প্যালেস্তিনীয় জনগণের উপর মার্কিন সাম্রাজ্যবাদের মদতপুষ্ট ইজরায়েল সরকারের গণহত্যা অবিলম্বে বন্ধ করা এবং তাঁদের পূর্ণ স্বাধীনতার দাবিতে গত ২৩ নভেম্বর ২০২৩ পশ্চিমবঙ্গের বিভিন্ন গণ সংগঠন একত্রে মার্কিন দূতাবাস অভিযান চালায়। এই অভিযানের মূল বক্তব্য, দাবিসমূহ এবং কিছু ছবি এখানে তুলে ধরা হলো।
৮ অক্টোবর থেকে শুরু হওয়া ইজরায়েলি সরকারের নিষ্ঠুরতম গণহত্যার তীব্রতা দিনের পর দিন বেড়েই চলেছে। প্রতিদিন ইজরায়েল সরকার অন্তত ২৫০ থেকে ৩০০ বার বিমান হানা দিয়ে লাগতার বোমা বর্ষণ করে চলেছে। ৭ নভেম্বর পর্যন্ত গাজা ভূখন্ডে মৃতের সংখ্যা দশহাজার ছাড়িয়ে গেছে। আগামীদিন এই সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে কেউ জানে না। ৫০ হাজারেরও বেশি মানুষ জখম হয়েছে। ১৪ লক্ষ মানুষ ঘরছাড়া। এত মানুষ প্রতিদিন মারা যাচ্ছে যে, কবর দেওয়ার জায়গা পাওয়া যাচ্ছে না, প্রিয়জনের জন্য শেষ প্রার্থনাটুকু করার লোকও অবশিষ্ট থাকছে না। এই হামলায় যা অভিনব তা হল ইস্কুল, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, এমনকি রাষ্ট্রপুঞ্জ পরিচালিত শরণার্থী শিবির কিছুই বাদ যাচ্ছে না। বোমার আঘাত থেকে বাঁচতে মানুষ হাসপাতালে অল্লায় নিচ্ছে সেখানেও বোমা ফেলা হচ্ছে। আল শিফা হাসপাতালে প্রবেশকারি সারি সারি এম্বুলেন্সের উপর পর্যন্ত বোমা পড়েছে। শুধু আল শিফাই নয় অন্যান্য হাসপাতালেও লাগাতার বোমা বর্ষণ চলছে। ইস্কুল কলেজ সব বন্ধ। গৃহহারা মানুষ যে উদ্বাস্তু শিবিরে মনুষ্যেতর জীবনযাপন করছেন, সেগুলিও বিজ্ঞপ্ত বোমা বর্ষণে। আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধের মধ্যেও এইধরনের প্রতিষ্ঠানে আক্রমণ করা একেবারে বেআইনি। রাষ্ট্রপুঞ্জের ৮৩ জন ত্রাণকর্মীদের মৃত্যু হয়েছে ইজরায়েলি হানায়। এমনকি রাষ্ট্রপুঞ্জ পর্যন্ত বলছে গাজায় গণহত্যা চলছে।
মৃতদের একটি উল্লেখযোগ্য অংশ শিশু, অন্তত পক্ষে চার হাজারের বেশি শিশুর মৃত্যু হয়েছে। ভাবা যায়! এক দিন বয়সী উদয় আবু মহসেনকেও রেহাই দেয়নি ইজরায়েলি ক্ষেপণাস্ত্র। তার কাফনের গায়ে লেখা হয়েছে জন্ম সার্টিফিকেট এখনও মেলেনি। মৃত্যু সার্টিফিকেট মিলেছে। মহিলাদেরও দুর্দশা কম নয়। গর্ভবর্তী মায়েদের চিকিৎসা হচ্ছে না, জলের অভাবে তারা ঋতুস্রাবের নির্দিষ্ট সময় পিছিয়ে দিতে ওষুধ খেতে বাধ্য হচ্ছে। এতে তাদের শরীরে মারাত্মক ক্ষতি হচ্ছে। উপচে পড়া হাসপাতালে প্রসবকালীন সময় পেরিয়ে যাচ্ছে, ফলত বাড়ীতে, ধ্বংসস্তূপের মধ্যেও প্রসব হচ্ছে চূড়ান্ত ঝুঁকি নিয়ে। মৃতদের মধ্যে প্রায় ৬৭ শতাংশ হল মহিলা ও শিশু। ফলে এটা পরিস্কার যে হামাস নয়, ইজরায়েলি সরকারের উদ্দেশ্য নিরীহ মানুষ নিধন করে, ভয় পাইয়ে তাদের আবার ঘরছাড়া করা এবং গাজাকে নিজের দখলে আনা।
