যোগাযোগ – 84208 39051 / 80177 93450

Leave a Reply