ইজরায়েল সরকার গাজাকে সম্পূর্ণ অবরুদ্ধ করে রেখেছে। খাবার, জল, জ্বালানি সব বন্ধ করে রেখেছে। হামলাবাজি শুরুর আগে যেখানে গাজায় প্রতিদিন ৫০০-র বেশি পণ্যবাহী ট্রাক ঢুকতো, সেখানে এখন ১০-১২টি ট্রাক ঢুকতে পারছে। বিশ্বস্বাস্থ্য সংস্থা জানাচ্ছে যে, ২৯ শতাংশ প্রাথমিক চিকিৎসাকেন্দ্র চালু আছে ১৫ শতাংশ প্রথমিক স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার আছেন দক্ষিণ গাজায় মাত্র ২০ শতাংশ জায়গায় ডায়ালিসিসের সুবিধা চালু আছে ৬৬ শতাংশ হাসপাতালে পরিষেবা পাওয়া যাচ্ছে। জ্বালানির অভাবে বন্ধ হয়ে গেছে ক্যান্সার হাসপাতাল, তুরস্ক ও প্যালেস্টাইন দ্বার যৌথ ভাবে পরিচালিত ফ্রেন্ডশিপ হাসপাতাল। গাজা প্রতিদিন এগোচ্ছে মানুষ শূন্য সাহারা মরুভূমিতে পরিণত হওয়ার দিকে! এখন শুধু “Free Palestine” বললে চলবে না। মানবতার এই দৈনিক হননকান্ডর সামনে দাঁড়িয়ে বলতে হবে: “Save Palestine! Free Palestine! মানুষ যদি বেঁচেই না থাকে, মুক্ত হবে কে? পাখি যদি খাঁচাতেই মরে যায়, উদার নীল আকাশ কার কাছে ওড়ার ডাক পাঠাবে?
প্রশ্ন হল ইজরায়েল সমস্ত আন্তর্জাতিক আইন কানুন, রাষ্ট্রপুঞ্জের সতর্কতা ও মানবাধিকার তছনছ করে এই গণহত্যা, শিশুহত্যা করার সাহস পাচ্ছে কোথা থেকে? পশ্চিমি সাম্রাজ্যবাদী দেশগুলি নিজেদের স্বার্থে জোর করে ইজরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে ১৯৪৮ সালে। তেলসমৃদ্ধ আরব ভূখণ্ডে তাদের বিশ্বস্ত অনুচর হিসেবে ইহুদিদের ইজরায়েল রাষ্ট্র উপহার দেয়। এই ঘটনার মূল্য দিতে হয় নিরীহ প্যালেস্টিনীয়দের। তাদের উচ্ছেদ করা হয় নিজেদের ভিটে মাটি থেকে। ওই জঘন্য কাজটির পেছনে ছিল সাম্রাজ্যবাদী চক্রান্ত। ইজরায়েলও টিকে থাকার জন্য নির্ভরশীল ছিল ওই সমস্ত সাম্রাজ্যবাদী দেশগুলির উপর। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ যাবতীয় সাম্রাজ্যবাদী শক্তি আজ আবারও মদত দিয়ে চলেছে ইজরায়েল সরকারকে। যথেচ্ছ ভাবে মিসাইল, ড্রোন সহ যাবতীয় মারণাস্ত্র যোগাচ্ছে। ভূমধ্যসাগরে, গাজার উপকূলে মার্কিন যুদ্ধজাহাজ নোঙর করেছে। তাদের বক্তব্য ‘ইজরায়েলের পূর্ণ অধিকার আছে নিজেদের রক্ষা করার’। ‘নিজেদের রক্ষা করার অধিকার’ প্রতিষ্ঠা করতে কি নির্বিচারে গণহত্যা করার প্রয়োজন হয়? মজাটা হল সেই মার্কিন সরকারই আরব দেশগুলিতে দৌড়ে বেড়াচ্ছে এই যুদ্ধ থেকে তাদের বিরত করার জন্য। ইজরায়েল সরকারের বর্বরতা আমরা তো দেখছি-ই, পশ্চিমি সাম্রাজ্যবাদী শক্তির দ্বিচারিতা ও বর্বরতার স্বরূপও আজ সারা বিশ্ব দেখছে। এদিকে বিশ্বজনমত প্যালেস্টাইনের পক্ষে প্রতিদিন উথালপাথাল। রাশিয়াতে প্যালেস্তাইনপন্থী জনতার বিক্ষোতে যাখাচকালা বিমানবন্দরে ইজরায়েলের বিমান নামা পর্যন্ত থমকে গেছে। ইজরায়েলের ভিতরে ইহুদি জনগণ প্রতিবাদ করেছেন। ৭০জন ইজরায়েলি ছাত্রছাত্রীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে শতাধিক নাগরিককেও। বিশ্বের প্রায় সর্বত্র ইহুদি জনগণও ইজরায়েলি সরকারের দ্বারা প্যালেস্টাইনে গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ করছে। লন্ডনে, ওয়াশিংটনে, জাকার্তায়, টরেন্টোতে লাখ লাখ মানুষ পথে নেমেছে। বেলজিয়াম, গ্রীস, ডেনমার্ক, স্পেন এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রে শ্রমিকরা ইজরায়েলে অস্ত্র রপ্তানির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বিক্ষোভ সংগঠিত করছে তাদের দেশীয় সাম্রাজ্যবাদী সরকারগুলির বিরুদ্ধে। এই ঘটনা অন্যান্য দেশের শ্রমিকশ্রেণিকেও উদ্বুদ্ধ করবে সাম্রাজ্যবাদী আক্রমণকে রুখে দিতে। লাতিন আমেরিকার দেশগুলি দল বেঁধে ইজরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে। লড়াইয়ের পরিসর শুধু ইজরায়েল গাজায় সীমাবদ্ধ থাকছে না, খেটে খাওয়া মেহনতি মানুষ, সংবেদনশীল, মানবিক সাধারণ মানুষের সাথে সাম্রাজ্যবাদী স্বার্থের সরাসরি সংঘর্ষ আজ এক বাস্তব ঘটনা।
তথাকথিত ‘ভারসাম্য’র কথা বলে আমেরিকা-ইজরায়েলের পাশে দাঁড়ানো ভারত সরকারের বিরুদ্ধে দেশের জনগণ বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিদিন প্যালেস্টাইনের পক্ষে গলা ফাটাচ্ছেন। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ইজরায়েল আমেরিকা ১৯৩ টা দেশের মধ্যে মাত্র ৭ শতাংশের সমর্থন পেয়েছে। মোদী সরকার ভোটদানে বিরত থেকে কার্যত যুদ্ধের পক্ষেই দাঁড়িয়েছে, ইজরায়েল সরকারের গণহত্যার পক্ষেই দাঁড়িয়েছে। শুধু তাই নয় কেন্দ্রীয় সরকার, বিজেপি এবং তাদের দোসর গোদি মিডিয়া প্যালেস্টিনীয় মানুষের মুক্তি সংগ্রামকে ইজরায়েল বনাম জঙ্গি ইসলামিক সংগঠনের বিরোধ হিসেবে দেখিয়ে জঘন্য, মিথ্যা প্রচার করে চলেছে। প্যালেস্টিনীয় মানুষদের একটই অপরাধ, তারা মুসলমান, তাই হিন্দুত্ববাদী ও ফ্যাসিস্ট বিজেপির এই মিথ্যাচার। তার উপর মোদি সরকার ইজরায়েলের থেকে নজরদারি যন্ত্র, ড্রোনসহ বহু মারণাস্ত্র কিনে কাশ্মীরে, মধ্যভারতের আদিবাসী অঞ্চলে দেশের মানুষের বিরুদ্ধে হামলা চালাচ্ছে। এর বিপরীতে বিশ্বের ১৯৩টি দেশের মধ্যে ১২০টি দেশ দাঁড়িয়েছে প্যালেস্তাইনের পাশে। তীব্র প্যালেসটনপন্থী বিশ্বজনমতের চাপে আমেরিকা- ইজরায়েল কার্যত কোণঠাসা। এতটা বিচ্ছিন্নতা মার্কিন সাম্রাজ্যবাদের পক্ষে হজম করা মুশকিল। তাই মার্কিন সরকার গাজায় এত সংখ্যক মৃত্যু আটকানোর জন্য ইজরায়েলি নেতা মন্ত্রীদের আর্জি জানাতে বাধ্য হচ্ছে। এই আর্জি পুরোপুরি কৌশলগত। এর মধ্যে ছিটেফোঁটা মানবতা নেই। ইজরায়েল কিন্তু এই লোক ভুলানো মিনমিনে আর্জিকে পাত্তাই দিচ্ছে না। তারা জানাচ্ছে হামলার তীব্রতা তারা আরও বাড়াবে।
এমন এক পরিস্থিতিতে আমরা যারা প্যালেস্টিনী জনগণের এই মুহূর্তে বেঁচে থাকার এবং পূর্ণ স্বাধীনতার অধিকারের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়াতে চাই, তাদের আশু কাজ হল প্রতিবাদের বিস্তার ও তীব্রতা বাড়ানো। তার সাথে সাথে নিজের দেশে সাম্রাজ্যবাদসহ সমস্ত শোষক ও শাসকদের বিরোধী চলমান সংগ্রামগুলির গতি ত্বরান্বিত করা ছাড়া আর কোন বিকল্প নেই। এই লক্ষ্যকে সামনে রেখে আমরা আগামী ২৩ নভেম্বর কলকাতার মার্কিন দূতাবাস অভিযানের ডাক দিয়েছি। সমস্ত প্রগতিশীল মানবতাবাদী গণতান্ত্রিক ব্যক্তি এবং সংগঠনকে আমরা এই উদ্যোগে সামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
আমাদের দাবি –
১) প্যালেস্টাইনের জনগণের উপর ইজরায়েলি আক্রমণ / হানাদারি অবিলম্বে বন্ধ করো।
২) প্যালেস্টাইনের স্বাধীনতার দাবিকে উর্দ্ধ্বে তুলে ধরুন।
৩) নারী ও শিশু হত্যাকারী ইজরায়েলি সরকারকে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক আদালতে অভিযুক্ত করতে হবে।
৪) প্যালেস্টাইন নিয়ে ভারতের দ্বিমুখী নীতি ও ইজরায়েলের সাথে সব সামরিক চুক্তি বাতিল করো।
সংগ্রামী অভিনন্দ সহ –
IFTU, PYL, NTUI, TUCI, গণতান্ত্রিক সংগ্রামী উদ্যোগ,
অসংগঠিত ক্ষেত্র শ্রমিক সংগ্রামী মঞ্চ, সংগ্রামী কৃষক মঞ্চ,
FIR, AIRWO, শ্রমজীবী নারী মঞ্চ, নারী চেতনা, AIPWA,
PDSF, RSF, ISU, WPSUF, DYSA, মজদুর মুক্তি কমিটি,
আজাদ গণ মোর্চা, APDR, CRPP, যুক্ত গণ সংগ্রাম,
বন্দী মুক্তি কমিটি, প্রতিভাষ্য, All Bengal Forum against
Corporate Aggression, শ্রমিক কৃষক সংগ্রামী মঞ্চ
অভিযানের কিছু ছবি –










